পথনকশা করে এগোনো প্রয়োজন

পোশাকশিল্পে শোভন কর্মপরিবেশ ও জীবনমান বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও আইএলও।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিম রাজ্জাক, টুমো পোটিআইনেন, আবদুল্লাহ হিল রাকিব, শাকিল চৌধুরী

দেশের তৈরি পোশাক খাতে গত এক দশকে পেশাগত নিরাপত্তার মান অনেক বেড়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেটার-ওয়ার্কের মতো বিভিন্ন কর্মসূচির বড় ভূমিকা রয়েছে। তবে সার্বিকভাবে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রম অধিকার নিশ্চিতের মতো কিছু বিষয়ে এখনো দুর্বলতা রয়েছে। এ জন্য একটি পথনকশা করে এগোনো প্রয়োজন।

বুধবার ‘তৈরি পোশাকশিল্পে শোভন কর্মপরিবেশ ও উন্নত জীবনমান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। ঢাকায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও আইএলও।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, বেটার-ওয়ার্ক কর্মসূচি একটি ভালো উদ্যোগ, যা অন্যান্য খাতেও বাস্তবায়ন করা যেতে পারে। তবে বিশ্বের সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব কারখানা থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক ক্রেতাদের থেকে পণ্যের উপযুক্ত দাম পায় না। এখানে পরিবর্তন আনা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। টুমো পোটিআইনেন বলেন, উন্নত কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো আধুনিক সময়ের ব্যবসার অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ে বাংলাদেশ শুধু একা কাজ করছে না; বিশ্বের অন্যান্য দেশও এটি করছে।

বিগত বছরগুলোতে দেশের তৈরি পোশাক খাতে যে পরিবর্তন এসেছে, সেটিকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ জানান বিজিএমইএর সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব। তিনি বলেন, রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক খাতে আমূল পরিবর্তন এসেছে। শিল্পমালিকেরা ছাড়াও আইএলওর বেটার-ওয়ার্কের মতো বিভিন্ন কর্মসূচি এতে মূল ভূমিকা রেখেছে। বর্তমান বাস্তবতায় টেকসই শিল্পের জন্য একটি পথনকশা করে এগোনো প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-বাংলাদেশ কাউন্সিলের (আইটিইউসি-বিসি) সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী বলেন, বেটার–ওয়ার্কের মতো কর্মসূচির ফলে প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আয় ৫৫ শতাংশ বেড়েছে। তবে সেই প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ও জীবনমান সে পর্যায়ে বেড়েছে কি না, সেটিও দেখতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, রানা প্লাজা ধসের পর গত এক দশকে দেশের তৈরি পোশাক খাতের পেশাগত নিরাপত্তার মান অনেক বেড়েছে। তবে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রম অধিকার নিশ্চিতের মতো কিছু বিষয়ে এখনো দুর্বলতা রয়েছে। সেই সঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ ও ক্রেতা দেশগুলোর ডিউডিলিজেন্স আইনের মতো নতুন চ্যালেঞ্জও রয়েছে। এসব ক্ষেত্রে তৈরি পোশাক খাতকে বিশেষ সহযোগিতা করছে আইএলওর বেটার-ওয়ার্ক কর্মসূচি।

গোলাম মোয়াজ্জেম জানান, বেটার-ওয়ার্ক কর্মসূচির মধ্যে থাকা শ্রমিকেরা অন্য শ্রমিকদের তুলনায় প্রতি মাসে গড়ে ৪৫০ টাকা বেশি মজুরি পান এবং তাঁদের সঞ্চয়ের পরিমাণও বেশি। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি, ডে–কেয়ার সুবিধা, নারী সমতা, ট্রেড ইউনিয়নের সক্রিয় উপস্থিতি প্রভৃতি দিক দিয়েও এসব কারখানা ভালো অবস্থানে রয়েছে। বেটার-ওয়ার্কের কারখানাগুলোর সঙ্গে কাজ করতে বৈশ্বিক ক্রেতারা বেশি আগ্রহী হন। ফলে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আয় ৫৫ শতাংশ বেড়েছে; পণ্যের প্রিমিয়াম মূল্যও ৫ শতাংশ বেড়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বেটার–ওয়ার্ক। তাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের ৪৭০টি কারখানা, ৫০টি ব্র্যান্ড ও ১৩ লাখ শ্রমিককে। এই শ্রমিকদের ৫১ শতাংশ হচ্ছেন নারী। প্রশিক্ষণ প্রদান ছাড়াও পোশাকশিল্প খাতের সামগ্রিক পেশাগত নিরাপত্তার মান উন্নয়ন, সামাজিক সংলাপ, লিঙ্গসমতা প্রভৃতি ক্ষেত্রে সহায়তা করছে বেটার–ওয়ার্ক।

এ প্রসঙ্গে গোলাম মোয়াজ্জেম বলেন, তৈরি পোশাক খাতে এই ধরনের কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আগামী বছরগুলোতে অন্যান্য শিল্প খাতেও এ ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে। এ জন্য সরকারের শীর্ষ মহল থেকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া যেতে পারে বলে জানান তিনি।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘টেকসই ব্যবসায়ের জন্য টেকসই শিল্প প্রতিষ্ঠান জরুরি। আর প্রতিষ্ঠানের কর্মপরিবেশ উন্নয়নে ব্যবস্থাপনা ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার অভিজ্ঞতায় দেখেছি, ৯৮ শতাংশের বেশি দুর্ঘটনা এবং দুর্ঘটনায় শতভাগ মৃত্যুর ঘটনা প্রতিরোধযোগ্য। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ঠিক হলেই এটা সম্ভব। এ জন্য বড় ধরনের অর্থ বিনিয়োগের প্রয়োজন নেই।’

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে আইএলওর বেটার–ওয়ার্ক কর্মসূচি খুবই ভালো একটি উদ্যোগ। তবে এই কর্মসূচির মধ্যে থাকা প্রতিষ্ঠানও ক্রেতাদের থেকে পণ্যের ভালো দাম পায় না। কারণ, ক্রেতা দেশ ও ব্র্যান্ডগুলো আলাদা নিরীক্ষা ও সনদের ব্যবস্থা করে রেখেছে। সুতরাং এ বিষয়ে একটি একক পদ্ধতি থাকা প্রয়োজন।

ডিবিএল গ্রুপের প্রধান সাসটেইনেবিলিটি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল্লাহ বলেন, যেসব প্রতিষ্ঠান উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করেছে, তারা তুলনামূলক বেশি ক্রয়াদেশ পাচ্ছে। তবে উন্নত কর্মপরিবেশের পাশাপাশি পরিবেশগত দিকেও এখন নজর দিতে হবে।

দেশের অন্যান্য খাতের কারখানাগুলোতেও বেটার–ওয়ার্কের কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল। তিনি বলেন, বেটার–ওয়ার্ক কীভাবে কাজ করছে এবং এর ফলে কী পরিবর্তন এসেছে; সে বিষয়ে একটি তথ্যভান্ডার তৈরি করা প্রয়োজন।

আইএলও বাংলাদেশ কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার লেটিটিয়া ওয়েবেল রবার্টস বলেন, বেটার–ওয়ার্কের কাজের মাধ্যমে গত ১০ বছরে কারখানায় নন-কমপ্লায়েন্স (অনুন্নত কর্মপরিবেশ) বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এতে কারখানার উৎপাদনশীলতাও বৃদ্ধি পেয়েছে। এটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টার–এর এনজিও এবং ফরেন মিশনস ইনচার্জ তানজিম ফেরদৌস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেটার–ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগ্রোহো ও প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।