নিজের নামেই উজ্জ্বল হোক নারীর পরিচয়

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নিজের নামেই উজ্জ্বল হোক নারীর পরিচয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ৯ মার্চ ২০২২। ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজক ছিল রিন। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নিজের নামেই উজ্জ্বল হোক নারীর পরিচয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ৯ মার্চ ২০২২।

অংশগ্রহণকারী

মালিহা কাদির

প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, সহজ

শাহ্‌নাজ মুন্নী

সাহিত্যিক ও সাংবাদিক; প্রধান বার্তা সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর

মাহফুজা লিজা বিপিএম

স্পেশাল পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ

কানিজ ফাতেমা

সিইও, বিডিওএসএন এবং ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি

ইলিরা দেওয়ান

মানবাধিকারকর্মী; হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক

ডা. সাকিয়া হক

প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা

সাথিরা জাকির জেসি

জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার

রোজিনা ইসলাম

বিশেষ প্রতিনিধি, প্রথম আলো

সোমনূর মনির কোনাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী

সঞ্চালনা

তানিয়া হক

অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আলোচনা

তানিয়া হক

তানিয়া হক

আজকের গোলটেবিল বৈঠকের মূল প্রতিপাদ্য ‘নিজের নামেই উজ্জ্বল হোক নারীর পরিচয়’। বাংলাদেশে নারীর অবস্থানটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে নারীর উন্নয়ন ঘটেছে, কিন্তু ক্ষমতায়নের জায়গাটি এখনো অনেকখানি দুর্বল। অন্যদিকে নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের সমাজব্যবস্থায় নারীরা কারো স্ত্রী, কন্যা, মা হিসেবে পরিচিত হন। অর্থাৎ নারীরা পরিচয়ের দিক থেকে সংকটের মুখে। আমরা একটা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করছি। পুরুষতন্ত্র কেবল পুরুষের মধ্যেই নয়, নারীর মধ্যেও রয়েছে। আমরা বিভিন্ন গবেষণায় দেখতে পাই, চাকরি হচ্ছে নারীর জন্য, কিন্তু ক্যারিয়ার হচ্ছে পুরুষের জন্য। এ ক্ষেত্রে প্রশ্ন জাগে, অস্তিত্বের সংকট রেখে নারীদের কি ক্ষমতায় আনা সম্ভব? প্রথাগত মানসিকতা পরিবর্তন করতে সামাজিক আলোচনার কোনো বিকল্প নেই। এসব উত্তর খোঁজার জন্যই আজকের গোলটেবিল। এ আলোচনা থেকে আমরা বেশ কিছু দিকনির্দেশনা ও পরামর্শ পাব, যা পরিবর্তনের পথে সহায়ক হবে।

মাহফুজা লিজা

মাহফুজা লিজা

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার সময় আমার আগ্রহ তৈরি হয় পুলিশ সার্ভিসে কাজ করার প্রতি। এ সময় নারী ও শিশুর প্রতি সহিংসতা–সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান ও ভুক্তভোগী নারীদের বিচার লাভের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা আমাকে ব্যথিত করত। তবে এটিই আমার একমাত্র লক্ষ্য ছিল, তা বলব না। কারণ, বিসিএস প্রতিযোগিতামূলক পরীক্ষা। পছন্দক্রম ঠিক করার পরও কে কোন ক্যাডার পাবে, তা নিশ্চিত করে বলা যায় না। পুলিশ ক্যাডারে প্রথম সুপারিশপ্রাপ্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই আমি এটি বেছে নিই। যেহেতু পরিবার থেকেও সমর্থন ছিল এবং মা-বাবা উৎসাহিত করেছেন। (এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম।)

