রমজান ও কোরআন

রমজান মাস দুই দিক দিয়ে বিশেষ তাত্পর্যপূর্ণ। এক. এ মাস সিয়াম (রোজা) পালনের মাস; দুই. এ মাসে শবে কদরে নাজিল হয়েছিল পবিত্র কোরআন, সমগ্র মানবজাতির জন্য (আবারও বলছি, সমগ্র মানবজাতির জন্য); কোরআনের নিজস্ব ভাষায় কোরআন হুদাল্লিন নাস, অর্থাত্ মানবজাতির জন্য উপদেশ; হুদাল্লিল মুসলিমিন (শুধু মুসলমানদের জন্য উপদেশ) নয়।
পবিত্র কোরআনে সুরা ‘বাক্বারা’র ১৮৩, ১৮৪, ১৮৫ ও ১৮৭—এই আয়াতগুলোতে রমজান মাসে আল্লাহ তা’লা আমাদের রোজা রাখতে বলেছেন এবং রোজার বিধানসমূহ দিয়েছেন। তিনি এটাও বলেছেন, আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা’লামুন’; অর্থাত্ রোজা রাখাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। এই বোঝার কাজটা আমরা পরিপূর্ণভাবে পেরেছি বলে মনে হয় না। আমরা রোজা রাখি অনেকটা অভ্যাসবশত এবং আমাদের রোজা অনেকাংশে শুধু উপবাসে থেকে যায়, যেটা আল্লাহর কাছে মোটেই কাম্য নয়। মনে রাখতে হবে, রোজা নিছক উপবাস নয়, এর সঙ্গে নিয়ত ও নিয়ম সংশ্লিষ্ট আছে।
রোজা মানুষকে সংযম শেখায়। এটা মানুষের জন্য একটা বড় পাওয়া। রোজার কিছু মূল্যবোধ আছে, যেটা নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য ও দেশের জন্য মঙ্গলজনক। রোজা দেহের শৃঙ্খলার জন্যও প্রয়োজনীয়। আমাদের শরীর একটি ইঞ্জিনবিশেষ। খাবার হচ্ছে এই ইঞ্জিনের জ্বালানি। যতক্ষণ পাকস্থলীতে খাবার থাকে, ইঞ্জিন চলতেই থাকে। অবশ্য কিছুক্ষণ খাবার না খেলেও শরীরের মধ্যে যে খাদ্য মজুত থাকে, মেদ বা চর্বি তা জ্বালানি হিসেবে কাজ করে। অত্যধিক খাবার গ্রহণ করার ফলে শরীরে যে বাড়তি মেদ জন্মে, তা থেকে শরীরে অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। তাই এই মেদকে জ্বালানি হিসাবে পুড়িয়ে ফেলাই বাঞ্ছনীয়—রোজা এই প্রক্রিয়াকে সহায়তা করে। তবে সারা দিন রোজা রাখার পর রাতে বেশি খেলে এ প্রক্রিয়া ব্যাহত হয়। সব ব্যাপারেই রোজা মানুষকে সংযমী হতে সহায়তা করে—খাদ্যে সংযমী হওয়া যায়, তবে শরীরের ভেতরের যে জৈব রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া হয়, সেগুলোর পরিমাণ কিছুটা কম হয়—মানবদেহের ইঞ্জিনটা কিছুটা বিশ্রাম পায়। আমরা কোনো যন্ত্র সারা বছর বা বছরের কিছুটা সময় চালানোর পর মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে চাই—করাটা বাঞ্ছনীয়—তাহলে মেশিনের আয়ুষ্কাল বাড়ে। তবে মানুষের যান্ত্রিক ইঞ্জিনটাকে একেবারে থামিয়ে দেওয়া যায় না। বস্তুত, মানুষের জন্মের পর থেকেই হূিপণ্ড একটা ভাল্বের মতো শরীরে রক্ত পাম্প করতেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত।
তবে হূিপণ্ড ও দেহের ইঞ্জিনের অন্য যেসব যন্ত্রপাতি আছে, সেগুলোকে একেবারে থামিয়ে বিশ্রাম দিতে না পারলেও খাদ্য গ্রহণের পরিমাণ কম হলে, অর্থাত্ শরীরে খাদ্য নামক জ্বালানি কম প্রবেশ করালে কয়েকটি অংশ সামান্য বিশ্রাম পায়; বিশেষ করে ওই সব অংশ, যেগুলোর সঙ্গে পাকস্থলীর কার্যবিধির সরাসরি সম্পর্ক রয়েছে। তা ছাড়া সারা বছর সমস্ত শরীরে টক্সিন বা জৈব বিষ জমা হয়, এক মাস রোজা রাখার ফলে সেই জৈব বিষ দূরীভূত হয়। এই জৈব বিষ দেহের স্বায়ু ও অপরাপর জীবকোষকে দুর্বল করে দেয়। রোজা শরীরের রক্তপ্রবাহকে পরিশোধন করে এবং সমগ্র প্রবাহপ্রণালি নবজীবন লাভ করে। কোনো কোনো চিকিত্সকের মতে, রোজা উর্ধ্বচাপজনিত ব্যাধি, হূিপণ্ডের