
রমজান মাস ইবাদত-বন্দেগির মাস। রমজান মাস হলো কৃচ্ছ্র সাধনার মাস। রমজানের প্রতিটি দিন তার আগের দিনের চেয়ে দ্বিগুণ বা বহুগুণ ফজিলত নিয়ে আসে। রমজানের প্রথম অংশ ও মধ্যম অংশ অপেক্ষা শেষ অংশ অধিক ফজিলতপূর্ণ ও গুরুত্ববহ। এই অংশেই রয়েছে লাইলাতুল কদর বা শবে কদরের মহিমাময় রজনী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন অনেকে রয়েছেন যাঁরা রমজান মাসেও নীতিনৈতিকতার ধার ধারেন না।
একশ্রেণির মানুষ এমন আছেন, যাঁরা রমজান মাসকে ব্যবসার উপলক্ষ হিসেবে গ্রহণ করেন। কিছু ব্যবসায়ী আছেন, যাঁরা রমজানের ইবাদতকে কাটছাঁট করে ১০ দিনে, ১৫ দিনে বা ২০ দিনে তারাবি খতম করেন। কিছু কিছু ব্যবসায়ী আছেন, যাঁরা রমজানের ব্যবসা-বাণিজ্যের জন্য সারা বছর প্রস্তুতি নিতে থাকেন। আরও কিছু মানুষ আছেন, যাঁরা রমজানের শুরু থেকেই ঈদের রাতে বা দিনে কী করবেন, সেই ছক কষতে থাকেন। এ ধরনের কর্মকাণ্ড রোজা ও রমজানের শিক্ষার সম্পূর্ণ বিপরীত।
রোজা হলো নৈতিক শক্তির ও চারিত্রিক দৃঢ়তার পরম শিক্ষা ও চরম পরীক্ষা। রমজানে রোজা অবস্থায় দিনের বেলায় রোজাদার সুযোগ থাকা সত্ত্বেও সব ধরনের বৈধ পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকেন। জনমানবহীন নির্জন-নিরালায়, দরজা-জানালা বন্ধ ঘরে
গোপন স্থানে অতি সংগোপনেও রোজাদার পানাহার তথা রোজার বিপরীত কোনো কাজ করেন না। সব কাজে সব সময় নেক আমলের জন্য কষ্টসহিষ্ণুতা ও পাপ বর্জনের জন্য মানসিক দৃঢ় মনোবল অর্জনই রোজার মূল শিক্ষা বা লক্ষ্য। যদি কেউ রোজা পালন করেন, কিন্তু গুনাহ ছাড়তে না পারেন, তবে রোজার প্রকৃত সুফল তিনি পাবেন না।
হালাল খাদ্য গ্রহণ ও হালাল উপার্জিত সম্পদ ব্যবহার করা সব ইবাদত কবুল হওয়ার শর্ত। হালাল উপার্জিত সম্পদের সঙ্গে হারাম বা অবৈধ সম্পদ যুক্ত হলে পুরো সম্পদই অপবিত্র বা হারাম হয়ে যায়। যেসব ব্যবসায়ী রমজান মাসেও ব্যবসায় লেনদেনে মিথ্যার বা ছলচাতুরীর আশ্রয় নেন; খাদ্যে ভেজাল মেশান, ওজনে বা মাপে কম দেন; এক নম্বর জিনিস বলে দুই-তিন নম্বর
জিনিস ধরিয়ে দেন; কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেন; তাঁদের আয়-উপার্জনও হালাল হবে না, তাঁদের রোজা-নামাজও কবুল
হবে না; তাঁরা রমজানের শিক্ষা ও দীক্ষা থেকেও বঞ্চিত থাকবেন। মহানবী (সা.) বলেছেন: ‘যে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়।’ (মুসলিম)
ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাপ যেকোনো কাজ সব সময়ই নিষেধ; বরং তা রমজানের ইবাদতের মাসে আরও বেশি ক্ষতির কারণ। তাই রমজানে রোজা অবস্থায় কোনো প্রকার ফরজ, ওয়াজিব ও সুন্নতের বরখেলাপ কোনো কাজ অবশ্যই কঠোরভাবে নিষিদ্ধ ও অধিক নিন্দনীয়। অনেককে দেখা যায়, রমজানে দিনের বেলায় যে গুনাহের কাজটি করছেন না, রাতের বেলায় অবলীলায় তা করছেন; এটি মূর্খতা ছাড়া কিছু নয়। এটা নৈতিকতার পরিপন্থী। রোজার নৈতিক শিক্ষা হলো জীবনটাকে রোজার মতো সুনিয়ন্ত্রিত করা।
কোনো চিকিৎসক যদি ইতিকাফ অবস্থায় মসজিদে অসুস্থ ব্যক্তিকে দেখে বা রোগীর অবস্থার বিবরণ শুনে চিকিৎসা করেন বা ব্যবস্থাপত্র লিখে দেন (সে রোগী ইতিকাফে অবস্থানকারী হোক বা না হোক), তা ইতিকাফের পরিপন্থী হবে না; বরং এতে আরও বেশি নেকি লাভ হবে। তবে এর জন্য কোনো ফি বা বিনিময় গ্রহণ করা যাবে না। (ফাতাওয়া দারুল উলুম)
কোনো ইতিকাফকারীর যদি রমজানের শেষ দশকে মামলার হাজিরার তারিখ থাকে এবং ওই তারিখে তাঁর আদালতে উপস্থিতি জরুরি হয়, তাহলে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবেন, এতে গুনাহ হবে না; তবে সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই ইতিকাফ পরে কাজা আদায় করতে হবে। ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মাদ (র.)-এর মত অনুসারে অর্ধদিনের কম সময় মসজিদের বাইরে অবস্থান করলে ইতিকাফ ভঙ্গ হয় না। সুতরাং মামলা-মোকদ্দমা এবং এ-জাতীয় বাধ্যতামূলক জরুরি অবস্থায় ওই মাসআলার ওপর আমল করার বিষয়টি বিশেষ বিবেচনা করা যেতে পারে। (মারকিউল ফালাহ, পৃষ্ঠা ৪০৯; ফাতাওয়া রহিমিয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা ২১১)
ইতিকাফকারী মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় বিয়েশাদি করতে পারবেন। কারণ, এটি একটি সুন্নত আমল, যা ইতিকাফের পরিপন্থী নয় এবং এর দ্বারা ইতিকাফ ভঙ্গ হবে না। ইতিকাফ অবস্থায় বিয়ে পড়ানো বা আক্দ করানোও জায়েজ। এমনকি ইতিকাফ অবস্থায় বিবাহসংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় আলোচনা ও সিদ্ধান্ত মসজিদে হতে পারে। যেহেতু এটি একটি সুন্নত ইবাদত; যা মসজিদে সম্পন্ন হওয়া সুন্নত। অনুরূপভাবে রোজা অবস্থায় বিবাহ সম্পাদন করা জায়েজ। (আল বাদায়ে ওয়াস সানায়ে)
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।