জনস্বার্থ মামলা সুশাসনের সহায়ক

জনস্বার্থ মামলার রায় বাস্তবায়ন হলে গণতান্ত্রিক ধারা, সুশাসন ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হয় বলে মত দেন আলোচকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন নিশ্চত করতে আইনের শাসনের বিকল্প নেই। জনস্বার্থ মামলা ও আইনের শাসন পরস্পরের পরিপূরক। গত ২০ বছরে দেশে জনস্বার্থ মামলার সংখ্যাও বেড়েছে। তবে এসব মামলায় বেশির ভাগ ক্ষেত্রে রায় বাস্তবায়ন হয় না। জনস্বার্থের মামলার রায় বাস্তবায়ন হলেই জনগণের স্বার্থ, অধিকার নিশ্চিত হবে।

‘আইনের শাসন জোরদারকরণে জনস্বার্থ মামলার গুরুত্ব’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মানবাধিকারকর্মীসহ জনস্বার্থ মামলা নিয়ে কাজ করা আইনজীবীরা। গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সম্প্রচার সহযোগী ছিল প্রথম আলো।

বৈঠকে জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নের ওপর জোর দিয়ে আলোচকেরা বলেন, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগের দায় হচ্ছে জনস্বার্থ মামলার রায় বাস্তবায়ন নিশ্চিত করা। এ ছাড়া নিম্ন আদালতের বিচারকদের জনস্বার্থ মামলার বিষয়ে প্রশিক্ষিত করা হলে স্থানীয়ভাবে অনেক মামলা নিষ্পত্তি হবে। ফলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। আর জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক ধারা এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

বৈঠকে সভাপ্রধানের বক্তব্যে মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, জনস্বার্থ রক্ষার মূল দায়িত্ব রাষ্ট্রের। আইনের ব্যত্যয় হলে রাষ্ট্রের কাছেই জনগণের দাবি বা আবেদন থাকে। একটি মামলা থেকে সুচারু সমাধান, ন্যায়বিচার নিশ্চিত হলে তা অনেক মানুষের জীবনে সুবিধা ও সমাধান হতে পারে।

সুলতানা কামাল বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনস্বার্থে মামলা করা যত সহজ, তেমনি যেখানে গণতন্ত্র নড়বড়ে, যেখানে মেনে নেওয়ার সংস্কৃতি, সেখানে জনস্বার্থে মামলা করা কঠিন।

পার্বত্য জেলার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামে আদালতের কার্যক্রম ২০০৮-এর আগে এক রকম ছিল। এরপর আরেক রকম হয়েছে। এই পরিবর্তন এসেছে জনস্বার্থবিষয়ক এক মামলার রায়ের কারণে। তিনি বলেন, মারমাদের ভূমি অধিকার রক্ষায় আরেকটি জনস্বার্থ মামলা হয়েছে। সেটিতে তাদের অধিকার সংরক্ষণ হয়েছে। দলিত, অনগ্রসরদের, অধিকারবঞ্চিতদের জন্য জনস্বার্থ মামলা অত্যন্ত চমৎকার কাজে আসে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নারী অধিকার, পাহাড়রক্ষা, পাথর উত্তোলন বন্ধ করা, বন্য প্রাণী সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, ভূমি-শিশু-প্রতিবন্ধী অধিকার—অনেক বিষয় নিয়ে জনস্বার্থে মামলা হয়। জনস্বার্থ নিয়ে আমরা সর্বোচ্চ আদালতে যাই। আদালতই আমাদের শেষ ভরসা।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি, আইনজীবী ও উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন অধিকার রক্ষায় এবং আইন বাস্তবায়নে সরকারের গড়িমসি বা বিরূপ আচরণ দেখে জনস্বার্থ মামলা করে।

আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের স্বার্থ রক্ষায় জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ হাতিয়ার উল্লেখ করে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, আইনের শাসন ও জনস্বার্থের মামলার নাড়ির সম্পর্ক। রাষ্ট্রেরই দায়িত্ব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, জনস্বার্থ মামলার নিষ্পত্তি হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই রায় বাস্তবায়ন হচ্ছে না। জনস্বার্থ মামলার প্রতিটি স্তরে লেগে থাকতে হয়।

আইন বাস্তবায়নে ঘাটতি আছে মন্তব্য করে শামসুল হুদা বলেন, ‘আইনকে যাঁরা বাস্তবায়ন করবেন, সচল রাখবেন, দেখভাল করবেন, এখানেই বড় রকমের গাফিলতি ও ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটি দূর না করলে আইনের শাসন জোরদারে আমরা পিছিয়ে থাকব।’

বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান। জনস্বার্থ মামলা সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি বলেন, অনেকের ধারণা, জনস্বার্থ মামলা সরকারের বিরুদ্ধে ভূমিকা পালন করে এবং সরকারের বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করে। কিন্তু বাস্তবে এ ধারণা ঠিক উল্টো।

আবু ওবায়দুর রহমান বলেন, কোনো প্রতিষ্ঠান তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে না পারলে জনস্বার্থ মামলার মাধ্যমে তাদের সে দায়িত্ব পালন করার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া যায়।

দেশে জনস্বার্থ মামলার ইতিহাস তুলে ধরে আবু ওবায়দুর রহমান বলেন, নব্বইয়ের দশক পর্যন্ত জনস্বার্থ মামলা প্রতিষ্ঠিত কোনো আইনি ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল না। ১৯৯৭ সালে বেলার মহিউদ্দিন ফারুকের করা টাঙ্গাইলের অপরিকল্পিত বাঁধ নির্মাণসংক্রান্ত একটি মামলায় দেশে জনস্বার্থ মামলার আইনগত ভিত্তি তৈরি হয়। তিনি আরও বলেন, ওই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঘোষণা করে, জনস্বার্থের জন্য ক্ষতিকর এমন কোনো ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি প্রতিকার চেয়ে জনস্বার্থে মামলা করতে পারবেন।

জনস্বার্থ মামলায় জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় উল্লেখ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ বলেন, দেশে জনস্বার্থে অনেক মামলার রায় হয়। সেগুলোর অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, অনেকগুলোর আবার হয়নি। জনস্বার্থে মামলার রায়গুলো বাস্তবায়নে আরও জোর দিতে হবে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, আইনের শাসন ও জনস্বার্থ মামলা পরস্পর পরিপূরক। আইনের শাসনের পূর্ণতার জন্যই জনস্বার্থ মামলার প্রয়োজন।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।