
আরবি ‘ইজতেমা’ শব্দের অর্থ সমাবেশ বা সম্মেলন। ধর্মীয় কোনো কাজে বহুসংখ্যক মানুষকে একত্র করাকে শরিয়তের পরিভাষায় ইজতেমা বলে। এ দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বহুসংখ্যক দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেখানে সমবেত হন, একে ‘বিশ্ব ইজতেমা’ বলা হয়। সারা বিশ্বের অর্ধশতাধিক দেশ থেকে আসা হাজার হাজার তাবলিগ ও ইসলামি দাওয়াহ অনুসারী দীনদার মুসলমান বাংলাদেশের রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর দুই পর্বে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় শরিক হন। বিশ্ব ইজতেমা বা সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে, মুসলমানদের সব ভ্রান্তপথ পরিহারের তাগিদ করে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সহজ-সরল জীবনযাপন এবং আদর্শ সমাজ গঠনের জন্য কল্যাণের পথচলায় ব্যাপকভাবে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা।
তাবলিগ অর্থ প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া, সৎ কর্মের প্রতি আহ্বান করা প্রভৃতি। একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ বা সম্মিলিত ইচ্ছা ও প্রচেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার নামই তাবলিগ। কোনো আদর্শ বা বিশেষ মতবাদের প্রচারকাজকে তাবলিগ বলা হয়। সাধারণত ধর্মীয় মতবাদ প্রচারই তাবলিগ। পৃথিবীর বুকে ইসলামের অভ্যুদয়, ক্রমবিকাশের অগ্রযাত্রা ও প্রচার-প্রসারের অন্যতম প্রধান উপকরণ হলো দাওয়াত ও তাবলিগ। ইসলামের আবির্ভাবের মুহূর্ত থেকে অদ্যাবধি নিরলস, নিরবচ্ছিন্ন গতিতে প্রবাহিত হচ্ছে তাবলিগের কার্যক্রম। প্রকৃতপক্ষে দাওয়াত ও তাবলিগ হচ্ছে ইসলাম প্রচারের একটি মৌলিক কর্মসূচি।
অন্যান্য ধর্মীয় সমাবেশ, জমায়েত থেকে বিশ্ব ইজতেমা সম্পূর্ণ আলাদা। এখানে এক পরিচ্ছন্ন নীতিকে অনুসরণ করে ওয়াজ-নসিহত ও ইসলামি প্রশিক্ষণ দেওয়া হয়, এর নাম হচ্ছে ‘বয়ান’। পবিত্র কোরআন, হাদিস ও শরিয়তের বিভিন্ন বিষয় সবিস্তারে বয়ান করা হয়। মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ এবং তাঁর সুযোগ্য সাহাবায়ে কিরামদের কর্মময় জীবনের নানা কথা বয়ান করা হয়। আরও বয়ান করা হয় ইসলামের মৌল বিষয় যথাক্রমে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং ইমানের নানা দিকদর্শন। বয়ানে চমৎকার সাবলীল উপস্থাপনায় সাধারণ মানুষের শেখা, বোঝা ও অনুধাবন করতে পারে এমনভাবে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে ধর্মপ্রাণ মুসলমানদের প্রশিক্ষিত করে তাদের মন-দিল বা আত্মাকে পরিশোধিত করে খাঁটি ও শুদ্ধভাবে সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনে নিজেদের উৎসর্গিত করে তোলে।
দেশি-বিদেশি ইসলামি চিন্তাবিদ, ওলামায়ে কিরামগণ ইমান, আকিদা, দীনের দাওয়াত, ইসলাম ধর্মকর্ম, দুনিয়া ও আখিরাত সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক মূল্যবান বয়ান রাখেন। সম্পূর্ণ অরাজনৈতিক ও অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমার বয়ান। কে বয়ান করবেন, তাঁর নাম-পরিচয় ঘোষণা করা হয় না। হাততালি তো দূরের কথা, টুঁ শব্দটি পর্যন্ত শোনা যায় না। কাউকে কটাক্ষ বা তুচ্ছ-তাচ্ছিল্য করে বা খোঁচা দিয়ে কথা বলা চিন্তাই করা যায় না। কাউকে উদ্দেশ করে, কাউকে প্রশংসা করে অথবা কারও সমালোচনা করে এখানে কেউ বয়ান করেন না। প্রতিবছর জুমার নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরব্বিরা