আন্তর্জাতিক মৃগীরোগ দিবস-২০২২: মৃগীরোগ ও এর চিকিৎসা
সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের আয়োজনে ‘আন্তর্জাতিক মৃগীরোগ দিবস-২০২২: মৃগীরোগ ও এর চিকিৎসা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি ২০২২। এ গোলটেবিল আলোচনার সায়েন্টিফিক পার্টনার ছিল ইনেসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রচার সহযোগী প্রথম আলো ও চ্যানেল আই। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
অংশগ্রহণকারী
অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী
সভাপতি, সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ
অধ্যাপক ডা. আবু নাসার রিজভী
সাধারণ সম্পাদক, সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ; চেয়ারম্যান, নিউরোলজি বিভাগ, বিএসএমএমইউ
অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম
সাবেক অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বিএসএমএমইউ
অধ্যাপক ডা. মালিহা হাকিম
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
অধ্যাপক ডা. নারায়ণ সাহা
বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন
নিউরোলজি বিভাগ, বিএসএমএমইউ
ডা. শেখ মাহবুব আলম
সহযোগী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বিএসএমএমইউ
ডা. মোহাম্মদ এনায়েত হোসেন
সহযোগী অধ্যাপক, নিউরোফিজিওলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
ডা. এ এফ এম আল মাসুম খান
সহকারী অধ্যাপক, নিউরোফিজিওলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
আশরাফ উদ্দিন আহমেদ
জেনারেল ম্যানেজার (সেলস), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো
সঞ্চালনা
ডা. তাবাসসুম হুদা
সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
আলোচনা
আব্দুল কাইয়ুম
একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মধ্যে বিশেষজ্ঞ আলোচক আছেন। তাঁদের আলোচনা থেকে মৃগীরোগের সুনির্দিষ্ট লক্ষণগুলো কী, আমাদের কী করণীয়—এসব জরুরি বিষয় জানতে পারব। এ আলোচনার খবর ও ক্রোড়পত্র আমাদের পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হবে। এর মাধ্যমে দেশ ও বিদেশের ব্যাপক মানুষের কাছে এটা পৌঁছে যাবে। কোনো লক্ষণীয় কারণ ছাড়া হঠাৎ কেউ দু-তিন মিনিটের জন্য অচেতন হয়ে পড়লে বা খিঁচুনি হলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মৃগীরোগ হয়তো একেবারে ভালো হবে না। কিন্তু নিয়মিত চিকিৎসাধীন থাকলে নিয়ন্ত্রণে থাকবে।
ডা. মোহাম্মদ এনায়েত হোসেন
এপিলেপসি বা মৃগীরোগ আমাদের মস্তিষ্কের একটি অসুখ। এর বিজ্ঞানভিত্তিক চিকিৎসা রয়েছে। আমাদের মস্তিষ্কের অন্যতম কোষ নিউরন। এ রকম অনেকগুলো নিউরন একসঙ্গে অস্বাভাবিক আচরণ করলে বিভিন্নভাবে এর বহিঃপ্রকাশ হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে খিঁচুনি। এ ছাড়া মস্তিষ্কের কোনো স্থানের নিউরন অস্বাভাবিক আচরণের ওপর নির্ভর করে এটি বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। কখনো চোখে ঝাপসা দেখা, কখনো শুধু স্মরণশক্তির সমস্যা হওয়া, হঠাৎ শূন্য অনুভব করার মতো বিভিন্নভাবে এর বহিঃপ্রকাশ হতে পারে।
আশার কথা হচ্ছে, প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে এক-তৃতীয়াংশ ক্ষেত্রেই এপিলেপসি পুরোপুরি নির্মূল করা সম্ভব। আরও এক-তৃতীয়াংশের ক্ষেত্রে ওষুধ গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফলে দেখা যায়, দুই-তৃতীয়াংশ রোগীই ভালো হতে পারে বা ওষুধ সেবন করে নিয়ন্ত্রণে রাখতে পারে। আর বাকি এক-তৃতীয়াংশ নির্ভর করে কোন পর্যায়ে চিকিৎসা শুরু করা হচ্ছে, তার ওপর। আমি সবাইকে অনুরোধ করব মৃগীরোগ বা খিঁচুনি হলে কবিরাজি ও ঝাড়ফুঁকের মতো অবৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে। দ্রুত রোগ নির্ণয় করা গেলে চিকিৎসার ফল ভালো হয়।
অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম
এপিলেপসি মূলত মস্তিষ্কের রোগ। এটি প্রধানত দুই ধরনের হতে পারে। শরীরের বিশেষ কোনো স্থানে বা সারা শরীরে হতে পারে। এ ক্ষেত্রে রোগ নির্ণয় করা একটি বড় বিষয়। এপিলেপসি হয়েছে ধরে নিলে সঠিক হবে না। এতে থাকবে প্রত্যক্ষদর্শী, যার সামনে রোগের বহিঃপ্রকাশ হয়েছে, তার দেওয়া তথ্য। রোগীর পুরো ইতিহাস জানা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই এটি এপিলেপসি কি না, তা বোঝা যাবে। অন্য কোনো সমস্যার কারণেও মাঝেমধ্যে খিঁচুনি হতে পারে।
এপিলেপসি মস্তিষ্কের ওপর অল্প সময়ের জন্য আক্রান্ত হয়। এর আগে বা পরে রোগী স্বাভাবিক থাকে। এ রোগীকে স্বাভাবিক সময় দেখে বোঝা সম্ভব নয় যে তাঁর এ সমস্যা আছে। আক্রান্ত ব্যক্তিরা তাঁদের সমস্যা অনুভব করতে পারেন, আবার না-ও পারেন। কারণ, কিছু ক্ষেত্রে এপিলেপটিক আক্রমণে রোগীর জ্ঞান থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। আংশিক সিজারে রোগীর জ্ঞান থাকে। এ সময় হয়তো হাত কেঁপে যাওয়া, হাত থেকে কোনো জিনিস পড়ে যাওয়ার বিষয়টি অনুভব করতে পারেন। কিন্তু এ আক্রমণ পুরো মস্তিষ্কে ছড়িয়ে গেলে সংজ্ঞা হারান। ফলে তিনি আক্রমণ সম্পর্কে কিছু মনে করতে পারেন না। তখন ঘটনা যার সামনে হয়েছে, তার কাছ থেকে হিস্ট্রি নিতে হয়।
এরপর আসে পরীক্ষা-নিরীক্ষার বিষয়। এটি আরও গুরুত্বপূর্ণ। প্রথমেই করা হয় ইইজি। এ পরীক্ষা করলেই এপিলেপসি আছে কি নেই, বিষয়টি এমন নয়। এ ক্ষেত্রে দুটি বিষয় আসে তা হলো নিয়মিত ইইজি মনিটরিং ও ভিডিও ইইজি। ভিডিও ইইজিতে ক্যামেরা লাগানো থাকে ও মস্তিষ্কে বিভিন্ন তার সংযুক্ত করা থাকে। এরপর ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হতে পারে। এ সময়কালে আক্রমণ হলে ব্রেন ওয়েভ দেখে বোঝা যাবে এপিলেপসির আক্রমণ হয়েছে কি না। এটি দেখেই বিশেষজ্ঞরা রোগের ধরনও নির্ণয় করেন।
এ রোগ নির্ণয়ে এ ছাড়া মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। এর চেয়ে আরও উন্নত ও কার্যকর চিকিৎসা হচ্ছে মস্তিষ্কের এমআরআই করা। এর মাধ্যমে মস্তিষ্কের যেকোনো অস্বাভাবিকতা বোঝা যায়, যা এপিলেপসির কারণ সম্পর্কে বুঝতে সহায়তা করে।
ডা. শেখ মাহবুব আলম
অসুখ নির্ণয়ের পরই মৃগীরোগের চিকিৎসা শুরু করতে হয়। প্রথমবার খিঁচুনি হলেই সাধারণত ওষুধ দেওয়া হয় না। দ্বিতীয়বার খিঁচুনি বা অজ্ঞান হওয়ার পর ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। তবে ইইজি, সিটি স্ক্যান বা এমআরআইতে মস্তিষ্কে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে প্রথমবারের পরও ওষুধ শুরু করা যায়। ওষুধ শুরু করার আগে ভালোমতো কাউন্সেলিং করা প্রয়োজন। কারণ, এপিলেপসি চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রোগী বা রোগীর মা-বাবাকে কাউন্সেলিং করা। প্রথমে অসুখ সম্পর্কে, যেমন রোগটি কী ধরনের, কেন হয়েছে, কত দিন থাকতে পারে, ওষুধ কীভাবে খেতে হবে, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না—এসব বিষয়ে কাউন্সেলিং করতে হবে। তঁাদের বোঝাতে হবে এ অসুখ প্রেশার-ডায়াবেটিসের মতোই সাধারণ একটি স্বাভাবিক অসুখ। এটি ওষুধ খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তঁাদের ওষুধ সম্পর্কেও ধারণা দিতে হবে। যেমন ওষুধ কীভাবে শুরু করবেন, ওষুধ যেন বন্ধ না করেন, ওষুধ খাওয়া বন্ধ করলে কী হতে পারে, অবশ্যই এ সম্পর্কে ধারণা দিতে হবে। কারণ, এপিলেপসির ওষুধ হঠাৎ বন্ধ করে দিলে স্ট্যাটাস এপিলেপটিকাসের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে রোগী মারাও যেতে পারে। ফলে ওষুধ বন্ধ করা খুবই ক্ষতির কারণ হতে পারে। এ জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না।
