কুড়িগ্রামের সাফল্য হোক আদর্শ

‘বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত করতে হলে সব অংশীদারকে নিজ নিজ জায়গা থেকে সমন্বিত উপায়ে কাজ করতে হবে। কুড়িগ্রামের সাফল্য হতে পারে সব জেলার জন্য আদর্শ। ‘বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

ঢাকার সুইডেন দূতাবাসের সহায়তায় ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)’ প্রকল্পের আওতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং স্থানীয় পার্টনার আরডিআরএস বাংলাদেশ। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায়, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় ও উপপরিচালক (মহিলাবিষয়ক অধিদপ্তর) শাহানা আক্তার প্রমুখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, ‘বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি কমানোর লক্ষ্যে করণীয় নির্ধারণে কুড়িগ্রামে বাস্তবায়িত জেলা কর্মপরিকল্পনা একটি অনুসরণীয় উদাহরণ। বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে আমরা সবাই একত্রে কাজ করেছি, এবং ভবিষ্যতেও করব। সংশ্লিষ্ট কমিটিগুলোকে সচল রাখা, যুব ফোরাম গঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ইত্যাদির মধ্য দিয়ে আমরা পরিবর্তন আনার চেষ্টা করেছি। এই সব সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বাল্যবিবাহমুক্ত করার যে লক্ষ্য, তা পূরণে সফল হব।’

অতিরিক্ত জেলা পুলিশ সুপার উৎপল রায় বলেন, ‘নিবন্ধন ছাড়াই বিয়ে দিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখতে পাই। বাল্যবিবাহ প্রতিরোধে থানা-পুলিশের সরব ভূমিকা রয়েছে। আমাদের হেল্পলাইন নম্বরে তথ্য পাওয়ামাত্র আমরা দ্রুত সাড়া প্রদানে সচেষ্ট থাকি।’

কুড়িগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা বলেন, ‘অল্প বয়সে বিয়ে দেওয়ার ফলে মেয়েদের জীবনে এক বীভৎস অভিজ্ঞতার সৃষ্টি হয়। এ বিষয়গুলো আমাদের সবার বুঝতে হবে। এ ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো সমাধানের পথে এগোতে হবে। ঝুঁকিপূর্ণ মেয়েদের চিহ্নিত করা একটি অত্যন্ত ভালো উদ্যোগ। তথ্যভান্ডার থাকলে বাল্যবিবাহ প্রতিরোধের কাজ সহজ হয়।’

১৫ বছর বয়সে আমার বিয়ে হচ্ছিল। আমি তখন হতাশ হই কিন্তু মনোবল হারাইনি। পরিবারকে বোঝানোর পর বিয়ে বন্ধ হয়।
সম্পা দত্ত, যুব প্রতিনিধি, রাজারহাট

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় বলেন, ‘সবাই এখন জানে যে বাল্যবিবাহ একটি অপরাধ। এই সচেতনতা আমাদের জন্য একটা প্রাপ্তি। তবে মাঠপর্যায়ে কখনো কখনো বিয়ে সাময়িকভাবে ঠেকানো গেলেও পরবর্তী সময়ে সেই বিয়ে আবার হয়ে যায়। গোপনে নানাভাবে বাল্যবিবাহের ঘটনা এখনো ঘটছে। এটি একটি চ্যালেঞ্জ। বাল্যবিবাহ হওয়ার দুই বছর পর্যন্ত মামলা করার সুযোগ রয়েছে। এই সুযোগ গ্রহণে এগিয়ে আসতে হবে।’ করোনাকালে তথ্য পাওয়াটাও একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।

বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বৈঠকে সূচনা বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের নারী অধিকার ইউনিটের প্রধান মেজবাহুন নাহার।

মেজবাহুন নাহার বলেন, আরডিআরএস বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। প্ল্যান বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএসের মাধ্যমে কুড়িগ্রামে বাস্তবায়িত হচ্ছে বিবিএফজি প্রকল্পের কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে সবার সহযোগিতায় ৭৩টি ইউনিয়নের মধ্যে ৬৩টিকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

মূল প্রবন্ধ পাঠ করেন প্ল্যান বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘কুড়িগ্রামে এ প্রকল্প ২০১৭ সালের এপ্রিলে শুরু হয়। চলবে ২০২২ সালের মে মাস পর্যন্ত। এখন এই প্রকল্পের ফলাফল মূল্যায়নের সময় এসেছে। ’

নজরুল ইসলাম জানান, জেলার ৭৩টি ইউনিয়ন, ৩টি পৌরসভা ও ৬৮৪টি ওয়ার্ডের প্রতিটিতে বাল্যবিবাহ নিরসনে কাজ করা হচ্ছে। ইউনিসেফের তথ্য উল্লেখ করে তিনি জানান, স্বাধীনতার পর ১৯৭২ সালে কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ছিল ৯৩ শতাংশ। গত ৫০ বছরে এই হার নেমে এসেছে ৪৩ শতাংশে।

কুড়িগ্রাম জেলা কাজি সমিতির সভাপতি কাজী নুরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন যদি আরও সজাগ হতো, তাহলে ভালো হতো। উপজেলা প্রশাসনের উচিত কাজিদের নিয়ে প্রতি মাসে সভা করা।

বৈঠকে রাজারহাট থেকে আসা যুব প্রতিনিধি সম্পা দত্ত নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘১৫ বছর বয়সে আমার বিয়ে হচ্ছিল। আমি তখন হতাশ হই কিন্তু মনোবল হারাইনি। পরিবারকে বোঝানোর পর বিয়ে বন্ধ হয়। বর্তমানে আমি কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। সাইকেল চালিয়ে কলেজে আসি। টিউশন করে নিজের পড়াশোনার খরচ চালাই। মা-বাবা যেন মনে করে আমি বোঝা নই, সম্পদ।’

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘শিক্ষকেরা শ্রেণিকক্ষে পাঠদানের সময় বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একধরনের সচেতনতা গড়ে উঠেছে। তবু আমাদের আড়ালে বাল্যবিবাহ হয়ে থাকে, এটা আমাদের স্বীকার করতেই হবে।’

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামন বাবু বলেন, ইউনিয়ন ও গ্রামে গ্রামে নাটক-গানের মাধ্যমে মানুষকে সচেতন করে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এ ধরনের আয়োজনে উৎসাহ কম।

উলিপুর উপজেলার নতুন অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী বলেন, ‘আমরা মনে করি, বিবিএফজি প্রকল্পের কারনে বাল্যবিবাহ কমেছে। তবে প্রকল্পটির সময় বৃদ্ধি করলে ভালো হবে।’

উন্নয়নকর্মী জালাল উদ্দিন বলেন, ‘আমরা অনেকেই জানি বাল্যবিবাহ হলে দুই বছরের মধ্যে মামলা করা যায়। জেলায় এত যে বাল্যবিবাহ হলো, মহিলা অধিদপ্তর বা কারও পক্ষ থেকে কি কোনো মামলা হয়েছে? আমি জানি, হয়নি।’ একটি-দুটি মামলা হলেও বাল্যবিবাহ কমে যেত বলে তিনি অভিমত দেন।

গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী, কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান বাবু প্রমুখ।