বরকতময় সাহ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাহ্‌রি একদিকে শারীরিক শক্তি জোগায়, যা রোজা পালনে সহায়ক হয়; অপর দিকে রুহানি শক্তি জোগায়, যা তাকওয়া অর্জনে সহায়তা করে। বরকতময় সাহ্‌রির কল্যাণকর নানা দিকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: সুন্নতের অনুসরণ, ইসলামের নিজস্ব স্বকীয়তা রক্ষা করা, ইবাদতের জন্য শক্তি এবং তাকওয়া অর্জন, স্বাস্থ্য ও মনের অধিক প্রফুল্লতা লাভ, ক্ষুধার তাড়নায় সৃষ্ট প্রবৃত্তির বাসনা নিবারণ। যারা একত্রে বসে সাহ্‌রি খায়, তাদের প্রতি সৌহার্দ্যের বরকত অবতরণ। সাহ্‌রির সময় দোয়া কবুলেরও সময়; এ সময় অধিক জিকির-আজকার, তাহাজ্জুদ আদায় ও দোয়া মোনাজাতের সুযোগ লাভ হয়।

এ ছাড়া সাহ্‌রি খাওয়া সমস্ত দিন রোজা রাখার জন্য অত্যন্ত সহায়ক, সাহ্‌রির সময় জাগ্রত হওয়া রোজার প্রতি আগ্রহের যথেষ্ট প্রমাণও বটে। সাহ্‌রির সময় আরামের নিদ্রা বর্জন করে জাগ্রত হওয়া প্রকৃতপক্ষে ইবাদত ও আনুগত্যের প্রতি এক প্রকারের অনুরাগ। এতে শেষ রাতে জাগ্রত হওয়ার অভ্যাস হয়, তাহাজ্জুদ আদায়ের সৌভাগ্য লাভ হয়। সাহ্‌রির সময় জাগ্রত হওয়া একপ্রকারের মুজাহাদা বা সাধনাও বটে। এই সময় আল্লাহর রহমত নাজিলের সময়, অগণিত আল্লাহ–প্রেমিকদের ফরিয়াদের সময়, আল্লাহর নৈকট্য লাভের সর্বাপেক্ষা উত্তম সময়। যাঁরা এই বরকতের সময় জাগ্রত হয়ে আল্লাহর মহান দরবারে মোনাজাত করে থাকেন এবং ইস্তিগফার করেন, আল্লাহ তাঁদের স্বীয় ভালোবাসা ও নৈকট্য দানে ধন্য করেন। এই ধরনের আল্লাহ–প্রেমিকদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, তারা (ইমানদারগণ) রাত্রির শেষ অংশে আল্লাহর নিকট ইস্তিগফার করে থাকে। (সুরা-৫১ [৬৭] যারিয়াত, রুকু: ১/১৮, আয়াত: ১৮, পারা: হামি-২৬, পৃষ্ঠা: ৫২২/২০)।

কোনো কারণে সাহ্‌রি খাওয়া সম্ভব না হলেও রোজা রাখতে হবে, কোনো প্রকার বাহানা বা এহেন ওজর রোজা ছাড়ার জন্য গ্রহণযোগ্য কারণ নয়। ইচ্ছাকৃতভাবে সাহ্‌রি বর্জন করা ঠিক নয় এবং সুন্নতের বরখেলাপ। তা ছাড়া, নবীজি (সা.) বলেছেন, সাহ্‌রি ছাড়া রোজা রাখা ইহুদি-নাসারাদের ধর্ম। তাই সাহ্‌রি গ্রহণ করে ইসলামি রোজার স্বকীয় বৈশিষ্ট্যকে রক্ষা করা ইমানদারদের কর্তব্য।

যদি কেউ এমন অবস্থায় পতিত হন যে ফরজ গোসল করে সাহ্‌রি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই; তখন অজু করে বা হাত মুখ-ধুয়ে আগে সাহ্‌রি খেয়ে নেবেন। পরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন। কারণ, সাহ্‌রি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয় বরং সুন্নত; আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব তা করে নিতে হবে, বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়; আর রমজানে রোজা অবস্থায় বেশিক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয়, এটি মকরুহ। এতে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়; তাই দ্রুত পবিত্রতা অর্জন করা জরুরি। (আল কুদুরি; ফাতাওয়ায়ে আলমগীরী)।

মনে রাখতে হবে, রোজা বা সওম মানে হলো পানাহার থেকে বিরত থাকা; তাই সাহ্‌রিতে বেশি খাওয়া ঠিক হবে না, এটা রোজার উদ্দেশ্যের পরিপন্থী। রমজান যেন ভোজের আয়োজনে পরিণত না হয়। সাহ্‌রিতে স্বাস্থ্যসম্মত আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। অধিক পরিমাণে তরল ও পানীয় গ্রহণ করা উচিত। খাদ্যের গুণাগুণ ও মান যাচাই করে নেওয়া ভালো। প্রয়োজনীয় ওষুধ ও পথ্য চিকিৎসকের পরামর্শমতো গ্রহণ বা সেবন করুন। শরীর ও মন ভালো থাকলে ইবাদতে আনন্দ লাভ হয়।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্‌ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।