তৃতীয়ত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দিতে হবে। এ ওষুধ খেলে কী কী অসুবিধা হতে পারে বা অন্যান্য উপসর্গ কী কী আসতে পারে, তা রোগীকে জানাতে হবে। মৃগীরোগের ওষুধের অনেক মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওষুধের সঙ্গে অন্য কোনো ওষুধ খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। কারণ, অন্যান্য ওষুধের কারণে এ ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে।
পরবর্তী সময়ে তাঁর দৈনন্দিন জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে হবে। নিয়মিত ঘুমানো, মদ্যপান-ধূমপান ত্যাগসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পরিহার করা, মানসিক দুশ্চিন্তা কমানো, সুস্থ জীবন যাপন করতে হবে। রোগীকে তঁার খাদ্যাভ্যাস সম্পর্কেও ধারণা দিতে হবে। আমাদের দেশে সাধারণত শর্করাজাতীয় খাবার বেশি খাওয়া হয়। তাঁকে শর্করা কম খেয়ে এর পরিবর্তে আমিষজাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিতে হবে। এমনকি তাঁর পেশা সম্পর্কে ধারণা দিতে হবে। অনেকে ড্রাইভিং করেন, বিমানের পাইলট কিংবা সাঁতারু আছেন, অনেকে গাছে ওঠেন। এপিলেপসি পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত তাঁদের এ ধরনের পেশা সাময়িকভাবে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
এপিলেপসির চিকিৎসা সাধারণত একটি ওষুধ দিয়ে শুরু করতে হয় এবং সে ওষুধের সর্বোচ্চ ডোজে যাওয়ার চেষ্টা করা হয়। দেখা যায়, একটি ওষুধে এপিলেপসি ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে আসে। ওষুধ নির্ভর করে কোন ধরনের এপিলেপসি হয়েছে, তার ওপর। একটি ওষুধে নিয়ন্ত্রণ না হলে কারও কারও ক্ষেত্রে দুটি বা তিনটি পর্যন্ত ওষুধেরও প্রয়োজন হতে পারে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, একটি ওষুধ যেন আরেকটি ওষুধের কার্যকারিতা না কমিয়ে দেয়।
এপিলেপসি রোগের চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। অনেক এপিলেপসির চিকিৎসা দীর্ঘ সময়, এমনকি সারা জীবনও চালিয়ে যেতে হয়। সাধারণত দুই থেকে তিন বছর ওষুধ খেলে যদি রোগ ভালো নিয়ন্ত্রণে থাকে, তাহলে ওষুধ বন্ধ করার কথা চিন্তা করা হয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন থেকে ছয় মাস ধরে ধীরে ধীরে ওষুধ বন্ধ করা হয়।
অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন
ওষুধের মাধ্যমে সব ধরনের মৃগীরোগের চিকিৎসা সম্ভব নয়। তবে অধিকাংশ মৃগীরোগ ওষুধের মাধ্যমেই চিকিৎসা হয়ে থাকে। যেমন ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রেই ওষুধ কার্যকর হয়। এর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে থাকে। সঠিকভাবে রোগ নির্ণয় করা হলে বিভিন্ন পর্যায়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়। সবকিছু দেখে যদি বোঝা যায় যে ওষুধে নিয়ন্ত্রণ হচ্ছে না, তখন এ ধরনের এপিলেপসিকে রিফ্র্যাক্টরি এপিলেপসি বলা হয়। এ ধরনের রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এপিলেপসি ক্লিনিক রয়েছে। সেখানে আসা রোগীদের বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করে নির্ধারণ করা হয় যে আসলেই রিফ্র্যাক্টরি এপিলেপসি হয়েছে কি না। তাঁদের মনস্তাত্ত্বিক পরীক্ষাও করা হয়।
