মাতৃদুগ্ধ নবজাতকের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ তাআলা মানবজাতিকে ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং নবজাত শিশুর লালন-পালনের যাবতীয় ব্যবস্থা তিনিই করেছেন। মহান সৃষ্টিকর্তা প্রসূতি মায়ের স্তন যুগলে মাতৃদুগ্ধ তৈরি করে নবজাতকের জন্য নিয়ামত হিসেবে খাবার উপহার দিয়েছেন। তাই মানবসন্তান জন্মের পর মাতৃদুগ্ধই তার প্রথম সুপেয় খাদ্য, যা হালকা, মিষ্টি, উষ্ণ ও শিশুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দয়াময় আল্লাহ তাআলা নবজাতককে মায়ের বুকের দুধ পানের দিকনির্দেশনা প্রদান করেছেন। শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর সময়সীমা সম্পর্কে পবিত্র কোরআনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ‘যে স্তন্যপান-কাল পূর্ণ করতে চায়, তার জন্য জননীরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুগ্ধপান করাবে। জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা।’ (সূরা আল-বাকারা, আয়াত: ২৩৩)
প্রসূতি মায়ের ভরণ-পোষণ ও যত্নের ওপর শিশুর সুস্বাস্থ্য নির্ভর করে। এ জন্য প্রতিটি শিশুর জন্য জন্মের পর ছয় মাস বয়স পর্যন্ত বুকের শাল দুধ দিতে হবে। এতে মা ও শিশু উভয়ই সমান উপকৃত হবেন। মাতৃদুগ্ধ এমন একটি সুষম খাদ্য, যার কোনো বিকল্প নেই। পূর্ণ দুই বছর শিশুকে তার মা দুধ পান করাবেন। প্রয়োজনে আরও ছয় মাস সময় বাড়ানো যেতে পারে। শিশুকে বুকের শাল দুধ দিলে মায়ের স্তনে ক্যানসার হয় না এবং সাধারণত গর্ভনিরোধ হয়। নবজাত সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ফলে মায়ের অল্প সময়ের মধ্যে গর্ভধারণ ঝুঁকি থাকে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আমি তো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে।’ (সূরা লুকমান, আয়াত: ১৪) অন্য আয়াতে বলা হয়েছে, ‘সন্তানকে গর্ভে ধারণ করতে ও তার দুধ ছাড়াতে লাগে ৩০ মাস।’ (সূরা আল-আহকাফ, আয়াত: ১৫)
মাতৃদুগ্ধ শিশুর জন্য স্রষ্টার পক্ষ থেকে এক মহান নিয়ামত। মায়ের বুকের শাল দুধ বিশ্বস্ত ও নিরাপদ পানীয় হওয়ার নবজাতক তা সহজেই হজম করতে পারে। স্তন্যপানে মা ও শিশুর মধ্যে একটি গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং নবজাতক নিজেকে অধিক নিরাপদ মনে করে। এতে জরায়ুর ক্যানসারের আশঙ্কা থাকে না। কাজেই মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নবজাতকের মাতৃদুগ্ধ পান অপরিহার্য। বুকের দুধের ভেতর দিয়ে মা ও শিশুর মধ্যে চিরস্থায়ী এক আত্মার বন্ধন সৃষ্টি হয়। মাতৃদুগ্ধের মাধ্যমে উভয়ের আচার-আচরণ ও স্বভাবের আদান-প্রদান হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হজরত মুসা (আ.)-এর শৈশবকালীন অবস্থায় মাতৃদুগ্ধ পানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘মুসা-জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করলাম যে তুমি শিশুটিকে স্তন্য দান করতে থাকো।’ (সূরা আল-কাসাস, আয়াত: ৭)
