সাহ্রি একটি বরকতপূর্ণ ইবাদত

রোজা বা সিয়াম পালন করার উদ্দেশ্যে রাতের তৃতীয় প্রহরে পানাহার করাকে সাহ্রি বলা হয়। এটি একটি বরকতময় সুন্নাত। তাকওয়া অর্জন এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য এর গুরুত্ব ও ফজিলত অপরিসীম।
হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, ‘তোমরা সাহ্রি খাও, কেননা সাহ্রিতে বরকত রয়েছে।’ (বুখারি, সওম অধ্যায়, হাদিস: ১৮০১)। হজরত আমর ইবনুল আস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহ্রি খাওয়া আর না খাওয়া।’ (মুসলিম, আলফিয়াতুল হাদিস, পৃষ্ঠা: ১৩১)।
মধ্যরাতের পর থেকে সুবেহ সাদেক তথা ফজর ওয়াক্তের আগের সময়টাকে আররিতে ‘সাহর’ বলা হয়। এই সময় পানাহারকে সাহ্রি বলা হয়। মোল্লা আলী কারী (র.) বলেন, ‘অর্ধ রাত্রি হতে সাহ্রির সময় শুরু হয়।’ (মিরকাত শরহে মিশকাত)।
ইমাম যামাখ্শারী (র.) ও ফকীহ আবুল লাঈস ছমরকন্দী (র.) বলেন, সাহ্রির সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশ। সাহ্রি বিলম্বে খাওয়া সুন্নাত। তবে সন্দেহের সময় পর্যন্ত বিলম্ব করা যাবে না, তার আগেই সাহ্রির নিরাপদ সময়সীমার মধ্যে পানাহার শেষ করতে হবে। হজরত আবু সাঈদ খুদরী (রা.) বর্ণনা করেন, রাসুলে করিম (সা.) বলেছেন, ‘তোমরা সাহ্রি খাও; যদি তা এক ঢোঁক পানিও হয়’। অন্য বর্ণনায় রয়েছে, ‘তোমরা সাহ্রি খাও; যদি এক লোকমা খাদ্যও হয়’। (মুসলিম)। অর্থাৎ যেকোনো প্রকার ও যেকোনো পরিমাণ খাদ্য বা পানীয় দ্বারাই সাহ্রির সুন্নাত আদায় হয়ে যাবে।
রোজা রাখার জন্য সাহ্রি সহায়ক, সাহ্রির সময় জাগ্রত হওয়া রোজার প্রতি আগ্রহেরও প্রমাণ। সাহ্রির সময় আরামের নিদ্রা বর্জন করে জাগ্রত হওয়া প্রকৃতই ইবাদত ও আনুগত্যের প্রতি অনুরাগ। এতে শেষ রাতে জাগ্রত হওয়ার অভ্যাস হয় এবং তাহাজ্জুদ নামাজ আদায়ের সৌভাগ্য লাভ হয়।
সাহ্রির সময় জাগ্রত হওয়া এক প্রকারের মুজাহাদা বা সাধনাও বটে। এই সময় আল্লাহর রহমত নাজিলের সময়, অগণিত আল্লাহপ্রেমিকের ফরিয়াদ ও দোয়া কবুলের সময়, আল্লাহর নৈকট্য লাভের সর্বাপেক্ষা উত্তম সময়। যাঁরা এই বরকতময় সময় জাগ্রত হয়ে আল্লাহর মহান দরবারে দোয়া করে থাকেন এবং ইস্তিগফার করেন, আল্লাহ তাঁদেরকে স্বীয় ভালোবাসায় ধন্য করেন। এ ধরনের আল্লাহপ্রেমিকদের লক্ষ করে পবিত্র কোরআনুল করিমে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, তারা (ইমানদারগণ) রাত্রির শেষ অংশে আল্লাহর নিকট ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) করে থাকে। (সুরা-৫১ যারিয়াত, আয়াত: ১৮)।
বরকতময় সাহ্রির কল্যাণকর নানান দিকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: সুন্নাতের অনুসরণ করা, ইসলামের স্বাতন্ত্র্য রক্ষা করা, ইবাদতের জন্য শক্তি এবং তাকওয়া অর্জন করা, স্বাস্থ্য ও মনের অধিক প্রফুল্ল লাভ করা, ক্ষুধার তাড়নায় সৃষ্ট প্রবৃত্তির বাসনা নিবারণ করা। সাহ্রির সময় দোয়া কবুল হয়; এ সময় অধিক জিকির– আসকার করা এবং তাহাজ্জুদ আদায় ও দোয়া মোনাজাতের অনন্য সুযোগ। ইচ্ছাকৃতভাবে সাহ্রি বর্জন করা সুন্নাতের খেলাফ।
হালাল খাদ্য ও হালাল উপার্জন রোজা, নামাজসহ যাবতীয় ইবাদত কবুলের প্রধান শর্ত। তাই সাহ্রি ও ইফতারে বৈধ উপার্জনের হালাল খাবার প্রয়োজন।
যদি কখনো অবস্থা এমন হয় যে ফরজ গোসল করে সাহ্রি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকে; তখন অজু করে বা হাত–মুখ ধুয়ে আগে সাহ্রি খেয়ে নেবেন। তারপর গোসল করে ফজরের নামাজ আদায় করবেন। কারণ, সাহ্রি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয় বরং সুন্নাত। আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে। বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়। আর রমজানে রোজা অবস্থায় অধিকক্ষণ অপবিত্র থাকা মোটেও বাঞ্ছনীয় নয়, এটি মাকরুহ।
সাহ্রি খাওয়া সম্ভবপর না হলেও রমজানের ফরজ রোজা রাখতে হবে। নিজেরা সাহ্রি খাওয়ার পাশাপাশি প্রতিবেশী, আত্মীয়স্বজন, অভাবী–অসহায় মানুষের সাহ্রির বিষয়ে সহযোগিতা করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি তৃপ্তিসহ পেট পুরে পানাহার করল, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করল, সে মুমিন নয়।’ (মুসলিম)।
রোজা বা সওম মানে হলো পানাহার থেকে বিরত থাকা, অল্প আহার করা; তাই সাহ্রিতে এত বেশি খাওয়া ঠিক হবে না, যা সিয়াম বা রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে। মনে রাখতে হবে, রমজান যেন ভোজের আয়োজনে পরিণত না হয়। সাহ্রিতে স্বাস্থ্যসম্মত আহার গ্রহণ করা কাম্য, অধিক পরিমাণে তরল ও পানীয় গ্রহণ করা উচিত। খাদ্যের গুণাগুণ ও মান যাচাই করে নেওয়া ভালো। প্রয়োজনীয় ওষুধ ও পথ্য চিকিৎসকের পরামর্শমতো গ্রহণ করতে হবে। দেহ ও মন ভালো থাকলে ইবাদত আনন্দমুখর হয়।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী অধ্যাপক