এসবের মাধ্যমে মস্তিষ্কের সেই নির্দিষ্ট স্থানটি বের করা হয়, যেখানে এপিলেপসির উৎপত্তি হয়েছে। নির্দিষ্ট স্থানটি নিশ্চিত হওয়ার পর তাঁদের জন্য সার্জারির ব্যবস্থাও সেখানে আছে। সার্জারির মাধ্যমে সেই অংশ অপসারণ করলে দেখা যায় মৃগীরোগ অনেকাংশেই সেরে যায়। দেখা যায় নিয়ন্ত্রণ নয়, রোগী একেবারে সুস্থ হয়ে যায়। আমাদের দেশে বিচ্ছিন্নভাবে এ সার্জারি হচ্ছে। পদ্ধতি অনুসরণ বা সিস্টেম্যাটিক্যালি এটি এখনো শুরু হয়নি। সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ এ বিষয়ে কাজ করছে। যাঁরা সার্জারির জন্য উপযুক্ত নন, তাঁদের জন্য অন্য পদ্ধতিও আছে৷ এটাকে বলা হয় ভেগাল নার্ভ স্টিমুলেশন।
এটি অনেকটা হার্টের পেসমেকারের মতো। খিঁচুনি হওয়ার আগমুহূর্তে এটি সক্রিয় হয়ে যাওয়ায় খিঁচুনি আর হয় না। এটি শতভাগ কার্যকর না হলেও যাঁদের খিঁচুনি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, অর্থাৎ রিফ্র্যাক্টরি এপিলেপসি তাঁদের সমস্যা ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়। রোগী অনেক ভালো থাকে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডিভাইস বা উপকরণের দাম অনেক বেশি।
অনেকের বংশগত কারণে মৃগীরোগ হয়। মস্তিষ্কে টিউমার, আঘাত, মস্তিষ্কে সংক্রমণ, শিশুর জন্মের সময় অক্সিজেন লেভেল কম থাকলে পরবর্তী সময়ে এপিলেপসি হয়ে থাকে। সাধারণত যাঁদের এপিলেপসির কারণ থাকে, তাঁদেরই রিফ্র্যাক্টরি এপিলেপসি বেশি হয়। আর যাঁদের কারণ খুঁজে পাওয়া যায় না, তাঁদের বংশগত কারণে এটি হয়েছে বলে ধারণা করা হয়।
তাঁদের ওপরই ওষুধ ভালো কাজ করে। ওষুধের ফলে ৯৫ শতাংশ পর্যন্ত মৃগীরোগের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। বাকি ৫ শতাংশের রোগ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায় না। তাঁদের সমস্যা নিয়ন্ত্রণে তখন বিভিন্নভাবে চেষ্টা করানো হয়। কম বয়সী শিশুদের ফ্যাটি ডায়েট দেওয়া হয়। তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতেই থাকে। এ ক্ষেত্রে করার তেমন কিছু থাকে না।
ডা. এ এফ এম আল মাসুম খান
খিঁচুনির স্থায়িত্ব খুবই কম হয়ে থাকে। এটি অধিকাংশ ক্ষেত্রেই এক থেকে দুই মিনিট স্থায়ী হয়। অল্প ক্ষেত্রেই এটি পাঁচ মিনিটের মতো স্থায়ী হয়। খিঁচুনির সময় রোগীর জ্ঞান না থাকায় তাঁদের করার কিছুই থাকে না। রাস্তা, রান্নাঘর—এসব জায়গার হলে দ্রুত সরিয়ে নিতে হবে। চশমা খুলে ফেলতে হবে। আঁটসাঁট পোশাক ঢিলে করে দিতে হবে।
কাঁপুনির সময় রোগী মাথায় যেন আঘাত না পান, সে জন্য মাথার নিচে কুশন কিংবা ভাঁজ করা চাদরের মতো নরম কিছু দিয়ে দেওয়া। খিঁচুনি শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে জ্ঞান না ফিরলে তাঁকে ডানে বা বাঁয়ে একটু হেলিয়ে রাখতে হবে যেন রোগীর শ্বাসপ্রশ্বাসে কষ্ট না হয়। খিঁচুনির রোগীকে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে যান।
আতঙ্কিত হওয়া যাবে না। বরং তাঁকে সাহায্য করতে হবে। তবে এ সময় রোগীকে শক্ত করে জড়িয়ে ধরা, খাবার বা পানি দেওয়া যাবে না। আমরা প্রায়ই দেখি খিঁচুনির রোগীকে চামড়ার জুতা শুঁকানো হয়। এতে নাকি দ্রুত রোগীর খিঁচুনি থেমে যায়। সবার কাছে অনুরোধ রইল, এই নোংরা কাজটি যেন কখনোই না করা হয়।
