নারী উদ্যোক্তাদের জন্য সিএমএসএমই অর্থায়ন কতটা সহজলভ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘নারী উদ্যোক্তাদের জন্য সিএমএসএমই অর্থায়ন কতটা সহজলভ্য’ শীর্ষক নীতিবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয় রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে, গত ২৬ মে ২০২২। সেই সংলাপের নির্বাচিত বক্তব্য এ ক্রোড়পত্রে প্রকাশ করা হলো।

অংশগ্রহণকারী

মো. মাহবুবর রহমান

চেয়ারম্যন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)

ড. মো. মফিজুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন

মো. জাকের হোসেন

মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক

মির্জা নূরুল গণী শোভন

সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি (নাসিব)

সাফি রহমান খান

পরিচালক, শিক্ষা, স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন, ব্র্যাক

নবনীতা চৌধুরী

পরিচালক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক

জয়দীপ সিনহা রায়

হেড অব অপারেশনস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক

ইশরাত বিনতে রউফ

পলিসি স্পেশালিস্ট, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ব্র্যাক

তাসমিয়া তাবাসসুম রহমান

সহযোগী পরিচালক, দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি), ব্র্যাক

আইরিন খান, নারী উদ্যোক্তা

মহুয়া তামান্না, নারী উদ্যোক্তা

আফসানা, নারী উদ্যোক্তা

শিমা আক্তার, প্রতিবন্ধী নারী উদ্যোক্তা

শিরিন সুলতানা, নারী উদ্যোক্তা

রাবেয়া রহমান, নারী উদ্যোক্তা

সঞ্চালনা

কে এ এম মোর্শেদ

ঊর্ধ্বতন পরিচালক, ব্র্যাক

আলোচনা

কে এ এম মোর্শেদ

কে এ এম মোর্শেদ

সবাইকে আজকের এই নীতিনির্ধারণী সংলাপে স্বাগত জানাই। করোনার সময়ে আমরা সবাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। আমরা আসলে এখন হিসাব করছি, এ সময়টাতে আমরা কী পেয়েছি আর কী হারিয়েছি। অধিকাংশ কার্যক্রম স্থবির হয়ে গেলেও আমাদের কিছু প্রাপ্তিও রয়েছে। বিশেষ করে ই-কমার্স ও এফ-কমার্স ধারণা নতুন একটি মাত্রা পেয়েছে। কিন্তু অর্থায়নে নারী উদ্যোক্তাদের প্রবেশাধিকার, বিশেষ করে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নারীর সমস্যা কমবেশি একই রকম রয়েছে। আলোচনার মাধ্যমে আমরা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ আলোচকেরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ক্ষুদ্র নারী উদ্যাক্তারাও। আমরা সবার কথাই শুনব। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেবেন সফি রহমান খান।

সাফি রহমান খান

সাফি রহমান খান

ব্র্যাক পরিবারের ৫০ বছর পূর্তির এ পথচলায় আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্র্যাক তার সূচনা থেকেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আবার দেশের আগামী দিনের অর্থনীতির কথা বিবেচনায় রেখে বিভিন্ন সময়ে নানা উদ্যোগও গ্রহণ করেছে। এরই উদাহরণ হলো ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি বা এসডিপি। ব্র্যাকের এই কর্মসূচিতে অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা নারী ব্যবসায়ীদের অর্থনৈতিক জ্ঞান ও অর্থনৈতিক সংযুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ব্যবসার জন্য প্রাথমিক ও প্রয়োজনীয় মূলধন গঠন করা নারীদের জন্য একটি বড় বাধা। এসব বাধা দূর করতে প্রয়োজন বাস্তবমুখী নীতিমালা ও কিছু সময়োপযোগী উদ্যোগ।

নবনীতা চৌধুরী

নবনীতা চৌধুরী

নারী উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশাধিকারের বিষয়টি বুঝতে গেলে সম্পদ ও অর্থে তাঁর অধিকার ও নিয়ন্ত্রণ আছে কি না, তা বোঝাও জরুরি। এ বিষয়টি সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে এখন খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। একজন পূর্ণবয়স্ক নারী আনুষ্ঠানিকভাবে ঋণ নিতে চাইলে তাঁকে পুরুষ গ্যারান্টর হাজির করতে হয়। কেন হাজির করতে হয়? এর ভিত্তির জায়গাটি হলো, বেশির ভাগ ক্ষেত্রে নারীর নামে সম্পদ নেই, নারীর নামে জমি নেই, নারীর নামে বাড়ি নেই। তাহলে একজন নারী কী করে সম্পদ জমানত রেখে অর্থ উত্তোলন করে নতুন ব্যবসা শুরু করতে পারেন।