পুলিশিং জবটি অনেক বেশি চ্যালেঞ্জিং ও সংবেদনশীল। এখানে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কারণ, এখানে ব্যক্তির জীবন ও প্রতিষ্ঠান বা সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অথবা দ্রুততার সঙ্গে কোনো ক্রাইসিস বা প্রতিকূল পরিস্থিতিতে সাড়া দিতে হয়। পারিবারিক সহিংসতাসহ নারীর প্রতি ক্রমবর্ধমান বিভিন্ন অপরাধের শিকার নারীদের সুরক্ষায় নারী পুলিশ সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনটি উদাহরণের কথা আমি বিশেষভাবে উল্লেখ্য করতে পারি। একটি হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, যেখানে সব সেবাদানকারী কর্মকর্তা নারী। তা ছাড়া ৯৯৯ সার্ভিসেও আমাদের মেয়েরা ভালো কাজ করছেন। আরেকটি হচ্ছে প্রতিটি থানায় চালুকৃত নারী, শিশু ও বয়স্ক হেল্প ডেস্ক—এসব সেবা কার্যক্রমে নারী পুলিশের অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর ফলে আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি, বিশেষ করে সাইবার অপরাধের ক্ষেত্রে নারীরা স্বাচ্ছন্দ্যে রিপোর্ট করতে পারছেন। থানায় আগত নারী বিচারপ্রার্থীরা আস্থা পান নারী কর্মকর্তা দেখে।

ভিকটিম সাপোর্টসহ অপারেশনাল কার্যক্রমে নারী পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে পুলিশ বিভাগে অবস্থান তৈরি করে নিয়েছেন। পুলিশ বিভাগে বর্তমানে মাত্র ৭ দশমিক ৯২ শতাংশ নারী কর্মরত, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আমি নারীদের এ পেশায় আসার জন্য ভীষণভাবে উৎসাহিত করব।

বাংলাদেশে নারীরা অনেক এগিয়েছেন। তারপরও বলব, স্বাধীনতার ৫০ বছর পরও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত না হওয়ায় নারীর অবদান ও সামর্থ্যকে খাটো করে দেখার সেই পুরোনো প্রবণতা এখনো অনেক ক্ষেত্রে বিদ্যমান। যত বেশি নারীরা এগিয়ে এসে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবেন, তত বেশি অন্য নারীরাও এগিয়ে যেতে উৎসাহিত হবেন। সবার প্রচেষ্টায় নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করতে হবে। জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে এর একটা ইতিবাচক ফল আমরা নিশ্চয়ই দেখতে পাব।

সোমনূর মনির কোনাল

সোমনূর মনির কোনাল

আমার নামের পাশে যদি অন্য কারও নাম দিয়ে দেওয়া হয়, সেটা তো আমার প্রতি অবিচার। নাম কেটে যাওয়া বা অন্য নাম যুক্ত হওয়া, এটা একটা সাংস্কৃতিক চর্চা। এ সাংস্কৃতিক চর্চা এতই অন্ধকারাচ্ছন্ন যে তা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। এ চর্চা হবে কেন? আমাদের দেশের প্রতিটি খাতে নারী এগিয়ে আছে। একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বললেন, প্রাথমিক শিক্ষায় মেয়েদের পাসের হার শতভাগ আর ছেলেদের ক্ষেত্রে এ হার ৯৮ শতাংশ। সবদিক থেকেই তো নারী এগিয়ে। তাহলে নামের আগে-পরে অন্য এক আত্মীয়ের নাম-পরিচয় কেন বলতে হবে? আমার পরিবার নিশ্চয়ই আমার অর্জনের সহায়ক। কিন্তু আমার শ্রম–ঘামে অর্জন করা কৃতিত্ব শুধুই আমার।

বাবার চাকরিসূত্রে আমার পড়াশোনা ও ছোটবেলা কেটেছে কুয়েতে। দেশে ফিরে ২০০৯ সালে হঠাৎই একটা রিয়েলিটি শোতে নাম দিই। আমি সেটার চ্যাম্পিয়ন হই। প্রতিযোগিতার শুধু ফাইনালের দিনই আমার পক্ষে সারা বিশ্ব থেকে সাড়ে ছয় লাখ এসএমএস এসেছিল। আজ ২০২২ সালে এসে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু তারপরও এখনো দেখি, গানের ক্রেডিটে আমার চেয়ে জুনিয়র পুরুষ শিল্পীর নাম আমার আগে ছাপা হয়। কারণ, আমি একজন নারী শিল্পী। এ অবস্থা বদলাতে হবে।

