
নৈতিকতার বিপরীত যা কিছু, তা-ই দুর্নীতি। এটি এমন অবৈধ লেনদেন, যা অন্যায়ভাবে ও গোপনীয়তা সহকারে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত হয়। যে অনৈতিক আচরণ বা বদভ্যাস ব্যক্তিগত জীবনে ভয়াবহ অকল্যাণ বয়ে আনে এবং সমাজকে অত্যন্ত কলুষিত করে, সেই দুর্নীতি বিশ্বব্যাপী একটি ভয়ংকর সামাজিক ব্যাধি হিসেবে রন্ধ্রে রন্ধ্রে প্রসারিত হয়েছে। পৃথিবীর সর্বত্র কমবেশি ঘুষ-দুর্নীতির অস্তিত্ব বিরাজমান। প্রত্যেক মানুষকে ভালো-মন্দের পার্থক্যবোধ, ভালোকে ভালো জানা এবং মন্দকে মন্দ জানার অনুভূতি উপলব্ধি করতে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে মানুষের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ভূপৃষ্ঠে যাবতীয় মন্দ, দুষ্কর্ম ও দুর্নীতির আবির্ভাব ঘটেছে মর্মে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা রুম, আয়াত: ৪১)
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের অবস্থান অত্যন্ত কঠোর। দুর্নীতির মূল উৎস ঘুষ ও উৎকোচ গ্রহণ করে দুর্নীতিবাজেরা ক্ষমতার অপব্যবহার করে মানুষের অর্থ-সম্পদ আত্মসাৎ, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলা ও স্বজনপ্রীতির মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। ফলে সমাজের হতদরিদ্র অসহায় লোকেরা শোষিত, বঞ্চিত, নিগৃহীত ও নিষ্পেষিত হয়। দুর্নীতির প্রভাবে সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্ব গঠিত ও বিকশিত হতে পারে না। সমাজজীবনে যোগ্য ও নীতিবান মানুষ সীমাহীন দুর্নীতির শিকার হয়ে নীরবতা পালনে বাধ্য হয়। এভাবে ঘুষ ও দুর্নীতি সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, কলহ-বিবাদ তথা সন্ত্রাস সৃষ্টি করে মানুষের নীতি, আদর্শ ও মূল্যবোধের চরম অবক্ষয় ডেকে আনে। প্রাক্-ইসলামি যুগে উৎকোচ গ্রহণ নিত্তনৈমিত্তিক কাজ ছিল। নবী করিম (সা.) মানুষকে ধর্মের নিষেধাজ্ঞা শুনিয়ে দিলেন। ঘুষ দেওয়া-নেওয়া হচ্ছে দুর্নীতির মূল উৎস বা অন্যতম মাধ্যম। যে সমাজ ও রাষ্ট্রে ঘুষ আদান প্রদান করা হয়, সে সমাজে কখনো শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে না। রাসুলুল্লাহ (সা.) ঘুষ-দুর্নীতির উৎখাতের জন্য একে অত্যন্ত ঘৃণ্য ও অবৈধ কাজ আখ্যা দিয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন, ‘ঘুষগ্রহীতা ও ঘুষদাতা উভয়ের ওপর আল্লাহর অভিশাপ।’ (বুখারি ও মুসলিম)
ইসলামে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ন্যায্য পারিশ্রমিকের অতিরিক্ত কোনো উপহার বা উপঢৌকন নিতে নিষেধ করা হয়েছে। কোনো লোভী মানুষকে যখন বেশি পাওয়ার লালসা পেয়ে বসে, তখন সে ধর্মকর্ম ভুলে হিতাহিত জ্ঞান হারিয়ে অবৈধভাবে অর্থ-সম্পদ অর্জনে উন্মত্ত হয়ে পড়ে। যে সমাজে নীতি-নৈতিকতা, সততা ও যোগ্যতার চেয়ে ধন-সম্পদকে মর্যাদার মাপকাঠি বিবেচনা করা হয়, সেখানেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে। কোনো কাজের জন্য যাকে নিযুক্ত করা হবে, তাকে যথাযথ ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে; এর ওপর সে যা কিছু অবৈধ পন্থায় গ্রহণ করবে, তা-ই হলো উৎকোচ। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন অবৈধ উপায়ে হারাম পন্থায় সম্পদ অর্জন ও ভোগ করা নিষিদ্ধ করে দুর্নীতির বিরুদ্ধে ইসলামের মূল নীতিমালা ঘোষণা করে বলেছেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ জেনেশুনে অন্যায়রূপে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে পেশ কোরো না।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৮)
