
মানুষের মৌলিক মানবাধিকারের প্রাথমিক বিষয় তার জানমালের নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকার। অন্যকে নিরাপদ রাখা ও বাঁচতে দেওয়া নাগরিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে অন্যতম—এটি ইসলামের শিক্ষা। ইসলাম বিশ্বজনীন শান্তি, সম্প্রীতি ও মানবজাতির জন্য কল্যাণকামী পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ‘ইসলাম’ অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাঁর আদেশ-নিষেধ মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও নিরাপত্তা অর্জন। ধর্মপ্রাণ মুসলমানের পরিচয় তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ।’ (বুখারি ও মুসলিম) তাই পৃথিবীতে সত্য ও ন্যায়নীতির বাস্তব প্রতিফলনের মাধ্যমে সমাজজীবনে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য কর্তব্য এবং
ইমানি দায়িত্ব। সুতরাং মানবসমাজে কোনো রকম নাশকতা, অশান্তি সৃষ্টি, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সংঘাত, হানাহানি, উগ্রতা, বর্বরতা, প্রতিহিংসাপরায়ণতা ও সাম্প্রদায়িক সহিংসতা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘দুনিয়ায় শান্তি স্থাপনের পর এতে বিপর্যয় ঘটাবে না।’ (সূরা আল-আ’রাফ, আয়াত: ৫৬)
ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ভ্রাতৃঘাতী সংঘাত ও সহিংসতাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে; মানবতাবিরোধী সব ধরনের অন্যায় হত্যাযজ্ঞ, রক্তপাত, অরাজকতা ও অপকর্ম প্রত্যাখ্যান করেছে; সৎ কর্মে সহযোগিতার নির্দেশ দিয়েছে এবং জুলুম-নির্যাতনমূলক কাজ থেকে বিরত থাকতে বলেছে। জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে মানুষের পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনা এবং অর্থনৈতিক দর্শন ও অপরাধ দমন কৌশল ইসলামকে দিয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা। কিন্তু শান্তির ধারক-বাহক জনগণের বিরুদ্ধে সর্বদাই অশান্তিকামী বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্তরা খড়্গহস্ত থাকে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্ত ব্যক্তিদের ভালোবাসেন না।’ (সূরা আল-মায়িদা, আয়াত: ৬৪)
দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠায় সন্ত্রাস, নৈরাজ্য, দাঙ্গা-হাঙ্গামা, সংঘাতমুক্ত সমাজের প্রয়োজনে ইসলামের শান্তিপ্রিয় ও জনহিতকর কল্যাণকামী নৈতিক আদর্শের চর্চা এখন সময়ের দাবি। মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ ও জানমালের নিরাপত্তা বিধানে ইসলাম অনন্য কালজয়ী আদর্শ। ইসলামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও চরমপন্থার কোনো স্থান নেই। ইসলামের যুদ্ধনীতি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়, এমনকি প্রতিশোধমূলকও নয়। রাসুলুল্লাহ (সা.) কখনো একজন নিরপরাধ মানুষকে প্রকাশ্যে বা গুপ্তহত্যা করেননি। শত অত্যাচার ও নির্মম নির্যাতন সহ্য করেও তিনি কখনো বাড়াবাড়ি, কঠোরতা বা গোঁড়ামির পরিচয় দেননি, বরং দীন প্রচারের ক্ষেত্রে চরমপন্থা অবলম্বনের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শ সমরনীতি ঘোষণা করেছেন, ‘তোমরা কখনো আগে অস্ত্র উত্তোলন কোরো না বা অস্ত্রের ভয়ভীতিও প্রদর্শন কোরো না।’
