বিশ্ব কিডনি দিবস
কিডনি সুরক্ষায় জ্ঞানের বিস্তার অপরিহার্য
কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) ও প্রথম আলোর আয়োজনে ‘কিডনি সুরক্ষায় জ্ঞানের বিস্তার অপরিহার্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ৫ মার্চ ২০২২। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই গোলটেবিল আলোচনার সায়েন্টিফিক পার্টনার। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
অংশগ্রহণকারী
জাহিদ মালেক, এমপি
মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ডা. রোবেদ আমিন
লাইন ডাইরেক্টর, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ
সভাপতি, কিডনি ফাউন্ডেশন
অধ্যাপক ডা. এম এ সামাদ
প্রতিষ্ঠাতা ও সভাপতি, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস); বিভাগীয় প্রধান, আনোয়ার খান মেডিকেল কলেজ
কাজী আকরাম উদ্দিন আহমেদ
চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড; ইন্টারন্যাশনাল ডিরেক্টর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
অধ্যাপক ডা. এম এ সালাম
সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজি, সাবেক বিভাগীয় প্রধান, ইউরো-অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ডা. মো. আব্দুল হালিম
অধ্যক্ষ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান
নির্বাহী পরিচালক, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ
অধ্যাপক ডা. রঞ্জিত রঞ্জন রায়
সভাপতি, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ; বিভাগীয় প্রধান, প্রেডিয়াটিক নেফ্রোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ডা. হারিসুল হক
অধ্যাপক, হৃদ্রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; সাধারণ সম্পাদক, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)
গাজী আশরাফ হোসেন লিপু
সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ইকবাল হাবিব
যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্যবস্থাপনা পরিচালক, ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড
আনিসুল হক
কবি, কথাসাহিত্যিক ও সহযোগী সম্পাদক, প্রথম আলো
রেজওয়ান সালেহীন
নির্বাহী পরিচালক, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)
তাফসীর বাশার: সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (মার্কেটিং), এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
সূচনা বক্তব্য
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো
সঞ্চালনা
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম
ক্যাম্পস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় এগিয়ে আসার জন্য। গণমাধ্যম হিসেবে আমাদের প্রধান কাজ হলো, মানুষকে সঠিক তথ্য জানানো। কিডনি রক্ত পরিশোধন করে। কিডনি ঠিক থাকলে শরীর সুস্থ থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে সাবধানে থাকতে হবে। খাবারের ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। প্রতিদিন যদি অন্তত ১৫ মিনিটও হাঁটা যায়, তাহলে শরীর সুস্থ থাকে। বিশেষজ্ঞ আলোচকেরা উপস্থিত আছেন। তাঁদের আলোচনা থেকে কিডনি সুরক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারব।
এম এ সামাদ
