নারী, শিশু ও প্রতিবন্ধীদের হজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম প্রকৃতির ধর্ম। ইসলামের বিধান নারী পুরুষ শিশু বালক কিশোর তরুণ যুবক প্রৌঢ় বৃদ্ধ—সবার জন্য; ইসলাম প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী করণীয় নির্ধারণ করেছে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নারী ও পুরুষরূপে। মানবসৃষ্টির এ রহস্য সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে: ‘হে মানবজাতি! নিশ্চয় আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)। ‘হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক সত্তা (আদম) হতে; আর তা হতে তৈরি করলেন তার জোড়া (হাওয়া) এবং তাদের থেকে বিস্তৃত করলেন বহু পুরুষ ও নারী।’ (সুরা নিসা, আয়াত: ১)।

ইসলামি বিধানে নারী ও শিশুদের ইবাদতের বিশেষ নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন: ‘নিশ্চয় আমি ব্যর্থ করি না কোনো আমলকারীর আমলের বিনিময়, হোক সে পুরুষ বা নারী।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৯৫)। আল্লাহ তাআলা আরও বলেন: ‘যে সৎকর্ম করবে, সে পুরুষ বা নারী, যদি সে বিশ্বাসী হয়, তবে আমি তাকে উত্তম জীবন দান করব।’ (সুরা নাহল, আয়াত: ৯৭)।

নারীদের হজের কার্যাবলি পুরুষ থেকে কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন ১. উচ্চ আওয়াজে তালবিয়াহ পড়বেন না। ২. তাওয়াফের সময় রমল (তাওয়াফের প্রথম ৩ চক্করে সজোরে বীরদর্পে চলা) করবেন না। ৩. সাইয়ের সময় (মিলাইনে আখদারাইন অতিক্রমকালে) দৌড়াবেন না। ৪. মাথার চুল মুণ্ডাবেন না, বরং চুলের আগার কিছু অংশ কাটবেন। ৫. সেলাই করা স্বাভাবিক কাপড় পরিধান করতে পারবেন। ৬. ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখবেন। ৬. ইহরাম অবস্থায় হায়েজ (মাসিক ঋতুস্রাব) ও নিফাস (প্রসবোত্তর স্রাব) হলে গোসল করে তাওয়াফ ছাড়া হজের অন্যান্য আমল সম্পন্ন করবেন। তবে (হায়েজ ও নিফাস থেকে) পবিত্র হওয়ার পর তাওয়াফ সম্পন্ন করতে হবে।

মসজিদে নববিতে নারী–পুরুষ একত্রে থাকতে পারবেন না। নারীদের বসার, নামাজের ও ইবাদতের জন্য স্বতন্ত্র ব্যবস্থা আছে। মক্কা মোকাররমায় কাবা শরিফে নারী–পুরুষ একত্রে থাকতে বা একত্রে বসতে অসুবিধা নেই। কিন্তু নামাজের সময় নারীদের উঠিয়ে দিয়ে তাঁদের জন্য সংরক্ষিত স্থানে পাঠিয়ে দেওয়া হয়। ততক্ষণে নারীদের জন্য সংরক্ষিত স্থান পূর্ণ হয়ে যাওয়ায় নারীদের নামাজে অংশগ্রহণ করতে বিশেষ অসুবিধা হয়ে থাকে। সে জন্য আগে থেকেই নারীরা তাঁদের নির্দিষ্ট স্থানে বসার চেষ্টা করবেন।

