জাকাত ও সদকার উপকারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাকাত ও সদকা দেওয়ার নানাবিধ উপকারিতা রয়েছে। ইহকাল ও পরকাল উভয়কালেই এর উপকারিতা রয়েছে। জাকাত দেওয়ার মাধ্যমে একদিকে সম্পদ পবিত্র হয়, অন্যদিকে আল্লাহ তাআলা এর বরকতে প্রবৃদ্ধি ও প্রাচুর্য দান করেন। এ প্রসঙ্গে কোরআনে ঘোষণা হয়েছে, ‘আল্লাহ সুদকে নিঃশেষ করে দেন, সদাকাতকে প্রবৃদ্ধি ঘটান; আর আল্লাহ অপরাধী কাফিরদের পছন্দ করেন না।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৭৬)। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাতা আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে সম্মানিত, জান্নাতের কাছে ও নিকটতম; জাহান্নাম থেকে দূরে অবস্থিত। সাধারণ দাতা কৃপণ আবেদ অপেক্ষা আল্লাহর কাছে বেশি প্রিয়।’ (তিরমিজি শরিফ)। এ ছাড়া জাকাতের সামাজিক অনেক সুফল রয়েছে।
অর্থের প্রবাহ বা সঞ্চালন
জাকাত দিলে নগদ অর্থ হাতবদল হয়। এতে সম্পদে গতিশীলতা আসে। যাতে প্রচুর লোক ক্রয়ক্ষমতা অর্জন করে, তাতে চাহিদা বা ভোক্তা সৃষ্টি হয়। ক্রেতা সৃষ্টি হলে উৎপাদন বৃদ্ধি হয়, শিল্পকারখানা প্রতিষ্ঠা হয়, কর্মসংস্থান হয়। যার ফলে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হয়।
দারিদ্র্য বিমোচন
সঠিকভাবে যথাযথ নিয়মে জাকাত আদায় বা প্রদান করলে সমাজের দারিদ্র্য দূরীভূত হবে, অপরাধপ্রবণতা কমবে এবং আর্থিক ও সামাজিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পাবে। সর্বোপরি সুদের নাগপাশ থেকে মুসলমানরা রক্ষা পাবে।
মানবিক উন্নয়ন
জাকাত আদায়ের মাধ্যমে খাই খাই মানসিকতার অবসান হয়, দাতার তালিকায় নাম ওঠে এবং আত্মসম্মান ও মর্যাদাবোধ সৃষ্টি হয়। এতে ধনী-গরিবের বিভেদ দূর হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়, সহমর্মিতা ও সামাজিক নিরাপত্তাবলয় গঠিত হয়; এতে দাতা-গ্রহীতা উভয়ের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার হয়। সমাজদেহ থেকে কার্পণ্য, লোভ, মোহ এবং হিংসা, পরশ্রীকাতরতাসহ নানাবিধ দুষ্ট উপসর্গ দূরীভূত হয়।
জাকাত ও সদকা না দেওয়ার বিপদ
এ প্রসঙ্গে কোরআনে ঘোষণা হয়েছে, ‘যারা সোনা-রুপা (ধনসম্পদ) কুক্ষিগত করে রাখে এবং তা আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করে না; আপনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ (?) দিন! যেদিন তা জাহান্নামের আগুনে গরম করে তাদের চেহারায়, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে; আর বলা হবে—এ হলো যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং, যা জমা রেখেছিলে, তার স্বাদ গ্রহণ করো।’ (সুরা-৯ তাওবা, আয়াত: ৩৪-৩৫)। হাদিস শরিফে এসেছে, রাসুলে আকরাম (সা.) বলেন, ‘কৃপণ আল্লাহ থেকে দূরে (আল্লাহর অপ্রিয়), মানুষ থেকে দূরে (মানুষের অপছন্দের), জান্নাত থেকেও দূরে এবং জাহান্নামের কাছে (নিকটবর্তী)। কৃপণ আবেদ অপেক্ষা সাধারণ দানশীল ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়।’ (তিরমিজি শরিফ)। এ ছাড়া জাকাত না দেওয়ার বহুবিধ সামাজিক কুফল রয়েছে।
