
স্বদেশপ্রেমের চেতনা ও দেশাত্মবোধের প্রতি ইসলাম মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং দেশমাতৃকাকে সুরক্ষায় জীবনদানকে শাহাদাতের সম্মানজনক মর্যাদা দিয়েছে। এ ক্ষেত্রে যাঁদের সফল পদচারণ ঘটেছে, নিঃসন্দেহে তাঁরা অত্যন্ত সৌভাগ্যবান। দেশ ও জাতির জন্য আত্মনিবেদিত মানুষ সমাজের চোখে যেমন মহাসম্মানিত, তেমনি আল্লাহর কাছেও বিরাট গৌরবময় মর্যাদার অধিকারী। স্বদেশ ও মাতৃভূমিকে রক্ষার জন্য যাঁরা মুক্তিযুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, তাঁদের মর্যাদা সুমহান, অতি উচ্চে। ইসলামের দৃষ্টিতে তাঁরা শহীদ, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত। তাঁদের মৃত বলা যাবে না, বরং তাঁরা জীবিত। তাঁরা মরেও চির অমর। তাঁরা দেশের মানুষের মণিকোঠায় চিরকাল স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। যেমনভাবে পবিত্র কোরআনে বদরের যুদ্ধে নিহত শহীদদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, ‘আল্লাহর পথে যারা নিহত হয়, তাদের মৃত বোলো না, তারা জীবিত; কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৪)
দেশব্যাপী বহিঃশত্রুর আগ্রাসন মোকাবিলার জন্য মহানবী (সা.) মদিনায় সুসংগঠিত, প্রশিক্ষণপ্রাপ্ত ও ইমানের বলে বলীয়ান এমন একটি মুসলিম সেনাবাহিনী গঠন করেছিলেন, যারা স্বদেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকত। তাই দেশের সীমান্ত প্রহরায় নিয়োজিত নৌবাহিনীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে নবী করিম (সা.) বলেছেন, ‘ইসলামি রাষ্ট্রের সীমান্ত প্রহরায় এক রাত সমুদ্রতীরে যাপন করা ঘরে অবস্থান করে এক হাজার রাকাত নফল নামাজ আদায়ের চেয়ে উত্তম।’ দেশের সীমান্তরক্ষী অতন্দ্র প্রহরীদের স্বদেশপ্রেমে উজ্জীবিত করে হাদিস শরিফে বলা হয়েছে, ‘আল্লাহর পথে এক দিনের সীমান্ত প্রহরা দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে, তা থেকে উত্তম।’ যারা স্বাধীন ও সার্বভৌম দেশমাতৃকাকে গভীর ভালোবাসে এবং মাতৃভূমির পাই ইঞ্চি সীমানা রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে, তাদের সম্মানজনক মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘এক দিন ও এক রাতের সীমান্ত প্রহরা ধারাবাহিকভাবে এক মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম।’ (মুসলিম) ‘যে ব্যক্তি এক দিন ও এক রাত সীমান্ত প্রহরায় থাকবে, সে বাড়িতে বসে এক মাস সিয়াম সাধনার সমান সওয়াব পাবে। যে ব্যক্তি সীমান্ত প্রহরায় থাকাকালে ইন্তেকাল করবে, তার জন্য (কিয়ামত পর্যন্ত) সওয়াব জারি করে দেওয়া হবে। শহীদদের মতো সে রিজিক পেতে থাকবে। সে কবরের সব ফিতনা থেকে নিরাপদ থাকবে।’ (তাফসিরে মাজহারি)
ধর্মপ্রাণ মানুষের হৃদয়জুড়ে ‘স্বদেশপ্রেম ইমানের অঙ্গ’ আরবি প্রবাদবাক্যটি সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যারা দেশের মাটি, কৃষ্টি ও সংস্কৃতিকে ভালোবাসবে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষা করবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং দেশহিতৈষী সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে, তাদের প্রতি আল্লাহ ও তাঁর রাসুলের কাছ থেকে বিশেষ পুরস্কারের আশ্বাসবাণী ও প্রতিশ্রুতি রয়েছে। তাই দেশের স্বাধীনতা অর্জন ও দেশমাতৃকার সুরক্ষার জন্য নিজের জানমাল উৎসর্গ করা ফরজ বা অবশ্যকর্তব্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ‘নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে। তারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিধন করে ও নিহত হয়।’ (সূরা তওবা, আয়াত: ১১১)