বয়ান করেন। এ ছাড়া ফজরের নামাজের পরও আমবয়ান করা হয়। মাঠের মূল মঞ্চ থেকে মুসল্লিদের উদ্দেশে ইমান ও আমলের ওপর বয়ানে বলা হয়, ‘আল্লাহর মেহেরবানিতে আমরা সবাই এখানে এসেছি। সমগ্র পৃথিবীর মেহমানরা এসেছেন। আমার নামাজের হেফাজত করা আমার দায়িত্ব। এখান থেকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে্য দাওয়াতি কাজে বের হই এবং পুরো মজমায় নিয়ত করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি। জামাত যত বড় হবে, নেকি তত বাড়বে। প্রত্যেককে বেশি করে নেকি আদায় করতে হবে। তাহলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে।’
বয়ানে শীর্ষ মুরব্বিরা বলেন, ‘আল্লাহ তাআলা জন্ম ও মৃত্যুকে তৈরি করেছেন। যার আমল যত সুন্দর হবে, তার আমল তত বেশি গুণসম্পন্ন হবে।’ আমল ও হেদায়েতি বয়ানে বলা হয়, ‘আল্লাহকে রাজি-খুশি করতে পারলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেবেন। সারা দুনিয়ার মানুষ সফলতা চায়। সফলতা ও কামিয়াবির জন্য আল্লাহর কাছে সবাইকে প্রার্থনা করতে হবে।’ আমল ও দাওয়াতের মেহনত সম্পর্কে সারগর্ভ বয়ানে বলা হয়, ‘আল্লাহ তাআলা মানবজাতিকে “আশরাফুল মাখলুকাত” তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সুউচ্চ মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া ও আখিরাতে কামিয়াবির একমাত্র তরিকা হচ্ছে ইমান ও আমলের মেহনত করা।’ বিশ্ব ইজতেমার উদ্দেশ্য হচ্ছে তিন দিন দেশ-বিদেশের ইমানদার, ত্যাগী আলেম-ওলামাদের কাছ থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান শুনে আখেরি মোনাজাত করে ইমান-আমলের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দেওয়া।
ইসলাম ধর্মের ব্যবহারিক দিকগুলো অনুশীলনের জন্য মানবসমাজে দাওয়াতের প্রয়োজনীয়তা অপরিসীম। এ সত্যকে ধারণ করে তাবলিগ জামাত যুগ যুগ ধরে বিশ্বব্যাপী তাদের দাওয়াতের কর্মসূচি অব্যাহত রেখেছে। ইসলামি দাওয়াতের মূল প্রেরণা হচ্ছে কল্যাণকামিতা আর সারকথা হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান। শুধু নিজে ভালো কাজ করলেই হবে না, অন্যকেও সৎ কাজের কথা বলতে হবে। বিশেষ করে, সমাজের সচেতন অংশ ধর্মীয় নেতারা তথা মসজিদের ইমাম ও খতিবদেরও এ মহান দায়িত্ব পালন করতে সচেষ্ট হতে হবে। মানবকল্যাণ ও সৎ কর্মে প্রতিযোগিতার সাধনায় আত্মনিয়োগ করার আদেশ দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে এমন একদল হোক, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১০৪) এই দিকনির্দেশনা বহন করে আল্লাহর বান্দাদের দ্বারে দ্বারে গিয়ে দীনের পয়গাম মানুষকে পৌঁছে দেওয়ার মেহনত করা হয়।
মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস ও কর্মের সংশোধনে দাওয়াতে তাবলিগ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। গুটিকতক লোক যারা ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ ও তাঁর রাসুলের বাণী প্রচার করেন, তাদের এ দলবদ্ধ কার্যক্রমকে তাবলিগ জামাত বলে। এর আগে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এ তাবলিগ করা হতো। পরবর্তী সময়ে বিশ্ব ইজতেমা নামের মহাসমাবেশটি তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর রাজধানীর অদূরে টঙ্গীতে ধর্মীয় উদ্দীপনা সৃষ্টি করে ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ইসলামের দাওয়াত দেওয়ার রীতি এখনো প্রচলিত।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]