খিঁচুনি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হলেও রোগীকে হাসপাতালে আনতে হবে। রোগীর খিঁচুনি শেষ হওয়ার আধা ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে হাসপাতালে নিয়ে যেতে হবে। অল্প সময়ের ব্যবধানে কয়েকবার খিঁচুনি হলে, খিঁচুনি চলাকালে রোগী যদি কোনোভাবে আঘাত পায়, এপিলেপসির পাশাপাশি অন্য কোনো রোগ থাকলে রোগীকে হাসপাতালে নেওয়া বাঞ্ছনীয়। আর রোগীর মুখ কামড় দিয়ে থাকলে চামচ বা শক্ত কিছু দিয়ে জোর করে খোলা রাখার চেষ্টা করা যাবে না। এমনকি হাত দিয়েও চেষ্টা করার প্রয়োজন নেই।
অধ্যাপক ডা. মালিহা হাকিম
নারীদের ক্ষেত্রে এপিলেপসির বেশ বড় প্রভাব রয়েছে। নারীর প্রজনন শুরু হয় ঋতুস্রাবের পরপরই। এই ঋতুস্রাবে এপিলেপসির প্রভাব পড়তে পারে। যেসব নারী এপিলেপসি আছে, তাঁদের ২০ থেকে ৬০ শতাংশের মাসিকের ওপর এর প্রভাব দেখা যায়। এ সময় ঋতুচক্র অনিয়মিত হয়। অনেক সময় ঋতুচক্র ২৫ থেকে ৩৫ দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। বিয়ের পর অনেককেই জন্মবিরতিকরণ পিল সেবন করতে হয়।
একই সময়ে অ্যান্টি-এপিলেপটিক ওষুধ ব্যবহার করায় জন্মবিরতিকরণ পিলের (ওসিপি) বিপাক ক্রিয়া বেড়ে যায়। ফলে তার ঘনত্ব কমে যায়। এ জন্য স্বভাবতই গর্ভধারণের আশঙ্কা থেকে যায়।
যাঁদের এপিলেপসি আছে, তাঁদের সন্তান জন্মদানে উর্বরতার হারে ৩০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে। এপিলেপসিতে আক্রান্ত নারীর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, মনে করা হয় এটি সংক্রামক রোগ। এটি সঠিক নয়। অনেকে সন্তান জন্মদানে ভয় পান। পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় ওষুধ খেতেও ভয় পান। এ ছাড়া ওষুধ সেবনের ফলে যৌনাকাঙ্ক্ষা কমে যায়।
এসব বিষয় উর্বরতার হারে প্রভাব ফেলে। ফলে তাঁদের চিকিৎসকের কাছে আসা উচিত। মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের ৯০ শতাংশ পর্যন্ত স্বাভাবিকভাবে (নরমাল) সন্তান জন্ম দিতে পারেন।
রোগীকে বিষয়টি বোঝাতে হবে। আর এপিলেপসির ওষুধ গর্ভাবস্থায় শিশুর ওপর কোনো ধরনের ক্ষতি করে না। যদি ওষুধ প্রয়োগে দুই বছর রোগ ভালো নিয়ন্ত্রণে থাকে, তাহলে ছয় মাসের মাথায় ওষুধ কমিয়ে দেওয়া যায়। সে সময় নিরাপদে গর্ভধারণ করা যায়।
তবে কিছু অ্যান্টি এপিলেপটিক ওষুধের প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। এ জন্য গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এপিলেপটিক রোগে আক্রান্ত মায়ের দুধ সন্তান অবশ্যই পান করতে পারবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওষুধের প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম বা নিউরাল টিউব ডিফ্যাক্ট হতে পারে।
এ ক্ষেত্রে রোগী অন্তত তিন মাস আগে আসলে ফলিক অ্যাসিড ওষুধ দিলে নিউরাল টিউব ডিফ্যাক্ট অনেকটাই কমে যায়। গর্ভকালে প্রতিটি পর্যায়ে ওষুধের ঘনত্ব পর্যবেক্ষণ করা হয়। ওষুধের ঘনত্ব কম হলে খিঁচুনি হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার ওষুধের ঘনত্ব বেশি হলে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা বেশি থাকে। এগুলো দেখে চিকিৎসক ওষুধ কমানো কিংবা বাড়ানোর পরামর্শ দিতে পারেন।
জন্মের সময় শিশু ও মা উভয়কে ভিটামিন কে দেওয়া উচিত। কারণ, কিছু ওষুধ ভিটামিন কে-র বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়। আর গর্ভাবস্থায় অবশ্যই সিজার বেছে নেওয়া উচিত এবং স্প্যানিশ অ্যানেসথেসিয়া দেওয়া উচিত।
অধ্যাপক ডা. নারায়ণ সাহা
