রমজান ও নৈতিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈতিক শক্তির ও চারিত্রিক দৃঢ়তার পরম শিক্ষা ও চরম পরীক্ষা হলো রোজা। রমজানে রোজা অবস্থায় দিনের বেলায় রোজাদার সুযোগ থাকা সত্ত্বেও সকল প্রকার বৈধ পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকেন। জনমানবহীন নির্জন নিরালায়, দরজা-জানালা বন্ধ ঘরে গোপন স্থানে অতি সংগোপনেও রোজাদার পানাহার তথা রোজার বিপরীত কোনো কাজ করেন না। সব কাজে সব সময় নেক আমলের জন্য কষ্টসহিষ্ণুতা ও পাপ বর্জনের জন্য মানসিক দৃঢ় মনোবল অর্জনই রোজার মূল শিক্ষা বা লক্ষ্য। যদি কেউ রোজা পালন করেন; কিন্তু গুনাহ ছাড়তে না পারেন, তবে তাঁর রোজা দ্বারা কোনো প্রতিফল তিনি পাবেন না।

হালাল উপার্জন
হালাল খাদ্য গ্রহণ ও হালাল উপার্জিত সম্পদ ব্যবহার করা সকল ইবাদত কবুল হওয়ার শর্ত। হালালভাবে উপার্জিত সম্পদের সঙ্গে হারাম বা অবৈধ সম্পদ যুক্ত হলে পুরো সম্পদই অপবিত্র বা হারাম হয়ে যায়। যেসব ব্যবসায়ী রমজান মাসেও ব্যবসায় লেনদেনে মিথ্যার বা ছলচাতুরীর আশ্রয় নেন; খাদ্যে ভেজাল মেশান, ওজনে বা মাপে কম দেন; এক নম্বর জিনিস বলে দুই বা তিন নম্বর জিনিস ধরিয়ে দেন; কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেন; তাদের আয় উপার্জনও হালাল হবে না, তাদের রোজা-নামাজও কবুল হবে না; তাঁরা রমজানের শিক্ষা ও দীক্ষা থেকেও বঞ্চিত থাকবেন। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত কোনোটিই তাঁদের ভাগ্যে জুটবে না।
হাদিস শরিফে আছে, রোজাদারের দোয়া কবুল হয়; মুসাফিরের দোয়া কবুল হয়; মজলুমের দোয়া কবুল হয়। এক ব্যক্তি রোজাদার, মুসাফির ও মজলুম। তিনি দোয়া করছেন; কিন্তু আল্লাহর দরবারে তাঁর দোয়া কবুল হচ্ছে না।
ফেরেশতারা এর রহস্য জানতে চাইলে আল্লাহ তাআলা জানালেন; তাঁর দোয়া কীভাবে কবুল হবে? তাঁর খাবার হারাম, তাঁর পোশাক হারাম। অর্থাৎ হারাম বর্জন না করলে তাঁর দোয়া কবুল হবে না; তাঁর রোজা, নামাজসহ অন্যান্য ইবাদত বন্দেগিও কবুল হবে না। (ইবনে মাজা ও বায়হাকি)।

ইবাদতের মাস, ব্যবসার নয়
রমজান মাস ইবাদত বন্দেগির মাস। রমজান মাস হলো কৃচ্ছ্রসাধনের মাস। রমজানের প্রতিটি দিন তার আগের দিনের চেয়ে দ্বিগুণ বা বহুগুণ ফজিলত নিয়ে আসে। রমজানের প্রথম অংশ ও মধ্যম অংশ অপেক্ষা শেষ অংশ বেশি ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এই অংশেই রয়েছে লাইলাতুল কদর বা শবে কদরের মহিমাময় রজনী। যারা রমজান মাসেও নীতি-নৈতিকতার ধার ধারেন না; অনৈতিক কর্মকাণ্ড ও অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত থাকেন, তাঁদের জন্য করুণা হয়।
একশ্রেণির কিছু মানুষ এমন আছেন, যাঁরা রমজান মাসকে ব্যবসার উপলক্ষ হিসেবে গ্রহণ করেন। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অনৈতিক ও মহাপাপ এবং রোজা ও রমজানের শিক্ষার সম্পূর্ণ বিপরীত।

রোজা অবস্থায় সাজসজ্জা
রোজা অবস্থায় কসমেটিকস ব্যবহার করা, মেকআপ নেওয়া, লিপস্টিক ও নেইলপলিশ লাগানো পরিহার করা উচিত। কারণ এগুলো রোজার শিক্ষা ও আবেদনের পরিপন্থী। সকল প্রকার কামনা বাসনা থেকে মুক্ত থাকার নাম হলো রোজা। যে কারণে রোজা অবস্থায় শারীরিক তথা জৈবিক ক্ষুধা এবং মানসিক ও অভ্যন্তরীণ সব চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে বিশেষ প্রয়োজনে এসব ব্যবহার করলে যদিও রোজা নষ্ট হবে না; তবু লক্ষ্য রাখতে হবে, এতে রমজানের সংযমের বিষয়টি ক্ষুণ্ন হয় কি না।

সাহরির শেষ সময় ও ফজরের আজান
সাহরির সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। মধ্যরাতের পর থেকে ফজর ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। ফজর ওয়াক্ত শুরু হয় সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে। রমজান মাস ছাড়া বাকি এগারো মাস সাধারণ ফজরের আজান হয় সূর্য ওঠার এক ঘণ্টা আগে অর্থাৎ সময় হওয়ার আধা ঘণ্টা পরে। আর ফজরের জামাত আরম্ভ করা হয় বেলা ওঠার আধা ঘণ্টা আগে তথা সময় হওয়ার এক ঘণ্টা পরে। রমজান মাসে এর ব্যতিক্রম করা হয়, ফজরের সময় হওয়ার পাঁচ-দশ মিনিট পরেই আজান দেওয়া হয়।
সুতরাং সাহরি আজান পর্যন্ত খাওয়া যাবে না; বরং সময়সূচি জেনে সাহরির সময়ের মধ্যেই সাহরি খাওয়া শেষ করতে হবে। ফজরের আজান পর্যন্ত বিলম্ব করা যাবে না। (আল উলুমুশ শরইয়্যা)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]