ভার্চু্যয়াল গোলটেবিল
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের স্বাস্থ্যবিমা নীতি ও সম্ভাব্য ব্যবস্থাপনা কাঠামো
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও এসএনভি বাংলাদেশের আয়োজনে ‘তৈরি পোশাকশিল্প শ্রমিকদের স্বাস্থ্যবিমা নীতি ও সম্ভাব্য ব্যবস্থাপনা কাঠামো’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট ২০২১। এ গোলটেবিল বৈঠকের সম্প্রচার সহযোগী ছিল প্রথম আলো। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
অংশগ্রহণকারী
মুজিবুল হক এমপি
সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
মো. শাহাদৎ হোসেন মাহমুদ
মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
সেলিনা আক্তার
মহাপরিচালক, কেন্দ্রীয় তহবিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
এ কে আজাদ খান
সভাপতি, বিএডিএএস
মো. লিয়াকত আলী
পরিচালক, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ও আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক
সৈয়দ আব্দুল হামিদ
অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
মো. নুরুল আমিন
পরিচালক-গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
ফারথিবা রাহাত খান
টিম লিডার, আরএমজি ইনক্লুসিভ বিজনেস প্রোগ্রামস, এসএনভি বাংলাদেশ
নাসরিন সুলতানা
অধ্যাপক ও পরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
সাইফুল আলম মল্লিক
কমপ্লায়েন্স ম্যানেজার (দক্ষিণ এশিয়া), ওসান রিটেইল ইন্টারন্যাশনাল
আ ন ম সাইফুদ্দিন
চেয়ারম্যান, আইএলও ও শ্রমবিষয়ক স্থায়ী কমিটি, বিজিএমইএ
মোহাম্মদ হাতেম
সহসভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)
এম জালালুল আজিম
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লি.
রেজাউল হক
পরিচালক, আরএমজি স্বাস্থ্যবিমা প্রকল্প, গণস্বাস্থ্য কেন্দ্র
সিরাজুল ইসলাম রনি
সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগ। সদস্য, টিসিসি কমিটি (আরএমজি)
আব্দুল কাইয়ুম
সহযোগী সম্পাদক, প্রথম আলো
ফিরোজ চৌধুরী
সহকারী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম
পোশাকশিল্পের কল্যাণে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁরা আমাদের অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখছেন। কর্মীদের স্বাস্থ্য ঠিক থাকলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। এতে মালিকরাই লাভবান হন। শ্রমিক, মালিক, প্রতিষ্ঠান ও সর্বোপরি দেশের স্বার্থে পোশাককর্মীদের স্বাস্থ্যবিমা জরুরি।
আমি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, এসএনভি ও ব্র্যাককে এজন্য ধন্যবাদ জানাই যে, তারা পোশাকশিল্পের কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছে। বিশেষজ্ঞ আলোচকদের কাছ থেকে এ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা আসবে বলে আশা করি। এগুলো বাস্তবায়ন হলে নারী শ্রমিকদের উন্নয়ন হবে।
সৈয়দ আব্দুল হামিদ
তৈরি পোশাকশিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। সম্ভাবনাময় এ খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় ৪২ লাখ মানুষের, বিশেষত নারীদের কর্মসংস্থানের বিশাল এক ক্ষেত্র। বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিও দীর্ঘদিন ধরে ‘তৈরি পোশাক শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা’ পাইলট প্রকল্প পরিচালনা করে আসছে।
গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যবিমায় অংশগ্রহণের ফলে তঁাদের চিকিৎসাসেবা নেওয়া সহজ ও তাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে ও স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত খরচ কমে গেছে। তাছাড়া স্বাস্থ্যবিমায় অংশগ্রহণের ফলে শ্রমিকের অসুস্থতাজনিত অনুপস্থিতি কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু অধিকাংশ পাইলট প্রকল্পের সময়সীমা প্রায় শেষের দিকে হলেও এই প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়ে কোনো নীতিমালা প্রণয়ন ও ব্যবস্থাপনা কাঠামো এখনো তৈরি হয়নি। আর বড় পরিসরে স্বাস্থ্যবিমা বাস্তবায়ন করতে হলে মূলত ব্যবস্থাপনা, অর্থের উৎস নিরূপণ, অভিন্ন স্বাস্থ্য সুবিধা প্যাকেজ প্রণয়ন, অভিন্ন প্রিমিয়াম নির্ধারণ, অভিযোগ প্রতিকার, রেগুলেটরি অ্যান্ড কমপ্ল্যায়েন্সসহ বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া শ্রমিক, মালিক ও সরকারসহ সংশ্লিষ্ট সব মহলের অংশগ্রহণ অপরিহার্য।
২০১২ সালে স্বাস্থ্য খাতে অর্থায়নের জন্য ২০ বছর মেয়াদি কৌশলপত্র তৈরি করা হয়। এই কৌশলপত্রে ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস গঠনের প্রস্তাব করা হয়। এই দপ্তর গঠিত হলে বড় পরিসরে স্বাস্থ্যবিমা বাস্তবায়ন করা সহজতর হবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই ধরনের একটা দপ্তর গঠন করা সময় সাপেক্ষ। তাই চলমান পাইলট প্রকল্পগুলো ধারাবাহিকতা রক্ষা ও পর্যায়ক্রমে তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রতিষ্ঠান/ইউনিট প্রতিষ্ঠা করা জরুরি। এর নাম হতে পারে ‘সোশ্যাল হেলথ ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট ইউনিট (শিমু)’। এই ইউনিটের প্রাথমিক কাজ হবে চলমান পাইলট প্রকল্পগুলো থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা।
এর মধ্যে রয়েছে সব অংশীদারের সমন্বয় সাধন, স্বাস্থ্য সুবিধার প্যাকেজ প্রণয়ন, প্রিমিয়াম নির্ধারণ, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্ধারণ, বিমা কোম্পানি বা টিপিএ নির্ধারণ ইত্যাদি। এছাড়া, িস্কমের ফান্ড সংগ্রহ ও ব্যবস্থাপনা, পুরো িস্কমকে নিরীক্ষণ ও এর গুণগত মান রক্ষা করা। অভিযোগ প্রতিকার করাও হবে এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ। এই প্রতিষ্ঠান একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ও একটি স্টিয়ারিং কমিটির অধীনে পরিচালিত হতে পারে।
তবে ‘সোশ্যাল হেলথ ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট ইউনিট (শিমু)’ প্রতিষ্ঠার কাজটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা জরুরি । এই ওয়ার্কিং কমিটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কেন্দ্রীয় তহবিল, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকতে পারেন।
নাসরিন সুলতানা
দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে স্বাস্থ্যবিমা খুব ভালোভাবে কাজ করছে। তবে তাদের আজকের অবস্থানে পৌঁছাতে অনেক সময় লেগেছে। দক্ষিণ কোরিয়া ১৯৬৩ সালে শুরু করে সারাদেশে স্বাস্থ্যবিমা চালু করতে সময় নিয়েছে প্রায় ৪০ বছর। ঘানা, থাইল্যান্ড ও ফিলিপাইনেও অনেক সময় লেগেছে। আমরা হয়তো হঠাৎ করে বড় কিছু করতে পারব না। আমাদের দেশে শুরুটা তাই ‘শিমু’ গঠনের মাধ্যমে হতে পারে।
এম জালালুল আজিম