আজ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। কিডনি রোগীর হার ব্যাপক। কিডনি বিকল হলে এর ভায়াবহ পরিণতি হয়। কিন্তু প্রথম থেকে সচেতন হলে এ রোগ প্রতিরোধযোগ্য। বিশ্বের ৮৫ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। দুই যুগ আগে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল ২৭তম স্থানে। বর্তমানে সপ্তম। ২০৪০ সালে আসবে পঞ্চম স্থানে। বিশ্বের প্রতি ১০ জনে ১ জন দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। বিশ্বে ১ কোটি ৩০ লাখ মানুষ প্রতিবছর আকস্মিক কিডনি রোগে আক্রান্ত হয়। এর ৮৫ শতাংশ আমাদের মতো উন্নয়নশীল দেশে।
আকস্মিক কিডনি রোগের প্রধান কারণ—ডায়রিয়া, পানিশূন্যতা, বিভিন্ন ধরনের ক্ষত ইত্যাদি। এখন বিশ্বে ২৪ লাখ মানুষ বেঁচে আছে কিডনি সংযোজন ও ডায়ালাইসিসের মাধ্যমে। ২০৩০ সালে এটা প্রায় দ্বিগুণ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০৪০ সালে ৫০ লাখের বেশি রোগী চিকিৎসার অভাবে মারা যাবে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল হয়ে ঘণ্টায় পাঁচজন মারা যায়। কিডনির শেষ চিকিৎসা কিডনি সংযোজন ও ডায়ালাইসিস। এটা এত ব্যয়বহুল যে আমাদের মতো দেশের মানুষের পক্ষে এই চিকিৎসা করা অত্যন্ত কষ্টসাধ্য। কিডনি রোগের একটা ভীষণ খারাপ দিক হলো, প্রাথমিক অবস্থায় বোঝা যায় না। এটা হৃদ্রোগসহ অন্যান্য রোগ বাড়িয়ে দেয়।
আমাদের আশার জায়গা হলো, এই রোগ প্রতিরোধযোগ্য। কিডনি রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ৫০ শতাংশ ভালো হওয়া সম্ভব। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, স্থূলতা, অলস জীবনযাপন, ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যথানাশক ওষুধ বেশি খাওয়া, ডায়রিয়া, বমি, পানিশূন্যতা—এসব সমস্যায় কিডনি রোগ হয়। অথচ এর সবই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। শুধু সাধারণ মানুষ নয়, সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কিডনি রোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। নীতিনির্ধারকদের কিডনি রোগ সম্পর্কে জেনে সঠিক নীতি প্রণয়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের এক হিসাবে দেখা গেছে, ৩ জন কিডনি রোগীর জন্য যে ব্যয় হয়, সেটি দিয়ে ১০ হাজার সাধারণ রোগীকে সেবা দেওয়া যায়।
হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগকে অগ্রাধিকার তালিকায় আনা হয়েছে। কিডনি রোগকেও অগ্রাধিকার তালিকায় আনা জরুরি। প্রত্যেক কিডনি রোগীর বাঁচার অধিকার আছে। এ জন্য কিডনি সুরক্ষা বিমা চালু করার জোর দাবি জানাচ্ছি। আগামী দিনে সবার জন্য কিডনি স্বাস্থ্য নিশ্চিত হওয়ার প্রত্যাশা জানিয়ে শেষ করছি।
হারুন-উর-রশিদ
প্রতিবছর বিশ্বে কিডনি রোগে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এর অধিকাংশই প্রায় ১০০টি নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশের মানুষ। উন্নত দেশে মৃত্যুর সংখ্যা অনেক কম। ২০১০ সালে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ছিল ১৬ শতাংশ। বর্তমানে এটা ২০ শতাংশ। ২০১০ সালে ডায়াবেটিস রোগী ছিল ১০ লাখ। ২০২০ সালে এটা দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখে। উচ্চ রক্তচাপের রোগী ২০১০ সালে ছিল ১ কোটি ৮০ লাখ। বর্তমানে এটা ২ কোটির ওপরে। কিন্তু দুঃখজনক হলো, ৪০ শতাংশ রোগী জানে না যে তাদের ডায়াবেটিস আছে। ৬০ ভাগ রোগী জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। আবার মাত্র ২০ থেকে ১৫ ভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, ৮০ ভাগের তেমন নিয়ন্ত্রণ নেই। আবার মাত্র ২৫ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। বিশ্বের নতুন গাইডলাইন অনুসারে যদি কিডনি রোগ থাকে, তাহলে ব্লাড প্রেশার রাখতে হবে ১২০ বাই ৮০–এর নিচে। আমার মতে, কিডনি রোগ ভয়াবহ নয়। দেশে ২ কোটি কিডনি রোগীর মধ্যে মাত্র দশমিক ৫ শতাংশের কিডনি ফেইলিওর হয়।
দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক আছে। প্রতি ৬ হাজার মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক। এখানকার স্বাস্থ্যকর্মীদের একটু প্রশিক্ষণ দিলে কীভাবে উচ্চতা মাপতে হবে, ওজন কত হবে, ডায়াবেটিস আছে কি না, রক্তচাপ ১২০ বাই ৮০ ঠিক আছে কি না—এসব তাঁরা দেখে লিখে রাখতে পারেন। কারও ইউরিনের অ্যালবুমিন যায় কি না, প্রোটিন যায় কি না, সেটি দেখতে হবে। এতে খরচ হবে ৩০০ টাকা। আন্তর্জাতিক সোসাইটি অব নেফ্রোলজি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড, পায়ের পাতা বা চোখের নিচের অংশ ফুলে যাওয়া, আত্মীয়স্বজনদের মধ্যে কিডনি সংযোজন করা, বেশি ব্যথানাশক ওষুধ সেবন, কবিরাজি ওষুধ—এসব ক্ষেত্রে হ্যাঁ বা নায়ের উত্তর জানতে চেয়েছে। এসব প্রশ্নের উত্তর যদি নেগেটিভ হয়, তাহলে আপনি কিডনি রোগে ভুগছেন না। এসব বিষয়ে সচেতন থাকলে কিডনি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
রঞ্জিত রঞ্জন রায়
জনসংখ্যার ৪২ ভাগ শিশু। তাদের কিডনি রোগ ভিন্ন প্রকৃতির। কোনো কোনো শিশু ত্রুটি নিয়ে জন্ম নেয়। অনেক শিশু অকার্যকর টিস্যু নিয়ে জন্ম নেয়। এসব কারণে শিশুর কিডনি বিকল হতে পারে। এ ক্ষেত্রে ওষুধ খাওয়া, পানিশূন্যতার বিষয়ে খেয়াল রাখা জরুরি। সব ক্ষেত্রে কিডনি সমস্যা দ্রুত শনাক্ত হলে প্রায় ৭০ শতাংশ প্রতিরোধ করা যাবে। একবার মারাত্মক পর্যায়ে চলে গেলে এর চিকিৎসা ব্যয় অনেক বেশি। কিডনি ক্ষতিগ্রস্ত হলেই চিকিৎসা করতে হবে। এটি বাড়তে দেওয়া যাবে না।
অনেক শিশুর হাইপার টেনশন আছে। তাদের রক্তচাপ পরীক্ষা করতে হবে। ডায়ালাইসিস একটা ব্যয়বহুল ব্যবস্থা। ঢাকাসহ অনেক জেলায় এ ব্যবস্থা আছে। কিডনি সংযোজন দীর্ঘমেয়াদি ব্যবস্থা। খরচ চার থেকে ছয় লাখ টাকা। আমাদের কিডনি সংযোজনের মান আন্তর্জাতিক মানের। ১৯৮৬ সালে আমাদের দেশে প্রথম কিডনি সংযোজন করা হয়। গ্রামের ৮ শতাংশ ও শহরের ২০ শতাংশ শিশু মোটা। তাদের অনেকের উচ্চ রক্তচাপ আছে। অনেকে অ্যালবুমিন যাচ্ছে কিন্তু তারা সেটা জানে না। শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে।
ইকবাল হাবিব
আমাদের জানতে হবে আমাদের দেশে কেন হৃদ্, শ্বাসতন্ত্র, পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগ বাড়ছে। সিঙ্গাপুরে প্রত্যেককে প্রতিদিন চার থেকে ছয় কিলোমিটার হাঁটতে হয়। আমাদের নগরীতে একটুও হাঁটতে হয় না। ঘর থেকে বের হলেই যানবাহন পাওয়া যায়। সারা দিনেও হাঁটার প্রয়োজন হয় না। এই প্রক্রিয়ায় যে নগরী গড়ে উঠেছে, সে নগরীর মানুষের হৃদ্রোগ হবে না তো কাদের হবে? নগরীতে পর্যাপ্ত টয়লেট নেই। দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখার জন্য মূত্রনালিতে প্রদাহ হয়ে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে একজন নারীর জন্য এটা কতটা ক্ষতি, একবার ভেবে দেখেছেন?
অনেক দিন আন্দোলন করে আমরা ৫৪টি মাঠ উদ্ধার করেছিলাম। এভাবে হাতিরঝিল উদ্ধার করার মাধ্যমে বুঝেছি, জেনেছি, বিশ্বাস করেছি, করা সম্ভব। এসব জায়গায় যদি কাজ না করা হয়, উদ্যোগ না নেওয়া হয়, তাহলে কিডনি রোগের এ আলোচনা কতটা কাজে আসবে?