পুরুষ মানে প্রথম শ্রেণির আর নারী মানে দ্বিতীয় শ্রেণির নাগরিক, আমি তা মানি না। সে জন্য সবকিছুতে সমতা নয়, ন্যায্যতার (ইকুইটি) চর্চাটা জরুরি। এ চর্চা ঘর থেকেই হওয়া উচিত। বেশির ভাগ ঘরে বাবা পরিবারের প্রধান। তাই বাবারই এ চর্চা শুরু করতে হবে। যেমনটি আমার বাবা করেছেন। ছেলেমেয়ে আলাদা নয়, সন্তান সন্তানই। ৫ বছর বয়সের মধ্যেই একটি শিশুর মস্তিষ্কের ৯০ শতাংশের উন্নয়ন হয়। তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এ হার সবচেয়ে বেশি। সেই সময়ে শিশুর প্রতি আমাদের আচরণ কী, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মা-বাবা ও শিক্ষকদের এ ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। সে জন্য অভিভাবক ও শিক্ষকদেরও কাউন্সেলিং দরকার আছে। এ ক্ষেত্রে আরও অনেক উদ্যোগ দরকার।

শাহ্‌নাজ মুন্নী

শাহ্‌নাজ মুন্নী

আজ থেকে ২৫ বছর আগে আমি সাংবাদিকতা শুরু করেছিলাম। তখন এটাকে পুরুষের পেশা মনে করা হতো। কারণ, সে সময় খুব অল্পসংখ্যক নারী সাংবাদিকতা পেশায় ছিলেন। সত্যি বলতে, তাঁরাও নিউজ ডেস্কে কাজ করতেন। একুশে টেলিভিশন শুরুর সময় আমি রিপোর্টার ছিলাম। সংবাদ সংগ্রহের কাজে মাঠে গেলে আমাকে বোঝাতে হতো যে আমি সাংবাদিক। আমার সঙ্গের ক্যামেরাপারসন স্বভাবতই পুরুষ থাকতেন। লোকজন ভাবতেন, তিনিই বোধ হয় সাংবাদিক। তথ্য দেওয়ার ক্ষেত্রে মানুষ দ্রুত তাঁর কাছে পৌঁছাতেন। বরং আমি প্রশ্ন করতে গেলে অবাক হতেন। তবে খুব তাড়াতাড়ি সবার মানসিকতায় পরিবর্তন আসে। তাঁরা বুঝেছেন যে মেয়েরা সাংবাদিকতা করতে পারে। আমি গর্বিত যে আমাদের পরে নতুন কয়েকটা প্রজন্ম চলে এসেছে। সেখানে অনেক উদ্যমী নারী এসেছেন। তাঁরা খুবই ভালো কাজ করছেন। তাঁরা অপরাধ বিট, খেলাধুলা বিটসহ অনেক চ্যালেঞ্জিং জায়গায় যুক্ত হয়েছেন।

আমি খুবই মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলাম। কিন্তু বাবার শঙ্কা ছিল, সাংবাদিকতা পেশাটা মেয়েদের জন্য ভালো হবে না। তাই আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি। লেখালেখির অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই ছিল। সাহিত্যচর্চা করতে চাইলে সাংবাদিকতা আমার জন্য খুব ভালো পেশা হবে বলে মনে হতো। সে হিসাবে তখন থেকেই বিভিন্ন পত্রিকায় আমি প্রদায়ক হিসেবে লিখতাম। পাস করে বের হওয়ার পরে দেখলাম যে সাংবাদিকতা করার বিষয়টি আমার মনের মধ্যে আছেই।

সাংবাদিকতা পেশায় আমি পুরোপুরি ‘সেলফ মেড’ একজন। কারও কোনো আনুকূল্য ছাড়াই আমি পেশায় কাজ করেছি। এখনো করছি। পেশাগত সংগ্রামগুলোও আমি সম্পূর্ণ একা সামলেছি। পরিবার হয়তো আমার কাজটাতে বাধা তৈরি করছে না। কিন্তু আমার কাজ তো আমাকেই করতে হয়েছে। নিজের নাম প্রতিষ্ঠার যে লড়াই, তা প্রত্যেক নারীর একান্ত লড়াই। আমাদের সমাজে পুরুষের সহযোগিতা, নাম, প্রযত্ন ছাড়া যেন কোনো নারী একজন সম্পূর্ণ মানুষ হতে পারেন না। এ জায়গাটিই ভেঙে দিতে হবে। আমি একজন সম্পূর্ণ মানুষ। আমার পরিচয় সবাই জানবে। কারও মা, স্ত্রী আমি হতেই পারি। কিন্তু সেটি আমার পরিচয় নয়। পরিচয় হলো, আমি কী কাজ করছি, সেটা।