মাতৃদুগ্ধের মধ্যেই লুকিয়ে রয়েছে নবজাত শিশুর সুস্থ ও সবল হয়ে বেড়ে ওঠার বীজমন্ত্র। দুর্যোগ মোকাবিলায় মায়ের দুধ সর্বশ্রেষ্ঠ খাদ্য ও সুপানীয়। তাই মায়ের দুধের সত্যিই কোনো বিকল্প নেই। প্রথম ছয় মাস মায়ের বুকের শাল দুধই শিশুর খাদ্য ও পানীয়ের চাহিদা মেটায়। পূর্ণ স্তন্যদায়ী মা এ ছয় মাস গর্ভধারণ থেকেও পুরোপুরি সুরক্ষা পায়। দুটো শিশুর জন্মের মধ্যে সময়ের ব্যবধানও থেকে যায়। মায়ের দুধের অমৃত স্বাদের মধ্য দিয়ে শিশুর শিরায় শিরায়, প্রতিটি রক্তবিন্দুতে যা সঞ্চারিত হয়ে যায়। মায়ের দুধ তখন নবজাতকের কাছে শুধুই খাদ্যপানীয় নয়; প্রাথমিক অবলম্বন, নিরাপত্তার প্রথম নিশ্চয়তা, বিশ্বসংসারের সঙ্গে প্রথম যোগসূত্র হয়ে ওঠে। দিনে দিনে শিশু যখন বাড়তে থাকে, মাতৃদুগ্ধ তাকে দেয় পর্যাপ্ত জীবনীশক্তি, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ। মাতৃদুগ্ধ পানে শিশুর স্মরণশক্তি, বুদ্ধিমত্তা, চোখের জ্যোতি, আচার-ব্যবহার, সামাজিকতা ও মানুষের প্রতি ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ হয়। যে নবজাতকের মা শিশুকে দুধ পান করান, তাঁর জন্য মাহে রমজানের রোজা পালনের বাধ্যবাধকতা পর্যন্ত শিথিল করে দেওয়া হয়েছে। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ মুসাফিরের ওপর থেকে চার রাকাতবিশিষ্ট নামাজের অর্ধেক রহিত করে দিয়েছেন এবং মুসাফির, স্তন্যদানকারিণী ও গর্ভবতী মহিলা থেকে রমজানের রোজা পালন করার বাধ্যবাধকতাও শিথিল করে দিয়েছেন।’ (তিরমিজি, আবু দাউদ ও নাসাঈ)
ইসলামের দৃষ্টিতে মাতৃদুগ্ধ নবজাত শিশুর জন্মগত অধিকার। যাতে কোনো কারণে এটি খর্ব না হয়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেননা ‘আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ’। অভিভাবকের দায়িত্ব হচ্ছে মাতৃদুগ্ধ দানকে উন্নয়ন ও সহায়তা করা। ভবিষ্যৎ কর্ণধার শিশুদের মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। মাতৃদুগ্ধ যাতে শিশুরা নিয়মিত পায় এ জন্য মায়েদের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রসূতি মাকে বুকের দুধ খাওয়ানোর সুফল সম্পর্কে গণমাধ্যমে ভালোভাবে প্রচারণা চালানো দরকার। শিশুকে সঠিক পদ্ধতিতে বুকের শাল দুধ খাওয়ানোর বিষয়ে জননীদের আত্মসচেতন হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামসম্মত প্রাকৃতিক বিধান মেনে চললে মা ও শিশু উভয়ে নানা রকমের শারীরিক জটিলতা থেকে সহজেই রক্ষা পেতে পারে।
মাতৃদুগ্ধ পান করালে শিশুমৃত্যুর হার অনেক কমে যাবে, যার সুফল পেতে মা ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ থাকা প্রয়োজন। প্রসূতি মাকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বুকের দুধ দেওয়ার আগ্রহ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দরকার। স্তন্যদায়ী মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সুনিশ্চিত করতে হবে, যেন তার নবজাতক পর্যাপ্ত পরিমাণ দুধ পায়। প্রসূতির চিকিৎসক ও পরিবার এ বিষয়ে মাকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করবেন। বুকের শাল দুধ শিশুকে খাওয়ালে মা ও শিশু সুস্থ থাকে। এভাবে নবজাতকের মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের অঙ্গীকার বাস্তবায়নে গ্রাম ও শহরের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে দূরত্ব কমিয়ে আনতে হবে।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]