আমাদের চেষ্টা থাকা উচিত, মানুষ যেন কিডনি রোগে আক্রান্ত না হয়। এ জন্য সচেতনতা জরুরি। অনেক ক্ষেত্রে গ্রামগঞ্জে রঙিন পানি প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে। যেন কেউ দেখার নেই। সেই পানি পান করলে কিডনি রোগ হতে পারে। আবার মানহীন প্যাকেটজাত খাদ্য নিয়েও কারও চিন্তা নেই। এটা কে দেখবে, কে ঠিক করবে! আপনি আমি আমরা সবাই মিলেই সরকার। তাই এগুলো আমাদের জানতে হবে, সবাইকে জানাতে হবে।
যাদের ডায়াবেটিস হয়নি, তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বসহকারে মনোযোগ দিতে হবে। ২০৫০ সালে প্রায় ৫০ শতাংশ মানুষ নগরীতে বাস করবে। তখন নগরীগুলোতে কী ভয়াবহ চাপ সৃষ্টি হবে, সেটা একবার কল্পনা করুন! অসংক্রামক ব্যাধি নিরসনে নগরীতে প্রয়োজনীয় সংখ্যক টয়লেট, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, পথচারীবান্ধব সড়কব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য ও পানীয় সবার জন্য নিশ্চিত করতে
হবে। তাহলে আমরা কিডনি রোগ থেকে মুক্তি পাব বলে আশা করতে পারি।
রেজওয়ান সালেহীন
২০০৫ সালে ক্যাম্পস যাত্রা শুরু করে। আমরা সচেতনতার কাজ করছি। টাঙ্গাইলে একটি ক্যাম্প করে দেখি যে শতকরা ১৫ থেকে ২০ জনের কিডনি রোগ। তখন আমরা বুঝতে পারি, কিডনি রোগ প্রতিরোধের সবচেয়ে বড় উপায় সচেতনতা। সেখানকার গ্রামের ৫ শতাংশ মানুষ হয়তো জানত যে কিডনি রোগ কী? কিন্তু এখন সেখানে অনেক মানুষের এ রোগ সম্পর্কে ধারণা এসেছে। আবার যাদের কিডনি রোগ হয়েছে, তাদের সেবা দেওয়া আমাদের কাজ।
আনিসুল হক
আমার সবচেয়ে শ্রদ্ধেয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজকের গোলটেবিলে উপস্থিত। এখন দেখা যাচ্ছে, সচেতনতাই আসল। খুবই বেসিক কতগুলো বিষয় পালন করলেই কিডনি রোগ থেকে মুক্ত থাকা যায়। আবার দেখা যাচ্ছে হৃদ্রোগ, ডায়াবেটিস, বেশি ওজন, না হাঁটা বা কাজ না করা—এ সবই কিডনি রোগের গুরুত্বপূর্ণ কারণ। পানি কম খাওয়া, ডায়রিয়া হলে খাবার স্যালাইন না খাওয়া, আবার বেশি পরিমাণে বেদনানাশক ওষুধ খাওয়া—এসব কারণেও কিডনি রোগ হয়। আলোচনায় শুনলাম কী কী করতে হবে। এগুলো আমরা গণমাধ্যমে, কলামে, ভিডিও-অডিও, নাটক, উপন্যাসেও দিতে পারি। যদি উপন্যাসে লেখা হয় যে একজনের কিডনি রোগ হয়েছে, আর কী কারণে আরেকজনের হয়নি, সেটাও হয়তো মানুষের কাজে লাগবে।
বিষয়টি সহজ করে সবার সামনে তুলে ধরতে পারাটা আমাদের জন্য জরুরি। সে জন্যই কিডনি দিবস উপলক্ষে এই আয়োজন। এমন নয় যে আমাকে জানতেই হবে কিডনি কী? কিন্তু যদি জানি কী করতে হবে, আর কী করতে হবে না, তাহলে অনেক রোগ থেকে রক্ষা পাব।
আজকের অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রত্যেকের ইন্টারভিউ আমরা লিখিত ও ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারি। এভাবে যত মানুষকে জানাতে পারব, ততই মানুষ উপকৃত হবে। কিডনি প্রতিরোধে আমরা কী করব, কী করব না—সেটা জানতে পারলে সবার উপকার হবে।
এ কে এম ফজলুর রহমান
