
হজ একটি ঐতিহাসিক স্মৃতিময় ইবাদত। আদি পিতা হজরত আদম (আ.) থেকে শুরু করে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত বহু নবী-রাসুলের স্মৃতিধন্য এই হজ। তাই হজের প্রতিটি আনুষ্ঠানিকতায় সে স্মৃতি মানসপটে জাগ্রত হলে হজের উদ্দেশ্য অনুধাবন সম্ভব হবে এবং লক্ষ্য পূরণ সহজ হবে।
হারাম শরিফ, মসজিদুল হারাম ও বায়তুল্লাহ
হজের কর্মসীমাকে হারাম শরিফ বলে। হারাম শরিফের সীমা বায়তুল্লাহর পূর্বে জেরুজালেমের পথে নয় মাইল, পশ্চিমে জেদ্দার পথে শুআইদিয়া পর্যন্ত দশ মাইল, উত্তরে মদিনা শরিফের পথে পাঁচ মাইল এবং দক্ষিণে তায়েফের পথে সাত মাইল। পবিত্র মক্কা শরিফ ও মদিনা শরিফে অমুসলিমদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এখানে জীবজন্তু শিকার করা নিষিদ্ধ। এমনকি গাছপালা, তৃণলতা ইত্যাদি ছেঁড়াও নিষেধ। হারামের প্রাণকেন্দ্র হলো মসজিদুল হারাম, এর কেন্দ্রস্থলে কাবা শরিফ অবস্থিত। হজরত আদম (আ.)-এর সৃষ্টি থেকে কাবাগৃহের সৃষ্টি। নূহ (আ.)–এর সময় মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম (আ.)-এর পুত্র হজরত ইসমাইল (আ.)-সহ এর পুনঃসংস্কার করেন। এযাবৎ কাবা শরিফ ১২ বার সংস্কার করা হয়েছে।
হাতিম
কাবা শরিফের উত্তর পাশের অর্ধবৃত্তাকার দেয়ালঘেরা স্থানকে ‘হাতিম’ বলা হয়। এই স্থানটুকু আগে কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল। এখানে নামাজ পড়া মানে কাবাঘরের ভেতরে নামাজ পড়া। দোয়া কবুলের জন্য হাতিম উত্তম স্থান।
মিজাবে রহমত
হাতিমের ঠিক ওপরে কাবা শরিফে ঘরের ছাদের সঙ্গে একটা সোনার পরনালা আছে। বৃষ্টির সময় এই পরনালা দিয়ে ছাদের পানি পড়ে। সে জন্য এর নাম মিজাবে রহমত। মিজাবে রহমতের নিচে নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হয়।
হাজরে আসওয়াদ
হাজরে আসওয়াদ মানে কালো পাথর, এটি একটি স্বর্গীয় পাথর। হজরত আদম (আ.)-এর সময় এটি আনা হয়। এই পবিত্র পাথরের দৈর্ঘ্য আট ইঞ্চি ও প্রস্থ সাত ইঞ্চি। বর্তমানে এটি আট টুকরো। এটি মাটি থেকে চার ফুট উঁচুতে কাবাঘরের দক্ষিণ-পূর্ব কোণে দেয়ালের বাইরের দিকে প্রোথিত। এই পবিত্র পাথরখণ্ডকে নবী করিম (সা.) অত্যন্ত বিনয় ও মহব্বতের সঙ্গে চুমা দিতেন।
মুলতাজিম
হাজরে আসওয়াদ ও কাবাঘরের দরজার মধ্যবর্তী স্থানটুকু মুলতাজিম নামে পরিচিত। এখানে দোয়া কবুল হয়।
মাকামে ইব্রাহিম
কাবা শরিফের পূর্বদিকে মাকামে ইব্রাহিমে যে প্রস্তরখণ্ড রক্ষিত আছে, তার ওপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম (আ.) কাবাঘরের প্রাচীর গাঁথতেন। হজরত উমর (রা.) প্রথম এখানে নামাজ পড়ার অনুমতি প্রার্থনা করেন। এই পবিত্র স্থানের পেছনে দাঁড়িয়ে প্রত্যেক প্রকার তাওয়াফের পর দুই রাকাত নামাজ আদায় করতে হয়। এই নামাজ ওয়াজিব।
আবে জমজম বা জমজম পানি
পবিত্র কাবাঘরের পূর্বদিকে মসজিদুল হারাম শরিফ চত্বরেই জমজম কূপ অবস্থিত। এর গভীরতা ৬০ গজ ও এর মুখের প্রসার ৪ গজ। কিন্তু বর্তমানে তাওয়াফের জায়গা সম্প্রসারণের কারণে জমজম কূপ দেখা সম্ভব নয়। তবে হারাম শরিফের সর্বত্রই জমজমের পানি রক্ষিত থাকে। জমজম দোয়া কবুলের একটি স্থান। জমজমের পানি পান করার পরও দোয়া করা যায়। শিশু হজরত ইসমাইল (আ.)-এর পদাঘাতে আল্লাহর কুদরতে মরুভূমিতে এই কূপের সৃষ্টি হয়।
সাফা-মারওয়া
মসজিদুল হারাম শরিফসংলগ্ন পূর্বদিকে সাফা ও মারওয়া পাহাড় অবস্থিত। এই দুই পাহাড়ের মধ্যস্থলে নির্বাসিত বিবি হাজেরা (আ.) তাঁর শিশুপুত্র ইসমাইল (আ.)-এর জন্য পানির অনুসন্ধানে ছোটাছুটি করছিলেন। সেই স্মৃতি রক্ষার্থে হাজিদের এই দুই পাহাড়ের
মধ্যে সাত চক্কর দৌড়াদৌড়িকে সাঈ বলা হয়। সাঈ করা ওয়াজিব।
আরাফাত
আরাফাত একটি প্রশস্ত ময়দান। এর আয়তন ৩১ বর্গকিলোমিটার। খানায়ে কাবা থেকে আরাফাত ১২ কিলোমিটার এবং মিনা থেকে ৯ কিলোমিটার। ৯ জিলহজ হাজিদের আরাফাত ময়দানে অবস্থান করতে হয়। আরাফাত মানে পরিচয়। আরাফাত ময়দানে হজরত আদম (আ.)-এর সঙ্গে হজরত হাওয়া (আ.)-এর পুনর্মিলন হয় এবং তাঁরা স্বীয় ভুলের জন্য আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন এবং সে মোনাজাত কবুল হয়।
