করোনায় নজর দিন পুষ্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চ্যুয়াল গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া কয়েকজন।

গত এক যুগে বাংলাদেশ খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় যে অগ্রগতি অর্জন করেছে, তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে দেশের বিপুলসংখ্যক মানুষের আয় কমে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পুষ্টিনিরাপত্তায়। আর এই খাতের উন্নতি করতে হলে কেবল খাদ্য উৎপাদন বাড়ালে হবে না, মানুষের কাছে পৌঁছে দিতে হবে পুষ্টিকর খাবার। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থারও উন্নতি করতে হবে। এ জন্য জোর দিতে হবে শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে।
গতকাল বৃহস্পতিবার ‘খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় করোনার প্রভাব‍: বহু খাতভিত্তিক নীতি ও কৌশল ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। পুষ্টিবিষয়ক নাগরিক সংগঠনগুলোর জোট ‘সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও প্রথম আলো’ আয়োজিত ওই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় পুষ্টি ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা বক্তব্য দেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ও সান কান্ট্রি ফোকাল পয়েন্ট কাজী জেবুন্নেছা বেগম বলেন, সরকার সব ধরনের স্বল্প ও দীর্ঘস্থায়ী পরিকল্পনায় পুষ্টিকে গুরুত্ব দিচ্ছে। করোনার শুরুতে দেশে বোরো ধান কাটা নিয়ে সংকট দেখা দিলে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে হাওরে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। তবে শুধু খাদ্য থাকলেই যে পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে, তেমনটা নয়। বৈঠকে সভাপতি হিসেবে এই মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি কোনো একক বিষয় না। এটি বহুমাত্রিক। তাই আমরা পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করার চেষ্টা করছি।’

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক মো. খলিলুর রহমান বলেন, করোনার সময়ে হাত ধোয়াকে যেমন একটা প্রাত্যহিক চর্চার বিষয়ে পরিণত করা হয়েছে, তেমনি পুষ্টির বিষয়েও সবার জন্য সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।

জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখন আমাদের ফসল ঘরে উঠে গেছে। ফলে খাদ্য বণ্টনকে আমাদের গুরুত্ব দিতে হবে। ঘরে বেশি খাবার থাকলেই হবে না, তা সুষম হতে হবে।’ তিনি বলেন, শুধু সমালোচনা না করে সহযোগিতার দৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন বলেন, করোনার শুরুতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছিলেন না, আর শহরের ভোক্তাদের বেশি দাম দিয়ে খাবার কিনতে হয়েছে। গরিব মানুষের আয় কমে যাওয়ায় তারা খাদ্যের জন্য ব্যয় কমিয়ে দিয়েছে।

দেশে প্রতিবছর ৪০ লাখ মানুষ পানিবাহিত রোগে মারা যায়। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন না থাকা এর মূল কারণ। পুষ্টির যেসব নীতি ও পরিকল্পনা হয়, তাতে নিরাপদ পানির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
হাসিন জাহান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর

প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুমের সূচনা বক্তব্য শেষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আমিনুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘পুষ্টি পরিস্থিতির উন্নতির জন্য আমরা নাগরিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কাজ করি। বাংলাদেশে ২০০-এর বেশি নাগরিক সংগঠন যুক্ত। মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করতে আমরা কাজ করছি।’
বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মোরশেদা চৌধুরী বলেন, ব্র্যাকের একাধিক গবেষণায় করোনার কারণে দেশের বিপুলসংখ্যক মানুষের খাদ্য ও পুষ্টি পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে। একটি গবেষণায় দেখা গেছে, শহরের ৭৫ এবং গ্রামের ৬২ শতাংশ মানুষের আয় কমেছে। তাঁরা এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে প্রথমত সঞ্চয় ভেঙেছেন, প্রাণিজ আমিষ কম খাচ্ছেন।

