
শ্রমিককে কাজ সম্পাদন করামাত্রই তাঁর প্রাপ্য পারিশ্রমিক প্রদান করা মালিকের প্রধান দায়িত্ব। শ্রমিক-মজুরেরা নিজের ও পরিবারের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য কঠিন পরিশ্রম করে থাকেন। প্রাপ্য মজুরিই তাঁদের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু যুগ যুগ ধরে শ্রমিকেরা ন্যায্য প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের কাজের সময় কমানো ও ন্যায্য মজুরি প্রাপ্তির অধিকার নিয়ে সংগ্রাম করতে গিয়েই তাঁরা নিগৃহীত হন। শুরু হয় শক্তির দাপটে তাঁদের ওপর মালিকপক্ষের জুলুম-নির্যাতন। অথচ শ্রমিকেরাই হাড়ভাঙা খাটুনি খেটে মালিকের জন্য খাদ্য-বস্ত্র উৎপাদন করেন, বাসস্থান নির্মাণ করেন। এমতাবস্থায় শ্রমিকেরা যদি ন্যায্য মজুরি না পান বা প্রয়োজন অপেক্ষা কম পান বা নির্দিষ্ট সময়মতো প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন, তবে তাঁদের দুঃখ-কষ্টের সীমা থাকে না। এতে হতাশায় ভারাক্রান্ত হয়ে কাজের প্রতি শ্রমিকদের বীতশ্রদ্ধা ও বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে। এ জন্য নবী করিম (সা.) সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘শ্রমিকের পারিশ্রমিক ও ঋণ পরিশোধ নিয়ে ধনী ব্যক্তিদের টালবাহানা করা জুলুম।’ (বুখারি ও মুসলিম)
শ্রমের বিনিময়ে মালিকের বিনিয়োগকৃত সম্পদ শ্রমিকের কাছে আমানত। শ্রমিকদের ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে তিনি যেন তাঁর চুক্তিকৃত মজুরির বিনিময়ে উত্তম সেবা প্রদান করেন এবং মালিকের প্রদত্ত জিম্মাদারি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে সম্পন্ন করেন ও তাঁর পরিপূর্ণ শক্তি-সামর্থ্য নির্দিষ্ট কাজে ব্যয় করেন। শ্রমিকের তত্ত্বাবধানে যেসব প্রতিষ্ঠান বা কারখানার মূল্যবান আসবাব দেওয়া হয়, তা আমানতস্বরূপ ব্যবহার করবে এবং সেগুলো তুচ্ছ মনে করে চুরি, অবৈধ ব্যবহার, ভাঙচুর, অগ্নিসংযোগ বা অন্য কোনো ধ্বংসাত্মক পন্থায় জাতীয় সম্পদ বিনষ্ট করা যাবে না। এ সম্পর্কে মহানবী (সা.) নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ‘নিজের কিংবা অন্যের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না।’ (দারাকুতনি)
শ্রমিকের ন্যায্য অধিকারের পরিপ্রেক্ষিতে তাঁদের ওপর বিশ্বাস স্থাপন করে মালিকের যেসব দামি যন্ত্রপাতি ও কাঁচামাল তাঁদের হাতে ছেড়ে দেওয়া হয়, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা ও জেনেশুনে তা নষ্ট বা ধ্বংস না করা তাঁদের অবশ্যকর্তব্য। যে কাজ যেভাবে করা উচিত, সে কাজ সেভাবে আঞ্জাম দেওয়া শ্রমিকের দায়িত্ব, অন্যথায় চরম বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করা হবে। এ ব্যাপারে সদাসচেতন থাকার জন্য রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো লোকের অধীন শ্রমিক স্বীয় মালিকের সম্পদের রক্ষক এবং সে তা সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি ও মুসলিম)
সম্পদ ব্যবস্থাপনায় মালিকপক্ষ বা পুঁজিপতি তাঁর মূলধন খাটানোর কারণে এবং শ্রমিক তাঁর শ্রমের বিনিময়ে লাভের হকদার হয়ে থাকেন। মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বিরাজমান থাকলে এবং শ্রমিক তাঁর ন্যায্য পাওনা পেলে উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ ও জাতি যেমন উপকৃত হয় তেমনি শান্তি স্থাপিত হয় সর্বত্র। শ্রমিকেরা উৎপাদনে শরিক থাকলেও মুনাফায় তাদের অংশীদার করা হয় না। কিন্তু ইসলািম ব্যবস্থায় লাভের মধ্যেও তাঁদের অংশীদার করার বিধান রয়েছে। এ জন্য নবী করিম (সা.) শ্রমিককে মজুরি দান করার পরও তাঁকে লাভের অংশ দেওয়ার জন্য উপদেশ দিয়ে বলেছেন, ‘শ্রমিকদের তাঁদের শ্রমার্জিত সম্পদের লভ্যাংশ দাও, কেননা আল্লাহর শ্রমিককে বঞ্চিত করা যায় না।’ (মুসনাদে আহমাদ)
