
দানের আরবি প্রতিশব্দ হলো সদাকা বা সদকা। সদকা অর্থ হলো সত্যতা ও সততা। কোরআনুল করিমে জাকাতকেও সদকা বলা হয়েছে। জাকাত অর্থ হলো প্রবৃদ্ধি ও পবিত্রতা। ফরজ ও ওয়াজিব সদকা গরিবের পাওনা। তাই তা সসম্মানে পবিত্র মনে তাদের হাতে পৌঁছে দিতে হবে। নফল দান সদকা খয়রাতদাতার ইহকালীন ও পরকালীন ফজিলত সম্মান ও গৌরব বৃদ্ধি করে, তাই তাও ইজ্জত হুরমত ও তাজিমের সঙ্গে সযত্নে প্রদান করতে হবে।
দানের ক্ষেত্রে আত্মীয়স্বজন ও প্রতিবেশীকে অগ্রাধিকার দিতে হবে। সম্পদ ব্যয়ের সর্বশ্রেষ্ঠ খাত পিতা-মাতা। পিতা-মাতা ও ছেলে-মেয়ে ছাড়া সবাইকেই ফিতরা ও জাকাত প্রদান করা যায়। আত্মীয়দের মাঝে ভাই-বোনের হক সবচেয়ে বেশি। পাশাপাশি শ্বশুর-শাশুড়ি ও বৈবাহিক সূত্রে আত্মীয় যাঁরা, তাঁদেরও অগ্রাধিকার রয়েছে। রমজানে, ঈদে, কোরবানিতে ও নানা উপলক্ষে তাঁদের হাদিয়া দেওয়া সুন্নত। সম্ভ্রান্ত ব্যক্তিরা দয়া-দাক্ষিণ্য ও করুণা গ্রহণে কুণ্ঠাবোধ করেন; তাই তাঁদের হাদিয়া বা উপহার-উপঢৌকন হিসেবে দেওয়াই সমীচীন। এটাই দানের শ্রেষ্ঠ পদ্ধতি। জাকাত-ফেতরা উল্লেখ করে দেওয়ার দরকার নেই; এতে গ্রহীতা বিব্রত হতে পারেন।
স্বামী-স্ত্রী একে অন্যকে এবং পিতা-মাতা, ছেলে-মেয়ে একে অপরকে উপহার দিন। এটা সুন্নত, এতে রয়েছে শান্তি, রহমত ও বরকত। আপনজনদের জন্য সাজ-সরঞ্জাম কিনুন, তাও সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: ‘পুরুষের জন্য সুগন্ধি, মেয়েদের জন্য রং।’ (সুনানে আবু দাউদ শরিফ)। ইসলাম মানুষের কোনো চাহিদা অপূর্ণ রাখতে বাধ্য করেনি; বরং মার্জিত রুচিসম্মত ও যৌক্তিক উপায়ে তা পূরণের ব্যবস্থা করে দিয়েছে। অনেকে ঈদের জন্য জায়নামাজ, টুপি, তসবি, আতর ইত্যাদি কিনে থাকেন। নিজের জন্য কিনুন, আপনজনকেও হাদিয়া দিন। হাদিয়া বা উপহার সাগ্রহে গ্রহণ করুন, তা যতই সামান্য হোক না কেন। উপহারদাতাকে উপহার দিয়ে সম্মানিত করুন।
গরিবকে সম্মান করুন; আপনজনকে ভালোবাসুন; সবাইকে ক্ষমা করুন; আত্মীয়স্বজনের খোঁজখবর নিন, তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে, তার সঙ্গে সম্পর্ক গড়ো; যে তোমার প্রতি অবিচার করে, তাকে ক্ষমা করো।’ (মুসলিম শরিফ)। রহমত ও মাগফিরাতের মাসে দয়া ও ক্ষমার অনুশীলন করুন। ক্রোধ ও প্রতিশোধপরায়ণ হওয়া শয়তানি বৈশিষ্ট্য; নাজাতের মাসে এর থেকে মুক্তি লাভে সচেষ্ট হোন। বান্দার সঙ্গে সুসম্পর্ক করুন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। এই রমজানে সবার সঙ্গে যোগাযোগ করুন; সালাম কালাম বিনিময় করুন। সম্ভব হলে পর্যায়ক্রমে সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করুন।
