নিজেই করুন জাকাতের হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। ইমান, নামাজ, রোজা, হজ যেমন নিজে শিখে আমল করতে হয়; তেমনি জাকাতও নিজে জেনে বুঝে হিসাব করে আদায় করতে হয়। হিসাবনিকাশ ছাড়া আন্দাজের ওপরে জাকাত প্রদান করলে তা পরিপূর্ণরূপে আদায় হবে না। হাদিস শরিফে আছে, ‘তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করে রাখো।’ (বুখারি ও মুসলিম)। কোরআন শরিফে আছে: ‘মানুষের হিসাব নিকটে এসে গেছে, তবুও তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে।’ (সুরা-২১ আম্বিয়া, আয়াত: ১)। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন: ‘তোমার হিসাব কিতাব পাঠ করো; আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট।’ (সুরা-১৭ ইসরা, আয়াত: ১৪)।
জাকাতযোগ্য সম্পদ
(১) সোনা ৭.৫ ভরি বা তদূর্ধ্ব, রুপা ৫২.৫ ভরি বা তদূর্ধ্ব অথবা এর সমমূল্যের; (২) নগদ টাকা, বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রা, ট্র্যাভেলার্স চেক, ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, শেয়ার সার্টিফিকেট, কোম্পানি শেয়ার, ডিও লেটার, সঞ্চয়পত্র, সিকিউরিটি মানি, জামানত, প্রাইজ বন্ড, ট্রেজারি বন্ড ইত্যাদি। ব্যাংকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানত; যেমন বিমা, এফডিআর, ফিক্সড ডিপোজিট, পোস্টাল সেভিংস, বিশেষ সঞ্চয়, পেনশন স্কিম ও স্বেচ্ছা প্রভিডেন্ট ফান্ড, ডিভিডেন্ড এবং ফেরত পাওয়ার যোগ্য প্রদত্ত ঋণ, যেসব ইচ্ছা করলে তুলে আনা যায় এবং (৩) ব্যবসাপণ্য ও শোপিস বা মূলবান পাথর; যেমন হীরা-জহরত, মণি-মানিক্য, মুক্তা ইত্যাদি। এসবের বর্তমান বাজারমূল্য অর্থাৎ বর্তমানে নতুন কিনতে যে মূল্য। শেয়ার সার্টিফিকেটের নামিক মূল্য (Face Velue) ও বাজারদর (Market Velue)-এর মধ্যে যেটি বেশি, সেটি হিসাব করতে হবে। ব্যবসায়িক নার্সারি, হর্টিকালচার, বীজ উৎপাদন খামার, কৃষিখামার, বনজ বৃক্ষ খামার, ফলদ বৃক্ষ খামার, ঔষধি গাছের খামার, চা-বাগান, রাবার বাগান, তুলা বাগান, রেশম বাগান, আগরগাছের বাগান, অর্কিড নার্সারি ও ফুল বাগান, মুরগির খামার, মাছের খামার ইত্যাদি এবং প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী। এসবের বর্তমান বাজারমূল্য অর্থাৎ বর্তমান ক্রয়মূল্য ধরতে হবে।

যৌথ মালিকানা বা কোম্পানির জাকাত
যৌথ মালিকানাধীন কোম্পানি বা ব্যবসাপ্রতিষ্ঠানের জাকাত কীভাবে হবে, এ নিয়ে দুটি মতামত রয়েছে। ১. কোম্পানি বা মালিকগণের সম্পদ আলাদা আলাদা হিসাব করে দেওয়া হবে। এবং এ সম্পদে যদি মালিক ছাহেবে নিসাব হন বা তাঁর অন্য সম্পদসহ যদি তিনি ছাহেবে নিসাব হন, তবে জাকাত দিতে হবে। অন্যথা নয়। (জাকাত নির্দেশিকা, পৃষ্ঠা: ১৫)। ২. যৌথ মালিকানার ক্ষেত্রে কোম্পানি বা প্রতিষ্ঠান সম্মিলিত সম্পদ থেকে জাকাত প্রদান করলে, সে সম্পদের জাকাত পুনরায় দিতে হবে না। প্রথম পদ্ধতিটি উত্তম ও শ্রেয়তর বলে মনে হয়। কারণ, কোম্পানির এমন কোনো অংশীদার থাকতে পারেন, যাঁর সম্পদ নিসাব পরিমাণ নয় অথবা তাঁর এ সম্পদ ও অন্যান্য সম্পদ মিলেও নিসাব পরিমাণ হবে না। তাহলে তাঁকে জাকাত প্রদানে বাধ্য করা সঠিক হবে না। তদুপরি মালিকে নিসাব হলেও সব অংশীদারের জাকাত বর্ষের শুরু-শেষ এক নাও হতে পারে এবং প্রদানের ক্ষেত্রেও যাঁর যাঁর পছন্দের খাত ও ব্যক্তি নির্বাচন অধিক সওয়াব ও ফায়দার জন্য গুরুত্বপূর্ণ বটে।
