গোলটেবিল বৈঠক
নারী কৃষকদের পথ সুগম করতে হবে
‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ওয়েল্ট হাঙ্গার হিলফে ও প্রথম আলো।
কৃষিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি হলেও নারীর এখনো সে শ্রমের স্বীকৃতি আসেনি। কৃষি উদ্যোক্তা হিসেবে নারীরা সম্ভাবনা জাগালেও এখনো নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে সামাজিক, প্রাতিষ্ঠানিকসহ নানা ধরনের বাধা। সেসব বাধা অতিক্রমে নারীকে প্রাতিষ্ঠানিক সহায়তা, বাজারব্যবস্থার বাধা দূর করা ও আর্থিক ক্ষমতায়নে ঋণ নেওয়ার পথ সহজ করার ওপর জোর দিতে হবে।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। ‘কৃষি খাতে স্থানীয় উদ্যোক্তা নারীদের অন্তর্ভুক্তি ও আর্থিক ক্ষমতায়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে ও প্রথম আলো।
আলোচনার শুরুতে নারী কৃষি উদ্যোক্তা কী ধরনের বাধার মুখোমুখি হন, তার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রিল্যান্স পরামর্শক শোয়েব শাজ্জাদ খাঁন।
আলোচনায় অংশ নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক হোসেন মো. সেলিম বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত ও গ্রামীণ অর্থনীতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে গবাদিপশুর ৬০ শতাংশের বেশি ক্ষুদ্র খামার নারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং পোলট্রি খাতে ৪০ শতাংশ নারী সরাসরি যুক্ত। নারীদের এই সক্রিয় উদ্যোগের ফলে কোরবানির পশুর ক্ষেত্রে বিদেশ–নির্ভরতা দূর হয়েছে এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বেড়েছে।
নারীর আর্থিক সক্ষমতা না বাড়লে পরিবারে সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। নারীর নামে জমি বা পুকুর না থাকলে ব্যাংক ঋণ দিতে চায় না।সমীর মল্লিক, উপপরিচালক (শিশু সুরক্ষা), সমাজসেবা অধিদপ্তর
সরকারি নীতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পগুলোতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণে ৬০ থেকে ৯০ শতাংশ নারী অংশগ্রহণ করছেন, যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখবে। নারী কৃষি উদ্যোক্তাদের বাজারের সঙ্গে যুক্ত করতে তিনি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর গুরুত্ব দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (সম্প্রসারণ) এইচ এম মনিরুজ্জামান বলেন, কৃষিতে মোট শ্রমের ৫৮ শতাংশ হচ্ছেন নারী। সেই হিসাবে নারী কৃষকের সংখ্যা ১ কোটি ৭০ লাখের মতো। জমির বাইরেও বসতভিটায় নানা ধরনের সবজি উৎপাদন, গবাদিপশু পালন ও মাছ চাষে নারীর ভূমিকা সবচেয়ে বেশি।
নারীর অংশগ্রহণ সব ক্ষেত্রে বাড়ছে জানিয়ে এইচ এম মনিরুজ্জামান বলেন, কৃষির পরিকল্পনায় নারীর জন্য নীতিগত সমর্থন বাড়াতে হবে। ব্যাংকগুলোর সঙ্গে প্রয়োজনে চুক্তি করে নারীর জন্য ঋণ প্রাপ্তি সহজ করতে হবে। নারীকে প্রাধান্য দিয়েই কৃষিতে নীতিকাঠামো তৈরি করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারীর উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) মাসুদ আরা মমি বলেন, মাছ রপ্তানির প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের কর্মীর ৮০ শতাংশই নারী। শুঁটকি উৎপাদনেও নারীর অংশগ্রহণ ৮০ থেকে ৮৫ শতাংশ। এসব খাতে নারীর জন্য আধুনিক প্রযুক্তি সহজলভ্য করতে হবে।
যেসব নারী তাঁর উৎপাদিত পণ্য নিয়ে বিপণনব্যবস্থায় যুক্ত হতে পারছেন না, তাঁদের বাজারের সঙ্গে যুক্ত করতে বিকল্প পথ বের করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (শিশু সুরক্ষা) সমীর মল্লিক বলেন, নারীর আর্থিক সক্ষমতা না বাড়লে পরিবারে সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। নারীর নামে জমি বা পুকুর না থাকলে ব্যাংক ঋণ দিতে চায় না। সমাজসেবা অধিদপ্তর থেকে জামানত ছাড়া নারীর জন্য ঋণ দেওয়া হচ্ছে। নারী কৃষি উদ্যোক্তাদের জন্য পথ সুগম করতে সরকারি–বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা উচিত।
স্মার্ট অ্যাগ্রিকালচারে নারীর প্রবেশ নিশ্চিত করতে হবে
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের হেড অব প্রোগ্রামস মালটে সুমেনফেড নারী কৃষি উদ্যোক্তারা যেসব পদ্ধতিগত চ্যালেঞ্জের মুখে পড়েন, সেগুলো চিহ্নিত করার আহ্বান জানান। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ দূর করতে সরকারি–বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে।
জাতিসংঘের প্রকল্প সেবাসংক্রান্ত দপ্তর ইউওপিএস বাংলাদেশের পার্টনারশিপ অ্যাডভাইজার শিরিন সুলতানা নারীদের উৎপাদিত পণ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
শিরিন সুলতানা বলেন, স্মার্ট অ্যাগ্রিকালচারে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নারীর উৎপাদিত পণ্য রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা জরুরি, যাতে পণ্য অবিক্রীত থাকলে উৎপাদক নারী যেন ক্ষতিগ্রস্ত না হন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী বলেন, কোন খাতে নারীর কত শ্রমশক্তি আছে, সেটির সম্পূর্ণ চিত্র বা উপাত্ত আমাদের কাছে নেই। সরকারের মেকানিজমের মধ্যে সমাধানের পথ আমাদের দেখাতে হবে।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতাবিষয়ক উপদেষ্টা রিদিতা রকিব, ওয়েল্ট হাঙ্গার হিলফের (ফুড সিস্টেম) হেড অব প্রজেক্ট ফয়সাল আহমেদ, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সলিডারিডাড নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, ওয়েভের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, এডুকো বাংলাদেশের হেড অব প্রোগ্রাম তাজিন হোসেন।
এ ছাড়া গোলটেবিলে বক্তব্য দেন হেইফার ইন্টারন্যাশনালের সহযোগী পরিচালক শাফকাত শাহরিয়ার রেজা, উত্তরণের (আরএমসিপি) সমন্বয়কারী ফাতিমা হালিম আহমেদ, উত্তরণের কৃষিবিশেষজ্ঞ ইকবাল হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, গেইনের সমন্বয়ক মেহেদী হাসান, এইচকে আই ফাউন্ডেশনের এসিডি মাহমুদুল হাসান, ক্যাবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর খাদিজাতুল কোবরা, এসিআইয়ের এক্সিকিউটিভ শাফিন ইশতিয়াক ও ব্র্যাক সিডসের ডেপুটি ম্যানেজার মো. তামজিদ রহমান।