
‘ফাজায়েল’ মানে গুণাগুণ, বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, উত্তম গুণাবলি, প্রশংসনীয় ইত্যাদি। ফাজায়েল বহুবচন, এর একবচন হলো ‘ফজল’ বা ‘ফজিলত’। পরিভাষায় ফাজায়েল হলো যেসব উত্তম স্বভাব, উত্তম আচরণ ও উত্তম কাজ, যা মানুষের সুকুমারবৃত্তির জন্য উপকারী। মৌলিক ১০টি ফাজায়েল হলো: ১. তওবা (গুনাহের জন্য অনুতাপ করা, ক্ষমা চাওয়া); ২. ইনাবাত (সর্বদা আল্লাহর দিকে রুজু থাকা); ৩. যুহদ (দুনিয়ার প্রতি অনাসক্তি); ৪. অরা (সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা); ৫. শোকর (কৃতজ্ঞতা); ৬. ছবর (ধৈর্য ও সহিষ্ণুতা); ৭. তাওয়াক্কুল (আল্লাহর ওপর নির্ভরশীলতা); ৮. কানাআত (অল্পে তুষ্টি বা স্বল্পে সন্তুষ্ট থাকা); ৯. তাছলিম (আল্লাহর হুকুম আহকাম তুষ্ট চিত্তে মেনে নেওয়া এবং আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা); ১০. রেজা বা রেদা (আল্লাহর ইচ্ছার ওপর রাজি থাকা, খুশিমনে তাঁর আনুগত্য করা)।
তাওবাহ
‘তাওবাহ’ অর্থ ফিরে আসা। বাংলা উচ্চারণে তওবা ও তৌবা লেখা হয়ে থাকে। পরিভাষায় তাওবাহ হলো গুনাহ বা পাপকাজ থেকে ফিরে আসা। তাওবাহ জ্ঞানী মানুষের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। এটি প্রশংসনীয় ও উত্তম উৎকৃষ্ট স্বভাব, যা সৃষ্টির সেরা মানুষকে সর্বনিম্ন হীনতম অধঃপতিত স্থান হতে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট উন্নত ও উচ্চতম স্থানে অধিষ্ঠিত করে। তাওবাহ (গুনাহের জন্য অনুতাপ করা, ক্ষমা চাওয়া) প্রাথমিকভাবে কলব দ্বারা সম্পাদিত হয়। পর্যায়ক্রমে তা বাহ্যিকভাবে প্রকাশ পায়। ‘ইস্তিগফার’ বা ক্ষমা প্রার্থনা তাওবাহর একটি পর্যায় এবং একটি অন্যটির পরিপূরক। ‘তাওবাহ ইস্তিগফার’ জোড়া শব্দরূপে ব্যবহৃত হয়। আদি পিতা হজরত আদম (আ.) ও আদি মাতা হজরত হাওয়া (আ.) যে ইস্তিগফার দ্বারা তাওবাহ করেছিলেন, তা হলো: ‘হে আমাদের রব! আমরা জুলুম করেছি আমাদের নফছের প্রতি, আপনি যদি ক্ষমা ও দয়া না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’ (৭:২৩)। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন।’ (২:২২২)। হাদিস শরিফে রয়েছে: ‘গুনাহ থেকে তওবাকারী বেগুনাহ ব্যক্তির মতো।’ (বুখারি)। হাদিসে আরও আছে: ‘সব আদম সন্তান পাপী, আর পাপীদের মধ্যে উত্তম হলো তওবাকারীগণ।’ (মুসলিম)।
ইনাবাহ
‘ইনাবাহ’ অর্থ বারবার ফিরে আসা। ফারসি ও উর্দুতে ‘ইনাবাত’ এবং বাংলা উচ্চারণে ‘এনাবত’ বলা হয়ে থাকে। পরিভাষায় ইনাবাহ হলো সদাসর্বদা দিল আল্লাহর দিকে রুজু রাখা। ইনাবাহ মানবাত্মার প্রধান বৈশিষ্ট্য। কারণ, সব আত্মা আল্লাহরই কাছ থেকে আগত এবং এটি তাঁরই নিকটে ফিরে যাবে। ইনাবাহ রুহ দ্বারা সম্পাদিত হয়। ক্রমে ক্রমে তা নফছকে প্রভাবিত ও অনুগত করে।