ঘুষ-দুর্নীতি সমাজের নৈতিকতার ভিত্তি ও মানুষের মানবিক মূল্যবোধ নষ্ট করে দেয়। দুর্নীতিবাজেরা অবৈধভাবে অন্যের অর্থবিত্ত আত্মসাৎ, লুটপাট ও জবরদখল করতে সচেষ্ট হয়। তারা অবৈধ সম্পদের ক্ষমতার দাপটে মানবতাবিধ্বংসী ও নৈতিকতাবিবর্জিত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, প্রতারণা, সুদ, ঘুষসহ সামাজিক অনাচারমূলক কর্মকাণ্ডে উৎসাহিত হয়। তাই নীতি ও দুর্নীতির ফয়সালা করার জন্য একটি নৈতিক আদর্শ থাকা প্রয়োজন। সমাজ থেকে সব ধরনের দুর্নীতি দমনের জন্য সর্বপ্রথম মানুষের মধ্যে ইসলামের আদর্শ নৈতিকতার বিকাশ ঘটাতে হবে এবং আল্লাহ ও পরকালের ভয় সদা জাগ্রত করতে হবে। এ জন্য ঘুষদাতা ও গ্রহীতার পরকালীন শাস্তির কঠিন পরিণতি সম্পর্কে নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামের আগুনে জ্বলবে।’ (তাবারানি)
ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইমানি চেতনার উন্মেষ ঘটাতে হবে যে ইহকালীন জীবনই শেষ নয়, মৃত্যুর পরে অনন্তকালীন পারলৌকিক জীবনই প্রকৃত জীবন। তাই ইসলামের অনুশাসন ও ধর্মীয় বিধিবিধান বাস্তব জীবনে অনুশীলন করতে মুসলমানদের সদা সচেষ্ট হতে হবে। ঘুষ ও দুর্নীতির মূলোৎপাটন করতে মানুষকে দানশীল, উদার, সহানুভূতিশীল, জনদরদি ও পারস্পরিক কল্যাণকামীরূপে গড়ে তোলার জন্য প্রতিটি বিধিবদ্ধ ইবাদত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। যে সমাজে ইসলামি মূল্যবোধসম্পন্ন নীতি-নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠিত হবে, সেখানে কোনো ধরনের দুর্নীতির অস্তিত্ব থাকতে পারে না। ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গঠনে ব্যক্তিকে তার বিবেক-বুদ্ধি ও বিচারশক্তি শাণিত করতে হবে। মানুষ যখন তার আবেগ-অনুভূতি, লোভ-লালসা, কামনা-বাসনাকে ধর্মীয় বিধিবিধান ও নৈতিক অনুশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তখন সে দুর্নীতিমুক্ত জীবিকা অর্জন করতে পারবে।
পবিত্র কোরআন ও হাদিসের নিষেধাজ্ঞা অনুযায়ী জাতি-ধর্ম-বর্ণ ও দলমত-নির্বিশেষে সবাইকে সক্রিয়ভাবে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয় প্রভৃতি স্থান থেকে প্রাতিষ্ঠানিক সদুপদেশ ও ধর্মীয় বিধিবিধানের আলোকে তৃণমূল পর্যায় থেকে ঘুষ ও দুর্নীতি দমনের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে সামাজিক আন্দোলন ও গণসচেতনতা সৃষ্টি করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। প্রতি শুক্রবার সাপ্তাহিক জুমার নামাজের খুতবার মাধ্যমে ইমাম-খতিবরা ঘুষ ও দুর্নীতিবিরোধী বক্তব্য দিয়ে ব্যাপকভাবে জনগণকে উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধি করতে পারেন। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে দুর্নীতিবিষয়ক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেকে দুর্নীতি থেকে বিরত রেখে অন্যকে দুর্নীতি প্রতিরোধে উৎসাহিত করার মানসিকতা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে দুর্নীতিমুক্ত করা অসম্ভব নয়।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]