গাইবান্ধার চরাঞ্চলে বরাদ্দ বাড়াতে হবে

গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) মো. মাহমুদুন্নবী, আবদুর রশিদ, সৈয়দ মইনুল হাসান সাদিক, মিহির ঘোষ ও কাজী মোরশেদ আলম। গতকাল গাইবান্ধার এসকেএস ইন সম্মেলন কেন্দ্রেছবি: মঈনুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। তাই গাইবান্ধার উন্নয়ন করতে হলে চরের উন্নয়ন জরুরি। এ জন্য জরুরিভাবে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

এ ছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড ও চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনেরও দাবি জানানো হয়।

‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। এসকেএস ইন বালাসি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

‘এই টাকায় কী উন্নয়ন হবে?’

সংলাপে বক্তারা বলেন, জাতীয় বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, জেলা পরিষদের জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা চার কিস্তিতে পাওয়া যায়। এই অর্থ সমানভাবে বণ্টন করলে প্রতিটি উপজেলায় পড়ে মাত্র আট লাখ টাকা। ‘এই টাকায় কী উন্নয়ন হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ,’ বলেন তিনি। অথচ প্রত্যেক সংসদ সদস্য ইতিমধ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ বাড়ানোর দাবি জানান মইনুল হাসান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী বলেন, ‘গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করার উপযোগিতা আছে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘাঘট লেক উন্নয়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণসহ গাইবান্ধার উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া সরকারিভাবে শিল্প–কলকারখানা গড়ে তুলতে হবে। আমরাও বিষয়গুলো সরকারকে জানাব।’

সবার আগে চরের উন্নয়ন

পিছিয়ে পড়া গাইবান্ধার উন্নয়নে সবার আগে চরাঞ্চলের উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির বলেন, গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে চরাঞ্চলের উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি পর্যটনশিল্প হবে এবং সেখানে পর্যটনকেন্দ্রও গড়ে উঠবে। এ জন্য জাতীয় বাজেটে বরাদ্দ দরকার।

একই দাবি জানিয়ে গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস ইসলাম বলেন, নদী শাসন করে গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাজেট বরাদ্দ দিতে হবে। এতে চরাঞ্চলের উন্নয়ন হবে।

এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কৃষিভিত্তিক টেকসই জীবিকা নিশ্চিত করতে চরাঞ্চলে উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য নদীতীরবর্তী এলাকায় সংরক্ষণাগার স্থাপন জরুরি।

দরকার শিক্ষায় বরাদ্দ বাড়ানো

টেকসই উন্নয়নের জন্য শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ বলেন, জেলার মানবসম্পদ উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো জরুরি। এ জন্য মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট ও অর্থনৈতিক বিকাশে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং ইপিজেড স্থাপন সময়ের দাবি। বেকারত্ব দূর করতে আয়বর্ধক ক্ষুদ্র কুটির ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও চান তিনি।

একই বিষয়ে লেখক ও শিক্ষক রনজু খন্দকার বলেন, যেকোনো এলাকার টেকসই উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন জরুরি। এ জন্য গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা প্রয়োজন।

কৃষি ও শিল্পে অগ্রাধিকার দিন

উন্নয়নের বিভিন্ন সূচকে দেশের ৬৪ জেলার মধ্যে গাইবান্ধা সবচেয়ে পিছিয়ে বলে মন্তব্য করেন বক্তারা। তাঁরা কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সম্পাদক মিহির ঘোষ বলেন, জাতীয় বাজেটে সাধারণত অঞ্চলভিত্তিক বৈষম্য দেখা যায়। এ বৈষম্য দূর করতে প্রতিটি জেলার জন্য পৃথক বাজেট থাকা উচিত। গাইবান্ধা ঐতিহ্যবাহী ও প্রাচীন জেলা হলেও আশানুরূপ উন্নয়ন হয়নি। অথচ প্রতিবেশী জেলাগুলোতে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলসহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতীত ও বর্তমানের শাসক শ্রেণির নেতৃত্বের দুর্বলতাই গাইবান্ধার পিছিয়ে থাকার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম কাজী মোরশেদ আলম বলেন, সৌরবিদ্যুৎ খাত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। গাইবান্ধায় এ খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য

গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইমাম হাসিম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অন্তর্ভুক্তি ইতিবাচক। তবে এসব সুবিধার আওতা আরও বাড়ানো প্রয়োজন।

জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান বলেন, নারীর ক্ষমতায়নে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তবে বাল্যবিবাহের হার ৫৭ শতাংশ, যা নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা। বাল্যবিবাহ রোধে চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এ জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি নারী প্রশিক্ষণকেন্দ্রগুলো আধুনিকায়ন করা প্রয়োজন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির বলেন, গাইবান্ধার তরুণেরা অন্য জেলার তরুণদের তুলনায় প্রশিক্ষণের বিষয়ে বেশি আগ্রহী। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁদের আগ্রহ কম। এ বিষয়ে তরুণদের আরও উদ্যোগী হতে হবে। যুব উন্নয়নে বাজেটে বরাদ্দের ঘাটতি নেই, তবে বরাদ্দ আরও বাড়ানো হলে ভালো হয় বলে মন্তব্য করেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর–এর সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক ঘাঘট সম্পাদক আবদুস সামাদ সরকার, গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামাল, গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস, গাইবান্ধার সংগীতশিল্পী চুনি ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন। এরপর সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক ধারণাপত্র উপস্থাপন করেন। শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে সংলাপ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন একশনএইড বাংলাদেশের লিড (উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি) মরিয়ম নেছা।