ইসলাম সব ধরনের অস্ত্রবাজি, সন্ত্রাসী বোমা হামলা, সামরিক আগ্রাসন, জুলুম-নির্যাতন, অনিষ্ট সাধন, দাঙ্গা-হাঙ্গামা ও নরহত্যার বিরোধী। নিরীহ মানুষ হত্যাকে ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না। তবে ইসলামে যেমন ন্যায়সংগত যুদ্ধের স্বীকৃতি রয়েছে, তেমনি আবশ্যক মতো শান্তিচুক্তি বা সন্ধির বিধানও রয়েছে। ইসলামের আবির্ভাবের আগে আরবে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও রক্তক্ষয়ী যুদ্ধবিগ্রহ লেগে থাকত। ইসলামের আগমনে রক্তপাত ও হানাহানির অবসান ঘটে। সব রকম চরমপন্থা ও সন্ত্রাসী কর্মকাণ্ডই ইসলামপরিপন্থী। সন্ত্রাসী তৎপরতা ও আগ্রাসী হামলা প্রতিরোধে প্রয়োজনে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যতক্ষণ ফিতনা দূরীভূত না হয়।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৯৩)
জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জন ও সংরক্ষণে এবং কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করে সীমানাপ্রাচীর ভেঙে শত্রু কর্তৃক নির্যাতিত-নিপীড়িত ও আক্রান্ত মানুষের মুক্তি সাধনে সর্বশক্তি নিয়োগ করে জানমাল ও জ্ঞান-বুদ্ধি দ্বারা যে সংগ্রাম করা হয়, সেটাই প্রকৃত ন্যায়সংগত যুদ্ধ। মাতৃভূমিকে বহিঃশত্রু ও অভ্যন্তরীণ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক যুদ্ধের প্রয়োজন। তাওহিদ বা একাত্ববাদ প্রচার ও আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য ইসলামের প্রকাশ্য শত্রু কাফের ও মুশরিকদের বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.) জিহাদ বা ন্যায়সংগত যুদ্ধ করেছেন। এভাবে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধসহ আরও অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। কিন্তু তিনি কখনো আক্রমণাত্মক যুদ্ধ করেননি; বরং ইসলামের বিরোধিতাকারী প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে জানমাল উৎসর্গ করে আত্মরক্ষামূলক বা রক্ষণাত্মক যুদ্ধ তথা অসত্য ও অন্যায়ের প্রতিরোধে সংগ্রাম করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি কঠোর সাধনা করে শেষ পর্যন্ত রক্তপাতহীনভাবে জন্মভূমি মক্কা বিজয়ের মাধ্যমে সেখানে অসত্য ও অন্যায় উৎখাত করে শান্তির পতাকা উত্তোলন করেছেন।
মুসলমান নারী-শিশু ও ধনসম্পদের নিরাপত্তার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সংগ্রাম বা যুদ্ধ করা ফরজ। যদি কেউ দ্বীন ইসলাম শান্তিপূর্ণভাবে পালনের সময় বাধার সম্মুখীন হয় এবং শত্রুপক্ষ কর্তৃক আক্রমণের শিকার হয়, তাহলে নিরাপত্তার জন্য আল্লাহর পথে তাদের সংগ্রাম করতে হবে। তবে নিরীহ মানুষের ওপর অন্যায়-অত্যাচার করা যাবে না। মুসলমানদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় অধিকার রক্ষার তাগিদে যতটুকু সংগ্রাম করা প্রয়োজন, ঠিক ততটুকুই যুদ্ধ করা যাবে। মানবতা ও নৈতিকতার কোনো স্তরেই নিরপরাধ মানুষের প্রাণহানি ও অহেতুক রক্তপাতকে সমর্থন করা হয় না। তাই যুদ্ধক্ষেত্রে অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিপদে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমাদের কী হলো যে তোমরা সংগ্রাম করবে না আল্লাহর পথে এবং অসহায় নর-নারী এবং শিশুদের জন্য?’ যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! এই জনপদ, যার অধিবাসীরা জালিম, তা হতে আমাদের অন্যত্র নিয়ে যাও; তোমার নিকট থেকে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট থেকে কাউকে আমাদের সহায় করো।’ (সূরা আন-নিসা, আয়াত: ৭৫)