আমরা একটা দীর্ঘ সময় ধরে বলে আসছি, সারা দেশে নারী উদ্যোক্তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অথচ উদ্যোক্তাদের (ক্ষুদ্র, মাঝারি, এমএসএমই) কতসংখ্যক মানুষ সম্পৃক্ত আছেন, তার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান যেমন আমাদের নেই, তেমনি নেই কত শতাংশ নারী। পরিসংখ্যান না থাকায় আমরা জানি না কত শতাংশ নারী উদ্যোক্তা আসলে কোভিডের ধাক্কায় হারিয়ে গেছেন।

আমাদের গবেষণায় দেখা যায়, ২০২০–এর জুলাইয়ের মধ্যে প্রায় ৯৬ শতাংশ উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫০ শতাংশ উদ্যোক্তা জানিয়েছেন, তাঁরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। পরবর্তী সময়ে অর্থায়ন পেলে তাঁরা ব্যবসায় ফিরতে পারবেন। আমরা দেখেছি, ৭০ শতাংশ মানুষ প্রণোদনা প্যাকেজে নারীর অগ্রাধিকার সম্পর্কে জানেন না। এখানে নারীকে অগ্রাধিকার দেওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া লঘু করা হয়নি। প্রক্রিয়াগত জটিলতার কারণে নারীর পক্ষে সুবিধা পাওয়া কতটা সম্ভব হয়, সেই প্রশ্নগুলো থেকেই যায়। সত্যিকার অর্থে নারীর কোনো অ্যাকসেস নেই। আমরা জানি, কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ করা দরকার, কিছু ক্রাইটেরিয়া নারী ও পুরুষের জন্য আলাদা হওয়া দরকার।

জয়দীপ সিনহা রায়

জয়দীপ সিনহা রায়

নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে আমরা একটি পাইলট প্রকল্প করেছি। ২০২০ সাল থেকে পৃথিবীজুড়ে করোনার ধাক্কা স্বাস্থ্য খাতে পড়েছে এবং এর একটি বড় প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। বাংলাদেশে প্রায় ৮৫ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। বাংলাদেশে এক কোটির মতো মানুষ এমএসএমই খাতে জড়িত।

একটি সমীক্ষায় দেখা যায়, করোনার প্রভাব ৮৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর পড়েছে। বাংলাদেশের মতো দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর পড়া এ প্রভাব বাংলাদেশ ও এর অর্থনীতির ওপর একটি বড় ধাক্কা। অনানুষ্ঠানিক খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ৮০ শতাংশ বলছেন, তাঁদের আয় কমেছে। এই গ্রুপের সবচেয়ে নাজুক অবস্থায় আছেন নারী উদ্যোক্তারা।

মহামারিসৃষ্ট অর্থনৈতিক দুর্যোগ থেকে উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে ভাবতে হবে। নারী উদ্যোক্তাদের এ রকম পরিস্থিতিতে কীভাবে খাপ খাওয়াতে হয়, তা দেখিয়েছি। এখানে কিছু দক্ষতা উন্নয়নের দরকার আছে।

নারী উদ্যোক্তাদের অ্যাকসেস টু ফিন্যান্সের নীতি কোনো কোনো ক্ষেত্রে খুবই উপযোগী হলেও চ্যালেঞ্জ দেখা দেয় এর বাস্তবায়নে। মাঠপর্যায়ের এই ঋণ বিতরণের জায়গায় অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের মূল লক্ষ্য ছিল এক হাজার নারী উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন এবং তাঁদের দীর্ঘ মেয়াদে টেকসই আয়ের সঙ্গে যুক্ত করা। আমরা ১ হাজার ৪০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে পেরেছি। আমাদের সমস্যাকে কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। কারণ, বাংলাদেশের যে গ্রুপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সামাজিকভাবেও অনেক পিছিয়ে আছে।

নারী উদ্যোক্তাদের আমরা বিভিন্ন ধরনের সফট স্কিলসের প্রশিক্ষণ দিয়েছি। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যেহেতু ডিসেন্ট ওয়ার্ক ম্যান্ডেট নিয়ে কাজ করে, এই দৃষ্টিভঙ্গি থেকেও আমরা এখানে কাজ করেছি। প্রাযুক্তিক উন্নয়ন আরেকটি দৃষ্টিকোণ। এত দিন কোনো কিছু কেনাবেচা করতে হলে তাঁকে দোকানে যেতে হতো। করোনার পরবর্তী সময়ে ফেসবুক ও ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা অনেক এগিয়ে আসছে। এ বিষয়কে মাথায় রেখে যাঁদের আগে থেকেই ব্যবসা ছিল, তাঁদের ই-কমার্স ও এফ-কমার্সের দক্ষতা উন্নয়ন করা হয়েছে৷ আমরা তাঁদের ব্যবস্থা–ব্যবস্থাপনার প্রশিক্ষণও দিয়েছি।

যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন, তাঁদের ৬২ শতাংশের বিক্রির মাধ্যমে উপার্জন বেড়েছে। তাঁদের গড়ে প্রায় ৮৩ শতাংশ আয় বেড়েছে। প্রকল্পের শুরুতে ৪৩ শতাংশ নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স ছিল। প্রকল্প শেষে দেখা যায়, ৬৩ শতাংশ নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স আছে। আরও ২৮ শতাংশ নারীর ট্রেড লাইসেন্স প্রক্রিয়াধীন।

এখন ৯৯ শতাংশ নারী উদ্যোক্তা ডিসেন্ট ওয়ার্ক সম্পর্কে জানেন। তাঁদের ব্যবসা বা দোকানে কীভাবে আরও নিরাপদে ব্যবসা করতে পারেন, এটা সম্পর্কে তাঁদের ধারণা আছে। আমাদের প্রকল্পের শুরুতে ৫ শতাংশ নারী উদ্যোক্তা কোনোমতে রেকর্ড রাখতেন, হোক টালির খাতায় বা কাগজে–কলমে। কিন্তু তাঁদের ব্যবসার স্বাস্থ্য সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। প্রকল্পের পর ৩৯ শতাংশ নারী উদ্যোক্তা এ বিষয়ে সচেতন হয়েছেন। ৫৫ শতাংশ নারী উদ্যোক্তা আনুষ্ঠানিক বা এমএফআই ঋণের সঙ্গে সংযুক্ত।

তাসমিয়া তাবাসসুম রহমান

তাসমিয়া তাবাসসুম রহমান

নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে সমাজ ও সমাজের চিন্তাধারা প্রধান বাধা তৈরি করেছে। এটি তাঁদের বিনিয়োগ পেতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বিভিন্ন ধরনের ব্যবসায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে। এটা তখনই সম্ভব হবে, যখন বিনিয়োগ পাওয়ার পথ তাঁদের জন্য আরও সহজগম্য হবে। সমাজের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এনজিওগুলোকে কাজ করতে হবে।

ইশরাত বিনতে রউফ

ইশরাত বিনতে রউফ

বাংলাদেশের জিডিপিতে প্রায় ২৫ শতাংশ অবদান রাখে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ) খাত। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮০ লাখ ব্যবসা রয়েছে এবং তার মধ্যে ৯ দশমিক ৯৩ শতাংশ সিএমএসএমই। আর এর মধ্যে আবার ৭ দশমিক ২ শতাংশ হচ্ছে নারীদের দ্বারা পরিচালিত। নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা মূলত তিনটি চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছি—ঋণ গ্রহণ ও পরিশোধের ব্যাংকিং প্রক্রিয়া, অনানুষ্ঠানিক খাত হিসেবে চাওয়া সহযোগিতা এবং বর্তমান যুগে ই-কমার্স ও এফ-কমার্সে কী ধরনের সাহায্য বা পারদর্শিতা তাঁরা প্রত্যাশা করেন।

ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার নারী উদ্যোক্তাদের জন্য অনেক উচ্চ। ঋণ নেওয়ার পর তা পরিশোধ করার সময়সীমা অত্যন্ত কম। অনেক উদ্যোক্তা ঋণ গ্রহণের জটিল প্রক্রিয়ার কথাও বলেছেন। ঋণ গ্রহণের শর্তগুলো নারী উদ্যোক্তাদের সঙ্গে অনেকাংশেই খাপ খায় না। কারণ, ঋণ নিতে হলে

ব্যাংক অ্যাকাউন্ট লাগে, ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্ট লাগে, ট্রেড লাইসেন্স লাগে, আর্থিক বিবরণীপত্র, জমির দলিল এবং বেশির ভাগ সময় পুরুষ গ্যারান্টর নিয়ে আসতে হয়। এ শর্তগুলো মেনে অনেক নারী উদ্যোক্তাই ঋণের আবেদন

করতে পারেন না। এখনো ৩৭ শতাংশ নারী উদ্যোক্তার ট্রেড লাইসেন্স নেই।

সরকার আমাদের সিএমএসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দিয়েছে। আমরা একে অত্যন্ত সাধুবাদ জানাই। নারী উদ্যোক্তাদের ৪৭ দশমিক ৮৪ শতাংশের কাছে এ–সংক্রান্ত কোনো তথ্য ছিল না। আর ৪২ শতাংশ

