ধর্ম
তারাবির নামাজের সঙ্গে রমজানের সম্পর্ক নিগূঢ়। রমজান ছাড়া যেমন তারাবির নামাজ হয় না, তারাবির ছাড়াও রমজানের শোভা বৃদ্ধি পায় না। তারাবির নামাজ এত বেশি পুণ্যময় যে এতে আল্লাহর নৈকট্য হাসিল হয়। মক্কা ও মদিনাসহ সারা দুনিয়ায় ২০ রাকাত তারাবির নামাজ পড়া হয়।
রমজান মাস উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ নেয়ামত। যা অন্য কোনো জাতির জন্য ছিল না। রমজান মাসের তিন দশকের আলাদা শিরোনাম রয়েছে। এই মাসের প্রথম ১০দিন করুণার, (রহমত) দ্বিতীয় ১০দিন মার্জনার (মাগফিরাত) এবং শেষ ১০দিন জাহান্নাম থেকে মুক্তিলাভের (নাজাত)। গোটা রমজান মাসই আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ থাকে। তাই যে বান্দারা জীবনের অসংখ্য কাজকর্মের মধ্যেও লোভ–লালসার শিকার না হয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য দিনের বেলায় সিয়াম, রাতে তারাবিতে মশগুল থাকে, সাহরিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে দুটি হাত মহান মাবুদের দরবারে তুলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ফেরেশতাদের নিয়ে ওই বান্দাদের নিয়ে গর্ব করে বলেন,
‘দেেখা আমার বান্দারা আমার বন্দেগিতে মশগুল। যারা আমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি খুশি হয়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি করে নিলাম।’ হাদিসে আছে, যে বিশ্বাস ও আশা রেখে রমজানের রাতে তারাবির নামাজ আদায় করে, সে তার পাপ থেকে এমনভাবে পবিত্র হয় যেন এইমাত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। (সহিহ বুখারি হাদিস নং-১৮০৫)।
মসজিদে মসজিদে একই সুরে একই নিয়মে তারাবির নামাজে মুসল্লিদের এই উপস্থিতি তাই প্রমাণ করে। রমজানের কিয়ামুল লাইল বা তারাবির নামাজে মহান মাবুদ তো আবদের ইবাদতই দেখতে চান। তারাবি শব্দটি তারবিহাতুন এর বহুবচন, যা রহাতুন শব্দমূল থেকে উৎপত্তি, অর্থ হলো শান্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের তারাবির নামাজ যেন তাড়াতাড়ির নামাজে পরিণত হয়েছে। আমরা হাফেজ নির্বাচন থেকে শুরু করে গোটা মাসজুড়ে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে পরীক্ষা করে দেখি কে কত দ্রুত পড়তে পারেন। কার সময় কত কম লাগে! অথচ উচিত ছিল কার তিলাওয়াত কত সুন্দর, কার নামাজ কত ধীরস্থিরের সঙ্গে আদায় হয় তা খতিয়ে দেখা। আমার নামাজ সুন্দরভাবে আদায়ের দায়িত্ব তো আমারই। রমজান মাসে নামাজের গুরুত্ব অনেক বেশি, যত বেশি নামাজ এই মাসে আদায় করা হয়, অন্য ১১ মাসেও তা হয় না। এ কারণেই রমজানের রাত্রিকালীন নামাজকে কিয়ামে রমাদান হিসেবে হাদিেস উল্লেখ আছে। আল্লাহর ইচ্ছা বান্দা যেন রমজানের রাতগুলোতে অধিক সময় ধরে ইবাদত–জিকির–তিলাওয়াত–তসবিহতে কাটায়। আল্লাহর ইবাদতের নিয়তে বসে থাকাটাও ইবাদত। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন!
মুফতি মাওলানা মো. আতিকুর রহমান: ইমাম ও খতিব গণভবন সরকারি জামে মসজিদ, ঢাকা।
>