নবীপ্রেমের বসন্তকাল রবিউল আউয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একাকী গোপন ভান্ডার, তিনি চাইলেন তাঁর কুদরতশক্তি, দয়া-মায়া, প্রেম-প্রীতি ও ভালোবাসা প্রকাশ করতে; তাই তিনি সৃষ্টি করলেন কুল মখলুকাত। প্রিয় নবী (সা.)-এর পাক জবানে মহান আল্লাহর বাণী বিবৃত হয়েছে: ‘আমি ছিলাম গোপন ভান্ডার, অতঃপর আমি চাইলাম প্রকাশ পেতে, পরিচিত হতে; ফলে সৃজন করলাম কুল কায়েনাত।’ (হাদিসে কুদসি)। মহান স্রষ্টার কুদরতের জগতে প্রথম সৃষ্টি প্রেম বা ভালোবাসা। মহান প্রভুর কর্মজগতে প্রথম সম্পাদিত ক্রিয়া হলো প্রেম-প্রীতি, যা প্রথম তাঁরই মাঝে সঞ্চারিত ও সক্রিয় হয়। পর্যায়ক্রমে এই ভালোবাসা সঞ্চালিত হয় তাঁর সব সৃষ্টিতে। স্রষ্টার প্রতি সৃষ্টির প্রেম আদি ও নিত্য। ইবাদত–বন্দেগি সেই প্রেমেরই বহিঃপ্রকাশ মাত্র। আলমে খালক বা সৃষ্টজগতের প্রথম প্রতিভূ প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তাই তিনি সব সৃষ্টিলোকের জন্য স্রষ্টার ভালোবাসার একমাত্র মাধ্যম।
ভালোবাসার আরবি হলো মহব্বত, প্রেমের আরবি প্রতিশব্দ হলো ‘হুব্ব’। হুব্ব ক্রিয়ামূল থেকেই মহব্বত শব্দ উৎপন্ন। হুব্ব শব্দটির আদি উৎস হলো হাব্ব ও হাব্বাহ, যার অর্থ হলো শস্যদানা বা বীজ। হুব্ব শব্দ থেকে উদ্গত হয়েছে হাবিব (প্রেমিক) ও মাহবুব (প্রিয় বা প্রেমাস্পদ) শব্দদ্বয়। যে প্রেম সৃষ্টির সূচনায় সুপ্ত থাকে, তাকেই বলে হুব্ব ও মহব্বত, ভালোবাসা ও প্রেম। এই ভালোবাসা ও প্রেম-প্রীতি মানবজীবনের শ্রেষ্ঠ আমল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রেমিক হাবিবে খোদা মাহবুবে দোজাহাঁ মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঈর্ষা করা।’ (বুখারি ও মুসলিম)।
খলিল মানে বন্ধু। যে বন্ধুর বন্ধুত্ব ভালোবাসায় মিশে একাকার হয়ে যায়, তিনি হলেন খলিল বা একনিষ্ঠ বন্ধু। সদিক মানে বন্ধু। যে বন্ধুর বন্ধুত্বে অন্তরঙ্গতা থাকে, তাকে বলে সদিক বা বিশ্বস্ত বন্ধু। রফিক মানে প্রিয়। যে বন্ধুর ভালোবাসায় অম্লমধুর মিশেল আবেশ থাকে, সে বন্ধু হলেন রফিক। আমাদের প্রিয় নবীজি (সা.)-এর জীবনের শেষ বাক্য ছিল, ‘আল্লাহুম্মা রফিকাল আলা।’ অর্থ: ‘হে আল্লাহ! হে মহান বন্ধু!’ (সিরাতে খাতামুল আম্বিয়া)।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর জবানে ঘোষণা করেন: ‘হে রাসুল, আপনি বলুন, “যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন; আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু।”’ (সুরা ৩, আলে ইমরান, আয়াত ৩১)।
প্রিয় নবীজি (সা.) হলেন স্রষ্টা ও সৃষ্টের মাঝে ভালোবাসার সেতুবন্ধন। তিনি আল্লাহর ‘মাহবুব’, আল্লাহ তাঁকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন আল্লাহকে এবং ভালোবাসেন আল্লাহর সৃষ্টিকে। আল্লাহর ভালোবাসার সৃষ্টি যখন বিপন্ন হতে দেখেন, তখন তিনি বিচলিত ও বিমর্ষ হন। আল-কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই তোমাদের মধ্য হতেই তোমাদের নিকট এক রাসুল এসেছেন। তোমাদের যা বিপন্ন করে, তা তাঁর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, তোমাদের প্রতি আশাবাদী; মোমিনদের প্রতি তিনি দয়ার্দ্র ও পরম দয়ালু। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আপনি বলুন, “আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আমি তাঁরই ওপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।”’ (সুরা ৯, তাওবা, আয়াত ১২৮-১২৯)।