কিডনি সুরক্ষায় জ্ঞান বিস্তারের পাশাপাশি নিজেদের জ্ঞান তৈরি করতে হবে। এ ক্ষেত্রে গবেষণা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে গবেষণায় গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশে চিকিৎসকদের গবেষণায় এগিয়ে আশা উচিত। নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞানের বিস্তার জরুরি। নীতিনির্ধারকেরা কিডনি স্বাস্থ্যকে কীভাবে স্বাস্থ্যসেবার মধ্যে নিয়ে আসবেন, সে ক্ষেত্রে তাঁদের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। টেকসই উন্নয়ন অভীস্টের (এসডিজি) ১৭টি গোলের প্রতিটি গোলই কিডনি রোগের জন্য ঝুঁকি তৈরি করে। প্রথম গোল হলো দারিদ্র্য দূরীকরণ। যারা গরিব, তাদের কিডনি রোগ বেশি হয়। এরা এ রোগের চিকিৎসা করতে গিয়ে আরও গরিব হয়ে যায়। শরীরে কোনো ক্ষত হলে বা অসংক্রামক রোগের জন্যও কিডনি খারাপ হতে পারে। স্থূলতা ও পুষ্টির অভাব, দুটোই কিডনি রোগের জন্য দায়ী। আমাদের দেশে কিডনি রোগ নারীদের বেশি হয়, অথচ পুরুষেরা বেশি ডায়ালাইসিস করছে। এখানে নারীদের চিকিৎসায় নিশ্চয়ই বৈষম্য হচ্ছে। আমরা যদি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, তাহলে এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে।
হারিসুল হক
হার্টের সঙ্গে কিডনির একটা সম্পর্ক আছে। যাদের হার্টের সমস্যা হয়, সাধারণত তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। গুরুতর হার্টের রোগীরা বেশির ভাগই কিডনি রোগে আক্রান্ত হয়। কিছু অ্যান্টিবায়োটিকও কিডনি খারাপ করে। ব্যবস্থাপত্র ছাড়া ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এ ক্ষেত্রে কঠোর হতে হবে।
অনেকে বেশি লবণ খান। এটা অবশ্যই বাদ দিতে হবে। কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ প্রতিরোধের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন সচেতনতা।
একটা জাতিকে রোগমুক্ত করতে হলে প্রতিরোধের দিকে যেতেই হবে। যেখানে অস্বাভাবিক অবস্থা দেখা যায়, সেখানে আগে ব্যবস্থা নিতে হবে। একজন মানুষের দিনে কতটুকু তেল, লবণ, পানি লাগে, সেটা আমরা প্রচার করতে পারি। নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটি করলে ক্যানসারের ঝুঁকি কমে এবং গ্যাসট্রিক রোগীর উপশম হয়। সচেতন হলে আমরাই আমাদের রোগ প্রতিরোধ করতে পারব।
গাজী আশরাফ হোসেন লিপু
আমার মা কিডনি রোগী ছিলেন। তিনি মারা গেছেন। তাঁকে চিকিৎসা করাতে করাতে এ বিষয়ে কিছু ধারণা হয়েছে। ব্যথানাশক ওষুধ কিডনির সবচেয়ে বড় ক্ষতির কারণ। কিন্তু আমরা যারা খেলাধুলা করি, আমাদের অনেক ব্যথানাশক ওষুধ খেতে হয়। আশির দশকে আমি আবাহনীর অধিনায়ক ছিলাম। তখন ২০ থেকে ২৫ হাজার মানুষ খেলা দেখতে মাঠে যেত। একবার এমন সময় এল আমি ব্যথায় সামান্য হাঁটতেও পারি না। এর দুদিন পর মোহামেডানের সঙ্গে খেলা। চিকিৎসককে সব বললাম। তিনবেলা ব্যথানাশক ইনজেকশন দিলেন। অসুস্থ অবস্থায় খেললাম। খেলায় জিতলাম। এরপরই হাসপাতাল। আমার দুই পায়ে দুটি ১০ ইঞ্চির ইট দড়ি দিয়ে টানিয়ে দেওয়া হলো।
আমি এখন কিডনি রোগী। দ্বিতীয় ধাপ পার করতে যাচ্ছি। আমি সব সময় কিডনি পরীক্ষা করাতাম। আমি জানতাম কোন রাস্তায় হাঁটছি। তাই কিডনি পরীক্ষা করাতাম। প্রস্রাবে ফোম আছে কি না, সেটাও পরীক্ষা করাতাম। মানুষ যেন কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারে, এর ব্যবস্থা থাকা দরকার। টেলিফোনেও আমরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে পারি। কিডনি রোগের সচেতনতার জন্য বড় তারকা গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
মো. আবদুল হালিম