নারী প্রণোদনা প্যাকেজের কথা শুনেছেন, তবে কোথায় গেলে এটা পাবেন, তা জানতেন না। সুতরাং এটা স্পষ্ট যে এখানে একটা তথ্যের ঘাটতি রয়েছে। ৮০ শতাংশ নারী উদ্যোক্তা আমাদের জানিয়েছেন, তাঁদের বলা হয়েছে, ঋণ পেতে হলে বাসার পুরুষ সদস্য—স্বামী, পিতা কিংবা ভাইকে নিয়ে আসতে হবে।

আমাদের প্রথম সুপারিশ হলো সুদের হার নির্দিষ্ট (সিলিং) করে দেওয়া। কোনো ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে কোনোভাবেই ৭ শতাংশের ওপরে সুদের হারে দিতে পারবে না। ঋণ প্রাপ্যতার শর্তগুলো সহজ করা যেতে পারে। নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে বিরতি (গ্রেস পিরিয়ড) সুবিধা দেওয়া দরকার এবং এ সময়ে কোনো সুদের হার ধার্য করা যাবে না।

প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করা নারী উদ্যোক্তাদের জন্য কষ্টদায়ক। এটি পাসপোর্টের মতো ৫ বা ১০ বছর মেয়াদি করা হলে অনেক সুবিধা হবে৷ মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) দেড় থেকে ২ শতাংশ যে সার্ভিস চার্জ কাটা হয়, তা মওকুফ করা বা মিনিমাম লেভেলে নেওয়া হলে নারীদের সুবিধা হয়। ব্যাংকে ঋণ নেওয়ার সময় যে স্টেটমেন্ট চাওয়া হয়, তাতে এমএফএসের স্টেটমেন্ট গ্রহণের সুপারিশ করছি।

সামাজিক সুরক্ষাবেষ্টনীর আওতায় কিছু নারী উদ্যোক্তাকে আনা যেতে পারে, যাঁরা করোনা–পরবর্তী সময়ে খুবই খারাপ অবস্থায় আছেন। ক্ষুদ্র কুটিরশিল্প সিএমএসএমই নারীদের জন্য ইনস্যুরেন্স সুবিধার প্রয়োজন। আমরা প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণগুলোকে সুদমুক্ত করার সুপারিশ করছি। এমন অনেক নারী আছেন, যাঁদের ঋণ নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। সে ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের ছোট একটি অংশ অনুদানে থাকতে পারে।

ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে নারী উদ্যোক্তাদের যুক্ত করার বিষয়টি বেশ জরুরি। নারীদের দ্বারা পরিচালিত সিএম এসএমই গুলোর একটি জাতীয় তথ্যভান্ডার বা ডেটাবেজ থাকা প্রয়োজন। কমন কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ সার্টিফিকেশন জরুরি। সরকার বা বিশেষ একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে সব প্রশিক্ষণ একই নিয়মে পরিচালিত হতে হবে। আর নারী উদ্যোক্তাদের সুদের হার যদি কমানো হয় এবং ব্যাংকঋণের শর্তগুলো যদি নবায়ন করা হয়, তাহলে ৬৯ দশমিক ৫৫ শতাংশ নারীর এক্সেস টু ফাইন্যান্স বাড়বে। এ ছাড়া ই-কমার্স এবং এফ-কমার্স দক্ষতা উন্নয়নসংক্রান্ত উদ্যোগগুলো নেওয়া গেলে মার্কেট লিংকেজ ৫০ দশমিক ৪৬ শতাংশ বাড়বে। আমাদের প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে নারীদের এক্সেস টু ফাইন্যান্স ৮৮ দশমিক ৫৩ শতাংশ নিশ্চিত করা সম্ভব হবে।

কে এ এম মোর্শেদ

আমাদের সঙ্গে উপস্থিত আছেন কয়েকজন নারী উদ্যোক্তা। এবার আমরা সেই নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতার কথা শুনব।

আইরিন খান

আইরিন খান

আমার বুটিক ব্যবসার বয়স পাঁচ বছর। আমার ব্যবসার শুরুর দিকে কোনো সহায়তা পাইনি। ব্যবসায় আমার স্বামী বা পরিবারেরও খুব একটা সমর্থন ছিল না। ব্যবসার জন্য ক্ষুদ্র ঋণ দেয়, এমন প্রতিষ্ঠানগুলোতে আমি যাই। তারা আমাকে পুরুষ গ্যারান্টর আনতে বলে। আমার স্বামী এতে সম্মত না হওয়ায় আমার পক্ষে ঋণ পাওয়া সম্ভব হয়নি। ব্যাংকের ক্ষেত্রে ঋণ পেতেও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। পরবর্তী সময়ে অবশ্য আমি অন্যভাবে ঋণ পেয়েছি। সে ক্ষেত্রে আমাকে ফিক্সড ডিপোজিটের দলিল দেখাতে হয়েছে।