কর্মক্ষেত্রে নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কর্মদিবসের আয় অনুযায়ী আর্থিক বা দৈহিক ক্ষতিপূরণ আদায় করতে হবে। সামর্থ্যের বাইরে শ্রমিকদের ওপর কাজের বোঝা চাপানো যাবে না এবং তাঁদের সঙ্গে সৌজন্যমূলক সদাচরণ করতে হবে। অথচ বাস্তব জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ব যেন শ্রমিকের নিয়তি! অগ্নিকাণ্ড বা মর্মান্তিক কোনো দুর্ঘটনার পর নিহত শ্রমিকের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের নিশ্চয়তা যেন আরেক ট্র্যাজেডি! মালিকপক্ষের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দেওয়ার গতি এতটাই মন্থর যে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায় হয়ে উঠতে পারে না। যদিও ইসলামে শ্রমিকের পরিশ্রমের ফল বা কর্মীর কাজের প্রতিদান পাওয়ার অধিকার অনস্বীকার্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেকের মর্যাদা তার কর্মানুযায়ী—এটা এ জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ ফল দেবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না।’ (সূরা আল-আহকাফ, আয়াত: ১৯)
অধীনস্থ শ্রমিকদের দেশে প্রচলিত রীতি অনুসারে উপযুক্ত খোরপোশ ও পোশাক-পরিচ্ছদ দিতে হবে এবং তাঁদের ওপর সামর্থ্য অনুযায়ী কাজের দায়িত্ব অর্পণ করতে হবে। মজুরি বৃদ্ধির সংগ্রাম শ্রমিকদের সাময়িক সুবিধা দিলেও প্রকৃত সুবিধা প্রাপ্তি স্থায়ী থাকাটা মোটেও নিশ্চিত হয় না। এ জন্য মজুরির পরিমাণ এমন হতে হবে যেন তা কোনো দেশ ও যুগের স্বাভাবিক অবস্থা ও চাহিদা অনুসারে যুক্তিসংগত হয় এবং উপার্জনকারী শ্রমিক তাঁর পারিশ্রমিক দ্বারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মানবিক, মৌলিক অধিকার ও দৈনন্দিন জীবনধারণের অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারে। রাসুলুল্লাহ (সা.) যথার্থই বলেছেন, ‘অধীনস্থ শ্রমিকদের খোরপোশ দিতে হবে।’ (মুসলিম)
তাই বর্তমান বাজার অনুযায়ী একটি শ্রমজীবী পরিবারের জীবন-যাপনের সাধারণ মানের কথা বিবেচনায় রেখে শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ নির্ধারণ করা উচিত। আজীবনের জন্য যে শ্রমিকের পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হলো এবং সারা জীবনে তিনি কত আয় করতেন, এসব দিক বিশেষভাবে মানবিক বিবেচনায় রাখতে হবে। শ্রমিকের অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসারে জাতীয়ভাবে শ্রমিকদের ক্ষতিপূরণের সবচেয়ে গ্রহণযোগ্য মানদণ্ড নির্ধারণ করতে হবে। আর দুর্ঘটনার জন্য দায়ী মালিকপক্ষগুলোকে শ্রমিকদের এ ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। মালিকপক্ষ শ্রমিকদের ভরণপোষণের দায়িত্ব নেবে অথবা যথাসময় এমন মজুরি দেবে, যাতে তাঁদের প্রয়োজন মিটে যায়। এ ক্ষেত্রে শ্রমিকের কর্মদক্ষতা, যোগ্যতা, পরিবেশ, চাহিদা, জীবনযাত্রা প্রভৃতি পর্যালোচনা করে মজুরি নির্ধারণ করতে হবে। এগুলো যেহেতু পরিবর্তনশীল, তাই শ্রমিকের মজুরির ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হতে পারে।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]