কোনো মুমিন মুসলমানের সঙ্গে তিন দিনের অধিক রাগ করে থাকা বৈধ নয়। যদি কারও সঙ্গে কোনো লেনদেন বা দেনা-পাওনা থাকে, তা শরিয়তসম্মতভাবে ও আইনি উপায়ে আদায়ের চেষ্টা করুন। স্বাভাবিক সম্পর্ক বহাল রাখুন; প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। দুনিয়াতে না পেলে আখেরাতে অবশ্যই পাবেন; থাক না পরকালের জন্য কিছু বাড়তি সঞ্চয়। বিশ্বাসী মুমিন মুসলমানের কোনো কিছুই বৃথা নয়।
রাসুলে আকরাম (সা.) বলেন: ‘যে আগে সালাম দেয় বা কথা বলে, সে অহংকারমুক্ত।’ তিনি আরও বলেন: ‘জান্নাতে অহংকারীর স্থান নেই।’ (মুসলিম শরিফ ও তিরমিজি শরিফ)। তাই যাঁদের সঙ্গে মনোমালিন্য আছে, তাঁদের সঙ্গে প্রথমে আপনিই কথা বলা শুরু করুন। শয়তানি প্রভাব ও অহংকারমুক্ত হয়ে জান্নাতের পথ সুগম করুন।
ক্ষেত্রবিশেষে প্রকাশ্যে ও গোপনে দান করুন। আল্লাহ তাআলা বলেন: ‘যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন।’ (আল কোরআন, সুরা-২ [৮৭] আল বাকারা (মাদানি), রুকু: ৩৭/৫, আয়াত: ২৭১, মঞ্জিল: ১, পারা: ৩ তিলকার রাসুল (রুবউ), পৃষ্ঠা: ৪৭/৫)। দান করে খোঁটা দিতে নেই। এতে দানের ফজিলত বিনষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন: ‘সদ্ব্যবহার, সুন্দর কথা ওই দান অপেক্ষা উত্তম, যার পেছনে আসে যন্ত্রণা। আল্লাহ তাআলা ঐশ্বর্যশালী ও পরম সহিষ্ণু। হে মুমিনগণ! তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দানকে বাতিল কোরো না। তাদের মতো, যারা তাদের সম্পদ ব্যয় করে লোক দেখানোর জন্য এবং তারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করে না।’ (আল কোরআন, সুরা-২ [৮৭] আল বাকারা (মাদানি), রুকু: ৩৬/৪, আয়াত: ২৬৩-২৬৪, মঞ্জিল: ১, পারা: ৩ তিলকার রাসুল (নিসফ), পৃষ্ঠা: ৪৫/৩)। নবীজি (সা.) বলেন: ‘খোঁটা দানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না।’ (সুনানে তিরমিজি)।
রমজান হলো ইবাদতের বিশেষ সুযোগ। ইবাদত দুই প্রকার—শারীরিক ও আর্থিক। রমজানের সঙ্গে উভয় প্রকার ইবাদতের সম্পর্ক বিদ্যমান রয়েছে। যেমন: রোজা পালন ও নামাজ আদায় করা ইত্যাদি শারীরিক ইবাদত এবং জাকাত প্রদান, ফিদইয়া দান এবং কাফফারা ও সদকাতুল ফিতর আর্থিক ইবাদত। অনুরূপভাবে ওমরাহ পালন করা শারীরিক ও আর্থিক ইবাদতের সমন্বয়।
রমজানের সঙ্গে হজের সম্পর্ক অত্যন্ত গভীর। হজ সম্পাদন হয় মক্কা শরিফে; আর মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। রাসুলুল্লাহ (সা.) বলেন: যারা রমজান মাসে ওমরাহ হজ (নফল হজ) পালন করল, তারা যেন আমার সঙ্গে হজ (ফরজ বড় হজ) আদায় করল। কারণ, রমজানে প্রতিটি আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর ৭০টি নফল একটি ফরজের সমান হয়। রোজা যেমন দেখা যায় না বা দেখানো যায় না, তেমনি হজ-ওমরাহ মানুষকে দেখানোর জন্য যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।