‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা ও ন্যায্যতা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
সমতলের আদিবাসী জনগোষ্ঠীর জমি দখল হয়ে যায় এবং বিক্রি করতেও প্রশাসনের অনুমতি লাগে, হিজড়া জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র করাটা সহজ নয়, দলিত গোষ্ঠী সেবা প্রতিষ্ঠানে প্রায় ঢুকতেই পারে না, প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের জন্য সঠিক সেবা অবকাঠামো নেই, আদিবাসী জনগোষ্ঠীর জন্য নীতির সমন্বয়হীনতা রয়েছে। অর্থাৎ, প্রান্তিক গোষ্ঠী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সেবা পেতে নানা অবহেলার শিকার হন। এই গোষ্ঠীকে সেবা প্রদানের মানসিকতা এবং পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
গতকাল শনিবার ‘সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা ও ন্যায্যতা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন আলোচনা উঠে আসে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও প্রথম আলোর উদ্যোগে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়।
নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার বলেন, প্রান্তিক মানুষদের সেবা দেওয়ার দায়িত্ব যাদের, তাদের এই দায়িত্ব সম্পর্কে জানতে হবে এবং জবাবদিহির মানসিকতা থাকতে হবে।
সরকারের প্রায় সব সেবাই এখন ডিজিটাল হয়েছে। অনলাইনে সেবা পেতেও প্রান্তিক গোষ্ঠী ভোগান্তিতে পড়ে। এ প্রসঙ্গে হালিদা হানুম বলেন, যে জনগোষ্ঠীর ওই শিক্ষাটা নেই, তাদের জন্য এমন সেবার ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে তারা আরও বঞ্চিত হচ্ছে। যখন নীতি হচ্ছে, পদ্ধতি তৈরি হচ্ছে, তা সব জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে কি না, তা যাচাই না করে সবকিছু ডিজিটাল করে ফেলা হলো। এই পদ্ধতিকে প্রশ্ন করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম বলেন, যার যে সেবা প্রয়োজন, সেই সেবা তার কাছে পৌঁছাতে হবে। সমস্যা আছে, এগুলো সমাধান করতে হবে। প্রান্তিক গোষ্ঠীর সঠিক সংখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এটার সমাধান হওয়া দরকার। এ জন্য ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করা যেতে পারে।
জাতীয় আদিবাসী পরিষদের (নাটোর শাখা) সভাপতি নরেশ চন্দ্র ওঁরাও জানান, তাঁদের জমি জবরদখল হয়ে যায়। নিজেদের নামে জমির রেকর্ড থাকলেও সে জমি প্রশাসনের অনুমতি ছাড়া বিক্রি করতে পারেন না।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান বলেন, সংখ্যার বিচারে সমতলে আদিবাসীদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশকে যদি বহুজাতি ও সংস্কৃতির দেশ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে জাতিগোষ্ঠী হিসেবে সমতলের আদিবাসীদের স্থানীয় সরকারে প্রতিনিধিত্বের সুযোগ রাখতে হবে।
সরকারি পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা প্রসঙ্গে পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস বলেন, সেখানে তাঁরা ঢুকতেই পারেন না। ঢুকতে পারলেও টাকাপয়সার মাধ্যমে ব্যবস্থা করতে হয়। এমনকি শিক্ষা গ্রহণেও এই গোষ্ঠী বৈষম্যের শিকার হয়।
অনলাইনে ভাতা প্রদান পদ্ধতিতে জটিলতার কথা স্বীকার করে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোশাররফ হোসেন বলেন, পদ্ধতিটি ধীরে ধীরে সহজ হচ্ছে। এ ছাড়া প্রান্তিক গোষ্ঠীকে সেবা দেওয়ার বিষয়টি শুধু সমাজসেবার কাজ নয়, এখানে সরকারের অন্যান্য বিভাগেরও সংশ্লিষ্টতা আছে। পাশাপাশি সেবা নিয়ে প্রচার বাড়ানোর প্রয়োজন বলেও মনে করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু বলেন, প্রান্তিক গোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য নীতি আছে; কিন্তু তার সঠিক প্রয়োগ নেই। সেবা পেতে যে জটিলতার কথাগুলো আসছে, তা বিবেচনায় নিয়ে সহজলভ্য করতে হবে। মাঠপর্যায়ের প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, যাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হচ্ছে, তারা পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন, প্রান্তিক গোষ্ঠীকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনা হচ্ছে। কিন্তু তাদের যদি সেখানে অভিগম্যতা না থাকে, তাহলে লাভ নেই। সমাজে নানা বৈচিত্র্যের মানুষের সঙ্গে একসঙ্গে বাস করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
প্রান্তিক জনগোষ্ঠী কারা সেটা নির্ণয় প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, যে গোষ্ঠী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের বাইরে থাকে, তারাই প্রান্তিক। তিনি আরও বলেন, সরকার অবকাঠামোগতভাবেও প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব হয়ে উঠতে পারেনি। সংস্কৃতিতে পরিবর্তন না আনতে পারলে বৈষম্য বিলোপ হবে না।
সরকারের কী কী সুবিধা আছে এবং সেগুলো পাওয়ার উপায় প্রান্তিক জনগোষ্ঠী জানে কি না, সেই প্রশ্ন তুলে ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, এখানে নজর দিতে হবে। রাজনৈতিক পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্ধতির পরিবর্তন। সরকারের কর্মীদের বার্ষিক কর্মমূল্যায়নে জনগণকে সেবা দেওয়ার প্রসঙ্গটি যুক্ত করতে হবে।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের ইসিএসএপি প্রকল্প ব্যবস্থাপক মুসফিকুর রহমান গোলটেবিলের শুরুতে একটি ধারণাপত্র তুলে ধরেন। সেখানে তিনি বিভিন্ন গবেষণার তথ্য দিয়ে বলেন, দেশে অন্তত চার কোটি বিভিন্ন রকমের প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে। যারা নানা বঞ্চনার শিকার। প্রাপ্তবয়স্কদের প্রায় ৯৭ ভাগের জাতীয় পরিচয়পত্র থাকলেও হিজড়া জনগোষ্ঠীর ৭৭ দশমিক ৮ শতাংশের এই কার্ড রয়েছে। কারণ, এই কার্ড পেতে গেলে তাদের আলাদা করে প্রমাণপত্রসহ নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া প্রান্তিক মানুষের জন্মনিবন্ধন সনদ পাওয়াটাও জটিল।
গোলটেবিলে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন, এমন একাধিক ব্যক্তি নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় এ আয়োজনে আরও বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ফজলে ছিদ্দীক মো. ইয়াহিয়া, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, সেন্টার ফর সার্ভিসেস ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, জীবন গঠন উন্নয়ন সংস্থার সভাপতি লিনিয়া শাম্মী, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নাসরিন জাহান, দিনাজপুরের পল্লীশ্রী সংগঠনের সদস্য রওনক আরা হক এবং নারী মৈত্রীর সদস্য রাবেয়া আক্তার।