ক্যানসার সেবায় চাই যৌথ উদ্যোগ

ক্যানসারের চিকিৎসা নিতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। সরকারের পক্ষে সবাইকে চিকিৎসা দেওয়া সম্ভব নয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসার ব্যয় অনেক বেশি। এই রোগের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবারে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। সরকারের একার পক্ষে দেশের সব ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘ক্যানসার ও বিরল রোগের চিকিৎসা ব্যয়: বেসরকারি অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। বহুজাতিক ওষুধ কোম্পানি রোশ বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. এনামুল হক বলেন, জরায়ু মুখের ক্যানসার চিকিৎসায় খরচ হয় ছয় লাখ টাকার বেশি, কোলন ক্যানসারে খরচ আট লাখ টাকার বেশি। চিকিৎসা ব্যয়ের বড় অংশটি যায় ওষুধের পেছনে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) প্রস্তাবিত মানিকগঞ্জ প্ল্যান্টে ক্যানসারের ওষুধ উৎপাদনের নির্দেশনা আছে। সরকারি প্রতিষ্ঠানে ক্যানসারের ওষুধ তৈরি হলে রোগীর ওপর ব্যয়ের বোঝা কমবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর রোবেদ আমিন বলেন, ক্যানসার বিষয়ে দেশে কৌশলপত্র আছে, কর্মপরিকল্পনা আছে। এসব দলিলে ক্যানসার বিষয়ে একটি কাউন্সিল, একটি টাস্কফোর্স এবং বিভিন্ন স্তরে ক্যানসার কমিটি করার কথা ছিল। কিন্তু এসব এখনো হয়নি। নতুন কর্মকৌশল তৈরির কাজ চলছে। তিনি বলেন, দেশের ক্যানসার পরিস্থিতি বোঝার জন্য তিনটি প্রতিষ্ঠানে হাসপাতালভিত্তিক ক্যানসার রেজিস্ট্রির কাজ হাতে নেওয়া হয়েছে।

সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের, অন্য দেশের বেসরকারি হাসপাতালের সঙ্গে বাংলাদেশের সরকারি হাসপাতালের ক্যানসার চিকিৎসার তুলনা করে পরিস্থিতির উন্নতি করা যাবে না। তিনি বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে জরায়ুমুখের ক্যানসারের টিকা যুক্ত করলে, ধূমপান পুরোপুরি বন্ধ করলে ক্যানসারের বোঝা অনেক কমিয়ে আনা সম্ভব হবে।

সমন্বিত ক্যানসার সেবাকেন্দ্র গড়ে তোলার ওপর জোর দেন ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল সার্ভিসের কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, একই কেন্দ্রে ক্যানসার শনাক্ত করার প্রযুক্তি, সব ধরনের ক্যানসার চিকিৎসার প্রশিক্ষিত জনবল, থেরাপি দেওয়ার যন্ত্রপাতি, ক্যানসার পরীক্ষার আধুনিক ল্যাব থাকলে সমন্বিত ক্যানসার চিকিৎসা দেওয়া সম্ভব। তিনি বলেন, এখন শুধু সম্মিলিত সামরিক হাসপাতাল ও বেসরকারি এভারকেয়ার হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বিএমটি) হচ্ছে।

আলোচনায় অংশ নিয়ে রোশ বাংলাদেশের এ–দেশীয় ব্যবস্থাপক মোহাম্মদ আফরোজ জলিল বলেন, দেশে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যানসারের মতো অসংক্রামক রোগের প্রকোপও বাড়ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্বে ক্যানসার পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। সরকারি ও বেসরকারি অংশীদারত্বে কাজ করে দেশে প্রাথমিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। ক্যানসার চিকিৎসায় একই ধরনের কোনো উদ্যোগ হাতে নিলে তার সঙ্গে থাকবে রোশ বাংলাদেশ।

