
কোরআন শরিফে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন: ‘আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ করে দেওয়া হয়েছে, যারা তা আদায়ের সামর্থ্য রাখে।’ (সূরা আলে ইমরান; আয়াত: ৯৭)। পবিত্র হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান। হজ ইসলামের পাঁচটি ভিত্তির একটি। আল্লাহ হজ পালনের মধ্যে মহান উদ্দেশ্য নিহিত রেখেছেন। রাসুলেপাক (সা.) বলেছেন, প্রকৃত হজের পুরস্কার বেহেশত ব্যতীত অন্য কিছুই হতে পারে না। সৎ উদ্দেশ্য নিয়ে যাঁরা হজ পালন করবেন, আল্লাহপাক তাঁদের হজ কবুল করবেন এবং তাঁদের জন্য অফুরন্ত রহমত ও বরকত অবধারিত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হজ ও উমরাহ্ মানুষকে নিষ্পাপ করে দেয়।
যে ব্যক্তির ওপর হজ ফরজ করা হয়েছে অথচ তিনি হজ আদায় করেন না, তাঁর জন্য বলা হয়েছে—সামর্থ্য থাকা সত্ত্বেও যাঁরা হজ পালন করেন না, তাঁরা ইসলামের আমল-আকিদার অন্তর্ভুক্ত নয়। (মুসলিম) যে ব্যক্তি যাতায়াতের খরচ বহন করতে সমর্থ এবং যার ঋণ ও স্ত্রীর মোহরানা পরিশোধান্তে ও হজ থেকে ফেরা পর্যন্ত সাংসারিক খরচের সংস্থান থাকে, তাঁরই জন্য হজ ফরজ। হজের অর্থ হালাল হতে হবে। খোদাপ্রেমিকের পক্ষে হজ সম্পাদন কাঙ্ক্ষিত বিষয়। হজব্রত যত শিগগির সম্ভব সম্পাদন করা উচিত। কারণ, জীবনে কখন কী অন্তরায় উপস্থিত হয়, তা কেউ বলতে পারে না। নবী করিম (সা.) ইরশাদ করেন, হজ ও উমরাহ্র জন্য গমনকারী ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ মেহমান। তিনি দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।
হজের প্রস্তুতি
হজের মাসআলা-রাফায়েল খুব ভালো করে শিখে নিতে হবে। পাক-নাপাক, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ ইত্যাদি। নফসের বিরুদ্ধে জেহাদ করে ভালো আখলাক ভেতরে ঢোকাতে এবং মন্দ খাসলতগুলো বর্জন করতে চেষ্টা করতে হবে। স্বেচ্ছাচারী হয়ে না চলে শরিয়তের নিয়মের বশীভূত হয়ে চলতে চেষ্টা করতে হবে। একমাত্র আল্লাহর হুকুম পালন এবং তাঁর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। ধন-দৌলত, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা ও সাংসারিক চিন্তা ত্যাগ করে এক উদ্দেশ্যে আল্লাহর পথে অগ্রসর হওয়া উচিত। গৃহ থেকে বিদায় নেওয়ার সময় মৃত্যুর কথা স্মরণ করে যাবতীয় হিসাবনিকাশ মেটাতে হবে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অধীনস্ত ব্যক্তিদের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। কেবল আল্লাহর উদ্দেশে এই দীর্ঘ ও কষ্টবহুল সফর হওয়া উচিত। সদা সতর্ক থাকতে হবে, যেন পথিমধ্যে সংসারের মায়া স্মৃতিপটে না জাগে এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো চিন্তা মনে উদয় না হয়। ইহ্রাম পরিধানের পর থেকে সর্ববিধ পাপাচার, অত্যাচার ও বিলাসিতা থেকে বিরত থাকতে হবে। কেবল আল্লাহ তাআলার ইয়াদ করাই একমাত্র কর্তব্য। আল্লাহ ব্যতীত সব আকর্ষণকে ত্যাগ করতে হয়। যখন সব চিন্তা বাদ দিয়ে কেবল আল্লাহর চিন্তা প্রবল থাকে, তখন আল্লাহ ব্যতীত সব চিন্তার অবসান হবে।
আচরণ
