তওবা ও ইস্তিগফারের অনন্য সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে পরিণতির জন্য ক্ষমা প্রার্থনার নাম হলো ইস্তিগফার। ইস্তিগফার ও তওবা প্রায় জোড়া শব্দ হিসেবে দেখা যায়, যেমন: তওবা-ইস্তিগফার। কখনো কখনো দুটি শব্দ সমার্থকও হয়। তবে ইস্তিগফার জীবিত-মৃত সবার জন্য; আর তওবা শুধু জীবিত লোকের জন্য। তওবা ও ইস্তিগফার শুধু নিজের জন্য হয়, দোয়া সবার জন্যই হয়। কোরআনে উদ্ধৃত হয়েছে: ‘আমাদের রব! আমরা আপনার কাছে ক্ষমা চাই। আমাদের আপনার দিকে ফিরে যেতে হবে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৮৫)। ‘তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো; নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল।’ (সুরা-৭১ নুহ, আয়াত: ১০)।

ইস্তিগফার দ্বারা আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআন করিমে এসেছে: ‘(ইস্তিগফারের ফলে) তিনি (আল্লাহ) তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন। আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা পানির ফোয়ারায় শোভিত করবেন। (সুরা-৭১ নুহ, আয়াত: ১১-১২)।

ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা নামাজ, রোজা, হজ, জাকাতের মতো স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ একটি ইবাদত। ইস্তিগফার করার জন্য পূর্বে গুনাহ করা শর্ত নয়। ইস্তিগফার দ্বারা আল্লাহর নেয়ামতের দ্বার উন্মুক্ত হয় ও অবারিত রহমত বর্ষিত হয়। ইস্তিগফার শুধু অনুতাপ নয়, শোকরিয়া হিসেবেও করা হয়। মক্কা বিজয়ের পর আল্লাহ তাআলা প্রিয় নবীজি (সা.)-কে বলেন: ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে, দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দিনের অন্তর্ভুক্ত হচ্ছে। তখন আপনি আপনার রবের (প্রভুর) পবিত্রতা বর্ণনা করুন প্রশংসাসহ, আর তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুন (কারণ বিজয়ে গৌরব নয় শোকর গুজারি করতে হবে; অহংকার নয় বিনয়ী হতে হবে)। নিশ্চয় তিনি সর্বাধিক তওবা কবুলকারী (তিনি তা পছন্দ করেন)। (সুরা-১১০ [১১৪] নাসর (মাদানি), রুকু: ১, আয়াত: ৩)। এ জন্যই নবী-রাসুলগণ মাসুম বা বেগুনাহ হওয়া সত্ত্বেও বেশি বেশি ইস্তিগফার করেছেন। আমাদের প্রিয় নবী (সা.) বলেন: ‘আমি দৈনিক সত্তর বার আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করি।’ (বুখারি, হাদিস নম্বর ৬৩০৭)।

নিজে যেমন তওবা, ইস্তিগফার করবেন অনুরূপ সব মোমিন নর-নারীর জন্য ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মোমিন নর-নারীর ইস্তিগফারের বিনিময়ে তাকে একটি করে নেকি প্রদান করবেন। (মাজমাউয যাওয়ায়িদ, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৩৫২, হাদিস নম্বর ১৭৫৯৮)। যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তায়ালা তাকে সংকট থেকে মুক্তির পথ করে দেন। যাবতীয় দুশ্চিন্তা থেকে প্রশস্ততা ও প্রশান্তি দান করেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করেন। (সুনানে আবু দাউদ, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৭৫, হাদিস নম্বর ১৫১৮)।

তওবার পারিভাষিক অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার নিকট লজ্জিত, অনুতপ্ত হয়ে অন্যায়-অসৎ কাজ থেকে প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য ন্যায় ও সৎ কাজের সংকল্প করা। অতঃপর সৎ কাজের দ্বারা বিগত অসৎ কাজের ক্ষতিপূরণের চেষ্টা করা। অর্থাৎ পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে আসা। সব তওবাই ইস্তিগফার, কিন্তু সব ইস্তিগফার তওবা নয়। তাই কারও কোনো হক নষ্ট করে থাকলে যথাসম্ভব তার ক্ষতিপূরণ করা বা ক্ষমা চেয়ে নেওয়া। কাউকে শারীরিক-মানসিক কষ্ট দেওয়া, মান-সম্মান নষ্ট করা, দুর্নাম করা এবং মিথ্যা অপবাদ দেওয়া ও সম্পদহানি করা—মানুষের হক নষ্ট করার অন্তর্ভুক্ত। আর আল্লাহর হকের মধ্যে কোনো হক (যেমন নামাজ, রোজা, জাকাত ও হজ ইত্যাদি) বাকি থাকলে তা তাড়াতাড়ি আদায় করা। আল্লাহ তায়ালা বলেন: ‘হে মোমিনগণ! তোমরা আল্লাহর নিকট দৃষ্টান্তমূলক তওবা করো।’ (সুরা-৬৬ তাহরিম, আয়াত: ৮)।

আল্লাহ তাআলা বলেন: ‘হে রাসুল (সা.) আপনি বলুন, হে আমার (আল্লাহর) বান্দাগণ! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না; তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আজাব আসার পূর্বে, যাতে কেউ না বলে—হায়! হায়! আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা-বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা না বলে—আল্লাহ যদি আমাকে পথপ্রদর্শন করতেন, তবে অবশ্যই আমি পরহেজগারদের একজন হতাম; অথবা আজাব প্রত্যক্ষ করার সময় না বলে—যদি কোনো রূপে একবার ফিরে যেতে পারি, তবে আমি সত্কর্মপরায়ণ হয়ে যাব। হ্যাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল; অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি? (আল কোরআন, সুরা-৩৯ [৫৯] জুমার (মাহী), রুকু: ৫/২, আয়াত: ৫৩-৬০, পারা: ফামান আযলামু-২৪, পৃষ্ঠা: ৪৬৫/৩)।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্‌ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।