শারদপ্রভার শুরুর সেই প্রভাত

দুর্গা বাংলার নানা জনপদে অম্বিকা, রুদ্রাণী, উমা, ভবানী, কন্যাকুমারী, কাত্যায়ানী, জয়দুর্গা প্রভৃতি নামে পরিচিত এবং একই সঙ্গে পূজিত। বাংলার সব অঞ্চলে সনাতন হিন্দুধর্মাবলম্বীদের কাছে দুর্গা বিপত্তারিণী দেবী হিসেবে পরিচিত। এমন কোনো জনপদ নেই যেখানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুর্গতিনাশিনী দুর্গাদেবীর পূজার প্রচলন নেই। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বা পার্বণই হলো শারদীয় দুর্গাপূজা। দুর্গা পৌরাণিক দেবী। তিনি আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, সিংহবাহনা নামেও পরিচিত। হিন্দু পুরাণমতে, দুর্গা একদা দুর্গ বা দুর্গম দৈত্যকে বধ করেছিলেন। স্বর্গ দখলকারী মহিষাসুরকে দেবী যুদ্ধে তিনবার বধ করেছিলেন। দেবতাদের আলয় স্বর্গকে রক্ষা করেছিলেন অসুরদের হাত থেকে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র প্রমুখ দেবতার দেহজ তেজ থেকে তাঁর জন্ম। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি—সব যুগে দুর্গা পূজিত হয়ে এসেছেন। সত্য যুগে রাজ্যহারা রাজা সুরথ ও স্বজনদের কাছ থেকে প্রতারিত সমাধি বৈশ্য মেধস মুনির পরামর্শে প্রথম পূজা করেছিলেন। পরে ত্রেতা যুগে রাবণ চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে দুর্গাপূজা করেন দেবীর কৃপা লাভের উদ্দেশ্যে, যা বাসন্তী পূজা নামে পরিচিত। আজও বাংলাদেশের অনেক জায়গায় বসন্তকালে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজার আদলে। অপরদিকে রাজা রামচন্দ্র ত্রেতা যুগে রাবণবধের অভিলাষে শরৎকালে দেবীদুর্গার পূজা করেছিলেন, যা অকালবোধন বা শারদীয় দুর্গাপূজা নামে অধিক পরিচিত। সাধারণত আশ্বিন অথবা কখনো কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী বোধনের মাধ্যমে সূচনা হয় বর্তমানে প্রচলিত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবং বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে তার। বর্তমানে প্রচলিত শারদীয় দুর্গাপূজার প্রথম প্রচলন করেছিলেন প্রাচীন জনপদ বরেন্দ্র অর্থাৎ রাজশাহীর বাগমারা থানার তাহিরপুরের রাজা কংসনারায়ণ। ইতিহাসপ্রাপ্ত সূত্র থেকে জানা যায়, ১৫৮০ সালে তিনি প্রথম বর্তমানে প্রচলিত শারদীয় দুর্গাপূজার সূত্রপাত করেছিলেন নিজ উদ্যোগে। বারণই নদের পূর্ব তীরে রামরামায় গ্রামে ছিল তাহিরপুর (বর্তমান লোকমুখে প্রচলিত তাহেরপুর) রাজবংশের আদি নিবাস। নদীভাঙনের কারণে পরবর্তীকালে নদীর অপর তীরে গড়ে তোলেন বর্তমান রাজবাড়িটি। রাজবাড়ি প্রাঙ্গণেই প্রতিষ্ঠা করা হয় দুর্গামন্দির, শিবমন্দির, গোবিন্দমন্দিরসহ অন্যান্য স্থাপনা। ইতিহাসখ্যাত এই রাজবংশের প্রথম পুরুষ ছিলেন সংস্কৃত বেণী সংহার রচয়িতা ভট্টনারায়ণ বা নারায়ণ ভট্ট নামক সংস্কৃতজ্ঞ বরেন্দ্রী এক ব্রাহ্মণ। নাটোরের দীঘাপতিয়া, রাজশাহীর পুঠিয়া, দিনাজপুরের রাজবংশের চেয়েও পুরোনো এই রাজবংশটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে নানা কারণে। জানা যায়, বিজয় লস্কর থেকে এ বংশের সুখ্যাতি ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। রাজা কংসনারায়ণের সময় তাহিরপুর রাজবংশের প্রভাব-প্রতিপত্তি সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল। জাতিতে তিনি ছিলেন ব্রাহ্মণ। যজ্ঞ বা হোম করে পূজা অনুষ্ঠানের অধিকার তাঁর ছিল। তাই তিনি স্বজাতি বরেন্দ্রী ব্রাহ্মণদের দিয়েই শাস্ত্রসম্মতভাবে দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। মাসব্যাপী প্রজাসাধারণের ভোজসহ বিনোদনের বিপুল আয়োজন করেছিলেন। সব অনুষ্ঠান সম্পন্ন করতে তিনি ব্যয় করেছিলেন সে সময়ই প্রায় নয় লাখÿ টাকা, যা বর্তমানের টাকার অঙ্কে কয়েক শ কোটি টাকা হবে। বিপুল এ খরচের পুরোটাই নিজে বহন করেছিলেন। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে এবং সমসাময়িক কুলীন ব্রাহ্মণদের বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্যই মূলত রাজা কংসনারায়ণ শরৎকালে রাজা রাম প্রবর্তিত দুর্গাপূজার আয়োজন করেছিলেন। তাঁর পূজার জাঁকজমকের কথা আজও লোকমুখে প্রচারিত। বাংলার সব জনপদে ছড়িয়ে আছে রাজা কংসনারায়ণের দুর্গোৎসবের কথা। তাঁর দেখানো পথে পরবর্তীকালে অন্য রাজন্যরা হাঁটেন। অল্প কিছুকাল পরে ১৬০৬ সালে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার মহাসমারোহে দুর্গাপূজার আয়োজন করেন নিজ বাড়িতে। প্রায় একই সময় ১৬১০ সালে কলকাতার সাবর্ণ রায়চৌধুরী বংশের অন্যতম পুরুষ লক্ষ্মীকান্ত মজুমদারও নিজ বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেন। এর মাধ্যমে কলকাতায় সূত্রপাত হয় দুর্গাপূজার। এভাবেই রাজা-জমিদারদের পৃষ্ঠপোষকতায় বাংলার হিন্দুদের প্রধান এ উৎসবের বৈভব ছড়িয়ে পড়তে থাকে সমগ্র বাংলাদেশে। কিন্তু এ আয়োজনের সবই ছিল রাজা-জমিদারদের নিজেদের প্রভাব-প্রতিপত্তি দেখানোর উপলক্ষবিশেষ। ধর্মীয় অনুভূতির চেয়েও বিত্তের প্রকাশ এসব ক্ষেত্রে বড় হয়ে দাঁড়ায়। ১৭৯০ সালে হুগলির গুপ্তপাড়ার দুর্গাপূজার মাধ্যমে সর্বজনীন দুর্গাপূজার সূত্রপাত হয়। জমিদারবাড়ির প্রাঙ্গণ থেকে দুর্গা মা ঠাঁই পান বারোয়ারি উঠানে। আর এভাবেই শরতের প্রধান এ উৎসবের বর্ণিল প্রভা ছড়িয়ে পড়ে বাংলার আনাচকানাচে। ইতিহাসের অনেক ঘটনার মতো রাজা কংসনারায়ণের অমর এই কীর্তি হারিয়ে গেছে কালের অতল গর্ভে। বিস্মৃত এক চরিত্রে পরিণত হয়েছেন তিনি। দুর্গাপূজা প্রচলনের ইতিহাস অনেকের কাছেই অজানা। তাহিরপুর রাজবাড়ির বিবর্ণরূপের মতো রাজা কংসনারায়ণ প্রতিষ্ঠিত দশভুজা মন্দিরটিও ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হারিয়ে গেছে বাংলার সামাজিক ও ধর্মীয় ইতিহাসের এক অমূল্য স্মারক। অনেক বছর পর অতিসম্প্রতি স্থানীয় হিন্দু সম্প্রদায় এই ধ্বংসস্তূপের ওপরেই নতুন করে নির্মাণ করেছেন একটি দুর্গামন্দির। পুরাতনীকে স্মরণ করে প্রতিবছর এখন এই নতুন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। স্থানীয় লোকজনের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে একটি শিলালিপিও প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘মা দুর্গা সাধারণ্যে প্রথম আবির্ভাবস্থল। মা দুর্গার জন্ম স্বর্গে সমস্ত দেবতাদের মহাতেজ শক্তি নিয়ে মহা পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার মানসে ত্রেতা যুগে রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দশরথপুত্র মহামতি রাম মা দুর্গার অকালবোধন পূজা করেন। মা দুর্গা তাঁর পূজায় সন্তুষ্ট হয়ে রাবণ বধের বর প্রদান করতে সক্ষম হন। অতঃপর ৮৮৭ বঙ্গাব্দে কংসনারায়ণের আহ্বানে মা দুর্গা সাধারণ্যে আবির্ভূত হন। এ স্থানে শরৎকালে আশ্বিন মাসের মহা ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয়। ওই পূজার পৌরোহিত্য করেছিলেন রাজপতি রমেশ শাস্ত্রী। মা দুর্গার প্রথম পদধূলিতে ধন্য এ পুণ্যভূমি। এ পুণ্যভূমি থেকেই শারদীয় দুর্গোৎসবের সূচনা।’ আর এভাবেই আধুনিক দুর্গাপূজার প্রথম প্রচলনকারী রাজা কংসনারায়ণকে কিছুটা হলেও স্মরণ করা হচ্ছে।
উদয় শংকর বিশ্বাস: সহকারী অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।