আমি, আমার সমিতি, চিকিৎসক, প্রসূতিবিদ, নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মী—সবাই কিডনি নিয়ে ভাবছি কি না এটা জরুরি। দুই কোটি কিডনি রোগীর মধ্যে প্রায় এক কোটি নারী। প্রতিবছর এক লাখ নারী গর্ভবতী হন। নারী-পুরুষের মূত্রনালির পার্থক্য থাকার জন্য নারী কিডনি রোগের বেশি ঝুঁকিতে থাকেন। একজন নারী খিঁচুনি ও রক্তক্ষরণ থেকে রক্ষা পেলে তাঁর জীবন বেঁচে যায়। কিন্তু পরবর্তী সময় এই নারী কিডনি রোগে ভুগতে পারেন, উচ্চ রক্তচাপে ভুগতে পারেন। কিন্তু পরবর্তী সময় এসব নারীর অধিকাংশই সঠিক চিকিৎসাসেবা পান না।
অ্যান্টিনেটাল চেকআপের সময় দেখতে হবে তাঁর কী সমস্যা আছে। সে জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। শুধু সাধারণ মানুষের জ্ঞান থাকলে হবে না, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। এ ছাড়া আমাদের কিডনিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে হবে, জ্ঞানের বিস্তার ঘটাতে হবে। কিডনির বিষয়ে নিজে সচেতন হতে হবে। অন্যকে সচেতন করতে হবে।
কাজী আকরাম উদ্দিন আহমেদ
আমি অনেকবার সিঙ্গাপুর গিয়েছি। ওখানে গেলে হাঁটি। প্রায় ৪০ বছর হাঁটছি। জীবনে হাঁটা বন্ধ করিনি। ঢাকা শহরে অনেক সময় হাঁটা যায় না। তখন ছাদে গিয়ে হাঁটি। ৩০ বছর আগে আমার ডায়াবেটিস হয়েছে। এখনো সকালে মাপলে ৭ থাকে। ২০ বছর আগে আমার হার্টের চিকিৎসা হয়েছিল। চিকিৎসক বলেছেন, এখনো হার্ট ভালো আছে।
কোনো একজন মানুষ তার পরিবারের চার–পাঁচজন মানুষকে চালায়। সে নিজে যদি ভালো না থাকে তাহলে পরিবারের মানুষও ভালো থাকবে না।
স্বাস্থ্যবান জাতি দেশের উন্নয়নে ভূমিকা রাখে। ধীরে ধীরে গ্রাম শহর হবে। তখন শহরের ওপর চাপ কমে যাবে। মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের সিএসআর তহবিল থেকে অনেক কিডনি রোগীকে সহযোগিতা করি। ভবিষ্যতেও এ ধরনের কাজে এগিয়ে আসব।
এম এ সালাম
সামগ্রিকভাবে আমাদের একটা স্বাস্থ্য সুরক্ষা বিমা প্রয়োজন। সরকার সবাইকে স্বাস্থ্যবিমার আওতায় আনার চেষ্টা করছে। অতিদরিদ্রদের প্রিমিয়াম সরকার দেবে। ১ লাখ টাকা বিমায় সামান্য প্রিমিয়াম আসবে। তখন সবার বার্ষিক স্ক্রিনিং প্রোগ্রাম হবে। এটা করা সম্ভব হলে যাদের কিডনি রোগ হতে পারে, তারা স্বাভাবিকভাবে চিকিৎসাধীন হবে। বিভিন্ন মুঠোফোন কোম্পানির মাধ্যমে এসএমএস দিয়ে সবাইকে সচেতন করা যেতে পারে। অনেক সমস্যাকে মনে হয় ইউরিনারি ইনফেকশন। সেটা ঠিক না। প্রায় ১০ শতাংশ নারী-পুরুষের মূত্রাশয় অস্থিরতা থাকে। এসব রোগী অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গিয়ে কিডনি রোগে ভোগেন। কিডনির ক্ষেত্রে আমাদের জেনেটিক্যাল গবেষণা প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এর কার্যকারিতা চলছে।
কিডনি ক্যানসারও একটা মারাত্মক অসুখ। এ ক্ষেত্রে ইউরোলজিস্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিডনি সেবায় আমরা সহযোগিতা করতে পারি।
রোবেদ আমিন
আলোচনায় এসেছে, দেশে প্রায় দুই কোটি মানুষ অসুস্থ। কিন্তু ভয়াবহ হলো, এর প্রায় ৮০ শতাংশ জানেই না যে তাদের কিডনি রোগ আছে। আজ যাঁরা এই আলোচনায় উপস্থিত আছি, তাঁদের মধ্যে কতজন কিডনি রোগে আক্রান্ত, সেটা আমরা সবাই জানি না। দেশে এখন ১৪০টি ডায়ালাইসিস সেন্টার আছে। স্বাধীনতার এত বছর পরও কিডনি নিয়ে আমাদের কোনো জাতীয় পরিকল্পনা, কর্মকৌশল ও গাইডলাইন নেই। আটটি বিভাগে নতুন করে আটটি কিডনি সেন্টার করা হয়েছে।