অর্থনৈতিক মন্দা
জাকাত সদকা প্রদান না করলে নগদ অর্থ হাতবদল হয় না। এতে সম্পদে গতিশীলতা আসে না। মানুষের ক্রয়ক্ষমতা তৈরি হয় না, চাহিদা বা ভোক্তা সৃষ্টি হয় না, ক্রেতা সৃষ্টি না হলে উৎপাদন বৃদ্ধি হয় না, শিল্পকারখানা প্রতিষ্ঠা হয় না, কর্মসংস্থান হয় না, যার ফলে অর্থনৈতিক মন্দার প্রভাব ও জনজীবনে স্থবিরতা পরিলক্ষিত হয়।
দারিদ্র্য বৃদ্ধি
জাকাত আদায় না করলে সমাজের দারিদ্র্য বাড়তে থাকে, সমানভাবে অপরাধপ্রবণতাও বাড়ে এবং আর্থিক ও সামাজিক বিপর্যয় দেখা দেয়। সর্বোপরি মুসলমানরা সুদের নাগপাশে আবদ্ধ হয়ে নিষ্পেষিত হতে থাকে।
মানবিক অবক্ষয়
জাকাত আদায় না করলে ধনী-গরিবের বিভেদ বা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে না, ভালোবাসা সম্প্রীতি বিনষ্ট হয়, সহমর্মিতা থাকে না ও সামাজিক নিরাপত্তাবলয় ভেঙে যায়, অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়, এতে উভয়ের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়। সমাজে কার্পণ্য, লোভ, মোহ এবং হিংসা, পরশ্রীকাতরতাসহ নানাবিধ দুষ্ট উপসর্গ বাসা বাঁধে।
সামাজিক অবক্ষয়
কর্মহীন হতাশাগ্রস্ত যুবসমাজ মাদক ও নেশার প্রতি ঝোঁকে, বিভিন্ন জটিল ও কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে ব্যয় বৃদ্ধি হয়, যার পরিণতিতে আর্থিক ও সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়। এবং সামাজিক বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, রাহাজানি, খুনখারাবি, সুদ, ঘুষ, জুয়া, খুনোখুনি ও দুর্নীতির মতো আর্থসামাজিক কেলেঙ্কারির ঘটনা বৃদ্ধি পায়। একসময় অবস্থা এমন হয়; হাদিস শরিফে রয়েছে, রাসুলে মাকবুল (সা.) বলেন, ‘দারিদ্র্য মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয়।’ (তিরমিজি শরিফ)।
সরকারি কর জাকাতের বিকল্প নয়
ইসলামি খেলাফত রাষ্ট্রে সরকারি ব্যবস্থাপনাতেই জাকাত সংগ্রহ ও বিতরণ করা হয়। যেহেতু জাকাত আল্লাহর নির্ধারিত ফরজ ইবাদত এবং এর ব্যয়ের খাতও সুনির্দিষ্ট। এর সঙ্গে রয়েছে ইসলামি শরিয়ার নিবিড় সম্পর্ক, তাই রাষ্ট্র কর্তৃক ধার্যকৃত কর প্রদান জাকাত প্রদানের বিকল্প নয়। (কায়রো ইসলামি গবেষণা একাডেমি, মিসর, জাকাত নির্দেশিকা, পৃষ্ঠা: ১০৩)।
মসজিদভিত্তিক জাকাত ব্যবস্থাপনা
জাকাত আর্থিক ও সামাজিক ইবাদত। মসজিদ হলো মুসলমানের সকল কর্মকাণ্ডের মূল সামাজিক কেন্দ্র। তাই আমাদের জাকাত আদায় ও প্রদান মসজিদভিত্তিক হওয়াই স্বাভাবিক।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]