হজযাত্রীরা বললেন, ‘আমরা আল্লাহর ঘরের মেহমান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ঢাকার আতিউর রহমান ও তাঁর স্ত্রী ফেরদৌসী দম্পতি হজের জন্য প্রস্তুত হয়েছিলেন ২০২০ সালেই। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় হজে যেতে পারেননি তাঁরা। বিশ্বের লাখো হজপ্রত্যাশীর মতো মক্কা পৌঁছাতে তাঁদেরও অপেক্ষা করতে হয়েছে দুই বছর।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে তাই ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তাই হজ পালনের উদ্দেশে সারা বিশ্ব থেকে সৌদি আরবে প্রতিদিনই হজযাত্রী এসে পৌঁছাচ্ছেন।

মক্কায় কথা হলো পিরোজপুরের ফারহানা এ রহমান ও লক্ষ্মীপুরের মুশফিকুর রহমানের সঙ্গে। তাঁরা বললেন, ‘কাবা শরিফ ও ইসলামের ঐতিহাসিক স্থান দেখার সুযোগ পেয়েছি আমরা। আমরা আল্লাহর ঘরের মেহমান।’

রোড টু মক্কার ফ্লাইটে আসা হজ যাত্রীদের হজ ভিসা ও আঙুলের ছাপ ঢাকা বিমানবন্দর থেকেই নেয় সৌদি ইমিগ্রেশন পুলিশ। এতে সৌদি বিমানবন্দরে বিমান থেকে নামার পরপর হজযাত্রীরা সরাসরি বাসে উঠে যেতে পারেন। যাত্রীদের মালপত্র তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন, তাঁদের মালামাল এখনো বুঝে পাননি।

মক্কায় পৌঁছে ওমরাহ করছেন হজযাত্রীরা। সৌদি আরবে দিনের বেলা গরম প্রচুর, তাই বাইরে বের হলে কেউ কেউ ছাতা ব্যবহার করছেন। মসজিদুল হারামে (কাবা শরিফে) ওমরাহ পালনকারীদের নির্দিষ্ট কিছু গেট দিয়ে প্রবেশ করতে হয়। তাওয়াফের স্থানকে মাতাফ বা চত্বর বলে। মেঝেতে বড় বড় সাদা পাথর বসানো।

কাবা শরিফের তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। আবার হাজরে আসওয়াদ এসে চক্কর শেষ হয়। হাতে সাত দানার তসবি অথবা গণনাযন্ত্র থাকলে সাত চক্কর ভুল হবে না। এ সময় মনে যে দোয়া, সুরা, আয়াত আসে, তা দিয়ে দোয়া করা যায়।

তাওয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায়, জমজমের পানি খাওয়া, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাঈ করতে হয়। অর্থাৎ সাফা মারওয়া সাতটি দৌড়।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর ২৯ জুন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান ৪৬ হাজার ১২০ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪২ হাজার ৭৩৫ জন রয়েছেন। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু ১৪ জুলাই।