আমাদের সব কাজ হচ্ছে শহরমুখী। সব রোগীকে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। ডায়াবেটিস ও হাইপার টেনশন নিয়ে স্ক্রিনিং চালু আছে। এমন কোনো বয়স গ্রুপ নেই, যারা কিডনি রোগে আক্রান্ত হয়নি। ১০ টাকার স্ট্রিপ দিয়ে কিডনি পরীক্ষা করা যায়। অথচ কাজটি সবক্ষেত্রে হচ্ছে না। আমরা সবাই মিলেই সরকার। আমাদেরই এক জায়গায় বসে করণীয় ঠিক করতে হবে। সবাই একসঙ্গে বসতে পারলে ভালো কিছু করতে পারব।
কিডনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। লাখ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাদের নিজেদের অর্থ ব্যয় করে চিকিৎসা করাতে হয়। কিছুদিন আগে হেলথ ইকোনমিস্টের গবেষণায় দেখা যায়, বাংলাদেশের মানুষ শারীরিক ব্যথার জন্য ওষুধ খেতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে।
আজকের আয়োজন আমাদের দৃষ্টি খুলে দিয়েছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে আসতে হবে—এর কোনো বিকল্প আছে বলে মনে করি না। ঢাকা বায়ুদূষণ বয়াবহ আকার ধারণ করেছে। আমরা খুলনাকে স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। দ্বিতীয় পদক্ষেপ নেওয়া হবে কক্সবাজারে। যদি একটি নগরীকেও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সামনে একটি মডেল তৈরি হবে। এর আলোকে অন্য নগরকে স্বাস্থ্যসম্মত নগরীতে রূপান্তর করতে পারব।
শারফুদ্দিন আহমেদ
দেশে ১৭ কোটি মানুষ। আলোচনায় এসেছে, এর মধ্যে প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাদের অধিকাংশই জানে না, তারা এ রোগে আক্রান্ত। প্রতি ঘণ্টায় পাঁচজন কিডনি রোগে মারা যাচ্ছে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। বিনা মূল্যে কমিউনিটি ক্লিনিকে ডায়াবেটিসের বড়ি দেওয়া হয়। দেশের মানুষকে কিডনি, হাইপার টেনশন ও ডায়াবেটিস পরীক্ষার জন্য উদ্বুদ্ধ করতে পারি। এর মাধ্যমে আমরা একটি তথ্যভান্ডার তৈরি করব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে উদ্যোগ নেব।
অনেকে খুব বেশি পানি পান করে, আবার অনেকে পরিমাণের তুলনায় অল্প পান করে। দুটোই কিডনির জন্য ক্ষতি। সবাইকে বলা দরকার, প্রতিদিন দুই থেকে তিন লিটারের বেশি পানি পান করার প্রয়োজন নেই।
প্রতিদিন পরিমিত খাদ্য, ব্যায়াম, জীবন যাপন করতে হবে। অসুস্থ মানুষ কিন্তু পরিবার ও রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারে না। এ জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রায় ১ হাজার ৭০০ জন কিডনি বিশেষজ্ঞের জায়গায় আমাদের আছে মাত্র ২৬২ জন। এ বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করতে হবে। দেশের ৫ শতাংশ মানুষের প্রি–ডায়াবেটিস আছে। এসব মানুষের যেন ডায়াবেটিস না হয়, তার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। যাদের করোনা হয়েছিল তাদের হার্ট, লাং, কিডনি পরীক্ষা করাতে হবে।
আমাদের কিছু পরিকল্পনা দরকার। ৫০ বছরে বাংলাদেশে স্বাস্থ্যবিমা হলো না। গণমাধ্যম এসব ব্যাপারে মানুষকে সচেতন করতে পারে। যেকোনো কারণে ব্যথা হলেই মানুষ ব্যথার ওষুধ খেতে থাকে। ভবিষ্যতে ব্যবস্থাপত্র ছাড়া কারও কাছে ওষুধ বিক্রি করা যাবে না। আমরা কী খাই—এই শিরোনামে আমরা একটি গবেষণা করেছি। ১৪ মার্চ সবাইকে সেটা জানানোর পরিকল্পনা রয়েছে। ক্যাম্পস, এসকেএফসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
জাহিদ মালেক
