‘রমাদান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সুতরাং তোমাদের যারা এ মাস পাবে, তারা যেন তাতে রোজা পালন করে। আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তারা অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের প্রতি কঠিন করতে চান না; যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো যে তিনি তোমাদের হিদায়াত দিয়েছেন সে জন্য এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও।’ (আল–কোরআন, সুরা-২[৮৭] বাকারা, রুকু: ২৩/৭, আয়াত: ১৮৫, পারা: সাইয়াকুল-২, পৃষ্ঠা: ২৯/৭)। রহমতের ফল্গুধারা নিয়ে আমাদের জীবনে ফের এল মাহে রমজান। বিশ্বমানবতার জন্য করুণা, ক্ষমা, মার্জনা ও মুক্তির পয়গাম নিয়ে বছর পেরিয়ে হাজির হলো মাহে রমাদান।
দীর্ঘ দুই মাসে দোয়া ও প্রার্থনা ‘হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমাদান আমাদের নসিব করুন!’ এই আকুল প্রার্থনা কবুল হলো। আজ তা বাস্তবে পরিণত হলো। তাই আনন্দচিত্তে স্বাগত জানাচ্ছি ‘আহলান সাহলান মাহে রমাদান’ বা ‘সুস্বাগত মাহে রমাদান’। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন: যখন রমাদান মাস আসে তখন বেহেশতের দরজা খুলে দেওয়া হয়, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়; শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৮৭, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৪১, হাদিস: ১,৭৭৮)।
হিজরি চান্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রমাজান বা রমজান। রমাদান বা রমাজান শব্দের অর্থ হলো প্রচণ্ড গরম, সূর্যের খরতাপে পাথর উত্তপ্ত হওয়া, সূর্যতাপে উত্তপ্ত বালু বা মরুভূমি, মাটির তাপে পায়ে ফোসকা বা ঠোসা পড়ে যাওয়া; পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া; সেদ্ধ হওয়া, কাবাব বানানো; ঘাম ঝরানো; চর্বি গলানো; জ্বর, তাপ ইত্যাদি। রমাদানে ক্ষুধা-তৃষ্ণায় রোজাদারের পেটে আগুন জ্বলে; তাই এই মাসের নাম রমাদান। রমাদান মাসে পাপ-তাপ পুড়ে ছাই হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায়; তাই এই মাসের নাম রমাদান। (লিসানুল আরব, ইবনে মানজুর রহ.)।
‘সওম’ আরবি শব্দ। এর অর্থ হচ্ছে বিরত থাকা, এর বহুবচন হলো ‘সিয়াম’; ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সওমকে বলা হয় ‘রোজা’। কোরআন করিমে এসেছে, ‘হে যারা ইমান এনেছ! তোমাদের প্রতি “সিয়াম”-এর ফরজ বিধান নির্ধারণ করা হয়েছে, যেমন ফরজ নির্ধারণ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য; যেন তোমরা তাকওয়া বা পবিত্রতা ও সাবধানতা সতর্কতা অবলম্বন করতে পারো।’ (আল–কোরআন, সুরা-২ [৮৭] বাকারা, রুকু: ২৩/৭, আয়াত: ১৮৩, পারা: সাইয়াকুল-২, পৃষ্ঠা: ২৮/৬)।
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন মহানবী হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমাদান মাসে সওম পালন করবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩১, ইমান অধ্যায়, পরিচ্ছেদ: ২৮, হাদিস: ৩৭)। পবিত্র রমাদান মাসের সওগাত লাভের জন্য তারাবির নামাজ। প্রিয় নবী হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে রাতে ইবাদত করবে, তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, ইমান অধ্যায়, পৃষ্ঠা: ৩০, পরিচ্ছেদ: ২৭, হাদিস: ৩৬)। রমাদান মাসে রয়েছে প্রভুর করুণার পরম পূর্ণতার রাত্রি লাইলাতুল কদর বা শবে কদর তথা মহিমাময় মর্যাদাপূর্ণ সম্মানিত রাত্রি। রহমাতুললিল আলামিন বিশ্বনবী হজরত রাসুলে আকরাম (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদরে (শবে কদরে বা কদরের রজনীতে) ইবাদতে রাত জাগবে, তার অতীতের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, ইমান অধ্যায়, পরিচ্ছেদ: ২৫, পৃষ্ঠা: ২৯-৩০, হাদিস: ৩৪)।
হজরত সাহল (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদাররাই প্রবেশ করবেন। তাঁদের প্রবেশের পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে। তাঁরা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৮৬, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৩৯-২৪০, হাদিস: ১,৭৭৫)।