আফসানা

আফসানা

আমার পরিবার থেকে ব্যবসা করা নিষেধ ছিল। আমি ব্যাংকে গেলে তারা ট্রেড লাইসেন্সের একটা বয়স চায়, একটা বড় লেনদেন চায়, যার বিপরীতে আমাকে ঋণ দেবে। আমি দেখলাম যে ব্যাংক থেকে আমার ঋণ পাওয়ার কোনো আশা নেই। তখন আমি বিভিন্ন সমিতিতে যাই। সেখানে আবার গ্যারান্টর লাগবে। আমার বাবা আমাকে তো ব্যবসাই করতে দেবেন না, গ্যারান্টর হওয়ার প্রশ্নই ওঠে না। পরে আমি একজনকে ব্যবস্থা করে সমিতি থেকেই ঋণ নিই। ব্যবসা বোঝার আগেই পরের মাস থেকে আমাকে ঋণ পরিশোধ করা শুরু করতে হয়। তিন বছর পর আমি আবারও ব্যাংকে যাই, তখনো আমি ঋণ পাইনি।

শিরিন সুলতানা

শিরিন সুলতানা

আমার মুদি ও খাবারের দোকান আছে। আমি একটা ব্যাংক থেকে সাত-আট বছর আগে ঋণ নিয়েছি। আমার মনে হয়েছে, সুদের হার বেশি ছিল। টার্ম লোন করানোর পর আমাকে নিয়মিত লেনদেন করতে বলা হয়। পরে আমি ওই ব্যাংকে আর নিয়মিত হইনি। এরপর আমি একটি এনজিও থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছি। পরে আমি আরেকটি ব্যাংকে যাই৷ তারা আমাকে ঋণ দেবে বলে সব কাগজপত্র জমা নেয়, কিন্তু তারাও আমাকে ঋণ দেয় না। কারণ, পাশের বাড়ির একজন নারীর ঋণ নেওয়ার সময় আমি তাঁর গ্যারান্টর হয়েছিলাম। তিনি সেই ঋণ পরিশোধ করেননি বলে আমাকে আর ঋণ দেওয়া হয়নি।

রাবেয়া রহমান

রাবেয়া রহমান

আমার কাপড় ও টেলিমেডিসিনের ব্যবসা। আমি কখনো ঋণ নিইনি। এ বছর আমি ব্যবসাকে বড় করার জন্য ঋণ নিতে চেয়েছি। আমার স্বামীর বাড়ির ট্যাক্স, গ্যাস বিল পরিশোধ, বিদ্যুৎ বিল পরিশোধের কাগজপত্র ঠিক করার পর কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে নারী উদ্যোক্তা হিসেবে ৪ শতাংশ সুদে ঋণ দেবে বলে জানায়। সব কাগজপত্র টাকা দিয়ে ঠিক করার পর তারা বলে এটা ৮ শতাংশ সুদের ঋণ। তারা বলছে, ৪ শতাংশ হারে ঋণ নিতে হলে যুব থেকে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। সবকিছু করার আগে এটা বললে আমি এত টাকা খরচ করে এত দূর অগ্রসর হতাম না।

শিমা আক্তার

শিমা আক্তার

আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি। আমার একটা পা নাই। আমি ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছি। নিজের চেষ্টায় ব্যবসা করে যাচ্ছি। কোথাও থেকে সহায়তা পাইনি। আমি কোনো ব্যাংকে ঋণের জন্য আবেদন করিনি। শুনেছি, ব্যাংক থেকে ঋণ পেতে অনেক কাগজপত্র লাগে। তারপর স্থানীয় একজন গ্যারান্টরেরও দরকার হয়। আমার কোনো গ্যারান্টর নেই।

মহুয়া তামান্না

মহুয়া তামান্না

আমি মূলত পোশাক ও পাটশিল্প নিয়ে কাজ করছি। ২০২০ সালে এসএমই ফাউন্ডেশনের মেলাতে আমি অংশগ্রহণ করি। পুরো সাত লাখ টাকার পণ্য নিয়ে এলেও করোনার কারণে আমি বিশাল ধাক্কা খাই। আমি খুলনা বিসিকের নিবন্ধিত একজন উদ্যোক্তা

হওয়ায় আমি বিসিকের কাছে যাই। আমি বিসিক থেকে সামান্য পরিমাণে প্রণোদনার ঋণ পেয়েছি। আমি যে খুব সহজে তা পেয়েছি, এমন নয়। বিসিকে যখন আমাকে নিবন্ধন করতে হয়েছে, তখন ট্রেড লাইসেন্স, বাড়ির বিদ্যুৎ বিল, টিন, কারখানার ডিড কপি দেখাতে হয়েছে। ফলে বিসিকের কাছে আমার সব তথ্যই আছে। কিন্তু ঋণ নিতে হলে আমাকে আবারও কেন এসব তথ্য দিতে হবে? এরপর আবার গ্যারান্টর আনতে বলা হয়।