শিশুদেরও মৃগীরোগ হয়। এমনকি শিশুদের মৃগীরোগ হওয়ার আশঙ্কা বড়দের থেকেও বেশি। শিশুদের মস্তিষ্ক উন্নয়নশীল। শিশুকাল থেকেই তাদের মস্তিষ্ক বিকশিত হতে থাকে। মস্তিষ্ক বিকাশের কোনো একটি পর্যায়ে জন্মগতভাবে কোনো ধরনের অস্বাভাবিকতা থাকতে পারে। এমনকি এটি শিশু জন্মের সময় থেকেই এ সমস্যা বহন করতে পারে। সঠিকভাবে প্রসব না হলে শিশুর মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজ কমে যায়। অনেক সময় প্রসবের সময় মাথায় আঘাত লাগে। এসব কারণে পরবর্তী সময়ে জন্মের পর প্রথম কয়েক বছর সেপ্টিসেমিয়া অথবা মেনিনজাইটিসের মতো রোগগুলো বেশি হয়ে থাকে। এসব রোগ হওয়ার প্রবণতা শিশুদের বেশি। এসব কারণ একসঙ্গে চিন্তা করলে দেখা যাবে পৃথিবীজুড়ে মৃগীরোগ হওয়ার প্রবণতা বড়দের তুলনায় শিশুদের বেশি।
শিশুর জন্মের এক মাস থেকে আরম্ভ করে তার শৈশব, কৈশোরসহ সব বয়সে যেকোনো সময় মৃগীরোগ হতে পারে। পাঁচ বছরের নিচে শিশুদের মৃগীরোগ হওয়ার প্রবণতা অন্যান্য বয়সের তুলনায় বেশি। কিছু ক্ষেত্রে শিশুদের মৃগীরোগের বহিঃপ্রকাশ বড়দের মতোই। তবে বিশেষ কিছু ধরনের মৃগীরোগ শিশুদেরই বেশি দেখা যায়। অনেক সময় শিশুদের ঝাঁকুনি হয়। মায়েদের ভাষায় শিশু চমকে ওঠে। একে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় মাইক্লোনিলিক এপিলেপসি। সিনড্রোমিক এপিলেপসি শিশুদের হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে সাধারণ হলো হাঁটু ওপরে তুলে মাথা নিচের দিকে দেয়। অনেকটা ইংরেজি অক্ষর সি বা বৃত্তের মতো হয়ে যায়। একে বলা হয় ইনফ্যান্টাইল স্পাজম।
এসব রোগ নির্ণয়ে আমি গুরুত্ব দিতে চাই খিঁচুনি কীভাবে হচ্ছে তার পুরো বর্ণনা দেওয়ার ওপর। প্রয়োজনে ঘটনাটি ভিডিও করে রাখলে চিকিৎসক ভিডিও বিশ্লেষণ করে রোগ সম্পর্কে ধারণা করতে পারবেন ও চিকিৎসা শুরু করতে পারবেন।
শিশুদের ও বড়দের চিকিৎসায় মৌলিক কোনো পার্থক্য নেই। তবে শিশুদের সিনড্রোমিক এপিলেপসির চিকিৎসায় সমন্বিত পদ্ধতি অবলম্বন করতে হয়। বড়দের মতো শিশুদেরও দুই বছর খিঁচুনি না হলে বোঝা যায় রোগ নিয়ন্ত্রণে আছে। তখন কাউন্সেলিং করে ইইজিসহ তার সব পরীক্ষার ফলাফল দেখে তিন থেকে ছয় মাসের মধ্যে ওষুধ কমানোর পরিকল্পনা করা যেতে পারে। এভাবে কমিয়ে বন্ধ করলে ৮০ শতাংশ ক্ষেত্রে সফলতা আসে।
তাদের জীবনে আর কখনোই এটি দ্বিতীয়বার আসবে না। বাকি ২০ ভাগের পুনরায় চিকিৎসা করতে হয়। বড়দের মতো শিশুদেরও দুই–তৃতীয়াংশ চিকিৎসায় ভালো হয়। বাকি এক-তৃতীয়াংশের রেজিস্ট্যান্স এপিলেপসি হয়। এ ধরনের রোগীদের দ্বিতীয়বার চিকিৎসায় আগের চিকিৎসা ও ওষুধ নির্বাচন পর্যালোচনা করে চুলচেরা বিশ্লেষণ করা হয়।
এ ক্ষেত্রে ওষুধ পরিবর্তন করে দেখা হয়। আশার কথা, ২০ বছর ধরে বাংলাদেশে কিটোজেনিক ডায়েট নামে একটি চিকিৎসাপদ্ধতি আমরা চালু করেছি। সারা বিশ্বে এটি ব্যবহৃত হয়। আমাদের দেশে এটি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। রেজিস্ট্যান্স এপিলেপসি রোগীদের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে সফলতা পাওয়া যায়। এর ফলে ৫ থেকে ১০ শতাংশ এপিলেপসি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়।
অধ্যাপক ডা. আবু নাসার রিজভী
আমি আমার বাস্তব জীবনে প্রত্যক্ষ করা একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। র্যাডিসন হোটেলের একটি বিয়ের অনুষ্ঠানে সবাই খেতে বসেছে। হঠাৎ একজন তরুণী খিঁচুনির কারণে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই সেখানে দৌড়ে গেল। মেয়েটির মা–বাবা ক্রমাগত ঘামছিল ও বিব্রত হচ্ছিল। কিছুক্ষণ পর তার খিঁচুনি কমলে তাকে আমি পাশের কক্ষে ডেকে নিয়ে যাই। সে নিজেও খুবই বিব্রত হচ্ছিল। বিব্রত হওয়াকে মাথায় রেখে ২০২২ সালের মুগীরোগ দিবসের স্লোগান করা হয়েছে, ‘শো সাম লাভ’। আমাদের সবার স্লোগানটি মনে রাখতে হবে যে মৃগীরোগীকে ভালোবাসা দেখানো উচিত।