‘ইনাবাহ’ শব্দ মূলত ‘তাওবাহ’ শব্দের সমার্থক বা প্রতিশব্দ। তাই তাওবাহর সঙ্গে ইনাবাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর একটি অন্যটির সহায়ক। ‘তাওবাহ ইনাবাহ’ জোড়া শব্দরূপে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন: ‘আর তিনি (আল্লাহ) হিদায়াত দেন তাদের, যারা তাঁর প্রতি ফিরে আসে।’ (১৩:২৭, ৪২:১৩)। ‘তুমি অনুসরণ করো তাদের পথ, যারা আমার (আল্লাহর) দিকে ফিরে আসে।’ (৩১:১৫)। ‘অতঃপর তিনি (দাউদ আ.) ক্ষমা প্রার্থনা করলেন তাঁর রবের নিকট, অবনত ও বিনীত হলেন এবং ফিরে আসলেন।’ ‘তারপর (সুলাইমান আ.) রুজু করলেন (তাঁর রবের প্রতি)।’ (৩৮:২৪, ৩৪)। ‘আর যারা আল্লাহর প্রতি রুজু হলো, তাদের জন্য রয়েছে শুভ বার্তা।’ (৩৯:১৭)। ‘হে আমাদের রব! আমরা আপনার ওপর ভরসা করি, আপনার প্রতি রুজু হই এবং আপনিই গন্তব্যস্থল।’ (৬০:৪)। ‘আমি তাঁর ওপর ভরসা করলাম এবং তাঁর প্রতি রুজু হলাম।’ (১১:৮৮, ৪২:১০)। ‘আল্লাহর প্রতি অনুরক্তরাই তাঁকে স্মরণ করে।’ (৪০:১৩)। ‘তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো এবং তাঁর আনুগত্য করো।’ (৩৯:২৪)। এ ছাড়া ১১:১১, ৩৪:৯, ৫০:৮-৩৩, ৩৯:৮, ৩০:৩১-৩৩ আয়াতে বিষয়টি রয়েছে।
যুহদ
‘যুহদ’ অর্থ অনাসক্তি, অনাগ্রহ, নির্লিপ্ততা, নির্মোহ ইত্যাদি। যাহিদ হলো যুহদের কর্তা। এটি পরহেজগারির উন্নত পর্যায়। অমুখাপেক্ষিতা ও পবিত্রতা এর প্রধান বৈশিষ্ট্য। এটি আবেদের উন্নততর অবস্থান। তাই ‘আবেদ ও যাহেদ’ বা ‘আবেদ-যাহেদ’ জোড়া শব্দরূপে ব্যবহৃত হয়। মূলত যুহদ হলো ভোগ-বিলাস পরিত্যাগ করে ইবাদতে মনোযোগী হওয়া। পরিভাষায় যুহদ মানে হলো দুনিয়ার প্রতি অনাসক্তি (প্রয়োজনের অতিরিক্ত আশা পরিত্যাগ করা), যদিও তা জায়েজ বিষয় হয়। যাহিদগণ সাধারণ অনাড়ম্বর ফকিরি জীবন পছন্দ করেন। যুহদ মানুষের শ্রেষ্ঠত্ব ও সম্ভ্রান্তের প্রতীক। যুহদ আশরাফুল মাখলুকাতের বিশেষ গুণ। এটি সৃষ্টির সেরা মানুষকে উৎকৃষ্ট হতে সর্বোৎকৃষ্ট ও উচ্চ হতে উচ্চতম স্থানে অধিষ্ঠিত করে। যুহদ (অনাসক্তি) মনোজগতে সক্রিয় হয়ে পর্যায়ক্রমে বাহ্যিকভাবে প্রকাশ পায়।
আল্লাহ তাআলা বলেন: ‘আর তারা তাতে অনাসক্ত বা নির্লিপ্ত ছিল।’ (১২:২০)। হাদিস শরিফে রয়েছে: ‘দুনিয়ার মোহ পরিত্যাগ করো, আল্লাহ তোমায় ভালোবাসবেন; মানুষের কাছে যা আছে তার লোভ সংবরণ করো, তারা তোমায় ভালোবাসবে।’ (ইবনে মাজাহ)।
ওয়ারা
‘ওয়ারা’ অর্থ সতর্কতা, সাবধানতা, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা। পরিভাষায় ‘ওয়ারা’ হলো সকল প্রকার ছোট-বড় গুনাহ থকে বিরত থাকা। ওয়ারা মূলত ‘তাকওয়া’র সমার্থক; এবং আরও উন্নততর পর্যায়। পাপ থেকে এক ধাপ দূরে থাকা ইমানের দাবি, তাকওয়া হলো পাপ থেকে দুই ধাপ দূরে অবস্থান করা অর্থাৎ পাপের প্রভাবক (উপায়-উপকরণ) থেকে বিরত থাকা, ওয়ারা হলো পাপ থেকে তিন