
রমজান মুমিনজীবনের পরম প্রাপ্তি। এটি মহান আল্লাহর মহাদান। রহমত-বরকতে পরিপূর্ণ রমজান মানবজীবনের প্রতিটি ক্ষেত্রজুড়ে
প্রভাব বিস্তার করে আছে। রমজান ইমানের পরিপূরক, রমজান তাকওয়ার সহায়ক, রমজান বেহেশতের সওগাত। ইসলামের প্রতিটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় রমজানের সঙ্গে সম্পর্কিত; তাই রমজানের শিক্ষা জীবনঘনিষ্ঠ ও জীবনব্যাপী।
ইমান ও রমজান
ইমান হলো ইসলামের প্রাণশক্তি। ইমানের ভিত্তি হলো অহি। অহি তথা আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছে রমজান মাসে। কোরআন মজিদও রমজান মাসের শবে কদরে অবতীর্ণ হয়েছে। তাই রমজানের সঙ্গে ইমানের সুদৃঢ় যোগসূত্র বিদ্যমান। ইমান যেমন মানুষকে কুফর ও শিরক থেকে মুক্ত করে; তেমনি রমজান মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করে।
নামাজ ও রমজান
ইমানের পরেই হলো নামাজ। রমজান মাস হলো নামাজের মাস। যেমন: তারাবির নামাজ ও কিয়ামুল্লাইল নামাজের পাশাপাশি রমজানে সেহ্রির বদৌলতে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ হয়; ইশার নামাজ ও ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ বৃদ্ধি হয়, যাতে পূর্ণ রাত্রি জাগরণের সওয়াব অর্জিত হয়। ফজরের নামাজ আগেভাগে পড়ে ঘুমানোর কারণে সকালে ইশরাক নামাজ পড়ার সুবিধা হয়। রমজান উপলক্ষে কাজের চাপ কম থাকার কারণে চাশত নামাজ ও জাওয়াল নামাজ আদায় করার সুযোগ হয়। বিকেলে অফিস বা কর্মক্ষেত্র থেকে আগে ফেরার কারণে আসর নামাজ জামাতে পড়া যায়। ইফতারির উপলক্ষে মাগবির নামাজের জামাতও পাওয়া যায়। রমজানেই নামাজের ষোলোকলা পূর্ণ হয়।
রোজা ও রমজান
রোজা ইসলামের অন্যতম খুঁটি। রোজা হলো রমজানের সেরা অনুষঙ্গ। আগুন যেমন ধাতুকে জ্বালিয়ে নিখাদ করে দেয়, রোজা তেমনি ইমানদারের ষড়্রিপুর কামনা-বাসনাকে জ্বালিয়ে-পুড়িয়ে তাকে খাঁটি বান্দায় পরিণত করে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য রমজান মাসকেই নির্ধারণ করেছেন।
হজ ও রমজান
হজ ইসলামের অন্যতম ভিত্তি। রমজানের সঙ্গে হজের সম্পর্ক অত্যন্ত গভীর। হজ সম্পাদন হয় মক্কা শরিফে; আর মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। রাসুলুল্লাহ (সা.) বলেন, যারা রমজান মাসে উমরাহ হজ পালন করল, তারা যেন আমার সঙ্গে হজ আদায় করল। কারণ, রমজানে প্রতিটি আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়; আর ৭০টি নফল একটি ফরজের সমান।
জাকাত ও রমজান
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত। রমজানের সঙ্গে জাকাতেরও সুনিবিড় সম্পর্ক রয়েছে। জাকাত মানে যেমন পবিত্রতা, তেমনি রমজান মানে হলো আগুনে পুড়ে সোনা খাদমুক্ত বা খাঁটি করা। জাকাত মানে প্রবৃদ্ধি আর রমজানে প্রতি ইবাদতের সওয়াব আল্লাহ তায়ালা ৭০ গুণ বৃদ্ধি করে দেন।
ফিদ্ইয়া ও রমজান