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ক্যাম্পস মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত বিজ্ঞ আলোচকদের অভিনন্দন জানাচ্ছি। ১৭তম কিডনি দিবসের প্রতিপাদ্য, ‘কিডনি হেলথ ফর অল ব্রিজ দ্য নলেজ গ্যাপ টু বেটার কিডনি কেয়ার’। সাধারণ মানুষকে যদি এই রোগের পরিণতি, প্রতিরোধের কারণ জানানো যায়, অনেক মানুষের কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। ক্যাম্পসের আজকের এই আয়োজন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
বিশ্বব্যাপী কিডনি রোগ বাড়ছে। দুই যুগ আগে কিডনি রোগ ২৭তম অবস্থানে ছিল। বর্তমানে সপ্তম। ধারণা করা হচ্ছে, ২০৪০ সালে এটা পঞ্চম স্থানে আসবে। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এর চিকিৎসার ব্যয় এত বেশি যে ১০ শতাংশ রোগী তা চালাতে পারে না।
কিডনি সংযোজন ও ডায়ালাইসিস করতে গিয়ে আমাদের মতো উন্নয়নশীল পরিবারের বেশির ভাগ রোগী নিঃস্ব হয়ে যায়। অথচ খাদ্যাভ্যাস পরিবর্তনসহ একটু সচেতন হলে এই রোগ ৫০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। এ রোগ প্রতিরোধ করতে হলে এর কারণ, পরিণতি ও প্রতিরোধের উপায় জানতে হবে।
কিডনি রোগে চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করে সরকারি হাসপাতালগুলোয় কম খরচে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব জনগণকে এ রোগ সম্পর্কে সচেতন হতে হবে।
স্বাস্থ্যসংশ্লিষ্ট সবাইকে কিডনি রোগ প্রতিরোধের দায়িত্ব নিয়ে মানুষকে সচেতন করতে হবে। নীতিনির্ধারকদেরও এ বিষয় জানতে হবে। তাহলে তাঁরা সঠিক নীতিমালা প্রণয়ন করতে পারবেন। (ভিডিও বার্তায় দেওয়া বক্তৃতা)
তাফসীর বাশার
আজকের আলোচনা থেকে জানলাম কিডনি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। মার্চের ১০ তারিখ বিশ্ব কিডনি দিবস। তাই এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মাসব্যাপী সচেতনতার কাজ করছে। সামাদ স্যারসহ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। ভবিষ্যতে আপনাদের যেকোনো উদ্যোগে পাশে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ।
ফিরোজ চৌধুরী
আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবার অনেক পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। নীতিনির্ধারণী পর্যায় থেকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশা করি।
সুপারিশ
কিডনি রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কিডনি সুরক্ষাবিমা চালু করা জরুরি।
প্রাথমিক অবস্থায় কিডনি রোগ শনাক্ত হলে ৫০ শতাংশ ভালো হওয়া সম্ভব। কিডনি রোগের শুরুতে শনাক্তের উদ্যোগ নিতে হবে।
হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগের মতো কিডনি রোগকেও অগ্রাধিকার তালিকায় আনা প্রয়োজন।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে সাবধানে থাকতে হবে।
নগরীতে প্রয়োজনীয় সংখ্যক টয়লেট, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, পথচারীবান্ধব সড়কব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পানীয় নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিদিন নিয়মিত হাঁটতে হবে।
কিডনি রোগের চিকিৎসা ব্যয় কমানো জরুরি।
আগামী দিনে সবার জন্য কিডনি স্বাস্থ্য নিশ্চিত করা দরকার।
অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ও ব্যাথানাশক ওষুধের ব্যবহার বন্ধ করতে হবে।
অপ্রয়োজনে ব্যবস্থাপত্র ছাড়া কারও কাছে ওষুধ বিক্রি করা যাবে না।