পবিত্র রমজানের প্রথম দশক রহমতের। রহমত আল্লাহর গুণ বা বৈশিষ্ট্য। আল্লাহর গুণাবলি দুই প্রকার: জামালি ও জালালি। দয়ামায়া, স্নেহ-করুণা, সৃজন-লালন ইত্যাদি হলো সিফাতে জামালি বা ইতিবাচক সৌন্দর্যমণ্ডিত গুণাবলি। মহিমা-প্রতাপ, প্রভাব-প্রতিপত্তি, প্রতিকার-প্রতিবিধান, ধ্বংসলীলা, শাস্তিদান ইত্যাদি হলো সিফাতে জালালি বা নেতিবাচক সৌন্দর্যমণ্ডিত গুণাবলি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে জামালির প্রধান সিফাত হলো রহমত। রহমত অর্থ করুণা, দয়া, মায়া, কৃপা, অনুকম্পা, অনুগ্রহ ইত্যাদি। পবিত্র কোরআন এবং হাদিসে এ ব্যাপারে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে আর তা হচ্ছে ‘রহমান’ ও ‘রহিম’। এই শব্দটি কোরআন কুঞ্জিকা বিসমিল্লাহর মধ্যেই রয়েছে দুবার ‘রহমান’ ও ‘রহিম’। উম্মুল কোরআন বা কোরআন জননী ফাতেহা শরিফের দ্বিতীয় আয়াতে রয়েছে আরও দুবার একই রূপে।
রহমান শব্দটি পবিত্র কোরআনে ৫৭ বার উল্লেখ হয়েছে। যার অর্থ পরম করুণাময়। এ শব্দটি দুনিয়ার সব মুসলিম-অমুসলিম, বাধ্য-অবাধ্য, নারী-পুরুষ, জীব-নির্জীব সবার জন্যই সমভাবে প্রযোজ্য; যিনি দয়া বা রহমত কারও জন্য এক মুহূর্তের জন্যও বন্ধ করে দেন না, তিনি রহমান।
রহিম শব্দটি পবিত্র কোরআনে ১২২ বার উল্লেখ রয়েছে। এর অর্থ হচ্ছে অতীব মেহেরবান, অতিশয় দয়ালু। আল্লাহর এ দয়া শুধু মোমিন মুসলমানদের জন্য আখিরাতের জন্য খাস বা নির্দিষ্ট। মোমিন মুসলমানদের প্রতি আল্লাহর দয়া বা রহমত সর্বকালে সর্বক্ষণ বর্ষিত হতে থাকে। বিশেষ করে পবিত্র মাহে রমজানের প্রথম দশকে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেতে থাকে। কারণ, পবিত্র মাহে রমজানের আগমনে এ মাসের বরকতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ফলে আদম সন্তান রোজা পালন, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা, জাকাত ও জিকির-আজকার ইত্যাদি আদায়ে মশগুল হয়ে তাকওয়া অর্জনে অধিক সচেষ্ট হয়। আর রোজা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন: ‘আমার রহমত প্রত্যেক বস্তুর ওপর পরিব্যাপ্ত; যারা তাকওয়া অর্জনে সচেষ্ট হয়, তাদের জন্য আমার বিশেষ রহমত আমি লিপিবদ্ধ করি।’
রমজান মাসের প্রথম দশক যেহেতু রহমতের বা দয়ার; সুতরাং এই দশকে আমাদের করণীয় হবে আল্লাহ পাকের দয়া-মায়াসংক্রান্ত নামসমূহের জ্ঞান হৃদয়ঙ্গম করে এর ভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক-বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলি নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার রহমতসুলভ নামগুলো হলো: আর রহমানু (অসীম দয়ালু), আর রহিমু (পরম করুণাময়), আল ওয়াদুদু (প্রেমময়), আর রউফু (স্নেহশীল), আল আজিজু (মমতাময়), আল কারিমু (অনুগ্রহকারী), আস সালামু (শান্তিদাতা), আল মোমিনু (নিরাপত্তাদাতা), আল মুহাইমিনু (রক্ষাকর্তা), আল বাসিতু (করুণা বিস্তারকারী), আল মুইজজু (সম্মানদাতা), আল লাতিফু (করুণাকারী), আল মুজিবু (প্রার্থনা কবুলকারী), আর রজ্জাকু (রিজিক দানকারী), আল ওয়াসিউ (দয়া প্রসারকারী), আল ওয়ালিয়্যু (পরম বন্ধু), আন নাফিউ (কল্যাণকারী), আল হাদিউ (পথের দিশারি), আল নাসিরু (সাহায্যকারী), আল হান্নানু (করুণাশীল), আল মান্নানু (দয়ার্দ্র) ইত্যাদি। অতএব, আমাদের করণীয় হবে এসব গুণাবলি অর্জন করা এবং আচরণে এর সর্বোচ্চ প্রয়োগ ঘটানো।