রমজানের মাহাত্ম্য আরেকটি হলো ফিদ্ইয়া। রমজানের রোজা একটি শারীরিক ইবাদত। কিন্তু অক্ষম ও দুর্বল ব্যক্তির জন্য এর কাজার পাশাপাশি ফিদ্ইয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যা আর্থিক ইবাদত। এতে রোজার পরিধির ব্যাপকতা বোঝা যায়।
কাফফারা ও রমজান
রমজানের চমৎকারিত্বের অন্যতম হলো কাফফারা। রোজা শারীরিক ইবাদত হওয়া সত্ত্বেও দুর্বলচিত্ত ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে; তার জন্য আল্লাহ তাআলা কাফফারার বিধান দিয়েছেন, যার মাধ্যমগুলো হলো দাস মুক্ত করা বা ৬০ জন গরিবকে দুই বেলা তৃপ্তিসহকারে খাওয়ানো অথবা একাধারে ৬০টি রোজা রাখা। যিনি ৩০ দিবসেই রোজা ভাঙেন, তিনি ৬০ দিবস কীভাবে তা পালন করবেন? মানে আবারও ভাঙলে আবারও প্রতিটি রোজার জন্য দাস মুক্তি বা ৬০ জন মিসকিন খাওয়ানো। মানে হলো দান-খয়রাত–সদাকাত তথা গরিবের সেবা ও সমাজের কল্যাণ রমজানের মুখ্য উদ্দেশ্য।
সদাকাতুল ফিতর ও রমজান
ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করতে হয়। দাতা ও গ্রহীতার সুবিধার্থে রমজানেও প্রদান করা যায়। এ ঈদের সঙ্গে ফিতরার সম্পৃক্ততার কারণে এর নাম ঈদুল ফিতর। সদাকাতুল ফিতর বা ‘ফিতরা’ হলো ঈদের আনন্দকে সর্বজনীন করার উপায়। ধনী-গরিব সবাই যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, তাই এ ব্যবস্থা। মানুষ সামাজিক জীব, সে অন্যের আনন্দ-বেদনায় প্রভাবিত হয়। তাই এ আনন্দের দিনে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন যদি আনন্দে শামিল হতে না পারে, তবে আনন্দ পূর্ণতা পাবে না। তাই নিজের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে ও ছড়িয়ে দিতে এ ব্যবস্থা। ফিতরা বা সদাকাতুল ফিতর হলো রমজানে রোজা পালনের শুকরিয়াস্বরূপ। এটি রোজার অপূর্ণতাকে পূর্ণতা দেয়। তিনজনের ফিতরা কখনো একটি খুশির মূল্যেরও বেশি হয়। এটি কোনো খয়রাতি ব্যবস্থা নয়; বরং এটি দাতা ও গ্রহীতার সম্মান ও সম্ভ্রমের প্রতীক।
ইতিকাফ ও রমজান
বছরের যেকোনো সময় ইতিকাফ করা যায়; কিন্তু রমজান মাসের শেষ দশক ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা কিফায়া। এখান থেকেও রমজানের মহিমা অনুধাবন করা যায়। দশকের কম ইতিকাফ নফল হলেও এই ইতিকাফ অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি ফজিলতের।
জুমাতুল বিদা ও রমজান
জুমা হলো সপ্তাহের ঈদের দিন; সাধারণের হকের দিন। রমজান মাসের একেটি জুমা অন্যান্য মাসের ৭০টি জুমার সমতুল্য। রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের প্রতিটি দিন তার আগের দিন অপেক্ষা দিগুণ ফজিলতপূর্ণ। সুতরাং একেকটি জুমা পূর্ব জুমা থেকে বেশি ফজিলতপূর্ণ।