রোগ, বহুমূত্র রোগ প্রভৃতি কমাতে সহায়তা করে। আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শরীরের দক্ষতা প্রসঙ্গটি শেষ করতে চাই। প্রায় এক যুগ আগে ইসলামিক একাডেমি অব সায়েন্সের একটি মেডিকেল জার্নালে ইস্পাহানের কিছু চিকিত্সকের একটি নিবন্ধ ছাপিয়েছিল। ওই নিবন্ধে তিরিশ থেকে ষাট বছর বয়স্ক পঞ্চাশজন রোজাদার ব্যক্তির দেহের ওপর একটি গবেষণা করা হয়েছিল। দেখা গিয়েছিল যে রোজা শেষ হওয়ার এক মাস পর পর্যন্তও কোলেস্টেরলের মাত্রা কম থাকে, ট্রাইগ্লিসারাইড বা অনুস্নেহদ্রব্য কমে যায়। আরও তাত্পর্যপূর্ণ বিষয় হলো, কোলেস্টেরল কমানোর সঙ্গে সঙ্গে এইচডিএল/ এলডিএল অনুপাতে বেড়ে যায়, যা মেডিকেল শাস্ত্রের দিক দিয়ে বিশেষভাবে কাম্য। এখন এ থেকেও কিছুটা বোঝা যায় আল্লাহ কেন বলেছেন যে রোজা রাখাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। আমাদের প্রিয় রাসুল (সা.)ও বলেছেন—রোজা রাখো, তোমরা সুস্থ থাকবে।
এবার আমরা কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোয় রমজানের ভূমিকার কথা বলব। প্রতিটি প্রতিষ্ঠানে কাজ দক্ষভাবে সম্পন্ন করতে হলে প্রত্যেক কর্মীকেই সময়মতো কাজ করতে হবে। এই সময়মতো কাজ করাটাই রমজানের একটি বড় শিক্ষা। সেহরি থেকেই শুরু করি। আমরা নির্দিষ্ট সময়ের আগে সেহরি খাওয়া অবশ্যই শেষ করি। তারপর আজান পড়ে। তখন ফজরের নামাজ পড়তে হয়। তারপর আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর অফিসে যাই। অফিসের কাজকর্ম শেষে বাসায় ফিরে ইফতারের জন্য অপেক্ষা করি। মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করি। ইফতার করার পর নামাজ পড়ি। নামাজ পড়ার পর অল্প কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর তারবিহর নামাজ পড়ি। কেউ তারাবিহর আগে খান, কেউ পরে। তারপর আবার নিদ্রায় যেতে হয়। এই সমস্ত প্রক্রিয়াই একধরনের নিয়ন্ত্রণ আরোপের মতো ব্যাপার। একটার পর একটা কাজ করছি একদম সময়মতো। সময় মিস করলেই আমরা আল্লাহর বিধানমতো রোজা রাখতে পারছি না। এই যে পুরো একটা মাস আমরা সবকিছু এত সময়মতো করলাম, তার পরে কর্মক্ষেত্রের দক্ষতা বাড়ানোর জন্য রোজার মূল্যবোধ থাকে না কেন? সকাল সাড়ে সাতটার অফিস হলে সাড়ে আটটায় যায় অনেকে, নয়টায় অফিস হলে দশটায়। অর্থাত্ কোনোক্রমেই টাইম মাফিক আমরা চলছি না। দেরি কেন হচ্ছে, এ কথা বললে অনেকে বলেন, রাস্তায় ভীষণ জ্যাম ছিল। রোজার স্পিরিট যিনি ফলো করেন, তিনি কিন্তু এই জ্যামের কথা বলতে পারেন না। কোন সময় বাসা থেকে বের হলে অফিসে ঠিক সময়ে পৌঁছানো যাবে, সেই হিসাবটা তো কয়েক দিনের মধ্যেই করা যায় এবং সেই হিসাবমতোই চলা যায়। রোজা আমাদের সেই শিক্ষাই দেয়। সবকিছু সময়মতো করার।
রমজান মাসে শবে কদরে নাজিল হয় পবিত্র কোরআন। শবে কদরের অর্থ কদরের রাত বা মহিমান্বিত রজনী। কদর বলতে একটি বিশেষ মর্যাদা বা অবস্থান বোঝায়। শবে কদরকে পবিত্র কোরআনে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। এটাকে আক্ষরিক অর্থে না নিয়ে যদি এর স্পিরিটটা নিই, তাহলে এটাই বোঝায় যে সবে কদরের গুরুত্ব বা মর্যাদা অপরিসীম। এই মর্যাদা কিসের কারণে? এ কারণে যে এই রাতে সকল গ্রন্থের সেরা গ্রন্থ যে ঐশীগ্রন্থ কোরআন নাজিল হয়েছিল ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে, তা মানবজাতির জন্য এক অনবদ্য সংবিধান। এই গ্রন্থে মানুষ কীভাবে