আমাদের চিকিৎসকদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা মৃগীরোগের একটি ন্যাশনাল গাইডলাইন প্রণয়ন করেছি। আমরা প্রতিবছর আন্তর্জাতিক মৃগীরোগ দিবসে মানুষকে সচেতন করতে শোভাযাত্রা ও সিম্পোজিয়ামের আয়োজন করি। আমাদের চিকিৎসকদের সচেতন করতেও আমরা কাজ করি। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অনেক। গণমাধ্যমে প্রচারের মাধ্যমে রোগী ও তঁার স্বজনেরা জানতে পারবেন এপিলেপসির চিকিৎসা আছে।
তাঁদের উৎসাহিত করতে হবে যেন তাঁরা সাহসী হন। এ সাহস ও উৎসাহ আমাদের প্রয়োজন। প্রথমে আমরা রোগীদের ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করি। আমরা সোসাইটির পক্ষ থেকে চিকিৎসকদের প্রশিক্ষণে অর্থ ব্যয়, কনফারেন্স আয়োজনসহ নানাভাবে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আমরা সার্জারির মাধ্যমে মৃগীরোগ চিকিৎসার চিন্তাভাবনা করছি।
তবে এ–সংক্রান্ত প্রয়োজনীয় বিশেষ প্রযুক্তি আমাদের অতটা সহজলভ্য নয়। ফলে কিছুটা সমস্যা হচ্ছে। এটি বাস্তবায়নে আমরা কাজ করছি।
অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী
মৃগীরোগ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য একটি অসুখ। এর অনেক উন্নত চিকিৎসা রয়েছে। চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। আমি সব সময় বলি অন্য সব অসুখের মতো এপিলেপসি একটি প্রতিরোধযোগ্য অসুখ। কোনো রোগ প্রতিরোধ করতে প্রথমে এর কারণ দেখতে হয়। এপিলেপসি মস্তিষ্কের অসুখ। মস্তিষ্কের কোষ বা নিউরন কোনো কোনো স্থানে অস্বাভাবিক আচরণ করে। এ আচরণের বহিঃপ্রকাশই হলো এপিলেপসি বা খিঁচুনি। বারবার হলে আমরা বলি এপিলেপসি, আর একবার হলে বলা হয় খিঁচুনি। মস্তিষ্ক ছাড়াও শারীরিক সমস্যা থেকে এ রোগ হতে পারে। মস্তিষ্কের কারণে যেসব রোগ হয়, তা বংশগতভাবে আসতে পারে।
মৃগীরোগের ঘটনা ঘটতে দেখলে মোবাইল ফোনে তার ভিডিও ধারণ করে রাখাটা জরুরি। মৃগীরোগের সঙ্গে অনেক রোগের সাদৃশ্য থাকে। সেসব থেকে মৃগীরোগকে আলাদা করা জরুরি। এ ক্ষেত্রে ধারণ করা ভিডিও বড় ভূমিকা রাখতে পারে। কারণ, রোগের ভিন্নতায় চিকিৎসাও সম্পূর্ণ বদলে যায়। এপিলেপসির চিকিৎসায় খুব বেশি ওষুধ প্রয়োজন হয় না। ৭০ শতাংশ লোক কেবল এক ধরনের ওষুধ নিয়েই সুস্থভাবে জীবন যাপন করেন। আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এপিলেপসি কখনো ভালো হয় না। এ ধারণা দূর করা প্রয়োজন।
এ ছাড়া আরেকটি বিষয় উল্লেখ করার মতো। এ রোগে আক্রান্ত রোগীদের সামাজিকভাবে আলাদা করে দেখা হয়। কারও কারও ক্ষেত্রে বিকলাঙ্গ দেখা দিয়ে থাকে। এর অন্যতম কারণ বারবার খিঁচুনি হলে মস্তিষ্কের ক্ষতির জন্য এমনটা হতে পারে। মানুষ হিসেবে তার বাঁচার অধিকার আছে। এ রোগে রোগীর পাশাপাশি এমনিতেই তার পরিবারকেও ভোগান্তিতে পড়তে হয়। সুতরাং তাদের সামাজিকভাবে আলাদা করে দেখার কোনো কারণ নেই। এবারের মৃগীরোগ দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘শো সাম লাভ’। অর্থাৎ মৃগীরোগীদের প্রতি ভালোবাসা দেখানো। আমাদের ভালোবাসায় ও চিকিৎসকদের চিকিৎসায় তারা সমাজে সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।
আশরাফ উদ্দিন আহমেদ
একটি রোগ যখন শনাক্ত হয়, তখন তিনটি কাজ করতে হবে। প্রথমত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাদের রোগের উপসর্গ ও করণীয় সম্পর্কে জানাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রোগের যথার্থ চিকিৎসা করা, যা আমাদের চিকিৎসকেরা করে থাকেন। তৃতীয় বিষয় হচ্ছে চিকিৎসার জন্য উপযুক্ত ওষুধ। এ ওষুধ সহজলভ্য ও কম মূল্যে সারা বাংলাদেশে সরবরাহ করতে হবে। ইনসেপ্টা ফার্মা শুরু থেকেই আন্তর্জাতিক যেসব ওষুধ বাংলাদেশে পাওয়া যায় না, তা বাজারজাত করে আসছে। শুধু তা–ই নয়, এসব ওষুধ কত কম মূল্যে বাজারে দেওয়া যায়, আমরা সে চেষ্টা করছি।