প্রায় চার বছর আগে আমরা এসএনভির সঙ্গে তিনটি কারখানায় প্রথম পাইলট প্রকল্প শুরু করি। বেশ সফলভাবে আমরা এ কাজটি করেছি। এখন আরও কয়েকটি কারখানাকে যুক্ত করেছি। এর মাধ্যমে আমরা পোশাকশিল্পের কর্মীদের স্বাস্থ্যসুবিধা দিতে পারছি। এখানে যদি সরকার, বিজিএমইএ ও বিকেএমইএর সহায়তা থাকে, তাহলে এ কার্যক্রমকে সম্প্রসারণ করা সম্ভব।
এটাকে এগিয়ে নেওয়ার জন্য আজকের উপস্থাপনায় ‘শিমু’ গঠনের যে প্রস্তাব এসেছে, সেটা যথার্থ ও সময়োপযোগী। আমরা যদি পোশাকশিল্পের কর্মীদের স্বাস্থ্যসুবিধা দিতে চাই, তাহলে ‘শিমু’র মতো একটা ব্যবস্থা খুবই কার্যকর হবে।
সাইফুল আলম মল্লিক
ওসান বাংলাদেশে প্রায় ২৫ বছর ধরে পোশাক খাতে কাজ করছে। আমাদের একটা ফাউন্ডেশন আছে। এর মাধ্যমে আমরা পোশাক খাতের কর্মীদের স্বাস্থ্যসুবিধার আওতায় আনার পরিকল্পনা করি। এখন গণস্বাস্থ্য কেন্দ্র ও বাংলাদেশ ডায়বেটিক সমিতিকে ( বাডাস ) সঙ্গে নিয়ে ২৫ হাজার কর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। এ দুটো পাইলট প্রকল্প থেকে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা খুব ভালো। প্রকল্পগুলো কীভাবে টেকসই হবে, সেটা নিয়েও আমরা কাজ করছি। পাইলট প্রকল্পগুলোর অভিজ্ঞতার আলোকে ‘শিমু’ গঠনের যে প্রস্তাব এসেছে সেটা খুবই বাস্তবসম্মত। এ ক্ষেত্রে আমাদের একটা জাতীয় নীতিমালা থাকতে হবে।
ডা. রেজাউল হক
পোশাকশিল্প শ্রমিকদের জন্য যদি আমরা স্বাস্থ্যবিমা করতে চাই, তাহলে একটা জাতীয় প্রতিষ্ঠান থাকতে হবে। তা না হলে সমন্বিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়। সেটা ‘শিমু’ বা অন্য কোনো নামেও হতে পারে। কিন্তু কোনো না কোনোভাবে সরকারকে যুক্ত থাকতে হবে। এ লক্ষ্যে আমরা গণস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ব্র্যাক ও এসএনভি সবাই মিলে একটা প্ল্যাটফর্ম গঠন করেছি। একটা জাতীয় নীতিমালা তৈরির চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত।
সিরাজুল ইসলাম রনি
পোশাকশিল্প শ্রমিকদের স্বাস্থ্যের তেমন নিশ্চয়তা নেই। এ জন্য একটা সুন্দর স্বাস্থ্যসেবা নীতিমালা তৈরি করতে হবে। এখন পোশাকশিল্পের অনেক উন্নয়ন হয়েছে; তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে হবে।
বিভিন্ন কারখানায় ডাক্তার আছেন। তবে খুবই অপ্রতুল। ছুটির দিনে তাঁরা বিভিন্ন ক্লিনিকে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। আমরা এসএনভিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছি। শ্রমিকদের স্বাস্থ্যবিমার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, সেটা বুঝেছি। সরকারের সহযোগিতায় একটি কেন্দ্রীয় তহবিল গঠিত হয়েছে। এ তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে শারীরিক অক্ষমতার জন্য এক লাখ টাকা পর্যন্তও দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত শ্রমিকরা স্বাস্থ্যসমস্যায় ভুগছেন। যদি বিমার মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তাহলে বিপুলসংখ্যক শ্রমিক স্বাস্থ্যসুবিধা পাবেন।
এখানে শ্রমিক ও কেন্দ্রীয় তহবিলের অংশগ্রহণ থাকতে পারে। অন্যরাও অনুদান দিতে পারেন। স্বাস্থ্যবিমা চালু নিয়ে আর গড়িমসি করা ঠিক নয়। দ্রুততম সময়ে স্বাস্থ্যবিমা চালু তাঁদের প্রাণের দাবি।
আ ন ম সাইফুদ্দিন