কারও জীবনহানি, সম্পদ দখল, ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে বিনষ্ট করলে বা কোনো দেশে বহিঃশত্রু আক্রমণ করলে আত্মরক্ষার বিধান ইসলামে স্বীকৃত। কেননা ইসলামের যুদ্ধনীতি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কেবল আত্মরক্ষার্থে রাসুলুল্লাহ (সা.)-কে জীবনে অনেক যুদ্ধ, সংলাপ, সন্ধি ও শান্তিচুক্তি করতে হয়েছে। বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে দেশে শান্তি প্রতিষ্ঠায় ন্যায়-সত্য, স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে গিয়ে শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে তিনি প্রতিরোধমূলক যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। ‘যুদ্ধ’ মানেই যেখানে বিভীষিকা, মৃত্যু, ধ্বংস, সেখানে ইসলামের উদার যুদ্ধনীতিতে বলা হয়েছে, ‘যুদ্ধক্ষেত্রে প্রতারণা করা যাবে না, বিশ্বাস ভঙ্গ করা যাবে না, নিহত ব্যক্তির অঙ্গচ্ছেদ করা যাবে না, নারী-শিশু-বৃদ্ধদের হত্যা করা যাবে না, শত্রু হলেও প্রার্থনারত অবস্থায় কোনো ব্যক্তিকে আঘাত করা যাবে না, ফলদায়ী গাছ কাটা যাবে না।’ (তারিখ আল-তাবারি) এমনকি বিদায় হজের ভাষণে নবী করিম (সা.) বিনা অপরাধে একজন নিরীহ মানুষকেও হত্যা করতে নিষেধ করেছেন।
পৃথিবীতে অহেতুক হানাহানি, দ্বন্দ্ব-সংঘাত, ন্যায়-অন্যায়ের ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ-বিগ্রহে বহু দেশ ও জাতি ধ্বংসের পথে চলেছে। তাই মানবতার বৃহত্তর স্বার্থে মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ সংকটের আশু নিরসনের জন্য শান্তিপূর্ণ সমঝোতায় উপনীত হয়ে চূড়ান্ত যুদ্ধবিরতি অনিবার্য হয়ে পড়েছে। যেখানে সংলাপ-সমঝোতা চলে না বা বন্ধ থাকে সেখানেই শুরু হয় বলপ্রয়োগ, সংঘাত, রক্তপাত, সন্ত্রাস, সহিংসতা, হানাহানি, দুর্বলের ওপর সবলের অত্যাচার, মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তিস্বাধীনতা হরণ, ক্ষমতার মোহে দম্ভ-অহমিকা, প্রতিহিংসা প্রদর্শন এবং অনাকাঙ্ক্ষিত যুদ্ধ-বিগ্রহ। অথচ ইসলাম বিভিন্ন জাতি-ধর্মের মানুষে মানুষে হৃদ্যতা ও সৌহার্দ্য স্থাপনের মাধ্যমে একটি শান্তিময় পৃথিবী গড়ার তাগিদ দিয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে বিরাজমান অসম যুদ্ধ পরিস্থিতিতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের অনুসারীদের মানবতাবিরোধী আগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে যুদ্ধ-বিগ্রহ প্রতিরোধে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। মুসলিম বিশ্বের নেতাদেরও এ মুহূর্তে জাতিসংঘের সহায়তায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি শান্তি প্রস্তাব কার্যকর করা উচিত। পৃথিবীর স্বস্তি, শান্তি, কল্যাণ ও প্রগতিকে ত্বরান্বিত ও নিশ্চিত করার স্বার্থেই শান্তিবাদী আঙ্গিকের একটি শুভতর প্রবর্তনার বিষয়টি অবশ্যই মানবিক বিবেচনায় রাখার উদ্যোগ চাই।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
[email protected]