আজকের আলোচনা থেকে আমরা জেনেছি মৃগীরোগ চিকিৎসায় ভালো হয় এবং আক্রান্ত রোগীরা গর্ভধারণও করতে পারেন। এ বিষয়গুলো তো গণমাধ্যমে উঠে আসছে এবং মানুষ সচেতনও হচ্ছে। তবে এ বিষয়গুলো যদি পোস্টারের মাধ্যমে স্কুলে বা বিভিন্ন স্থানে প্রচার করি, তাহলে শিশু ও তাদের অভিভাবকেরা সচেতন হবেন। এ বিষয়ে আমরাও সাহায্য করতে ইচ্ছুক।
মৃগীরোগের চিকিৎসায় চিকিৎসকদের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তবে এটি রোগী বা সাধারণ মানুষের জন্য সহজ করে বাংলা ভাষায় বই আকারে সংক্ষিপ্ত পরিসরে প্রকাশ করা হলে সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। এতে হয়তো রোগের উপসর্গ ও প্রতিকার কিংবা চিকিৎসার মৌলিক বিষয়গুলো থাকতে পারে। আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে এমন গাইডলাইন দেখি। রোগটি সম্পর্কে কেউ একজন জানলে তাঁর মাধ্যমে পাশের জনও সচেতন হতে পারবেন। এতে মৃগীরোগ বিষয়টি যে স্বাভাবিক, সবাই তা জানতে পারবেন। সবাই রোগীদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
ডা. তাবাসসুম হুদা
‘আন্তর্জাতিক মৃগীরোগ দিবস-২০২২: মৃগীরোগ ও এর চিকিৎসা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছেন। মৃগীরোগ সম্পর্কে মানুষের সচেতনতা জরুরি। চিকিৎসা নিলে যে এ রোগ নিয়ন্ত্রণে থাকে, বিষয়টি সবার কাছে পৌঁছে দিতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে বেশির ভাগ রোগী ভালো হয়। আজকের আলোচনায় যে পরামর্শ ও নির্দেশনা এসেছে, সবাই সেটা মেনে চলবে বলে আশা করি।
ফিরোজ চৌধুরী
আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হয়েছি। আলোচনার মাধ্যমে আশ্বস্ত হতে পেরেছি, চিকিৎসায় মৃগীরোগ ভালো হয়। এটি প্রতিরোাধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ। মৃগীরোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দেশেই আছে। আমাদের দেশে উৎপাদিত ওষুধও বিশ্বমানের।
এ অনুষ্ঠান আয়োজনের জন্য সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ এবং আলোচনায় অংশগ্রহণের জন্য সম্মানিত আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি।
সুপারিশ
দ্রুত রোগ নির্ণয়ে চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি
ঝাড়-ফুঁকের মতো অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি এড়িয়ে চলতে হবে
সংজ্ঞাহীন রোগীর ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে হিস্ট্রি নেওয়া প্রয়োজন
বিপজ্জনক স্থানে মৃগীরোগ দেখা দিলে রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে হবে
খিঁচুনি বন্ধ করার জন্য রোগীকে শক্ত করে জড়িয়ে ধরা যাবে না
খিঁচুনি শেষ হওয়ার আধা ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে হাসপাতালে নিয়ে যেতে হবে
রোগীর পাশাপাশি উদ্বিগ্ন পিতা-মাতাকেও কাউন্সেলিং করা জরুরি
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুতই চিকিৎসককে জানাতে হবে
চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না
নিয়মিত ঘুমের পাশাপাশি মদ্যপান-ধূমপানসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পরিহার করা জরুরি
মৃগীরোগে আক্রান্ত ব্যক্তির শর্করা কম খেয়ে এর পরিবর্তে আমিষজাতীয় খাবার বেশি খেতে হবে
আক্রান্ত ব্যক্তির ড্রাইভিং, সাঁতার কিংবা গাছে ওঠার মতো ঝুঁকিপূর্ণ পেশা সাময়িকভাবে পরিবর্তন করা দরকার
মৃগীরোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা প্রয়োজন