প্রত্যেক সক্ষম মুমিন নারী-পুরুষের জন্য রমাদানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ ইবাদত। এটি একটি ফরজ। রমাদানের সঙ্গে সম্পৃক্ত রয়েছে দুটি ওয়াজিব। যথা: সামর্থ্যবানের সদকাতুল ফিতর আদায় করা এবং ঈদের সালাত কায়েম করা। এ ছাড়া রমাদান মাসে রয়েছে বিশেষ পাঁচটি সুন্নত। ১. সাহ্রি খাওয়া, হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, তোমরা সাহ্রি খাও, কেননা সাহ্রিতে বরকত রয়েছে। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,২০৩, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৫০, হাদিস: ১,৮০১)। হজরত আমর ইবনে আস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, আহলে কিতাবদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহ্রি খাওয়া (ও না খাওয়া)। (মুসলিম শরিফ, আলফিয়্যাতুল হাদিস: ৫৫৮, পৃষ্ঠা: ১৩১)। ২. ইফতার করা, হজরত সাহল ইবনে সাআদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, যত দিন যাবৎ লোকেরা ওয়াক্ত হওয়ামাত্র ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,২২৭, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৬৮, হাদিস: ১,৮৩৩)। ৩. তারাবির নামাজ আদায় করা। ৪. পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত করা, ৫. ইতিকাফ করা।
এই কাঙ্ক্ষিত প্রার্থিত রমাদান কোরআন নাজিলের মাস। কোরআন তিলাওয়াতে প্রতিটি হরফ বা বর্ণে কমপক্ষে ১০টি করে সওয়াব বা নেকি লাভ হয়। রমাদান মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। রমাদান মাসে একেকটি নফল ইবাদতের সওয়াব বা বিনিময় ফরজ ইবাদতের সমান পুণ্য রূপে দান করা হয়।
রমাদানের পরিপূর্ণ কল্যাণ লাভের জন্য সার্বিক প্রস্তুতি প্রয়োজন। কারণ, ইবাদত করতে হয় সুন্নত নিয়ম অনুসরণ করে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, তোমরা কেউ রমাদানের এক দিন কিংবা দুই দিন আগে থেকে রোজা শুরু করবে না। তবে কেউ যদি এ সময় রোজা পালনে অভ্যস্ত থাকো, তাহলে সে সেদিন রোজা রাখতে পারবে। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৯৭, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৪৬-২৪৭, হাদিস: ১,৭৯৩)। ইসলামে ইবাদতের তারিখগুলো চাঁদের সঙ্গে সম্পর্কিত। তাই চাঁদের তারিখের হিসাব রাখা ফরজে কিফায়া। প্রতি মাসে নতুন চাঁদ দেখা বা দেখার চেষ্টা করা একটি সুন্নত আমল। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা রমাদানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।’ হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সওম পালন করবে, আবার যখন তা দেখবে তখন ইফতার (ঈদ) করবে। আর যদি (২৯ তারিখে) আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় হিসাব করে (৩০ দিন) পূর্ণ করবে। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৮৮, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৪১, হাদিস: ১,৭৭৯)।
সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য রমজানে রয়েছে বিশেষ ছাড়। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ‘সিয়াম বা রোজা নির্দিষ্ট |কয়েক দিন (এক মাস মাত্র)। তবে তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তবে অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সামর্থ্য নেই, তারা এর পরিবর্তে ফিদইয়া দেবে একজন মিসকিনের খাবার। অনন্তর যে ব্যক্তি অধিক দান করবে, তবে তা তার জন্য অতি উত্তম। আর যদি তোমরা পুনরায় রোজা পালন করো, তবে তা তোমাদের জন্য অধিক উত্তম।’ (আল–কোরআন, সুরা-২ [৮৭] বাকারা, রুকু: ২৩ / ৭, আয়াত: ১৮৪, পারা: সাইয়াকুল-২, পৃষ্ঠা: ২৮/৬)।
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যা আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৯১, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৪২-২৪৩, হাদিস: ১,৭৮২)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।