ইসলাম ইচ্ছাকৃতভাবে মানবসন্তানকে হত্যা করা কঠোর ভাষায় নিষিদ্ধ করেছে। নিরপরাধ জনগণকে গুলি করে, বোমা মেরে বা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে হত্যা করা, পুড়িয়ে মারা বা প্রাণহানি ঘটানো ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অন্যায়ভাবে নরহত্যা, মানুষের জানমালের ক্ষতিসাধন, ভূপৃষ্ঠে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করাকে কবিরা গুনাহ আখ্যায়িত করে এর ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ‘নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল; আর কেউ কারও প্রাণ রক্ষা করলে সে যেন দুনিয়ার সব মানুষের প্রাণ রক্ষা করল।’ (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২) মানুষের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাকে হত্যা কোরো না।’ (সূরা বনি ইসরাইল, আয়াত: ৩৩) হাদিস শরিফে বর্ণিত আছে যে ‘দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।’ (তিরমিজি)
সমাজজীবনে বিশৃঙ্খলা, হানাহানি ও সন্ত্রাস দমনে শান্তির ধর্ম ইসলাম কঠোর দিকনির্দেশনা দিয়েছে এবং সন্ত্রাসী দুর্বৃত্তদের প্রতিরোধে কঠিন শাস্তি আরোপ করেছে। ইসলামের আলোকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রচলিত আইনে সন্ত্রাস সৃষ্টিকারীদের উপযুক্ত ন্যায়বিচার করা হয়, তাহলে আর কেউ নাশকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাহস পাবে না। পবিত্র কোরআনে ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডকে মহা অপরাধ সাব্যস্ত করে কঠোর শাস্তির বিধান ঘোষিত হয়েছে, ‘কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র।...কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন।’ (সূরা আন-নিসা, আয়াত: ৯২-৯৩)
বর্তমান বেসামাল পরিস্থিতিতে সারা দেশে অবরোধে যেভাবে জনদুর্ভোগ, নিরাপত্তাহীনতা, নাশকতা, নৃশংসতা, ফেতনা-ফাসাদ ও সন্ত্রাসবাদ চলছে, সর্বস্তরে রাজনৈতিক অস্থিরতা, অনাচার, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এতে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যাঘাত হচ্ছে, তেমনি সামাজিক কর্মকাণ্ডে জননিরাপত্তার ব্যাঘাত ঘটছে। যেসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্ত বিভিন্ন স্থানে নানা পর্যায়ে সন্ত্রাস, বোমাবাজি, গুপ্তহত্যা ও প্রকাশ্য দিবালোকে নরহত্যা, অপহরণ, হামলাসহ ধর্মবিরোধী মানবতাবিবর্জিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, বাস্তবিকই তারা ইসলামের মর্মবাণীর সঙ্গে সম্পর্কহীনই বটে। জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব ফেতনা-ফাসাদ প্রতিরোধে কথা ও কলমের জিহাদ অব্যাহত রাখতে হবে। কেননা, সমাজে ফেতনা-ফাসাদ, মানবিক বিপর্যয়, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করাকে হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ সাব্যস্ত করা হয়েছে।
মানবাধিকার মানুষের জন্মগত মৌলিক অধিকার। জানমালের নিরাপত্তার অধিকার ছাড়া মানুষ শান্তিতে বসবাস ও নিরাপদে চলাফেরা করতে পারে না। এ জন্য ভ্রাতৃঘাতী সংঘাতের অনিবার্য পরিণতিতে নির্মম হত্যাকাণ্ড, অমানবিকতা ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ভাষায় ঘৃণা ব্যক্ত করা, জোরালো প্রতিবাদ জানানো, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ উপায়ে সম্মিলিত প্রতিরোধ বা মানববন্ধন গড়ে তোলা যায় এবং সংগ্রামী সচেতন মানুষের সেটাই করণীয়। তাই শিগগির সম্ভব দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে ও জনকল্যাণার্থে মানবতার ঐক্য ও শান্তিপূর্ণ সমঝোতার পরিবেশ সৃষ্টিতে বিবদমান দলমত ও গোষ্ঠীর সঙ্গে আলাপ-আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]