জাবালে রহমত
এই পাহাড় আরাফাত ময়দানে অবস্থিত। এর উচ্চতা ৩০০ ফুট। এর উপরিভাগে একটি সাদা স্তম্ভ আছে, যেখান থেকে হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড় দৃষ্টিগোচর হওয়ামাত্র লাব্বাইক ও দরুদ শরিফ পড়তে হয়।
মিনা
আল্লাহ তাআলার আদেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে যে স্থানে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, সেই স্থানের নাম মিনা। মক্কা শরিফ থেকে মিনা পাঁচ কিলোমিটার। মিনা প্রান্তরে হজের আগের দিন এবং হজের পর তিন দিন তাঁবুতে অবস্থান করতে হয়।
মসজিদে খায়েফ
মিনা প্রান্তরে অবস্থিত মসজিদ। এখানে আদিকাল থেকে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.) পর্যন্ত ৭০ জন পয়গাম্বর (আ.) আল্লাহর ইবাদত-বন্দেগি করেছেন।
জুমরা বা জামারাত
মিনার পাশেই তিনটি জুমরা বা স্তম্ভ (বহুবচন জামারাত) অবস্থিত। এগুলো ছোট শয়তান (জুমরায়ে উলা), মেজো শয়তান (জুমরায়ে উস্তা), বড় শয়তান (জুমরায়ে আকাবা) নামে পরিচিত। হজরত ইসমাইল (আ.)-কে কোরবানির পথে এই স্থানে শয়তান বাধা সৃষ্টি করেছিল এবং তিনি পাথর মেরে শয়তানকে তাড়িয়েছিলেন। এর স্মরণে এখানে কঙ্কর মারতে হয়।
মদিনা শরিফ জিয়ারত
মদিনা মুসলমানদের প্রাণের ভূমি। মদিনা হলো নবীজি (সা.)-এর শহর; শান্তির নগর। রাসুলে করিম (সা.) বলেন, যে আমার
রওজা জিয়ারত করল, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। (সহিহ মুসলিম)। তিনি আরও বলেন, যে হজ করল, কিন্তু আমার রওজা জিয়ারত করল না; সে আমার প্রতি জুলুম করল। (তিরমিজি)। ফকিহদের মতে, হাজিদের জন্য মদিনা শরিফ জিয়ারত করা সুন্নত।
মদিনা
ইসলামপূর্ব যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব। রাসুলে করিম (সা.)-এর হিজরতের পর এই শহরের নাম হয় মদিনাতুন্নবী বা নবীর শহর। সংক্ষেপে এখন বলা হয় মদিনা। মদিনা শরিফ রাসুলুল্লাহ (সা.)-এর আশ্রয়ভূমি; প্রেম, ধৈর্য ও আত্মত্যাগ, সত্যনিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার অদ্বিতীয় কর্মক্ষেত্র।
মসজিদে নববি
মদিনায় অবস্থানকালে প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববিতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। এখানে একাদিক্রমে ৪০ ওয়াক্ত নামাজ মসজিদে নববিতে জামাতের সঙ্গে পড়ার অবশ্য চেষ্টা করবেন। নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার মসজিদে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছে আর কোনো নামাজ কাজা করেনি, সে নিফাক (মুনাফিকী) আর দোজখের আজাব থেকে নাজাত পাবে।’ মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান।
রওজা শরিফ
মসজিদে নববির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান নবীজির রওজা শরিফ। হজরত আয়েশা (রা.)-এর হুজরার মধ্যে তাঁর পবিত্র মাজার শরিফ অবস্থিত। তাঁরই পাশে হজরত আবুবকর (রা.) ও হজরত উমর (রা.)-এর মাজার। রওজা শরিফের জিয়ারতের মাহাত্ম্য সম্পর্কে আরও বলা হয়েছে, যে ব্যক্তি রাসুল (সা.)-এর ওফাতের পর তাঁর রওজা মোবারক জিয়ারত করল, সে যেন রাসুল (সা.)-কে জীবদ্দশায়
দর্শন করল।
রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান
রওজা শরিফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসুলে করিম (সা.)-এর মিম্বর পর্যন্ত স্বল্প পরিসর স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ। এই স্থানে স্বতন্ত্র রঙের (ধূসর সাদাটে) কার্পেট বিছানো থাকে। রাসুল (সা.) বলেছেন, ‘আমার রওজা ও মিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান।’ (বুখারি)। এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।