রহমতের সওগাত

রহমতের ফল্গুধারা নিয়ে আমাদের জীবনে ফের এল মাহে রমজান। বিশ্বব্যাপী মানুষের দ্বারে দ্বারে করুণা, ক্ষমা ও মুক্তির সানাই বাজিয়ে ঘোষণা করছে তার মহিমা। ‘রমজান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সুতরাং তোমাদের যারা এ মাস পাবে, তারা যেন রোজা পালন করে। আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের প্রতি কঠিন করতে চান না; যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো যে তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন সে জন্য এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও।’ (আল-কোরআন, সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)।
রমজান মাসে সক্ষম মোমিন নারী-পুরুষের রোজা পালন করা ফরজ ইবাদত। মহান আল্লাহর ঘোষণা: ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও; যাতে
করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো।’ (আল-কোরআন, সুরা-২ বাকারা, আয়াত: ১৮৩)।
সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য রমজানে রয়েছে বিশেষ ছাড়। দয়াময় আল্লাহ তাআলা বলেন: ‘সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েক দিন (এক মাস মাত্র)। তবে তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সামর্থ্য নেই, তারা এর পরিবর্তে ফিদইয়া দেবে একজন মিসকিনের খাবার। অন্তত যে ব্যক্তি অধিক দান করবে তবে তা তার জন্য অতি উত্তম। আর যদি তোমরা পুনরায় রোজা পালন করো তবে তা তোমাদের জন্য অধিক উত্তম।’ (আল-কোরআন, সুরা-২ বাকারা, আয়াত: ১৮৪)।
রমজানের ফজিলত
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, মহানবী রাসুলুল্লাহ (সা.) বলেন: ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩১, হাদিস: ৩৭)। রমজান মাসের সওগাত লাভের জন্য তারাবির নামাজ পড়তে হবে। মহানবী (সা.) বলেন: ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রাতে ইবাদত করবে ও তারাবির নামাজ পড়বে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩০, হাদিস: ৩৬)। রমজান মাসে রয়েছে প্রভুর করুণার পরম পূর্ণতার রাত্রি লাইলাতুল কদর বা শবে কদর। রাসুলুল্লাহ (সা.) বলেন: ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩০, হাদিস: ৩৪)।
রমজান মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। রমজান মাসে একেকটি নফল ইবাদতে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করা হয়।
রমাদান ও রমজান
হিজরি চান্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রমজান। রমাদান বা রমজান শব্দের অর্থ হলো প্রচণ্ড গরম, সূর্যের খরতাপে পাথর উত্তপ্ত হওয়া, সূর্যতাপে উত্তপ্ত বালু বা মরুভূমি, মাটির তাপে পায়ে ফোসকা পড়ে যাওয়া; পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া; কাবাব বানানো; ঘাম ঝরানো; চর্বি গলানো; জ্বর, তাপ ইত্যাদি। রমজানে ক্ষুধা-তৃষ্ণায় রোজাদারের পেটে আগুন জ্বলে এবং পাপ-তাপ পুড়ে ছাই হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায়; তাই এই মাসের নাম রমজান। (লিসানুল আরব)।
সওম, সিয়াম ও রোজা
‘সওম’ আরবি শব্দ অর্থ বিরত থাকা, এর বহু বচন হলো ‘সিয়াম’; ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় বলা হয় ‘রোজা’। কোরআনে বলা হয়েছে: ‘হে যারা ইমান এনেছো! তোমাদের প্রতি “সিয়াম”-এর বিধান নির্ধারণ করা হয়েছে।’ (আল-কোরআন, সুরা-২ বাকারা, আয়াত: ১৮৩)।
রমজানে করণীয় সুন্নত আমল
রমজান মাসের বিশেষ সুন্নত পাঁচটি। যথা: (১) সাহ্রি খাওয়া, (২) ইফতার করা, (৩) তারাবির নামাজ পড়া, (৪) কোরআন তিলাওয়াত করা, (৫) ইতিকাফ করা। এই পাঁচটি সুন্নতের দুটিই হলো প্রাকৃতিক প্রয়োজন; যা মানুষ বাধ্য হয়ে করে থাকে। রোজা রাখার শক্তি-সামর্থ্য অর্জনের জন্য সাহ্রি খাওয়া এবং রোজার ক্লান্তি ও ক্ষুধা নিবারণের জন্য পানাহার বা ইফতার করা। মূলত শেষোক্ত তিনটিই হলো রমজানের মূল ইবাদত বা মৌলিক উদ্দেশ্য।
রমজানের মাসআলা
রমজান মাসে দিনের বেলায় অনেক রোজাদারকে দেখা যায় বারবার থুতু ফেলছেন। কিন্তু তাঁরা রমজান মাস ছাড়া অর্থাৎ রোজা ছাড়া অন্য সময় তা করেন না। এটি একটি অপ্রয়োজনীয় ও অশোভন কাজ। কারণ বিনা কারণে বারবার থুতু ফেলা ‘মকরুহ’ বা অপছন্দনীয় কাজ। মুখের ভেতরের থুতু স্বাভাবিকভাবেই গলাধঃকরণ হয়ে থাকে; যা আমরা রোজা ছাড়া অন্য সময়ে করে থাকি; এতে রোজার কোনো রকম ক্ষতি হয় না। (ফাতাওয়ায়ে আলমগিরি)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।