ধাপ দূরে যাওয়া, তথা যা পাপের প্রভাবক বা অবলম্বন হতে পারে তা পরিহার করে চলা। সব কর্ম সম্পাদনে ফরজ, ওয়াজিবের পাশাপাশি সুন্নত, মোস্তাহাব, মুস্তাহছান, মানদূব, আওলা ও আফদল বিষয়গুলো খেয়াল বা বিবেচনায় রেখে আমল করাই হলো ওয়ারা। ওয়ারা মানবের শ্রেষ্ঠত্বের অন্যতম সেরা নিদর্শন। এটি প্রাণিকুলে মনুষ্য জাতির শ্রেষ্ঠত্বের মুকুটের সেরা পালক। ওয়ারা প্রাথমিকভাবে জ্ঞানজগতে সম্পন্ন হয়। ধীরে ধীরে তা বাহ্যেন্দ্রিয়ে প্রকাশিত হয়। হাদিস শরিফে রয়েছে: ‘ওয়ারা অর্জন করো, শ্রেষ্ঠ আবেদ (ইবাদতকারী) হও।’ (ইবনে মাজাহ)। ‘ওয়ারা হলো সর্বোত্তম ধর্ম-কর্ম।’ (তাবরানি)।
শোকর
‘শোকর’ অর্থ কৃতজ্ঞতা তথা উপকারীর উপকার স্বীকার করা, ধন্যবাদ জ্ঞাপন করা, কৃতার্থ হওয়া। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়। শাকির অর্থ কৃতজ্ঞ ব্যক্তি। পরিভাষায় শোকর হলো নিয়ামতের স্বীকৃতি জ্ঞাপন করা। শোকরের বিপরীত হলো কুফর। অর্থাৎ অকৃতজ্ঞতা বা কৃতঘ্নতা। কাফের হলো কৃতঘ্ন বা অকৃতজ্ঞ। যেহেতু শোকরের সঙ্গে নেয়ামত সম্পর্কযুক্ত, তাই বলা হয় শোকরে নেয়ামত বা নেয়ামতের শোকরগুজারি করা। শোকর শব্দটি ‘শোকরানা’ এবং ‘শোকরিয়া’ রূপেও ব্যবহার করা হয়। শোকর দ্বারা আল্লাহ তাআলার নেয়ামতসমূহের উপকারিতা স্বীকার করার ক্ষমতা জন্মে এবং আল্লাহ তাআলাকে মেহেরবান জেনে তাঁর প্রতি ভক্তি দৃঢ়তর হয়ে থাকে ও মহব্বত জন্মে।
শোকর বিবেক ও জ্ঞানসম্পন্ন জীব মানুষের একান্ত বৈশিষ্ট্য। এটি প্রশংসনীয় ও উত্তম উৎকৃষ্ট স্বভাব, যা সৃষ্টিকে প্রতিনিয়ত স্রষ্টার সঙ্গে সম্পর্কযুক্ত রাখে। শোকর (কৃতজ্ঞতা) অবচেতন মন থেকে উৎসারিত হয়; ক্রমে তা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশ পায়। শোকর (কৃতজ্ঞতা) ও ছবর (ধৈর্য) শব্দদ্বয় প্রায়ই জোড়া শব্দ হিসেবে দেখা যায়। যেমন ‘শোকর-ছবর’ বা ‘ছবর-শোকর’। এ উভয় শব্দের মাঝে অন্তর্নিহিত বা ভাবগত সম্পর্ক রয়েছে। কারণ, উভয় শব্দই নেয়ামতের সঙ্গে সম্বন্ধযুক্ত। নেয়ামত পেলে শোকর, না পেলে ছবর।
আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব; আমার কৃতজ্ঞতা জানাও, কুফরি কোরো না, অকৃতজ্ঞ হইয়ো না।’ (২:১৫২)। ‘যদি তোমরা কৃতজ্ঞ হও, অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব; আর যদি অকৃতজ্ঞ হও—কুফরি করো, তবে আমার শাস্তি অবশ্যই কঠিন।’ (১৪:৭)। শোকর সম্পর্কে কোরআন মজিদে পঁচাত্তরবার উল্লেখ রয়েছে। হাদিস শরিফে আছে: ‘যে মানুষের শোকর আদায় করে না, সে আল্লাহর শোকর আদায় করতে পারে না।’ (তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমাদ)। মহান আল্লাহ হলেন ‘শাকুর’ তথা সর্বাধিক কৃতজ্ঞ বা মূল্যায়নকারী। (৩৫:৩০, ৩৫:৩৪, ৪২:২৩, ৬৪:১৭)
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]