কে এ এম মোর্শেদ

আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিসিকের চেয়ারম্যান, নাসিবের সভাপতি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক। তাঁদের কাছে আমরা জানতে চেষ্টা করব বিদ্যমান অবস্থা থেকে উত্তরণে কী কী পথ উন্মোচিত হতে পারে।

মির্জা নূরুল গণী শোভন

মির্জা নূরুল গণী শোভন

আমাদের নারী উদ্যোক্তাদের সমস্যা শুধু ঋণের বিষয়টি নয়। তাঁদের প্রধান সমস্যা হচ্ছে তথ্যপ্রাপ্তির অভাব। তথ্যে আমাদের দেশের নারীদের প্রবেশযোগ্যতা নেই। আমাদের নারীদের ক্যাপাসিটি বিল্ডিং সেভাবে নেই। বাংলাদেশ ব্যাংক যখন কোনো নির্দেশনা দেয় বা সার্কুলার জারি করে, তখন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তা অনেকক্ষেত্রে মানে না। নারীদের জন্য স্পেশাল ফান্ড নেই। আমাদের ২০১৬ সালের শিল্পনীতি ২০২২ হতে যাচ্ছে। সেখানে আমরা নারীদের জন্য স্পেশাল ফান্ড তৈরি করার সুপারিশ করেছি।

সিএমএসএমই খাতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনীহার কারণে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। সরকারের উচিত ছিল এটার ওপর একটা স্টাডি করা, প্রণোদনা আর্থিক খাত সঠিকভাবে দিয়েছে কি না। এটি হলে আমরা বুঝতে পারতাম, কত শতাংশ মানুষ এ সুবিধার আওতায় এসেছে। তাঁরা যতই ৭০-৮০ শতাংশ বলুক, আসলে এটি ২৫ শতাংশের ওপরে কোনো অবস্থাতেই দেখাতে পারবে না। কারণ, বিভিন্ন ঋণের ক্ষেত্র আছে এখানে, গাড়ির ঋণ, বাড়ির ঋণ, চলতি মূলধন, অন্যান্য ঋণ—সবই কিন্তু সিএমএসএমইর মধ্যে দেখিয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রণোদনা প্যাকেজের আওতায় বিসিককে মাত্র ১০০ কোটি টাকা ও এসএমই ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এ টাকাগুলো দু-তিন মাসের মধ্যেই বিতরণ করতে পেরেছে। এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে আমি মনে করি, এ বরাদ্দ খুবই অপ্রতুল। বিসিককে অন্তত পক্ষে যদি দুই হাজার কোটি টাকা দেওয়া হতো, তাহলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ করে অনানুষ্ঠানিক এবং যাঁদের লাইসেন্স নেই বা সুবিধাপ্রাপ্ত নন, তাঁদের যেকোনো আওতায় বিসিক বা এসএমই ফাউন্ডেশন এটি দিতে পারত।

ড. মো. মফিজুর রহমান

ড. মো. মফিজুর রহমান

২০০০ সালে আমাদের নারী উদ্যোক্তার সংখ্যা ছিল ৬ শতাংশ। এখন ২৮ শতাংশ বলা হলেও আমার ধারণা এ সংখ্যাটা আরও বেশি। বিবিএসের ২০১৩ সালের পরিসংখ্যান অনুসারে বলি, কুটির, মাইক্রো খাতসহ আমাদের দেশে শূন্য দশমিক ৭৮ বা শূন্য দশমিক ৭৯ মিলিয়ন এসএমই উদ্যোক্তা আছেন। এখন আমার ধারণা সে সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। করোনার কারণে কিছু ব্যবসা বন্ধ হয়েছে। তবে আমি মনে করি, আমাদের এখনো অন্তত ৯০ লাখ সিএসএমই এখনো আছে৷

নারীর কাছে তথ্য নেই, এটি খুবই সত্যি কথা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি আর্থিক বিষয়ের জ্ঞান। ব্যাংকের অনেক তথ্য প্রয়োজন হয়। এত তথ্য পূরণ করতে গিয়ে অনেক ছোট ছোট উদ্যোক্তা ভয় পেয়ে যান। এসএমই খাতের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে প্রথম অর্থবছরে বলা হচ্ছে ৭৬ বা ৭৭ শতাংশ বিতরণ করা হয়েছে। তবে এর মধ্যে কতভাগ সিএমএসই পেয়েছে, তাতে বড় ধরনের সন্দেহ আছে। কিন্তু ২০ ভাগের বেশি ক্ষুদ্র উদ্যোক্তারা পেয়েছেন কি না, সন্দেহ আছে৷ মাঝারি উদ্যোক্তাদের বেশি দেওয়া হয়েছে৷ নারীরা পেয়েছেন ৫ দশমিক ৪১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, ২৫ লাখ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদের কোল্যাটারাল ছাড়া ঋণ দিতে হবে। নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে বাস্তবায়তি হচ্ছে না।