দয়া-মায়া, ভালোবাসার প্রকাশ। তাই উম্মতের প্রতি সর্বাধিক দয়া-করুণা নবীজি ও তাঁর সঙ্গী-সাথি-সাহাবিদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ স্বয়ং তাঁর প্রিয় হাবিব নবীজি ও সাহাবিদের পরিচয় কোরআন মজিদে এভাবে তুলে ধরেছেন: ‘মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল এবং তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি দয়াবান-সহানুভূতিশীল; তাওরাতে তাঁদের বর্ণনা এই রূপ এবং ইঞ্জিলেও তাঁদের বর্ণনা এই রূপই।’ (সুরা ৪৮, ফাতহ, আয়াত ২৯)।
আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় মাহবুব মানবতার মহান দরদি বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) সবাইকে ভালোবাসতেন। অসহায়, দুর্বল, মজলুম, নিপীড়িত, বঞ্চিত ব্যক্তিদের জন্য তাঁর ভালোবাসা সর্বাধিক। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন: ‘হে আল্লাহ! আমাকে মিসকিন হিসেবেই জগতে রাখুন, মিসকিন হিসেবেই আমার মৃত্যু দান করুন এবং রোজ কিয়ামতে মিসকিনদের দলভুক্ত করে আমার হাশর-নশর করুন।’ (মুসলিম ও তিরমিজি)।
প্রিয় নবীজি (সা.) হলেন আল্লাহর হাবিব ও মাহবুব। তিনি বলেন, ‘আমি আল্লাহর প্রিয় বন্ধু, কিন্তু গর্ব করি না।’ (বুখারি)। প্রিয় রাসুল (সা.) ভালোবাসার রাজাধিরাজ হয়েও ভালোবাসার কাঙাল ছিলেন। তিনি সদা প্রভুর দরবারে ভালোবাসার জন্য প্রার্থনা করতেন। বলতেন, ‘হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা চাই, আর তাঁদের ভালোবাসা চাই, যাঁরা আপনাকে ভালোবাসেন; এবং এমন নেক আমল করার তৌফিক চাই, যে আমল আমাকে আপনার ভালোবাসায় পৌঁছায়।’ (তিরমিজি)।
জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে আল্লাহ তাআলা বলেন, ‘সালাম বা শান্তি বর্ষিত হয় তার প্রতি, যেদিন সে জন্মগ্রহণ করল, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে।’ (সুরা ১৯, মারইয়াম, আয়াত ১৫)। এ প্রসঙ্গে হজরত ঈসা (আ.)-এর জবানিতে
পবিত্র কোরআন করিমে আল্লাহ তাআলা আরও উল্লেখ করেন: ‘সালাম বা শান্তি বর্ষিত হয় আমার প্রতি, যেদিন আমি জন্মলাভ করলাম, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত হয়ে উঠব।’ (সুরা ১৯, মারইয়াম, আয়াত ৩৩)।
প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম এর কারণ জানতে চাইলে নবীজি বলেন, ‘সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আল্লাহর শুকরিয়াস্বরূপ এই দিনে রোজা পালন করি। মদিনাবাসী অদ্যাবধি সোমবারে রোজা পালন করে আসছে এবং মসজিদে নববিতে বছরব্যাপী প্রতি সোমবার স্থানীয় লোকদের উদ্যোগে ইফতারির আয়োজন করা হয়। রাসুলুল্লাহ
(সা.) বৃহস্পতিবার দিবাগত রাতে শবে জুমুআয় মায়ের রেহেমে আগমন করেন; তাই তিনি প্রতি বৃহস্পতিবারও রোজা পালন করতেন। মক্কা শরিফের অধিবাসীরা আজ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এই রোজা পালন করছে এবং কাবা শরিফে মসজিদুল হারামে প্রতি বৃহস্পতিবার সৌদি সরকারের ব্যবস্থাপনায় ইফতারির আয়োজন করা হয়। (আল বিদায়া ওয়ান নিহায়া)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]