আর শেষ জুমা তো রহমত, মাগফিরাত ও নাজাতের পূর্ণতাদানকারী। আল বিদা অর্থ বিদায়; এই দিন মুমিনগণ রমজানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান; তাই এই জুমা ‘জুমাতুল বিদা’ বা বিদায়ী জুমা নামে খ্যাতি লাভ করেছে। রমজানের আগমনে মুমিনের হৃদয়ে যেমন আনন্দের বন্যা বয়ে যায়; তদ্রূপ রমজান বিদায়লগ্নে মুমিনদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। তাই সবাই বাঁধভাঙা চোখের পানি দিয়ে তাকে বিদায় জানায়। ‘আল বিদা ইয়া মাহে রামাদান আল বিদা’ বিদায় হে মাহে রমজান বিদায় তোমায়।
ঈদ ও রমজান
ঈদ মানে খুশি। ঈদ মানে যা বারবার ঘুরে-ফিরে আসে। ঈদ জীবনের এমন আনন্দঘন মুহূর্ত, যা মানুষ বারবার কামনা ও ফিরে পেতে প্রার্থনা করে। দীর্ঘ এক মাস রমজানের প্রশিক্ষণের পর এ দিন যেন সনদ প্রদানের দিন; এ দিন যেন পুরস্কার বিতরণের দিন। তাই এটি ঈদের দিন। রমজানের রোজার শেষে এ ঈদ আসে বলে এর নাম ‘ঈদুল ফিতর’। ফিতর মানে উপবাস ভঞ্জন। বাংলায় এটি রোজার
ঈদ বা রোজার পরে যে ঈদের সকালে প্রথম সুন্নাত মিষ্টান্নের মাধ্যমে প্রাতরাশ গ্রহণ করা হয়, সে দিনের ঈদ। এটি আরবি হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের প্রথম দিন। রমজানের বরকত লাভের জন্য ত্যাগ-তিতিক্ষা, কষ্ট-ক্লেশ ও আয়াস সাধ্য–সাধনার পর যে মাসটি সাফল্যের বারতা নিয়ে আসবে তা অবশ্যই মহান। সে মাসের প্রথম দিনই ঈদ বা উৎসব।
রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে; দ্বিতীয়টি হবে যখন সে তার মাবুদ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। (বুখারি)। রোজাদার প্রতিদিন ইফতার করে; আবার পরের দিন রোজা রাখে। এটি হলো ছোট ইফতার; কারণ এটির পর আবারও রোজা আসে। ইফতার বা ফিতর হলো রোজা পূর্ণ করার পর আহার গ্রহণ করা; রমজান মাস শেষ করে শাওয়াল মাসের প্রথম দিন সকালে যখন রোজাদার মিষ্টিমুখ করে, তখন সে এক বছরের জন্য প্রকৃত অর্থে ইফতার করে বা সিয়াম সাধনা সম্পূর্ণ করে আজ প্রথম সকালের আহার গ্রহণ করে; তাই এটি বড় ইফতার। সুতরাং এটি রোজাদারের জন্য পরম আনন্দের দিন।
রমজানের শিক্ষার বাস্তব প্রয়োগ
রমজান এসেছিল তাকওয়ার উৎকর্ষতায় মুমিনকে পূর্ণতা দিতে। মাসব্যাপী রোজা, তারাবিহ, ইফতার, সেহ্রি, তাহাজ্জুদ, তিলাওয়াত ও ইতিকাফের মাধ্যমে আমরা যে সংযম ও আত্মসংবরণের প্রশিক্ষণ নিয়েছি; তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে। যেমন রমজানে আমরা রোজা অবস্থায় হালাল খাবারও গ্রহণ করিনি, হালাল স্ত্রী সান্নিধ্যে যাইনি; অনুরূপ রমজানের বাইরে আমরা হারাম খাদ্য, হারাম সম্পদ, হারাম উপার্জন পরিহার করব; অবৈধ সম্ভোগ থেকে বিরত থাকব। সব ধরনের অন্যায়, অপরাধ ও হারাম কাজ থেকে দূরে থাকব; বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব; তবেই আমাদের রমজানের প্রশিক্ষণ যথার্থ ও সফল হয়েছে বলে মনে করা যাবে।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: প্যানেল খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহ, যুগ্ম মহাসচিব: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি।
[email protected]