আড়াই ঘণ্টার এই গোলটেবিল বৈঠকে ক্যানসার চিকিৎসাই গুরুত্ব পেয়েছিল। মূল উপস্থাপনায় রোশ বাংলাদেশের স্বাস্থ্যসেবা পদ্ধতির বিশ্লেষক মো. আরিফ রায়হান বলেন, ক্যানসার চিকিৎসায় সবার সমান সুযোগ থাকা বাঞ্ছনীয়। এই সুযোগ নিশ্চিত করতে হলে সচেতনতা, রোগ শনাক্তকরণ, দক্ষতা ও অর্থায়ন—এই চার বিষয়ে গুরুত্ব দিতে হবে। চারটি ক্ষেত্রেই সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সুযোগ আছে।

২০০৩ সালে তাহমিনা গাফ্‌ফারের ক্যানসার শনাক্ত হয়েছিল। এখন তিনি ক্যানসারযোদ্ধাদের সংগঠন অপরাজিতা সোসাইটি অ্যাগেইনস্ট ক্যানসারের সভাপতি। নিজের জীবনযুদ্ধের বর্ণনা দিয়ে তাহমিনা গাফ্ফার বলেন, নানা কারণে চিকিৎসকের কাছে যেতে নারীদের বিলম্ব হয়। একজন ক্যানসার রোগী থাকলে সেই পরিবারকে অনেক বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।

ভবিষ্যতে ক্যানসার চিকিৎসার ব্যয় আরও বাড়বে এমন মন্তব্য করে আহ্‌ছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান চৌধুরী বলেন, অনেক রোগী চিকিৎসা নিতে আসেন ক্যানসার চূড়ান্ত স্তরে পৌঁছানোর পর। অনেকে চিকিৎসা নিতে এসে বলেন, আর খরচ চালানো সম্ভব নয়। তিনি বলেন, দামি ওষুধ সরকার ভর্তুকি মূল্যে সরবরাহ করতে পারে। এ নিয়ে একটি দিশারি প্রকল্প সরকার হাতে নিতে পারে।

এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, এ দেশে দাতব্য চিকিৎসার ঐতিহ্য আছে। ক্যানসার চিকিৎসার ক্ষেত্রেও এমন ব্যবস্থার দিকে যেতে হবে। তিনি বলেন, অনেক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কাছে নানা ধরনের তথ্য–উপাত্ত থাকে। এসব তথ্য-উপাত্তে লেনদেনের জন্য উদ্যোগ নিয়েছে এটুআই।

দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন সাময়িকভাবে বন্ধ আছে। খুব শিগগির তা আবারও চালু হবে বলে জানান ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি ও বিএমটি বিভাগের অধ্যাপক তানসিম আরা। তিনি বলেন, দেশে ক্যানসার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা অত্যন্ত দুর্বল। পরীক্ষার ফলাফলের ওপর আস্থা রাখা যায় না বলে তিনি অনেক নমুনা প্রতিবেশী দেশে পাঠান।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কর্মসূচি বিশ্লেষক নাবিলা পূর্ণ বলেন, হাসপাতালে আসা ক্যানসার রোগী, তাঁদের ক্যানসার কোন পর্যায়ে আছে, দেশে কোন ধরনের ক্যানসারের প্রকোপ বেশি—এসব প্রশ্ন মৌলিক। এসব প্রশ্নের উত্তর জানতে হলে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি দরকার। বাংলাদেশে তা নেই। নেতৃত্বের অভাবের কারণে ক্যানসার বিষয়ে পরিকল্পনামাফিক এগোনো যাচ্ছে না।

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সমন্বয়ক আলবাব-উর রহমান বলেন, ক্যানসার শনাক্তকরণ কার্যক্রম গ্রামপর্যায়ে সম্প্রসারণ হওয়া দরকার। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার ব্যয়ের আলোচনায় রোগীর সন্তুষ্টির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকা উচিত।

গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।