পবিত্র কোরআনে বলা হয়েছে, কেউ যখন হজ করা স্থির করেন, তখন তাঁর জন্য অশ্লীলতা, কুৎসা, অন্যায় আচরণ, ঝগড়া ও কলহ-বিবাদ বিধেয় নয়। কোনো হাজির ব্যবহার পছন্দ না করলেও আপনি কোনো সময় রাগ করবেন না বা কটু কথা বলবেন না। সর্বদা তর্ক-বিতর্ক ও ঝগড়া-বিবাদ পরিহার করে চলতে হবে। সঙ্গীদের কারও মনে কষ্ট দেওয়া যাবে না। আপনার দ্বারা যদি কারও কোনো ক্ষতি হয়, তবে সঙ্গে সঙ্গে আপনি তাঁর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। খেদমত নেওয়ার ইচ্ছা পোষণ করবেন না; বরং খেদমত করাকে সৌভাগ্য ও গৌরবজনক মনে করবেন। সর্বত্র নিয়মশৃঙ্খলা বজায় রাখবেন। দেহ ও মন সব সময় পবিত্র রাখবেন। সব সময় অজুর সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং মনে মনে সব সময় আল্লাহর জিকর জারি রাখবেন। তাহাজ্জুদ নামাজ ছাড়বেন না। আল্লাহর জিকরের জন্য গভীর রাতে উঠে জোরে জোরে আওয়াজ করে অন্যের ঘুমের ব্যাঘাত করবেন না। ভিড় থাকলে যিনি আগে এসেছেন তাঁকে আগে যেতে না দেওয়া ইত্যাদি কাজ থেকে বিরত থাকা উচিত। কোনো মুসলমান ভাইয়ের হক নষ্ট করা উচিত নয়। আর অযথা গল্প করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, হজের প্রতি পদে ধৈর্যের পরীক্ষা হয়।
>প্রকৃত হাজি তাঁরা, যাঁরা হজের শিক্ষা লাভে ধন্য হন। যাঁরা হজকে জীবন পরিবর্তনের অপূর্ব সুযোগ হিসেবে গ্রহণ করেন। এবং হজ-পরবর্তী জীবনে হজের শিক্ষা বজায় রেখে জীবন পরিচালনা করেন
হজ মানবতার প্রশিক্ষণ
মানুষের পরিচয় একটাই, সে মানুষ। পৃথিবীর সব মানুষ একই পিতামাতার সন্তান। তাই মানুষে মানুষে কোনো প্রকার ভেদাভেদ নেই, শ্বেতকায়-কৃষ্ণকায় কোনো প্রভেদ নেই। বর্ণবৈষম্য, বংশকৌলীন্য—এগুলো মানুষের কৃত্রিম সৃষ্টি। পদ-পদবি ও অবস্থানগত পার্থক্য মানুষের মধ্যে যে অদৃশ্য দেয়াল তৈরি করে, হজের মাধ্যমে তা দূর হয়। তাই হজকে মানবতার প্রশিক্ষণ বলা যায়। হজের পাঁচ দিন এই প্রশিক্ষণ কোর্সের মেয়াদকাল। ৭ জিলহজ তারিখে সব হাজি মিনার তাঁবুতে গণবিছানায় গিয়ে একাত্মতার ঘোষণা দেন। ৯ জিলহজ তারিখে হাজিরা আরাফাতের ময়দানে গিয়ে ঐক্যের অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেন; মিলিত হন আন্তর্জাতিক মহাসম্মেলনে। ৯ জিলহজ দিবাগত সন্ধ্যা থেকে ১০ জিলহজের রাতে হাজিরা মুজদালিফায় গিয়ে সব কৃত্রিমতার অবসানের মাধ্যমে মানবতার পূর্ণতা ও আদি আসল প্রকৃত মানব রূপ লাভ করেন। সবার পায়ের নিচে মাটি, মাথার ওপর খোলা আকাশ, সবার পরনে একই কাফনের কাপড়। পোশাকে বাহুল্য নেই, খালি মাথা—পাগড়ি, টুপি ও লম্বা চুলের বাহাদুরি নেই; সঙ্গে খাদেম–কর্মচারী নেই, গন্তব্য এক হলেও রাস্তা জানা নেই—চেনা রাস্তাই যেন অচেনা, নিজের শক্তি-সামর্থ্য, জ্ঞান-গরিমার প্রকাশ নেই, বুদ্ধি-বিবেচনা ও কৌশল প্রয়োগের সুযোগ নেই; শুধুই আল্লাহর ওপর ভরসা। এটিই মানবতার পূর্ণতা, এটিই হজের প্রকৃত উদ্দেশ্য ও আসল শিক্ষা। এই হলো মানবতার প্রশিক্ষণ।
হজের শিক্ষা
সব দেশের, সব বর্ণের, সব পেশার, সব শ্রেণির, সব মতের মানুষ একই ইমামের পেছনে নামাজ আদায় করেন। এত ভিন্নমতসহ ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। বিভিন্ন ভাষাভাষী মানুষ সহাবস্থান করেন বলে ভাষার দূরত্ব দূর হয়ে মনের নৈকট্য অর্জন লাভ হয় এবং প্রকৃত মানবিক অনুভূতি জাগ্রত হয়। মনের সংকীর্ণতা দূর হয়; দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, চিন্তার বিকাশ সাধিত হয়। এক দেশদর্শী মনোভাব দূর হয়ে বহুদর্শিতা ও দূরদর্শিতা অর্জিত হয়।
প্রকৃত হাজি তাঁরা, যাঁরা হজের শিক্ষা লাভে ধন্য হন। যাঁরা হজকে জীবন পরিবর্তনের অপূর্ব সুযোগ হিসেবে গ্রহণ করেন। এবং হজ-পরবর্তী জীবনে হজের শিক্ষা বজায় রেখে জীবন পরিচালনা করেন। এ রকম হাজির সংখ্যা বাড়লে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে, জনমানুষের কল্যাণ হবে। অন্যথায় অর্থের অপচয়, সময়ের অপচয়, শক্তি-সামর্থ্যের অপব্যবহার ও নফসের গোলামি বা আত্মপূজাই সার হবে। মহান আল্লাহ আমাদের প্রকৃত হজ করার তওফিক দিন, জীবনব্যাপী হজের শিক্ষা লালন ও পালন করার শক্তি দিন। আমিন!
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]