
‘আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি;
এই আনন্দ সব জাতির জন্য সঞ্চিত হয়ে আছে।’ (লুক ২:১০)
বড়দিন প্রভু যিশুর জন্মদিন। বড়দিন একটি মহা আনন্দের সংবাদ। বড়দিনে আমরা এই সংবাদ শুনি: ঈশ্বর আমাকে ভালোবাসেন; তিনি আমার সঙ্গে আছেন, তিনি ইম্মানুয়েল, আমাদের সঙ্গে তিনি বাস করেন। বড়দিনের এই আনন্দ ঈশ্বর থেকে আগত। তাই আনন্দ-কণ্ঠে গেয়ে উঠি রবিঠাকুরের কথায় ‘তাই তোমার আনন্দ আমার ’পর/ তুমি তাই এসেছ নীচে—’।
বড়দিনে আমরা ঘোষণা করি আনন্দের সংবাদ: ঈশ্বর আমাকে উদ্ধার করেছেন; তিনি আমাকে মুক্তি দিয়েছেন; গানে গানে তাই আহ্বান জানাই, ‘শোন শোন শোন, শোন দুনিয়ার শ্রান্ত ক্লান্ত ব্যথিত নর, তোমাদেরই মুক্তির লাগি খুলেছে স্বর্গদ্বার; শোন শোন শোন’।
বড়দিন একটি মঙ্গলসমাচার: ঈশ্বর ও মানুষে মিলন, মনুষ্য-পরিবারে ঈশ্বরের আগমন, মানুষের ঘরে ঈশ্বরের আবাসন—এ তো মহান একটি শুভবার্তা। বড়দিনের শুভসমাচার সবার মধ্যে জাগিয়ে তোলে আনন্দ, যার অভিব্যক্তি ঘটে প্রত্যেক ব্যক্তির অন্তরে, পরিবারবন্ধনে ও সমাজের নানা মিলন-উৎসবে। ‘তাই তোমরা আনন্দ করো, আবার বলি আনন্দ করো’, যেমনটি বলেছেন সাধু পৌল। অতএব বড়দিনে সবাই আনন্দ করুক, প্রভু যিশুর আগমনে সবাই আনন্দিত হোক, আনন্দের বার্তা সবার কাছে ঘোষণা করা হোক।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস সব খ্রিষ্টবিশ্বাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন, ‘তোমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হও, খ্রিষ্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে মঙ্গলসমাচারের আনন্দে উদ্বুদ্ধ হও, সবার কাছে মঙ্গলবাণী ঘোষণা করো ও তার সাক্ষ্য বহন করো। তাঁর এই আহ্বান আনন্দ-ধ্যানে শ্রবণ করে সেই আহ্বানে আনন্দময় সাড়া দেওয়ার জন্য বড়দিন কত সত্য, সুন্দর ও শুভ সময়!
বড়দিনের সময়, নাজারেথীয় পরিবারের দিকে তাকিয়ে, আমরা বিশেষভাবে উপলব্ধি করি যে ঈশ্বরের প্রেমময় বিধানে ‘পরিবার হচ্ছে মঙ্গলবাণী’। এ বছরে আমরা আহ্বান শুনি, ‘পরিবার, তুমি পরিবার হয়ে ওঠো’; ‘পরিবার, তুমি মঙ্গলবাণী ঘোষণা করো’; ‘পরিবার, তুমি মঙ্গলবাণীর সাক্ষী হও’।
আসুন বিশ্বাসীবর্গ, প্রভুর আগমনে আমরা আনন্দিত হই। আমরা প্রতিটি পরিবার প্রভুর আনন্দে আনন্দিত হই। নাজারেথের পরিবারের দিকে তাকিয়ে বড়দিনের অন্তর্বাণী আপন করে নিয়ে এ বছর আমরা অঙ্গীকার করি যেন ‘পরিবার-আনন্দময় মঙ্গলবাণী’, এই সত্য গভীরভাবে উপলব্ধি করতে পারি, নব উদ্যমে তা ঘোষণা করতে পারি এবং যথাযোগ্যভাবে তার সাক্ষ্য বহন করতে পারি।
পরিশেষে সবার কাছে খ্রিষ্টবিশ্বাসী ও সব মানুষের কাছে জানাই বড়দিনের আনন্দময় শুভেচ্ছা। প্রভু যিশুর জন্মে প্রতিটি পরিবার যেন ঈশ্বরের সান্নিধ্য ও ভালোবাসা, মা ও শান্তি এবং মিলন ও মুক্তির আনন্দ লাভ করুক। ‘পরিবার, তুমি আনন্দময় মঙ্গলবাণী’!
লেখক: সিএসসি, ধর্মপাল, ঢাকা মহা ধর্মপ্রদেশ