মালিহা কাদির

মালিহা কাদির

নাম নারীর পরিচয়ের অনেক গুরুত্বপূর্ণ অংশ। আমাকে আমার নামে না ডেকে কারো স্ত্রী বা মেয়ে বলে ডাকলে আমার ভালো লাগার কথা নয়। শিক্ষিত অনেক পরিবারেও দেখা যায়, একজন ব্যক্তি তাঁর স্ত্রীর নাম বলছেন ‘অমুকের মা’ হিসেবে। এটা কিছুটা সংস্কৃতগতভাবেও হয়ে আসছে। অন্তত আমরা মেয়ে হয়ে অন্য মেয়েদের ‘অমুকের মা’ বলে যেন না ডাকি।

এখানে আমাদের প্রত্যেকের সংগ্রামের একটা গল্প আছে। আমরা এগিয়ে আসতে পেরেছি কেন? আমরা নিজেরা শক্ত ছিলাম। পরিবারের সমর্থনের পাশাপাশি নিজের আত্মবিশ্বাস প্রবল থাকায় আমরা পেরেছি। পুরুষেরা সফল পেশাজীবী হিসেবে নারীদের দেখতে অভ্যস্ত ছিল না। পরিবহন খাতের ব্যবসায় কোনো নারী আসেনি বললেই চলে। আমি ৯ বছর ধরে আছি। এ খাতের লোকজন উদ্যোক্তা নারী হিসেবে আমাকেই পেয়েছে। আমি তাদের কাছ থেকে যথেষ্ট সম্মান পেয়েছি।

সব কাজেই অনেক বাধা আসবে। চ্যালেঞ্জ আসবে। এত কিছুর পরও আমাদের কাজ করে যেতে হবে। পরিচয় তৈরির জায়গাটা কঠিন। আমি এত বছর ধরে কাজ করছি। আমাকেও কিছুদিন আগে এক শিক্ষিত নারী জিজ্ঞেস করলেন, আপনাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়?

আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন। একদম ছোটবেলায় মানুষের মাথায় জেন্ডারের রোলের ধারণা ঠিক হয়ে যায়। বাবা একধরনের কাজ, মা অন্য ধরনের কাজ করেন—এটা তো সমাজে আছেই। বইয়ের মাধ্যমেই এসব পরিবর্তন করা যেতে পারে। পাঠ্যবইয়ে এমন গল্পও থাকতে হবে, মা অফিসে যাচ্ছে, বাবা বাসন ধুচ্ছে। একেবারে মূলে গিয়ে ছোট ছোট গল্পের মাধ্যমে জেন্ডার রোলের বিষয়টি শিশুদের মাথায় ঢুকিয়ে দিতে হবে।

নারী রোল মডেল তৈরি করাও গুরুত্বপূর্ণ। নারীর অগ্রযাত্রায় এ ধরনের আলোচনাও সহায়ক হতে পারে। নারীদের নিজেদের নিজেদেরকে সহযোগিতা করতে হবে। নারীদের নেটওয়ার্কটা আরও বড় করা দরকার। শিক্ষাব্যবস্থার মাধ্যমে অনেক পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি। সমাজে নারী-পুরুষ সবার এ ক্ষেত্রে এগিয়ে আসা উচিত।

সাথিরা জাকির জেসি

সাথিরা জাকির জেসি

সব নারীরই নিজের নাম থাকে। সবাই নিজের নামে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করে। প্রতিটি পরিবারে শিশুরা তার মায়ের কাছ থেকে শেখে। আমি ভাগ্যবান যে আমার মা আমাকে সেভাবেই বড় করেছেন। মা নিজে শিক্ষক ছিলেন। মা ছোটবেলা থেকেই আমাকে খেলাধুলাসহ সবকিছুতে সম্পৃক্ত রেখেছেন। যখন থেকে বোঝা শুরু করেছি, তখন থেকেই আমি ক্রিকেট খেলেছি। আমার একমাত্র স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। সেখানে আমার মা–বাবা কখনোই না করেননি। আমার এলাকায় ছোটবেলায় মেয়েরা ক্রিকেট খেলত না। তাই ছেলেদের সঙ্গেই ক্রিকেট খেলতে হয়েছিল। মানুষের কাছে অনেক কটু কথা শুনতে হয়েছে। মাঝে মাঝে হয়তো খারাপ লাগত। আমি এসব গায়ে মাখতাম না। খারাপ লাগা গায়ে মাখলে আজ এখানে আসতে পারতাম না। নারীদের সব জায়গায় কথা শুনতে হয়। আপনি শাড়ি পরলেও কেউ বাজে মন্তব্য করতে পারে, আবার টপ-জিনস পরলেও মন্তব্য করতে পারে। এসব গায়ে লাগাইনি বলে আমি ক্রিকেটার হতে পেরেছি।

