গোলটেবিল আলোচনা
ঝুঁকি রোধে সিসার উৎস শনাক্ত করতে হবে
দেশে প্রায় সাড়ে তিন কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সিসা রয়েছে। সিসার বিষক্রিয়ায় বছরে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
বয়স্কদের তুলনায় শিশুদের দেহ চার গুণ বেশি সিসা শোষণ করতে পারে। এ কারণে সিসার ঝুঁকি শিশুদেরই বেশি। অন্তঃসত্ত্বা মায়ের মাধ্যমে ভ্রূণ অবস্থায় শিশু সিসার সংস্পর্শে আসতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। সিসা ঝুঁকির উৎসগুলো শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সব শিশু সুস্থ্–সবল ভাবে বেড়ে উঠবে।
গতকাল সোমবার কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘সিসাদূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধিবলে’ শিরোনামে গোলটেবিলের আয়োজন করে পিওর আর্থ বাংলাদেশ, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন–এসডো, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ও প্রথম আলো।
২৪ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সিসামুক্ত সপ্তাহ পালনের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ‘বাংলাদেশে সিসা বিষক্রিয়া নিয়ে জানা ও সাড়া দেওয়া’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন যৌথভাবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পরামর্শক দিদারুল আলম এবং সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞ মিনজুন কিম। দিদারুল আলম বলেন, খাদ্য ও পানীয়, শ্বাসপ্রশ্বাস এবং চামড়া—এই তিন প্রক্রিয়ায় সিসা মানুষের দেহে প্রবেশ করে। দাঁত ও হাড়ে সিসা ২০ থেকে ৩০ বছর পর্যন্ত অবস্থান করতে পারে। রক্তে সিসার পরিমাণ বেড়ে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বজুড়ে প্রায় ৮০ কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সিসা রয়েছে। এ দেশের শিশুদের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সিসা রয়েছে।
মিনজুম কিম বলেন, বাংলাদেশে সিসার বিষক্রিয়ায় বছরে ৩০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়। কী কী কারণে ও কোন কোন জায়গায় সিসার বিষক্রিয়া ঘটে, তা তুলে এনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
সম্মানিত অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মুন্সি মো. সাদউল্লাহ বলেন, কী কী জিনিসে সিসা রয়েছে এবং কী পদক্ষেপ নিলে সিসার বিষাক্ততা কমানো যাবে, সে সম্পর্কে লোকজনের ধারণা অনেক কম।
পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রাজিনারা বেগম বলেন, সিসাদূষণের ৮০ শতাংশ লেড অ্যাসিড ব্যাটারি থেকে হয় বলে জানা গেছে। তাই ব্যাটারি পুনঃচক্রায়ন খাতকে নিয়মের মধ্যে আনা হবে।
সিসাদূষণ প্রতিরোধে দেশে একটি বিধিমালা করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের আরেক লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন। তিনি বলেন, রক্তে সিসার উপস্থিতির ক্ষেত্রে প্রমাণিত কোনো নিরাপদ মাত্রা নেই। সিসাদূষণ কমাতে সিসার উৎস এবং মানুষের দেহে এর ক্ষতিকর প্রভাব আরও ব্যাপক পরিসরে শনাক্ত করা প্রয়োজন।
পিওর আর্থ বাংলাদেশের প্রতিনিধি মাহফুজার রহমান বলেন, দেশে পেট্রলে সিসামিশ্রিত থাকার বিষয়টি শনাক্ত করে তা বন্ধের পর বায়ুদূষণ উল্লেখযোগ্য হারে কমেছে। সিসাদূষণ রোধে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় বের করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান শানজানা ভরদাজ বলেন, শিশুদের রক্ষা করতে সিসাদূষণ রোধে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার কাজ করতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের দেহে সিসা প্রবেশ করে শিশুকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলে।
সূচনা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সিসাদূষণ রোধে জনসচেতনতা বড় ভূমিকা পালন করতে পারে।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, এখন ৪৫টি দেয়াল রং প্রস্ততকারী প্রতিষ্ঠানকে নিরাপদ সিসার সনদ নিতে হয়। এটা শিল্পপ্রতিষ্ঠান পর্যায়ে রংয়ের ক্ষেত্রেও হওয়া দরকার। কারণ এই রং শিশুদের খেলনা, খেলার জায়গা, রাস্তাসহ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়।
আইসিডিডিআরবির প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান বলেন, ১৪ শতাংশ স্কুলগামী শিশুর রক্তে ১০ মাইক্রোগ্রাম/ ডেসিলিটার এবং ৩১ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর রক্তে ৫ মাইক্রোগ্রাম/ডেসিলিটারের বেশি সিসার উপস্থিতি পাওয়া গেছে। টিন ঝালাই, অন্তঃসত্ত্বা নারীর কারও কারও পোড়ামাটি খাওয়ার অভ্যাস এবং রান্নায় হলুদ ব্যবহার থেকে সিসা ঢুকছে।
বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুণ মিত্র বলেন, সিসামুক্ত রং তৈরির উপকরণে পাঁচ গুণ বেশি খরচ হয়। তাই ওই উপকরণের ওপর শুল্ক কমানো দরকার।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আইনজীবী হাসানুল বান্না বলেন, পরিবেশ, বায়ু, পানি ইত্যাদি প্রতিটি দূষণের সঙ্গে সিসার সম্পৃক্ততা থাকায় সংশ্লিষ্ট খাতগুলোর আইনে সিসার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপকর্মসূচি ব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার সাদাত, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও পিওর আর্থ বাংলাদেশের কমিউনিকেশন লিড মিতালী দাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।