৪২টি প্রচলিত খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত খাত হলো পোশাকশিল্প। সাংসদ ও সাবেক মন্ত্রী মো. মুজিবুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় তহবিল করা হয়েছে। কেন্দ্রীয় তহবিলের নীতিতে সুবিধাভোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবিমা চালু করার বিষয় বলা আছে। কেন্দ্রীয় তহবিল এখন একটা নীতিকাঠামের মধ্যে আছে। আমার প্রশ্ন হলো, ৪২টি প্রচলিত খাতের মধ্যে কেন শুধু পোশাকশিল্প নিয়েই আলোচনা হয়। আইনগতভাবে ও কমপ্লায়েন্সের জন্য আমাদের প্রতিটি কারখানায় স্বাস্থ্যসেবার সুযোগ রাখতে হয়। সেখানে ডাক্তার, নার্স এবং অনেক ক্ষেত্রে ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যসেবার সুবিধা রয়েছে। যেসব কারখানার এ সুযোগ রাখার সামর্থ্য থাকে না, তাদের জন্য ঢাকা ও চট্টগ্রামে অনেক স্বাস্থ্যকেন্দ্র আছে। সেখানে চিকিৎসক, নার্স—সবই আছে।
চট্টগ্রামে আমাদের একটা চলমান হাসপাতাল আছে। আমাদের খাতে কমবেশি সবাই স্বাস্থ্যসেবা পাচ্ছে। প্রচলিত, অপ্রচলিত খাতে প্রায় সাত কোটি কর্মী আছেন। আমাদের ৪০ লাখ কর্মী বরং অন্যদের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসুবিধা পাচ্ছেন। দেশের সব শ্রমিক কীভাবে স্বাস্থ্যসুবিধা পাবেন, সেটা ভাবা উচিত।
মোহাম্মদ হাতেম
আমি দীর্ঘদিন পোশাক খাতে আছি। সব সময় আমাদের ইনস্যুরেন্সের হয়রানি মোকাবিলা করে আসতে হয়েছে। রানা প্লাজা ধসের পরে পোশাক খাতে গ্রুপ ইনস্যুরেন্স চালু হয়েছিল। বেসরকারি ইনস্যুরেন্স খাতে আমাদের চরম তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা ৩০০ শ্রমিকের মৃত্যুজনিত টাকা দিচ্ছিল না। আমরা বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে অনেক চেষ্টা-তদবির করেও খুবই হাস্যকর কিছু কারণে এখন পর্যন্ত ১৫৫ জন মৃত ব্যক্তির বিমা দাবির টাকা পাইনি।
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্যবিমার বিষয়টি এসেছে। কেন্দ্রীয় তহবিল থেকেও তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে। সেখানে নতুন করে ‘শিমু’ গঠনের প্রয়োজন আছে কি না বলতে পারব না। তবে সরকার যদি এটা চায়, সেখানে দ্বিমত থাকার কথা নয়।
এ কে আজাদ খান
আমার সুইজারল্যান্ডের এক বন্ধুর উৎসাহে মাইক্রো হেলথ ইনস্যুরেন্স কর্মসূচি শুরু করেছিলাম। এ ক্ষেত্রে সহযোগিতা করেছে ইনস্যুরেন্স একাডেমি অব সুইজারল্যান্ড। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া আমরা ৫০০ টাকার মধ্যে পুরো বছরের স্বাস্থ্যসেবা দিয়েছি। আমরা রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করে খরচ আরও কমিয়ে ছিলাম। এখানে সমস্যা ছিল অধিকাংশ পোশাককর্মী স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অফিস থেকে সময় পেত না। কর্মীরা খাবার ও বিশ্রামের সময় কীভাবে স্বাস্থ্যসেবা নিতে পারে আমরা সে কৌশল বের ও প্রয়োগ করেছি। মাইক্রো হেলথ ইনস্যুরেন্সে বাণিজ্যিক ইনস্যুরেন্স কোম্পানিকে যুক্ত করলেই প্রিমিয়ামের ওপর ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়, যেটা প্রকল্পের খরচের ওপর চাপ সৃষ্টি করে। তাই সরকারের উচিত এ প্রিমিয়ামের ওপর ভ্যাট মওকুফ করা।
ফারথিবা রাহাত খান
আমরা শুরুতে তিনটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করি। প্রায় ৩০ হাজার কর্মীকে আমরা বিমার আওতায় এনেছি। অনেকের ইনস্যুরেন্স নিয়ে খারাপ অভিজ্ঞতা আছে। এ ধারণা থেকে কীভাবে পোশাককর্মীদের স্বাস্থ্যবিমা করা যায়, সেটা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কয়েকটা কোম্পানি পাইলট প্রকল্প করেছে। এই কোভিডের সময় পোশাককর্মীরা সেখান থেকে ব্যাপক সেবা নিতে পেরেছেন। এটা একটা ভালো দিক। যে পাইলট প্রকল্পগুলো হয়েছে, এর ভালো বিষয়গুলো নিয়ে একটা কার্যকর নীতিমালা করা প্রয়োজন।