চলবে পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, অন্য ধর্মের লোকের সঙ্গে, সমগ্র জীবজগতের সঙ্গে, তা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যারা জানে এবং জানে না, তারা কি সমান? বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহকে বেশি ভয় করে। বলা হয়েছে, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই এই গ্রন্থের উপদেশগুলো গ্রহণ করতে পারবে। বস্তুত, কদরের রাতে যখন কোরআন নাজিল হয়, তখন মাত্র পাঁচটি আয়াত নাজিল হয়েছিল: ১. (হে মুহাম্মদ) তুমি পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। ২. যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাঁধা রক্ত থেকে। ৩. তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার মালিক বড়ই মেহেরবান। ৪. তিনি (মানুষকে) কলম দ্বারাই (জ্ঞানবিজ্ঞান) শিখিয়েছেন। এবং ৫. তিনি মানুষকে (এমন সব কিছু) শিখিয়েছেন, যা (তিনি না শেখালে) সে কখনো জানতে পারত না। প্রসঙ্গত উল্লেখ্য, এই আয়াতগুলোতে ‘পড়া’, ‘কলম’ ও ‘মানুষ সৃষ্টির’ ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাত্, জ্ঞানবিজ্ঞানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জ্ঞানবিজ্ঞান, অর্থাত্ সত্যের অন্বেষণ ও অনুধাবন কোরআনকে সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। পরবর্তী সময়ে ২৩ বছর ধরে এই কোরআন নাজিল যখন সম্পন্ন হয়, তখন দেখা গেল যে এ এক অপূর্ব জীবনবিধান। রাসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর নির্দেশে এই বিধান মেনে চলার জন্য মানবজাতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে টিকে আছেন এবং থাকবেন সৃষ্টির শেষ পর্যন্ত। নিজের কাজ সুচারুভাবে সম্পন্ন করা, পরিবারের সবাইকে ভালোবাসা, রক্তের সম্পর্ককে ছিন্ন না করা, প্রতিবেশীর প্রয়োজনের দিকে নজর দেওয়া, দরিদ্রকে জাকাত ও অন্যভাবে সহায়তা করা, নারীর মর্যাদা রক্ষা করা, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া, ঘুষ ও অবৈধ উপায়ে সম্পদ অর্জন না করা, সব কাজে আদবকায়দা মেনে চলা, সর্বদা সত্ কাজ করা, অন্য ধর্মের লোকের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান করা একজন মুসলমানের জন্য অবশ্য করণীয়। আজকের পৃথিবীতে মুসলমানদের যেভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তা কোরআনের সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। যেদিন আমরা বুঝব যে কোরআন মেনে চললে আমরা বিজ্ঞানে অত্যধিক উন্নত হব, মানবদরদি হব, অসাম্প্রদায়িক হব (কোরআনে সমগ্র মানবজাতিকে একটি সম্প্রদায় হিসেবে গণ্য করা হয়েছে; সুতরাং আমরা যে অর্থে সাম্প্রদায়িকতার কথা বলি, সে অর্থে একজন মুসলমান কখনো সাম্প্রদায়িক হতে পারে না এবং একজন সাম্প্রদায়িক লোক কখনো মুসলমান হতে পারে না), বিনয়ী হব, সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকব, তখনই আমরা বুঝব যে কোরআন সমগ্র জীবন ও জগতে শান্তি স্থাপনের এক অনবদ্য উপায়। আল্লাহ আমাদের কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানসমৃদ্ধ নৈতিক আদর্শ-সংবলিত একটি উন্নত জাতি হিসেবে বাস করার তৌফিক দিন, এই হোক জগত্সমূহের পরিচালকের নিকট আমাদের ঐকান্তিক প্রার্থনা।
অধ্যাপক ড. এম শমসের আলী: প্রতিষ্ঠাতা উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়