বেসরকারি সংস্থা আইসিসিওর কর্মসূচিপ্রধান আবুল কালাম আজাদ বলেন, লকডাউনের সময় অনেক গরিব মানুষ শহর থেকে গ্রামে চলে গেছেন। তাঁরা একসময় গ্রাম থেকে শহরে এসে অনেক দিন ছিলেন। এর ফলে তাঁরা কৃষির দক্ষতা হারিয়ে ফেলেন। তাই গ্রামে গিয়ে তাঁরা কৃষিতে ফিরতে পারছেন না। এসব মানুষকে কৃষি ও গ্রামীণ জীবনের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন তিনি।

করোনার কারণে পুষ্টি পরিস্থিতির যে অবনতি হয়েছে, তাতে সবচেয়ে বেশি বিপদে আছে শিশু ও কিশোরেরা। তাদের কথা মাথায় রেখে পুষ্টি কর্মসূচিগুলো তৈরি করতে হবে।
শেখ শাহেদ রহমান, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সূচনা প্রকল্পের চিফ অব পার্টি ও সিএসও ফর সানের মহাসচিব

যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংগঠন ডিএফআইডির প্রতিনিধি এ বি এম ফিরোজ আহমেদ বলেন, সরকার কৃষিনীতির আওতায় পুষ্টিকর খাদ্য উৎপাদনকে উৎসাহিত করছে। তবে কৃষিপণ্যের বাজারজাতকরণের দিকেও গুরুত্ব দিতে হবে। নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব পুষ্টির ওপর পড়ে, তা খেয়াল রাখতে হবে।

ওয়াটার এইড, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, দেশে প্রতিবছর ৪০ লাখ মানুষ পানিবাহিত রোগে মারা যায়। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন না থাকা এর মূল কারণ। পুষ্টির যেসব নীতি ও পরিকল্পনা হয়, তাতে নিরাপদ পানির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এর জন্য আর্থিক বরাদ্দ যাতে থাকে, তা নিশ্চিত করতে হবে। আর বিশুদ্ধ পানি ও স্যানিটেশন-বিশেষজ্ঞদের যুক্ত করতে হবে।

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশের পুষ্টি উপদেষ্টা আমীর হোসেন বলেন, পুষ্টি পরিস্থিতিকে সার্বক্ষণিক তদারকি করতে হবে, যাতে পরিস্থিতির উন্নতি বা অবনতি বোঝা যায়।

উন্নয়ন সংস্থা গেইন, বাংলাদেশের এলএসএফএফ ভ্যালু চেইনের পোর্ট ফোলিও লিড আশেক মাহফুজ পুষ্টি পরিস্থিতির উন্নতির জন্য পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদন ও তার ন্যায্যমূল্য প্রাপ্তির ওপর জোর দেন।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সূচনা প্রকল্পের চিফ অব পার্টি ও সিএসও ফর সানের মহাসচিব শেখ শাহেদ রহমান বলেন, করোনার কারণে পুষ্টি পরিস্থিতির যে অবনতি হয়েছে, তাতে সবচেয়ে বেশি বিপদে আছে শিশু ও কিশোরেরা। তাদের কথা মাথায় রেখে পুষ্টি কর্মসূচিগুলো তৈরি করতে হবে।

করোনার শুরুতে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছিলেন না, আর শহরের ভোক্তাদের বেশি দাম দিয়ে খাবার কিনতে হয়েছে। গরিব মানুষের আয় কমে যাওয়ায় তারা খাদ্যের জন্য ব্যয় কমিয়ে দিয়েছে।
নাজমা শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক

জাতীয় পুষ্টি সেবার উপকর্মসূচি ব্যবস্থাপক বুলবুল ইসলাম সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পুষ্টিকর খাবার দেওয়াকে অগ্রাধিকার দেন।

কেয়ার বাংলাদেশের নিউট্রিশন লিড নাজনীন রহমান শহরের নিম্নবিত্ত ও অপ্রাতিষ্ঠানিক খাতের পেশাজীবীদের পুষ্টি পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব দেওয়ার ওপরে মত দেন।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।