সব কর্মীকে আমরা যদি স্বাস্থ্যসেবা দিতে চাই, তাহলে একটা নীতিমালার মাধ্যমে এগোতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএকে বিশেষভাবে অনুরোধ করব একটু গুরুত্বের সঙ্গে বিষয়টি ভাবার জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবে সম্ভব হবে না। কর্মীরা তাঁদের পরিবার ও সন্তানদের নিয়ে যেভাবে ভাবেন, নিজের স্বাস্থ্য নিয়ে সেভাবে ভাবেন না। আমরা কিছু কারখানায় কাজ করেছি, তারা এখন নিজেরাই সব দায়িত্ব নিতে পারছে। আমার চাই সব কারখানা এভাবে সেবার আওতায় চলে আসুক। আমি বিজিএমইএ ও বিকেএমইএকে আবারও বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন, যেন আমরা আপনাদের সহযোগিতা করতে পারি।
মুজিবুল হক এমপি
আমি মনে করি, শুধু পোশাকশিল্প নয়, দেশের সব শ্রমিকের স্বাস্থ্যবিমা থাকা উচিত। প্রত্যেকে তার অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখছে। ওষুধশিল্প, চামড়াশিল্পসহ আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান আছে যারা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অবদান রাখছে। যেকোনো বিষয় নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার জন্য শুধু বিজিএমইএর শ্রমিক কেন আসবে? কেন অন্য খাত নয়?
শ্রম আইনে ৫ শতাংশ লভ্যাংশ শেয়ারিংয়ের ধারা আছে। পোশাকশিল্প এর বাইরে ছিল। তখন পোশাকশিল্পের কর্তৃপক্ষকে বলেছি, আপনারা ৫ শতাংশ দিতে না পারেন, এমন কিছু একটা করেন। তখন তারা ০.০৩ শতাংশ দিয়েছেন, যার সুবিধা কিন্তু পোশাকশিল্পের শ্রমিকরা পাচ্ছেন। এমন অনেক খাত আছে যাদের শ্রমিকরা কোনো সুবিধা পাচ্ছেন না। আমি মনে করি আমাদের এ বিষয়েও চিন্তা করতে হবে।
আমাদের দেশের বিমা কোম্পানির ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে। আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ১০০ শ্রমিক আগুনে পুড়ে মারা যান। আমি নিজে একজন আইনজীবী। প্রয়োজনীয় সব কাগজপত্র ইনস্যুরেন্স কোম্পানিতে জমা দিয়েও শ্রমিকের বিমা দাবির টাকা না পাওয়ায় ইনস্যুরেন্স কোম্পানির মালিক, পোশাকশিল্প কর্তৃপক্ষসহ সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে চেষ্টা করেও অদ্যাবধি শ্রমিকের বিমার টাকা পাওয়া যায়নি। বিমা প্রতিষ্ঠানগুলো সব সময় আইনের ফাঁকফোকর দিয়ে বিমার টাকা না দেওয়ার জন্য সচেষ্ট থাকে। যদি দেশের সব শ্রমিকের স্বাস্থ্যবিমার জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়, সে উদ্যোগের সঙ্গে আমি আছি। ‘শিমু’ গঠনের একটি প্রস্তাব এসেছে। এর সঙ্গে আমার দ্বিমত নেই। কিন্তু যা কিছু করতে হবে সেটা প্রাইভেট ইনস্যুরেন্স কোম্পানিকে বাদ দিয়ে করতে হবে। কেন্দ্রীয় তহবিল থেকে সরাসরি এটা করা যেতে পারে।
মো. নুরুল আমিন
আমরা টাঙ্গাইলের তিনটি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) বাস্তবায়ন করছি। টাঙ্গাইলের অবশিষ্ট নয়টি উপজেলা ও ঢাকা মহানগরীতে এসএসকে সম্প্রসারণের কাজ করছি। বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এর বাস্তবায়ন চলছে এবং প্রতিনিয়ত এ থেকে শিখছি। বিশ্বের অনেক দেশে এভাবে শিখেই তারা স্বাস্থ্যবিমা চালু করেছে। এসএসকের আওতায় তিনটি উপজেলার সরকারি হাসপাতালের মাধ্যমে ভর্তি দরিদ্র রোগীদের ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষাসহ বিনা মূল্যে ৭৮টি রোগের সেবা দেওয়া হয়। যাঁদের ভর্তি হওয়ার প্রয়োজন হয় না তাঁদের কীভাবে