হজে নারীদের অসুস্থ অবস্থায় করণীয়

নারীদের হায়েজ ও নিফাস অবস্থায় মসজিদুল হারাম শরিফে প্রবেশ করা ও তাওয়াফ করা বিধেয় নয়; এ ছাড়া নামাজ পড়তে বা কোরআন শরিফ তিলাওয়াত করতে পারবেন না এবং উচ্চ স্বরে তালবিয়া পড়বেন না। কিন্তু ইহরাম বাঁধা ও অন্যান্য দোয়া পড়া যায়। হায়েজ ও নিফাসের সময় তাওয়াফে কুদুম না করতে পারলে তা মাফ হবে, কিন্তু হজের পর একটা ওমরাহ করতে হবে। হায়েজ ও নিফাসের সময় আরাফাতে অবস্থান ও মুজদালিফায় রাত যাপন করতে পারবেন এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে পারবেন। কিন্তু তাওয়াফে জিয়ারত সুস্থ হওয়ার পর করবেন। বিদায়ী তাওয়াফ হায়েজ ও নিফাসের ওজরে (অসুবিধায়) না করতে পারলে এবং সময় না পেলে এর জন্য কাফফারা দিতে হবে না; দূর থেকে বিদায় নেওয়া যাবে। কিন্তু ফরজ তাওয়াফ মাফ নেই।

শিশুদের হজ

অপ্রাপ্তবয়স্ক বা নাবালেগ ছেলেমেয়েদের ওপর হজসহ শরিয়তে কোনো বিধান ফরজ নয়। তবে কোনো নাবালেগ ছেলেমেয়ে হজসহ যেকোনো ইবাদত করলে তার জন্য তা নফল হজ বা ইবাদত হিসেবে আদায় হবে। হজ আদায়কালে ছেলেশিশুদের পুরুষদের মতো ইহরাম পরতে হবে। কন্যাশিশুরা নারীদের মতো স্বাভাবিক পোশাকেই ইহরামের নিয়ত করবে। শিশু নিয়ত তালবিয়া ইত্যাদি বলতে না পারলে অভিভাবক তার পক্ষ থেকে আদায় করবেন। আর যদি শিশু নিজে হজের কার্যাদি পালনে সক্ষম হয়, তাহলে সে নিজেই তা করবে। শিশুকালে হজ করলে পরে বড় হওয়ার পর যদি হজ ফরজ হয়, তবে পুনরায় হজ আদায় করতে হবে।

প্রতিবন্ধীদের হজ

শারীরিক প্রতিবন্ধীদের জন্য হজ ফরজ নয়। যদি এমন আর্থিক সংগতি ও সামর্থ্য থাকে, যাতে তিনি কাউকে তাঁর সহযোগিতার জন্য নিয়ে যাওয়ার ব্যয়ভার বহন করতে পারেন; তবে ইচ্ছা করলে আদায় করতে পারবেন। মানসিক প্রতিবন্ধীদের জন্য হজ ফরজ নয়। তবে অভিভাবক ইচ্ছা করলে তাঁকে শিশুদের মতো হজ করাতে পারেন।

ইসলাম সমগ্র মানবজাতির জন্য। ইসলামের বিধান সব মানুষের জন্য। আল্লাহর দৃষ্টিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, হোক সে নারী বা পুরুষ অথবা ব্যতিক্রম কোনো কিছু। সব মানুষ এক আল্লাহর সৃষ্টি। মানবসৃষ্টি বৈচিত্র্যের একটি রূপ বা একটি অংশ হলো হিজড়া। যারা পূর্ণ পুরুষও নয় আবার সম্পূর্ণ নারীও নয়।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা এদের হিজড়া বোলো না; এরা নারী বা পুরুষ। ফকিহগণ হিজড়াকে দুই ভাগে বিভাজিত করেছেন। যথা নারী হিজড়া ও পুরুষ হিজড়া। অর্থাৎ পুরুষ হিজড়া হলো অপূর্ণ পুরুষ; আর নারী হিজড়া হলো অপূর্ণ নারী। ইমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত এমনকি বিয়ে-শাদিসহ সব ইসলামি বিধিবিধান তাদের ওপর (নারী বা পুরুষ হিসেবেই) বর্তাবে।

পুরুষ হিজড়ারা সাধারণ পুরুষের মতো এবং নারী হিজড়ারা সাধারণ নারীদের মতো হজব্রত পালন করবেন। হজ আদায়কালে ছেলে হিজড়াকে পুরুষদের মতো ইহরাম পরতে হবে এবং মেয়ে হিজড়ারা নারীদের মতো স্বাভাবিক পোশাকেই ইহরামের নিয়ত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ‘আর যে সৎকর্ম করবে, সে পুরুষ বা নারী, যদি সে বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে।’ (সুরা মোমিন, আয়াত: ৪০)।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্‌ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।