পবিত্র ওমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার প্রচারণা বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই পরামর্শ দেয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, করোনার কারণে সৌদি সরকারের কাছ থেকে পবিত্র ওমরাহ পালন শুরুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক পত্র এখনো পাওয়া যায়নি। তারপরও কিছু ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকারের কাছ থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। তার আগে এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ-সংক্রান্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।