স্বদেশপ্রেমকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের উপায় হিসেবে উল্লেখ করে মহানবী (সা.) বলেছেন, ‘যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে, তাদের জন্য জান্নাত।’ ‘দুই প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথমত, সেই চক্ষু, যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে; দ্বিতীয়ত, যে চক্ষু আল্লাহর পথে (সীমান্ত) পাহারাদারি করতে করতে রাত কাটিয়ে দেয় বা বিনিদ্র রজনী যাপন করে।’ (তিরমিজি) রাষ্ট্রের সীমান্ত প্রহরায় নিয়োজিত ব্যক্তিদের পরকালীন অশেষ প্রতিদান সম্পর্কে নবী করিম (সা.) আরও বলেছেন, ‘মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায়, ফলে তার আমল বৃদ্ধি পেতে পারে না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি কোনো ইসলামি রাষ্ট্রের সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তার আমল কেয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং কবরের প্রশ্নোত্তর থেকেও সে বেঁচে থাকবে।’ (তিরমিজি ও আবু দাউদ)
মহানবী (সা.)-এর স্বদেশপ্রেম একধরনের পরিশুদ্ধ ভাবাবেগ, যা মুসলমানদের কর্তব্যপরায়ণ ও দায়িত্বসচেতন করে তোলে। দেশের স্বাধীনতা সুরক্ষায় ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে এবং দেশের জনগণের কল্যাণ ও আর্তমানবতার সেবায় উৎসাহী করে তোলে। দেশহিতৈষিতার ফলে মানুষের মন উদার ও মহৎপ্রাণ হয়। তার ভেতর অন্যের জন্য কল্যাণবোধ জন্মলাভ করে। তাই দেশের স্বার্থবিরোধীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো উচিত। দেশপ্রেমের চেতনা ও দেশাত্মবোধের অভাব মনুষ্যত্বের মৃত্যু ঘটায়। দেশকে যারা ভালোবাসে না, তারা চরম অকৃতজ্ঞ, তাদের দ্বারা কখনো দেশের মঙ্গল সাধন হয় না। আর যারা অকৃতজ্ঞ, তারা প্রকৃতপক্ষে ধার্মিক নয়, তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের লোক। দেশের প্রতি একান্ত ভালোবাসা না থাকলে খাঁটি দেশপ্রেমিক বলা যায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষণাবেক্ষণে দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। দেশাচার ধর্মভীরু মানুষকে স্বদেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের জাতীয় সম্পদ অপচয় রোধে উদ্বুদ্ধ করে। আর দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ ছাড়া কোনো দেশের স্বাধীনতা স্থায়িত্ব লাভ করতে পারে না।
দেশমাতৃকার প্রতি ভালোবাসা মানুষকে জাতীয় ঐক্য ও সামাজিক ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে পারস্পরিক সদাচরণ করতে শেখায়। স্বদেশের সুখ-শান্তি, উন্নয়ন-অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার জন্য জনগণকে ভাবতে অনুপ্রাণিত করে। দেশপ্রিয় মানুষের বিভিন্ন দলমত, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল, পরস্পরের মতপার্থক্য, বিরোধিতা, সংঘর্ষ ও প্রতিহিংসাপরায়ণতার পরিবর্তে একে অন্যের সহযোগিতা, সহানুভূতি ও পৃষ্ঠপোষকতার ভাবধারা গড়ে তোলার জন্য দেশহিতকর পরমতসহিষ্ণুতার শিষ্টাচার গড়ে তোলা একান্ত প্রয়োজন। দেশাত্মবোধ ও স্বদেশের প্রতি মমতা অনেক অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই স্বদেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। স্বদেশের প্রতি অনুগত থেকে জাতি-ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে দেশমাতৃকাকে প্রাণাধিক ভালোবাসা সবার ইমানি দায়িত্ব ও পবিত্র কর্তব্য।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]