বছর পূর্ণ হওয়া এবং জাকাত বর্ষ ও হিসাব
সমাপনী দিন হিসাব করে
জাকাত প্রতিবছর একবারই প্রদান করতে হয়। সাহাবায়ে কিরাম সাধারণত রমজান মাসেই জাকাত আদায় করতেন। তাই রমজান মাসে আদায় করা উত্তম। রমজানের যেকোনো একটি দিনকে সমাপনী দিন ধরে উপরিউক্ত জাকাতযোগ্য খাতসমূহের সব সম্পদের হিসাব করে জাকাত নির্ধারণ করতে হবে। জাকাত ফরজ হওয়ার জন্য অন্তত হিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক চান্দ্র বছর (৩৫৪ দিন) থাকতে হবে, একে আরবিতে হাওলানে হাওল অর্থাৎ বছর পূর্ণ হওয়া বা বছর অতিক্রান্ত হওয়া বলে। সম্পূর্ণ সম্পদের বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়। জাকাত বর্ষপূর্তি বা জাকাত হিসাব সমাপনী দিনে উক্ত তিন খাতে যত সম্পদ থাকবে, পুরোটারই জাকাত দিতে হবে। বছরের মধ্যে যেকোনো সময় অর্থাগম ঘটলে, বছর শেষে জাকাত প্রদান করতে হবে। যেদিন অর্থ-সম্পদ নিসাব পর্যায়ে পৌঁছাবে, সেদিন থেকেই জাকাত বর্ষ গণনা শুরু হবে। (জাকাত নির্দেশিকা, পৃষ্ঠা: ১০৭)। তা না হলে প্রতি মাসে এমনকি প্রতি দিনেও জাকাত দিতে হতো।

জাকাতের পরিমাণ এবং চান্দ্রবর্ষ ও সৌর
জাকাতযোগ্য সম্পদের ‘রুবউ উশর’ অর্থাৎ ২.৫ শতাংশ (শতকরা আড়াই ভাগ/চল্লিশ ভাগের এক ভাগ) জাকাত প্রদান করতে হবে। জাকাত চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আদায় করতে হয়। চান্দ্রবর্ষ ৩৫৪ বা ৩৫৫ দিনে হয়, যেহেতু সৌরবর্ষ ৩৬৫ দিনে বা ৩৬৬ দিনে হয়, তাই সৌরবর্ষ অপেক্ষা চান্দ্রবর্ষ ১১ বা ১২ দিন কম। সৌরবর্ষ হিসাবে জাকাত আদায় করতে চাইলে শতকরা ২.৫ শতাংশের পরিবর্তে (২.৫ শতাংশ ৩৫৪ x ৩৬৫) ২.৫৭৮ শতাংশ (বা ২.৫৮ শতাংশ প্রায়) দিতে হবে। (জাকাত নির্দেশিকা, পৃষ্ঠা: ১৬)।
জাকাতের পরিমাণ হলো ৪০ টাকায় এক টাকা বা চল্লিশ ভাগের এক ভাগ। এক শ টাকায় আড়াই টাকা বা শতকরা আড়াই শতাংশ। এক হাজার টাকায় পঁচিশ টাকা। এক লাখ টাকায় আড়াই হাজার টাকা। এক কোটি টাকায় আড়াই লাখ টাকা। এক শ কোটি টাকায় আড়াই কোটি টাকা। এক হাজার কোটি টাকায় পঁচিশ কোটি টাকা। (এক মিলিয়নে পঁচিশ হাজার, এক বিলিয়নে পঁচিশ কোটি; এক ট্রিলিয়নে আড়াই হাজার বা পঁচিশ শ কোটি)।
উল্লেখ্য, অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন, যাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকেন। কখনো দেখা যায় তাঁদের সম্পদ অপেক্ষা ঋণের পরিমাণ বেশি। এমতাবস্থায় তাঁদের জাকাত দিতে হবে কি না? হ্যাঁ, তাদের উক্ত তিন খাতের সমুদয় সম্পদেরই জাকাত প্রদান করতে হবে। কারণ, এ ধরনের ঋণ বাদ দিলে তাঁরা বরং জাকাত খাওয়ার উপযুক্ত বলে গণ্য হবেন; যা প্রকৃতপক্ষে সঠিক নয়।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]