এসএমই ফাউন্ডেশনের সাফল্যের গল্পটা হচ্ছে, আমরা টাকাটা পাওয়ার পরেই উদ্যোক্তা, ব্যাংকার, নারী-পুরুষ, ট্রেড বডি, আমাদের ক্লাস্টার অ্যাসোসিয়েশন, চেম্বার, উইমেন চেম্বারদের সঙ্গে আমরা অনেকগুলো সভা করেছি। ব্যাংকাররা আমাদের জানিয়েছেন, আপনাদের টাকাগুলো বন্টন করতে হলে এই এই শর্ত লাগবে। নারী-পুরুষ সব উদ্যোক্তা জেনে গেছেন, কী কী জিনিস থাকলে তাঁরা টাকাটা পাবেন। এভাবে তাঁদের মোটামুটি প্রস্তুত করার পর দেড় মাসের মধ্যে প্রথম ১০০ কোটি টাকা ও আড়াই মাসের মধ্যে দ্বিতীয় ২০০ কোটি টাকা দেওয়া সম্ভব হয়েছে। আমাদের প্রথমবারে নারী উদ্যোক্তারা ৩৩ শতাংশ এবং দ্বিতীয়বারে ২৯ শতাংশ অর্থ পেয়েছেন। গড় হিসাব করলে নারী উদ্যোক্তারা প্রায় ৩০ শতাংশ পেয়েছেন।

মো. মাহবুবর রহমান

মো. মাহবুবর রহমান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ইতিহাস শিল্প উন্নয়নের ইতিহাস। বিসিক তার জন্মলগ্ন থেকেই ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছে৷ আমাদের মূল কাজই হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা। আমরা তাঁদের প্রশিক্ষণ দিয়ে থাকি। উত্তরায় বিসিকের একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এটি যথেষ্ট বড় একটি প্রতিষ্ঠান। সেখানে আমরা প্রতিদিন অসংখ্য উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিই। পণ্য বিপণনে সহায়তা করার জন্য বিসিকের একটি সেল কাজ করছে।

আমরা ই–কমার্স ও ই–মার্কেটিং নিয়ে কাজ করছি। নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে হবে এবং আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিতে হবে। আর্থিকভাবে তাঁদের স্বাবলম্বী করে ব্যবসায় টিকিয়ে রাখতে হবে।

যথাসময়ে ঋণ আদায় করার দায়িত্ব এনজিওর। এ জন্য ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। উদ্যোক্তাদের সক্ষম করে গড়ে তোলার পর তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার পর যে লভ্যাংশ আসবে, সেখান থেকে আপনার ঋণের কিস্তি আদায় করে নেবেন। আপনি টাকা দেওয়ার এক–দুই মাস পরই টাকা পরিশোধ শুরু করার কথা বলছেন। এটি কীভাবে সম্ভব? মাঠপর্যায়ে কাজ করার সময় কৃষিঋণ আদায়ের ক্ষেত্রেও আমি বলেছি, তাঁদের ঋণ দিয়ে স্বাবলম্বী করার পরই ঋণ আদায়ের উদ্যোগ নিতে হবে। ঋণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিস্তি আদায় করা বেমানান। উদ্যোক্তা সৃষ্টি না করতে পারলে আমরা ২০৪১ সালের যে উন্নত বাংলাদেশের কথা বলছি, তা সম্ভব হবে না।

মো. জাকের হোসেন

মো. জাকের হোসেন

ক্ষুদ্র উদ্যোক্তাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংক থেকে ঋণ না পাওয়া। ব্যবসা করতে গেলে অবশ্যই একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট দরকার। এখন ব্যবসার জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই যে কাগজ চাওয়া হবে, তা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স সহজীকরণের বিষয়টি শিল্প মন্ত্রণালয়ের হাতে।