সেবা দেওয়া যায় এবং সেবাদানকারী হিসেবে বেসরকারি হাসপাতালকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়—সেটি নিয়েও কাজ করছি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এসএসকে সেল পাঁচ-ছয়জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে এর সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৃথিবীর অন্যান্য দেশে এ কাজের জন্য জাতীয় পর্যায়ের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। যে নামেই হোক না কেন আমাদের দেশেও এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। অনেকে বলেছেন, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। সময় যতই লাগুক আমাদের শুরুটা করতে হবে। সে শুরুটা ‘সোশ্যাল হেলথ ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট ইউনিট (শিমু)’ গঠনের মাধ্যমে হতে পারে। একটা জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কিছু আইনি কাঠামো প্রয়োজন। আমরা ‘স্বাস্থ্য সুরক্ষা আইনের’ খসড়া তৈরি করেছি এবং এটাকে আইনে পরিণত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
মো. লিয়াকত আলী
পাঁচ-ছয় বছর ধরে হেলথ ইনস্যুরেন্স নিয়ে ব্র্যাক কাজ করছে। আমাদের ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতাই আছে। তবে আমি মনে করি সবার সমন্বয়ে পোশাক শ্রমিকদের স্বাস্থ্যবিমার জন্য একটা নীতি প্রণয়ন করা প্রয়োজন। আমরা আমাদের সব ধরনের সহযোগিতা দিয়ে এর সঙ্গে থাকতে চাই। আমরা সরকার, পোশাকশিল্প ও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছি। হেলথ ইনস্যুরেন্সসহ অন্যান্য বিষয়ে কাজ করার জন্য ইতিমধ্যে আমরা বিজিএমইর সঙ্গে চুক্তি করেছি। কেউ স্বাস্থ্যবিমার বিপক্ষে নয়। কিন্তু সব খাতের কর্মীর জন্য যেন স্বাস্থ্যবিমা হয়, সেটা আলোচনায় এসেছে। এ বিষয়টিও ভাবা যেতে পারে। আমরা কাজটি স্বচ্ছভাবে করতে চাই। এ জন্য সবাই এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে পারি। এখানে গোপনীয়তার কিছু নেই। সরকার যদি চায় সবার জন্য হবে, সেটা তো আরও ভালো। কিন্তু শুরুটা তো কোথাও থেকে করতে হবে। আমি মনে করি সে শুরুটা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিয়েই হতে পারে।
সেলিনা আক্তার
শ্রম মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল পোশাকশিল্প শ্রমিকদের কল্যাণের জন্য ২০১৬-১৭ সালে গঠিত হয়। বিজিএমইএ এবং বিকেএমইএর আওতাভুক্ত শ্রমিকদের মৃত্যু বা তঁারা শারীরিক সক্ষমতা হারালে এবং তঁাদের সন্তানদের শিক্ষার জন্য এই তহবিল থেকে অনুদান দেওয়া হয়। আমাদের কাজের মধ্যে গ্রুপ জীবনবিমা ও স্বাস্থ্যবিমার বিষয় আছে। কিন্তু স্বাস্থ্যবিমা আমরা চালু করতে পারিনি। এখন আমরা আর্থিক অনুদান দিয়ে থাকি। নির্দিষ্ট ফরমে বিজিএমইএ এবং বিকেএমইএ আমাদের কাছে তথ্য প্রেরণ করে। আমরা যাচাই-বাছাই করে অনুদান দিয়ে থাকি। এ কাজে যে জনবলের প্রয়োজন, সেটা আমাদের নেই। এটা একটা চ্যালেঞ্জ। আমি এসেছি চার মাস। শুরু থেকে আমি অত্যন্ত নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করছি।
আমরা যদি দ্রুততম সময়ে দাবিগুলো পরিশোধ করতে না পারি, তাহলে এর উদ্দেশ্য ব্যাহত হয়। আমার কাছে মনে হয়েছে প্রচলিত ও অপ্রচলিত খাতে মোট কত শ্রমিক রয়েছেন সে তথ্য আমাদের জানা থাকা প্রয়োজন। ‘শিমু’ নামে একটা প্রস্তাব এসেছে। এখানে অনেক আলোচনার প্রয়োজন আছে। প্রয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া, সমন্বয় করা, টেকসই করা—অনেক বিষয় আছে, এসব নিয়ে ভাবতে হবে।
মো. শাহাদৎ হোসেন মাহমুদ
আজকের এ উদ্যোগ বাস্তবায়নে আমাদের আন্তরিকতার অভাব নেই। এ ক্ষেত্রে যা প্রয়োজন, সেটা হলো সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংগতি এবং কারিগরি দক্ষতার উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট। এসব ঠিক হলে আমরা কেন্দ্রীয় তহবিলের সঙ্গে কাজ করতে পারব। পৃথিবীর কোনো দেশই একসঙ্গে সব কর্মীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে পারেনি। আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আর রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে, যেখানে প্রায় ৪২ লাখ শ্রমিক কাজ করেন। আমরা এখন পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। শিল্প ক্ষেত্রে চীনে পরিবর্তন চলছে। আমরা চেষ্টা করলে পোশাক খাতে এক নম্বর হতে পারি। তাই শ্রমিকদের জন্য কোনো কিছু করার বিষয় এলে পোশাক খাতের শ্রমিকদের বিষয়টিই প্রথমে সামনে আসে। পোশাককর্মীদের নিয়ে আজকের সুন্দর উপস্থাপনায় যে বিষয়গুলো এসেছে, এটা নিয়ে কারও দ্বিমত আছে বলে মনে হয় না। জাতীয় উন্নয়নের স্বার্থে পোশাককর্মীদের স্বাস্থ্যবিমা জরুরি। পোশাকশিল্পের অধিকাংশ কর্মী নারী। এ খাতের উন্নয়ন হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং নারী-পুরুষ বৈষম্য কমে যাবে। ধাপে ধাপে অন্যান্য খাতেও স্বাস্থ্যবিমা চালু করা যেতে পারে। ব্যক্তিগতভাবে আমরা সমগ্র জনগণের স্বাস্থ্যবিমার কথা ভাবছি।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট থেকে টাঙ্গাইলে আমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এ কাজের গবেষণা করেছে। কেন্দ্রীয় তহবিল পোশাকশিল্পের শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা সমন্বিতভাবে এ খাতে বিদ্যমান স্বাস্থ্যবিমা চলমান রাখা ও সম্প্রসারণের কাজটি এখনই শুরু করতে পারি। এ লক্ষ্যে কেন্দ্রীয় তহবিলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রস্তাবিত ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে কথাগুলো বললাম।
ফিরোজ চৌধুরী
বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হলো তৈরি পোশাকশিল্প। এ খাতের কর্মীদের স্বাস্থ্যবিমা জরুরি। এ ক্ষেত্রে সরকার, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে কর্মীদের স্বাস্থ্যক্ষেত্রে সুফল আসবে বলে আশা করি। আলোচনায় অংশগ্রহণের জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
সুপারিশ
■ স্বাস্থ্যবিমার জন্য জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তবে অন্তর্বর্তীকালীন প্রতিষ্ঠান হিসেবে ‘সোশ্যাল হেলথ ইনস্যুরেন্স ম্যানেজমেন্ট ইউনিট (শিমু)’ গঠন করা যেতে পারে এবং প্রথম পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও কেন্দ্রীয় তহবিল যৌথভাবে একটি ওয়ার্কিং কমিটি গঠন করতে পারে।
■ পোশাকশিল্প শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা চালু করার লক্ষ্যে একটা জাতীয় নীতিমালা তৈরি করতে হবে।
■ সফল পাইলট প্রকল্পগুলো থেকে অর্জিত শিক্ষার ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ব্র্যাক, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও এসএনভিসহ এ কাজে অভিজ্ঞদের অংশগ্রহণে এই নীতিমালা তৈরি করা যেতে পারে।
■ পোশাকশিল্প শ্রমিকদের পাশাপাশি অন্য শ্রমিকদের জন্যও স্বাস্থ্যবিমা চালুর বিষয়টি বিবেচনা করতে হবে।