হাদিস শরিফে আছে: তুমি জগৎবাসীর ওপর দয়া করো; তবে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। (বুখারি, মুসলিম ও তিরমিজি)। আপনি দয়া বা রহমত লাভ করেছেন বা দয়ার অধিকারী হয়েছেন, তা বোঝা যাবে আপনার আচরণে যদি সদা সর্বদা দয়া ও করুণা প্রকাশ পায়; নয়তো নয়। সুতরাং রমজানের প্রথম দশক রহমতের ১০ দিন করণীয় হলো সর্বোচ্চ দয়া প্রদর্শন করা।
হাদিসের ভাষ্য অনুযায়ী ‘রমজানের প্রথম দশক হলো রহমতের, মধ্য দশক হলো মাগফিরাতের, শেষ দশক হলো নাজাতের।’ প্রথম দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি রহমত বা দয়া বর্ষণ করবেন। আল্লাহ যদি রহমত বা করুণা করতে চান, তা যতসংখ্যক মানুষের জন্যই হোক না কেন এবং যে পরিমাণেই হোক না কেন; তা তো এক মুহূর্তেই সম্পন্ন করতে পারেন, এতে দশ দিন সময় লাগবে কেন? আসলে রমজানের রহমতের বাহ্য অর্থ ছাড়াও এর রয়েছে তাত্ত্বিক এক নিগূঢ় রহস্য।
রমজান হলো তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। আল্লাহ তাআলা কোরআন করিমে বলেছেন: হে মোমিনগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতিও; আশা করা যায়, তোমরা তাকওয়া অর্জন করবে। (আল কোরআন, সুরা-২ [৮৭] আল বাকারা (মাদানি), রুকু: ২৩/৭, আয়াত: ১৮৩, মঞ্জিল: ১, হিজব: ৪ (নিসফ), পারা: সাইয়াকুল-২ (নিসফ), পৃষ্ঠা ২৮/৬)। আল্লাহ চান তাঁর বান্দা তাঁর গুণাবলি অর্জন করে সে গুণে গুণান্বিত হয়ে আল্লাহর সৃষ্টির প্রতি সেই গুণের প্রকাশ ঘটাক। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন: আল্লাহর রং! আর আল্লাহর রং অপেক্ষা চমৎকার আর কোন রং হতে পারে? (আল কোরআন, সুরা-২ [৮৭] আল বাকারা (মাদানি), রুকু: ১৬/১৬, আয়াত: ১৩৮, মঞ্জিল: ১, হিজব: ৪ (নিসফ), পারা: আলিফ লাম মিম-১, পৃষ্ঠা ২২/২০)। হাদিস শরিফে আছে: তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। (মুসলিম)। যেহেতু মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি, তাই তাকে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হতে হলে অবশ্যই সেসব গুণ অর্জন করতে হবে।
আল্লাহর রং বা গুণ কী? তা হলো আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম। এ প্রসঙ্গে হাদিস শরিফে এসেছে: নিশ্চয় আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে, যারা এগুলো আত্মস্থ করবে; তারা জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম ও তিরমিজি)। মহান আল্লাহর নামাবলি আত্মস্থ করার বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব ও গুণ অর্জন করা এবং সেসব গুণ ও বৈশিষ্ট্য নিজের কাজে-কর্মে-আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের আধার বা অধিকারী হিসেবে গড়ে তোলা।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]