ব্যাংকাররা উদ্যোক্তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চান। যেসব নতুন উদ্যোক্তা এখনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলেননি, কোনো না কোনো মাধ্যমে আপনারা একটা অ্যাকাউন্ট চালু রাখেন। আপনি কত টাকা বিক্রয় করেছেন, কত টাকা আয় করেছেন, কত টাকা কর্মীদের বেতন দিয়েছেন ও কত টাকা ইউটিলিটি বিল দিয়েছেন, তার হিসাব কোনো না কোনোভাবে অ্যাকাউন্টে রাখেন। ব্যাংক যদি আপনার হিসাবে আশ্বস্ত হতে পারে, ওটাকে বিবেচনায় নিয়েও উদ্যোক্তাদের ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের ৭০০ কোটি টাকার একটি ফান্ড ছিল, রিফাইন্যান্স ফান্ড। এটিকে আমরা ১ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করেছি। এটি আগে পুরুষ ও নারীদের জন্য ছিল। এখন এটি শুধু নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। এই ফান্ডের ঋণের সুদের হার মাত্র ৫ শতাংশ। আমরা ব্যাংকগুলোকে দেব শূন্য দশমিক ৫ শতাংশ হার সুদে, তারা নারী উদ্যোক্তাদের দেবে ৫ শতাংশ হার সুদে। অ্যাগ্রো বেজড খাতে যে ফান্ড, তা পুরুষ ও নারী উদ্যোক্তাদের জন্য। এ ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ। সুতরাং দেখা যায়, নারী উদ্যোক্তাদের জন্য ৭ শতাংশের ওপরে কোনো সুদের হার নেই।

এসএমই খাতকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা কয়েকটি উদ্যোগ নিয়েছি। যেসব নারী উদ্যোক্তা ঋণ নিয়ে যথাসময়ে ঋণ পরিশোধ করবেন, তাঁদের জন্য ১ শতাংশ বিশেষ ইনটেনসিভ দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এটি ডিল করবে, তারাও ১ শতাংশ ইনটেনসিভ পাবে। নারী উদ্যোক্তাদের ঋণের আবেদন দ্রুত সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ১০ দিনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। যেসব ক্ষেত্রে ১০ দিনের বেশি সময় নেওয়া হচ্ছে, আমরা সংশ্লিষ্ট ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি।

আমাদের নারী উদ্যোক্তারা ব্যাংকের ব্রাঞ্চে গেলে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হন। এ জন্য ব্যাংকগুলোকে আমরা নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ ডেস্ক স্থাপন করার কথা বলেছি এবং সম্ভব হলে সেখানে নারী অফিসারকে দায়িত্ব দেওয়ার কথা বলেছি। কোনো নারী উদ্যোক্তা ঋণ গ্রহণে হয়রানির শিকার হলে তাঁদের রিপোর্টিং করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি নম্বর আছে। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন।

আমরা ব্যাংকগুলোকে বলেছি, একটি শাখা প্রতিবছর অন্তত তিনজন নতুন উদ্যোক্তা খুঁজে বের করবে এবং তাঁদের প্রশিক্ষণ দেবে। যদি একটা ব্যাংক তিনজন উদ্যোক্তাকে প্রশিক্ষণ না দিতে পারে, তাহলে ১০টি ব্যাংক মিলে একসঙ্গে ৩০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিতে পারে। আমরা স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার একটি নিজস্ব ফান্ড করেছি। বাংলাদেশ ব্যাংক আপাতত দুই হাজার কোটি টাকা দিয়ে একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম করেছে। যাঁরা জমানতবিহীন ঋণ দেবেন, ব্যাংকে টাকা ফেরত দিতে সমস্যা হলে ওই স্কিম থেকে আমরা ব্যাংকে অর্থায়ন করব।

কে এ এম মোর্শেদ

আলোচনায় অংশ নেওয়ার জন্য ব্র্যাকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।

সুপারিশ

* পুরুষ গ্যারান্টর হাজিরের বিষয়টি বাতিল করতে হবে

* নারী উদ্যোক্তাদের জন্য সুদের হার কমানো বাঞ্ছনীয়

* ঋণ নেওয়ার পর পরিশোধ করার সময়সীমা বাড়াতে হবে

* ট্রেড লাইসেন্স পাসপোর্টের মতো ৫ বা ১০ বছর মেয়াদি করা যেতে পারে

* ঋণপ্রাপ্যতার শর্তগুলো সহজ করতে হবে

* মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্টেটমেন্টকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে গ্রহণ করা দরকার

* করোনায় ক্ষতিগ্রস্ত কিছু নারী উদ্যোক্তাকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনা যেতে পারে

* ক্ষুদ্র কুটিরশিল্পে কর্মরত নারীদের জন্য ইনস্যুরেন্স সুবিধার প্রয়োজন

* প্রণোদনা প্যাকেজের ছোট একটি অংশ অনুদান হিসেবে রাখা যেতে পারে

* নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে

* ব্যাংকে নারী উদ্যোক্তাদের বিশেষ ডেস্ক কার্যকর করতে হবে

* নারীদের তথ্যে প্রবেশযোগ্যতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে