আয়োজনে: World Vision, ভার্চ্যুয়াল গোলটেবিল
কোভিড প্রেক্ষাপট: শিশু সুরক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের করণীয়
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও প্রথম আলোর আয়োজনে ‘কোভিড প্রেক্ষাপট: শিশু সুরক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের করণীয়’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় গত ৩০ মে ২০২১। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
অংশগ্রহণকারী
মো. ফরিদুল হক খান, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়
নাছিমা বেগম, এনডিসি
চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
গ্লোরিয়া ঝর্ণা সরকার
সংসদ সদস্য, খুলনা
মো. মুশফিকুর রহমান
মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন
বিমান চন্দ্র বড়ুয়া
অধ্যাপক পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়ালীয়ুর রহমান খান
মুহাদ্দিস, গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
খ্রিস্টোফার অধিকারী
সভাপতি, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ
স্বামী দেবধ্যানানন্দ
সন্ন্যাসী, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা
আকমল শরিফ
কান্ট্রি ডিরেক্টর, ইসলামিক রিলিফ বাংলাদেশ
সুরেষ বার্টলেট
ন্যাশনাল ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
চন্দন জেড গোমেজ
সিনিয়র ডিরেক্টর, অপারেশনস অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
সূচনা বক্তব্য
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম
আমরা চাই সঠিকভাবে শিশুর বিকাশ হোক। নতুন প্রজন্ম হিসেবে তারা এমনভাবে বেড়ে উঠবে, যেন দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম হিসেবে এসব ক্ষেত্রে কাজ করি এবং ভবিষ্যতেও করব। শিশুরা শারীরিক ও মানসিক বিকাশের প্রথম শিক্ষাটা পায় পরিবার থেকে। তাই গুড প্যারেন্টিং খুব জরুরি।
ইদানীং একশ্রেণির শিশু-কিশোর খুব অসহিষ্ণু হয়ে উঠছে। সামান্য কারণে তারা খুনের সঙ্গে পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। এ জন্য সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলা একটা বড় দায়িত্ব।
মসজিদে জুমার দিন ও অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় সভায় ধর্মীয় নেতারা শিশু সুরক্ষার বিষয়টি যদি সামনে আনেন, তাহলে শিশুদের কল্যাণে মানুষ আরও সচেতন হবে।
চন্দন জেড গোমেজ
ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতারা শিশুদের সুরক্ষায় ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকারও শিশুদের বিষয়ে আন্তরিক। এ জন্য আমাদের বিভিন্ন ধরনের নীতি, আইন ও বিধি রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে। ২০১৩ সালের শিশু আইন বাংলাদেশ সরকারের একটি উল্লেখযোগ্য আইন। এ আইনের মাধ্যমে দেশের শিশুরা সুরক্ষা পাচ্ছে। ২০১১ সালের শিশুনীতিতে শিশুকে সব ধরনের সহিংসতা থেকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২০১৫ সালের গৃহপরিচারিকা সুরক্ষা আইনেও শিশু গৃহপরিচারিকাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশে এমন ভালো আইন থাকা সত্ত্বেও কেন আমাদের আলোচনা করতে হচ্ছে যে করোনাকালে আমাদের শিশুরা কেমন আছে?
বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। আমাদের ধর্মীয় নেতারা শিশুদের কল্যাণে কাজ করছেন। ভবিষ্যতে তাঁরা আরও কী করতে পারেন, সে বিষয়ে আজ আমাদের আলোচনা।
৫৬ শতাংশ শিশু, যাদের বয়স পাঁচ বছরের নিচে, তাদের জন্মনিবন্ধন হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী, ৪৪ শতাংশ শিশুর জন্মনিবন্ধন হয়নি। ৫৯ শতাংশ নারী, যাঁদের বয়স ২০ থেকে ২৪ বছর, তাঁদের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। একই সঙ্গে ১৮ বছরের আগেই তাঁরা সন্তানের মা হয়েছেন। এ জন্য নবজাতক ও মাতৃমৃত্যুর হার বেড়েছে। ১ থেকে ১৪ বছরের ৮৯ শতাংশ শিশু কোনো না কোনোভাবে শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হচ্ছে।
বাংলাদেশে প্রায় ১২ লাখ শিশু শ্রমের সঙ্গে জড়িত। করোনার সময় এটা আরও বেড়েছে। বাল্যবিবাহ বেড়েছে ১৩ শতাংশ। করোনাকালে মানুষের আয়–উন্নতি অনেক কমে গেছে। অনেক মানুষ শহর থেকে গ্রামে গেছে, আবার কিছু মানুষ গ্রাম থেকে শহরে এসেছে। দারিদ্র্য বেড়েছে। অভিভাবকদের শিশুর পরিচর্যার ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। পারিবারিকভাবে শিশুরা সহিংসতার শিকার হচ্ছে।
আরেকটা প্রচলিত ধারণা আছে যে না মারলে শিশুরা মানুষ হয় না। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১৯৭২ সাল থেকে এ দেশে কাজ করছে। এখন আমরা বাংলাদেশে ৫৬টি উপজেলায় ও ২৮টি জেলায় শিশুদের নিয়ে কাজ করছি। এসব করতে গিয়ে আমরা সবার সহযোগিতা পাচ্ছি।
আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। ২০১৯ সালে ৪ হাজার ৮৭১ জন ও ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ৬ হাজার ২০ জন ধর্মীয় নেতাকে শিশু সুরক্ষায় প্রশিক্ষণ দিয়েছি। ঢাকার বারিধারা এলাকার একজন ইমাম মোহাম্মদ গোলাম মোস্তফা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রায় ১০ হাজার পরিবারের শিশুদের সুরক্ষায় বিশাল অবদান রেখে যাচ্ছেন। এসব পরিবার মেয়েদের যেন ১৮ বছরের আগে বিয়ে না দেয়, এ বিষয়ে সচেতন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের নিয়েও যদি আরও সমন্বিতভাবে কাজ করা যায়, তাহলে আমাদের শিশুদের আরও উন্নতি হবে। জাতীয় মানবাধিকার কমিশন থেকেও অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু আরও সমন্বিতভাবে করলে শিশুদের কল্যাণে অনেক অগ্রগতি হবে।
আজকের আলোচনায় ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আছেন। তিনিসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব সারা দেশের শিশুদের জন্য একটা বরাদ্দের ব্যবস্থা করতে, যেন তাদের আর পথে না থাকতে হয়।
ওয়ার্ল্ড ভিশন সারা দেশে শিশুদের নিয়ে কাজ করে। সে ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের একটা সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) থাকলে সব সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করতে সুবিধা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায়ও বসতে পারি।
মো. ফরিদুল হক খান, এমপি
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের প্রতি শিশু সুরক্ষায় আমাদের মন্ত্রণালয় থেকে বিশেষ দিকনির্দেশনা রয়েছে। এসব ব্যক্তি স্থানীয় এলাকায় থাকেন। মানুষ তাঁদের বেশি সম্মান ও মূল্যায়ন করে। এ জন্য জুমার নামাজের সময় মসজিদের খতিব ও ইমামরা ও অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাঁদের ধর্মীয় সভায় যদি শিশু সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে সমাজে এর একটা ভালো প্রভাব পড়বে।
আমাদের ইমাম প্রশিক্ষণ কর্মশালা রয়েছে। এসব কর্মশালায় আমরা ইমামদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত বিভিন্ন সভায় এ আলোচনার কথা বলা হয়েছে। দেশের ওয়াজ মাহফিলগুলোয় সম্মানিত বক্তারা যেন শিশু সুরক্ষার বিষয়ে আলোচনা করেন, সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।
দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। টেলিভিশনের স্ক্রলে যদি এ বিষয়ে সচেতনতামূলক কিছু প্রচার করা হয়, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আশা করি। ধর্মীয় নির্দেশনার আলোকে শিশু সুরক্ষার জন্য নাটক, নাটিকা বা ডকুমেন্টারি প্রচার করা যেতে পারে। এটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
নারায়ণগঞ্জ, সাভারসহ ইপিজেড এলাকায় শিশুশ্রম বেশি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এসব এলাকায় কাজ করার উদ্যোগ নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অনেক বেশি সংবেদনশীল। তিনি শিশুদের জন্য অনেক কিছু করছেন। ২০১৩ সালে তিনি শিশুদের জন্য আইন করেছেন। এ আইনের মাধ্যমে শিশুরা সার্বিকভাবে সুরক্ষা পাচ্ছে।
স্বামী দেবধ্যানানন্দ
দরিদ্র পরিবারের শিশুরা বেশি সমস্যায় রয়েছে। স্বাস্থ্য, মানসিক ও আধ্যাত্মিক—এই তিন পর্যায়ে কাজ করলে শিশুদের বিকাশ হবে বলে আমি মনে করি। একটা পরিবারকে সহযোগিতা দিলে সে পরিবারের শিশুরাও সুরক্ষা পায়। ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে ২ হাজার ৫০০ পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। দেশে ১৪টি রামকৃষ্ণ মিশন রয়েছে। এসব জায়গা থেকেই সহায়তা দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশন থেকে স্কুল পরিচালনা করা হয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এ স্কুলের বেতন নেওয়া হয়নি।
আমাদের চাঁদপুর ও টাঙ্গাইলের কেন্দ্র থেকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং এলাকা থেকে শিশুদের জন্য একটা অনলাইন
কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে একটা পত্রিকা বের হয়, সেখানে শিশুদের লেখার পাতা থাকে। এসব
কাজ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতা করে।
আমরা যাঁরা ধর্মীয় প্রতিনিধি, তাঁদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আমাদের আচরণ, চিন্তাভাবনা ও কাজে–কর্মে যেন সব সময়
সততা ও ন্যায়নিষ্ঠতা প্রকাশ পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের নিজের ভালো চিন্তা করতে হবে আবার অন্যের মঙ্গলের কথা ভাবতে হবে। তা না হলে আমাদের প্রতি সমাজের আস্থা থাকবে না। মা–বাবার প্রকৃত শিক্ষার অভাবে প্যারেন্টিংয়ের সমস্যা রয়েছে। শিক্ষার অভাবে দেশে বাল্যবিবাহ হয়। কোনো শিশু যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। শিশুদের মারপিট করা খুবই অন্যায়। এটা ধর্মবিরুদ্ধ কাজ।
খ্রিস্টোফার অধিকারী
শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুদের যত্ন নেওয়া মানে নিজেদের যত্ন নেওয়া। তাদের সুরক্ষার ব্যাপারে সর্বস্তর থেকে কাজ করতে হবে। সব ধর্মে শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিশুরা হচ্ছে সৃষ্টিকর্তার একটা পবিত্র উপহার। সৃষ্টিকর্তা আমাদের এই উপহার দিয়েছেন যেন আমরা এর যত্ন নিই। তাদের সুরক্ষা নিশ্চিত করি।
খ্রিষ্টধর্মে আছে, স্বর্গে যেতে হলে সবাইকে শিশুর মতো নিষ্পাপ হতে হবে। শিশুকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। শিশুদের এমন শিক্ষা দিতে হবে, তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। বিভিন্ন ধর্মের মধ্য দিয়ে এই মূল্যবোধ আমরা ছড়িয়ে দিতে পারি। কেন্দ্র থেকে শুরু করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের একটা নেটওয়ার্ক রয়েছে।
১০ জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রায় ৬০ হাজার মানুষ রয়েছে। এর মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে। আমরা চেষ্টা করি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এ ক্ষেত্রে আমাদের নীতিমালা রয়েছে। আজকের আলোচনায় যেসব পরামর্শ এসেছে, সেগুলোর মাধ্যমে আমরা সেবা দিতে চেষ্টা করব। কোনো শিশু যদি কোথাও কোনো সহিংসতার শিকার হয়, তাহলে আমরা যেন সেটা দ্রুত জানতে পারি এবং সবাই মিলে তার প্রতিকার করার চেষ্টা করি।
বিমান চন্দ্র বড়ুয়া
সুন্দর জীবন গঠনের জন্য বুদ্ধ পাঁচটি নীতির কথা বলেছেন। এটাকে আমরা বলি পঞ্চনীতি। সুশৃঙ্খল ও সুন্দর জীবনের জন্য এই পঞ্চনীতি অত্যন্ত প্রয়োজন। পঞ্চনীতির মধ্যে রয়েছে প্রাণী হত্যা, চুরি করা, ব্যভিচার, মিথ্যা বলা ও মাদকজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এসব বিষয় থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের অনেক শিশু মাদকাসক্ত। অনেকে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তারা এই পঞ্চনীতি অনুসরণ করলে শিশুরা একটি সুন্দর জীবন পেতে পারে।
কোভিডের জন্য শিশুরা গৃহবন্দী থাকায় তাদের মধ্যে একঘেয়েমি এসেছে। তাদের ভালো আচরণের মাধ্যমে ভালোবাসতে হবে। আমাদের ধর্মে বলা হয়েছে, সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ প্রচেষ্টা ও সৎ স্মৃতি—এসব অনুসরণ করে যদি আমাদের শিশুদের ভালোবাসি, তাহলে তারা ভালো থাকতে পারবে।
পারস্পরিক বন্ধনের মধ্যে থাকলে সুন্দর জীবন পাবে। আমরা যদি শিশুকে মৈত্রী ও সম্প্রীতির কথা বলি, তাহলে সে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হবে। নিজে থেকেই ভালো থাকার চেষ্টা করবে। আমরা সাধারণত দুই ধরনের কাজ করে থাকি। এক সুকর্ম। দুই দুষ্কর্ম। দুষ্কর্মের পরিণতি কোনো দিনও ভালো হয় না।
নারী ও শিশুর মানসিক বিকাশে যত্নবান হতে হবে। সহিংসতা রোধে বুদ্ধের বাণী অনুসরণ করতে হবে। পরিবারের সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে। ছেলে-মেয়ের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। দারিদ্র্য বিমোচনে সহযোগিতা করতে হবে। সবাই সম্মিলিতভাবে সুখে থাকার চেষ্টা করতে হবে।
নাছিমা বেগম, এনডিসি
শিশুরা প্রায়ই যৌন হয়রানির শিকার হয়। এ ক্ষেত্রে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রতিটি ধর্মেই সত্য কথা বলা, নৈতিক মূল্যবোধসহ মানবতার কথা বলা হয়েছে। আজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে। শিশু বয়স থেকেই তারা উশৃঙ্খল হচ্ছে। এমন কিছু গেম আছে, যেটা তাদের মূল্যবোধকে নষ্ট করে।
পরিবারেই শিশুদের নৈতিক ও মূল্যবোধের শিক্ষা হয়। আজকের আলোচনায় গুড প্যারেন্টিংয়ের কথা এসেছে। এটা অত্যন্ত জরুরি। ধর্মীয় প্রতিষ্ঠানেও অনেক সময় আমরা অনৈতিক কাজের খবর দেখি। ধর্মীয় নেতারা হবেন সমাজের আদর্শ। তাঁদের খারাপ কাজ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এসব বিষয়ে তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
কোভিডকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। আগামী জানুয়ারিতে এর প্রতিবেদন দেব। এ ক্ষেত্রে আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। বাল্যবিবাহ আমাদের জন্য কখনোই কাম্য নয়। এর মাধ্যমে তার মানবাধিকারকে বাদ দেওয়া হয়।
সব ধর্মে শিশুদের প্রতি সৎ আচরণের কথা বলা হয়েছে। শিশুরা যেন ভুল পথে পরিচালিত না হয়, মাদকাসক্ত না হয়, যৌন হয়রানির শিকার না হয়, তারা যেন লেখাপড়া শিখে ভালো মানুষ হতে পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। কোথাও কেউ নির্যাতনের শিকার হলে মানবাধিকার কমিশন সে ব্যাপারে ভূমিকা রাখে। শিশুদের সুরক্ষার জন্য আমাদের একটি আলাদা কমিটি আছে।
মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, তাঁর মন্ত্রণালয় থেকে ডে–কেয়ার সেন্টার করার সময় যেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সঙ্গে রাখেন। চন্দন জেড গোমেজ শিশুদের জন্মনিবন্ধনের বিষয়টি আলোচনায় এনেছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছি। একজন অভিভাবক তাঁর সন্তানের জন্মনিবন্ধন করতে গেছেন। তখন ওই অভিভাবককে জন্মনিবন্ধন করতে বলা হয়েছে, তখন তঁার মা–বাবার জন্মনিবন্ধনের আইডি চাচ্ছেন। তঁার বাবা মৃত এবং তাঁদের জন্মনিবন্ধন হয়নি। আমি এটা সংশোধন করার অনুরোধ করেছি। যাদের পরিচয়পত্র আছে, তাদের আর জন্মনিবন্ধনের দরকার নেই। এমনভাবে আইনটি সংশোধন করা প্রয়োজন।
প্রতিবন্ধী মানুষদের জন্য বলেছি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন যেকোনো একটি থাকলে প্রতিবন্ধিতা রেজিস্ট্রেশন করতে পারবে। এ বিষয়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী উদ্যোগ নেবেন বলে আশা করি।
ওয়ালীয়ুর রহমান খান
ইসলামের পাঁচটি মৌলিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা, ধর্ম ও বিশ্বাসের নিরাপত্তা, সম্পদের সংরক্ষণ, বিবেক–বুদ্ধির সংরক্ষণ ও ইজ্জত–সম্মানের সংরক্ষণ। ইসলাম শিশুর প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। শিশুর যেন শারীরিক, মানসিক অধিকার সুরক্ষিত থাকে, তার প্রতিভার বিকাশ ঘটে, তার মধ্যে যেন জ্ঞান, আদব-লেহাজ, একতা, সত্যবাদিতা, সততা, আমানতদারি সৃষ্টি হয়, সে জন্য আল্লার রসুল জীবনের শুরু থেকেই শিশুদের এসব শিক্ষা দিতে বলেছেন।
দেশে প্রায় ৪ লাখ ৫০ হাজার মসজিদ রয়েছে। সরকারি তালিকায় আছে চার লাখ। এসব মসজিদের ইমাম হলেন স্থানীয় নেতা। তাঁরা যদি কিছু বলেন, তাহলে মানুষ খুব মানে। স্বাস্থ্যবিধি মেনে চলা, শিশুদের ঘরে রাখা, খুব প্রয়োজন না হলে বাইরে না যাওয়া, গেলে মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া—এসব বিষয়ে ইমামরা বলছেন। অজু করার সময় সাবান দিয়ে হাত পরিষ্কার করা যেতে পারে।
কোভিডের সময় মসজিদ–মাদ্রাসাগুলো খোলা ছিল। ঘর হলো শিশুদের প্রথম বিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ধর্মীয় শিক্ষাসহ সব ধরনের শিক্ষা তাদের ঘরে দিতে পারি। শিক্ষার মধ্যে থাকলে তারা খারাপ কাজের সঙ্গে জড়িত হবে না। ইসলামে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে সে ভালা মানুষ হয়ে উঠবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মেয়েদের নিরাপত্তা দেয়, আর আমরা যদি জাকাতের অর্থ থেকে দরিদ্র পরিবারকে সহযোগিতা করতে পারি, তাহলে সমাজে বাল্যবিবাহ কমে আসবে।
গ্লোরিয়া ঝর্ণা সরকার
আমি মনে করি, প্রত্যেক মা–বাবাকে সচেতন হতে হবে। অনেক মা–বাবা জোর করে শিশুকন্যাকে বিয়ে দিচ্ছেন। আমি আমার খুলনা-দাকোপ, বটিয়াঘাটা নির্বাচনী এলাকার কথা বলতে চাই। আমরা অনেক সময় প্রশাসনের সহযোগিতায় কোনো একটা বাল্যবিবাহ বন্ধ করলাম। কিন্তু মা–বাবা অন্য এলাকায় গিয়ে গোপনে তাঁদের মেয়েকে বিয়ে দিলেন। আমাদের সমাজে অনেকে কন্যাকে বোঝা মনে করেন। কিন্তু আমরা দেখি যে মেয়েরাই মা–বাবাকে বেশি সেবা দেন। বিপদে পাশে থাকেন। এই কোভিডের সময় অনেকের কাজ নেই। স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে—সবাই একসঙ্গে দীর্ঘ সময় থাকার ফলে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা মা-বাবার কাছে অনেক কিছু চায়। মা–বাবা সে চাহিদা পূরণ করতে পারেন না। এসব নিয়ে শিশুরা নির্যাতনের শিকার হয়। আবার নারী–শিশু কোনো সহিংসতার শিকার হলে তাদের বিচার পেতে অনেক সময় লাগে।
দৃষ্টান্তমূলক বিচার না হলে সহিংসতা কমানো যাবে না। অমি মনে করি, প্রত্যেক ধর্মীয় নেতা মনিটরিং সেল গঠন করে তাঁর এলাকার শিশু সুরক্ষার দায়িত্ব নিতে পারেন। তাহলে শিশুর অধিকার সুরক্ষিত হবে।
দেশে অনেক পথশিশু আছে। এখনই তাদের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে একদিন তারা আমাদের সমাজের জন্য বিপদ হতে পারে। আমি একজন সাংসদ হিসেবে জাতীয় সংসদে শিশু সুরক্ষার বিষয়ে কথা বলব।
মো. মুশফিকুর রহমান
কোভিডের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিশুরা। তাদের নিয়ে আজকের আলোচনা। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিসেফের এক প্রতিবেদন থেকে দেখা যায়, কোভিডের সময় শিশুরা মানসিক ও শারীরিকভাবে খতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষেত্রে ধর্মীয় নেতাদের গুরুত্ব আছে বলে তারা মনে করে। যেসব বিষয় শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করে, সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। শিশু সুরক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকে। সেদিক থেকে শিশুদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত আইন ও নীতিমালা রয়েছে। এটি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আমাদের ধর্মীয় নেতারা পঁাচটি পদক্ষেপ নিতে পারেন বলে মনে করি। এক. শিশু সুরক্ষায় ধর্মীয় নির্দেশনা ব্যাপকভাবে প্রচার করতে পারেন। দুই. শিশু সুরক্ষায় আমাদের যেসব আইন ও নীতিমালা আছে, তাঁরা তাঁদের বিভিন্ন আলোচনার সময় এ বিষয়ে মানুষকে জানাতে পারেন। তিন. শিশুর বিকাশের প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য ধর্মীয় নেতারা মানুষকে সচেতন করতে পারেন। চার. পরিবার থেকে শিশুরা যেন নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা পায়, ধর্মীয় নেতাদের উচিত পরিবারের অভিভাবকদের এ বিষয়ে সচেতন করা। পাঁচ. সমাজের দরিদ্র মানুষদের কর্মমুখী করার জন্য ধর্মীয় নেতারা তাঁদের উদ্বুদ্ধ করতে পারেন।
দারিদ্র্য দূর করার জন্য জাকাত একটি বড় মাধ্যম। এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে সহযোগিতা করছি। ইসলামিক ফাউন্ডেশন শিশুদের নিয়ে অনেক কাজ করে। কিন্তু কোভিডের জন্য সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রে প্রাক্–প্রাথমিক শিক্ষা কার্যক্রম ছিল। বাংলাদেশের মসজিদের ইমামদের আমরা বনিয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকি। এ প্রর্যন্ত এক লাখের বেশি ইমামকে প্রশিক্ষণ দিয়েছি তাঁরা নিজেরাসহ মানুষদের যেন কর্মমুখী হওয়ার জন্য বলেন। ইউনিসেফের সহযোগিতায় সম্প্রতি ১৬টি জেলায় শিশুদের জন্ম ও জন্মপূর্ব সেবায় কাজ করে যাচ্ছি।
শিশু যখন মায়ের গর্ভে থাকে, তখন মাকে পরিচর্যা করা অনেক বেশি জরুরি। এটি আমরা করছি। ইউনিসেফের সহযোগিতায় আমরা ১৫টি কাজ হাতে নিয়েছি। সেগুলো হলো সন্তান নেওয়ার সঠিক সময় কখন, নিরাপদ মাতৃত্ব, নবাজতকের স্বাস্থ্য, শিশুর বিকাশ, প্রারম্ভিক স্বাস্থ্য, সর্দি-কাশি থেকে মুক্তির জন্য করণীয়, পরিষ্কার–পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, এইচআইভি, মায়ের দুধ খাওয়ানো, পুষ্টি, টিকাদান, ডায়রিয়া, ইনজুরি প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, বিশুদ্ধ পানি পান— শিশুদের কল্যাণে এমন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি।
একজন শিশুর পরিপূর্ণ বিকাশে যা করণীয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সরকারের নিয়মকানুন মেনে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে শিশুদের সামগ্রিক কল্যাণে সমন্বিতভাবে কাজ করতে আমাদের অসুবিধা নেই।
আকমল শরিফ
অমরা বিশ্বের সবচেয়ে বড় মুসলিম বেসরকারি প্রতিষ্ঠান। পৃথিবীর ৫০টির বেশি দেশে কাজ করি। নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্ভর করে একটি সমাজের সংস্কৃতি, পরস্পরের প্রতি বিশ্বাস ও সামাজিক রীতিনীতির ওপর। নারী ও শিশুর প্রতি সহিংসতার অন্য কারণগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য, সামাজিক নিরাপত্তার অভাব, বৈষম্য ও কুসংস্কার। বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার আরও অন্যতম কারণ হলো বাল্যবিবাহ। মেয়েরাই বাল্যবিবাহের বেশি শিকার হয়। ১৫ থেকে ১৮ বছরের মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। আর বাল্যবিবাহের প্রধান কারণ হলো দারিদ্র্য, সামাজিক নিরাপত্তার অভাব।
ইসলাম কোনো ধরনের সহিংসতাকে বৈধতা দেয় না। নারী ও শিশুর প্রতি সহিংসতা একটা জটিল বিষয়। এ ক্ষেত্রে সব সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন। সব সম্প্রদায়ের ধর্মীয় নেতারা যদি একসঙ্গে সমাজে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেন, তাহলে এটা সমাজে একধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে ভালো কাজ করছে।
ওয়ার্ল্ড ভিশনসহ অন্য যারা জেন্ডারভিত্তিক সহিংসতা নিয়ে কাজ করে, তাদের উচিত সব সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা। তাহলে সমাজ অনেক বেশি উপকৃত হবে।
বাংলাদেশে রংপুর জেলায় আমরা বাল্যবিবাহ নিয়ে কাজ করছি। বাল্যবিবাহ প্রতিরোধে এখানে আমরা ধর্মীয় নেতাদের যুক্ত করেছি। আর এই কোভিডের সময় জেন্ডার বেসড ভায়োলেন্স আগের থেকে অনেক বেশি বেড়েছে।
ইমাম ও ধর্মীয় নেতারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁরা সব সময় কমিউনিটির সঙ্গে থাকেন। এসব ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন যদি সার্বিক সহযোগিতা দেয়, তাহলে নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেক কমে যাবে।
সুরেষ বার্টলেট
শিশু সুরক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের ভূমিকার বিষয়ে আজ একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনা থেকে অনেক দিকনির্দেশনা ও পরামর্শ এসেছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়সহ ধর্মীয় নেতাদের অনেক ধন্যবাদ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝুঁকিপূর্ণ শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। সামনের বছর বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পালন করব।
বাংলাদেশ শিশু সুরক্ষায় ভালো ভূমিকা রেখেছে। ৩০ বছর আগে তারা এ বিষয়ে জাতিসংঘ সনদে সই করেছে। তারপরও শিশু অধিকার লঙ্ঘন বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু। শিশুদের একটা বিশাল অংশ খাদ্য, পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা, বিনোদন, নিরাপদ পানি, স্বাস্থ্যবিধিসহ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে না। এসব ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।
গ্রামীণ পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে ওয়ার্ল্ড ভিশন কাজ করতে চায়। সহিংসতার মূল কারণ হলো দীর্ঘদিনের সামাজিক সংস্কৃতি। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, বাল্যবিবাহ। এ ছাড়া শিশুশ্রম, পথশিশুদের বিষয়টিও গুরুত্বপূর্ণ ইস্যু।
আমরা বাসা, স্কুল, কর্মক্ষেত্র—সব জায়গা থেকে ১৮ বছরের নিচে শিশুদের সহিংসতা নিরসন করতে চাই। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। সবাই একসঙ্গে কাজ করলে সব ক্ষেত্রে বাংলাদেশের শিশুদের জীবনমানের উন্নয়ন ঘটবে।
ফিরোজ চৌধুরী
সমন্বয় খুব জরুরি। সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত হবে। এতক্ষণ আলোচনায় অংশগ্রহণের জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সুপারিশ
শিশু সুরক্ষায় যুক্ত সবাই যদি সমন্বিতভাবে সারা দেশের দরিদ্র শিশুদের জন্য একটা বরাদ্দের ব্যবস্থা করেন, তাহলে তাদের আর পথে থাকতে হবে না। এ বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সহিংসতার মূল কারণ দীর্ঘদিনের সামাজিক সংস্কৃতি। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
ওয়ার্ল্ড ভিশন সারা দেশের শিশুদের নিয়ে কাজ করে। এ ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়সহ ইসলামিক ফাউন্ডেশনের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা সমঝোতা চুক্তি থাকলে সব সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করতে সুবিধা হয়।
ধর্মীয় নির্দেশনার আলোকে শিশু সুরক্ষার জন্য নাটক, নাটিকা বা ডকুমেন্টারি প্রচার করা যেতে পারে। এটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
কোনো শিশু যদি কোথাও কোনো সহিংসতার শিকার হয়, তাহলে যেন আমরা সবাই এর প্রতিবাদ করি এবং তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি।
পরিবারেই শিশুদের নৈতিক ও মূল্যবোধের শিক্ষা হয়। এ জন্য প্রয়োজন গুড প্যারেন্টিংয়ের।