ছোটবেলা থেকেই আমার মনে হতো আমি এমন কিছু করব, যেন সবাই মা–বাবাকে দেখলে বলে যে জেসির মা-বাবা যাচ্ছে। আমার বাবা যখন কারও কাছে আমাকে ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দেন—আমার গর্ব হয়। আমি চাই, আমার সন্তানেরা এমন কিছু করুক, যাতে তারা নিজের পরিচয় নিয়ে গর্ববোধ করে।

পরিবার থেকেই আমাদের শেখা শুরু হয়। পরিবারে বাবা যদি মাকে সম্মান করেন, সেই পরিবারে মায়ের কথা গুরুত্ব পায়। আমার মা তাঁর নিজের পরিচয়েই বড় হয়েছেন। পরিবার থেকেই শিশুদের শেখাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা একটা নির্দিষ্ট বয়স পরে যায়। চার–পাঁচ বছরে যায়। কিন্তু পাঁচ বছরের ভেতর যা শেখে, তা শিশুর মাথায় থেকে যায়।

নারীদের কর্মক্ষেত্রে শিশুদের রাখার ব্যবস্থা ও আলাদা ডে–কেয়ার ব্যবস্থা থাকলে অনেক নারী আরও এগিয়ে যেতে পারত। এসব জায়গায় নজর দিলে নারীরা নিজেদের নামে আরও বেশি পরিচিত হতে পারবে।

ইলিরা দেওয়ান

ইলিরা দেওয়ান

নিজের পরিচয়ে পরিচিত হতে আমাদের নারীদের অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী হিসেবে বাঙালিদের মতো পাহাড়ি নারীদের ওপরও বিয়ের পর স্বামীর নাম চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। আমি এই বিষয়ে আগে থেকেই সচেতন ছিলাম। আমাকে যেন বিয়ের পরও একই নামে ডাকা হয়—বিয়ের পরেই আমি আমার সঙ্গীকে সেটা জানিয়ে দিই। ‘ইলিরা’ আমার মায়ের দেওয়া নাম। সংস্কৃতিগত ভিন্নতার কারণে আমাকে নাম নিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। অনেকে আমাকে ভুল করে ‘ইলোরা’ বলে ডাকে, সেটা ভালো লাগে না। আমি বিনয়ের সঙ্গে তাদের বলি, ইলোরা নয়, আমার নাম ইলিরা।

আমার ক্ষেত্রে আমি কখনোই নামের পদবি পরিবর্তন করব না। আমার স্বামী আমার পরিচয়ে গর্ববোধ করেন। লেখালেখির ক্ষেত্রেও তিন অনেক উৎসাহ দেন। এখানে যাঁরা আছেন, তাঁদের সবাইকে আমরা নিজের পরিচয়েই চিনি। অন্যের স্ত্রী বা অন্য কোনো পরিচয়ে নয়।

আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। পাহাড়ি জাতির অধিকার, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছি দুই যুগের বেশি সময় ধরে। আমি হিল উইমেন্স ফেডারেশনের মাধ্যমে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বর্তমানে যেখানে কাজ করছি, সেটাও আমাদের জাতিসত্ত্বার অধিকার নিয়ে কাজ করে। তাই আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট এবং আজীবন আমাদের অধিকার নিয়ে কাজ করে যেতে চাই। এ নিয়ে পরিবার থেকে কখনো কোনো বাধা আসেনি। আমার মা-বাবা দুজনেই শিক্ষক ছিলেন। পরিবার কখনো বলেনি যে মিছিল বা সমাবেশে যেয়ো না।

আমাদের পাহাড়ি সমাজে মেয়েরা এগিয়ে রয়েছে—আপাতদৃষ্টে তাই মনে হলেও বাস্তবতা ভিন্ন। আমি চাকমা জাতির মেয়ে। আমাদের চাকমা সমাজ অনেক বেশি পুরুষতান্ত্রিক। আমরা তো সম্পত্তির কিছুই পাই না। শূন্য শতাংশ। বাবা জীবিত অবস্থায় যদি মেয়েদের সম্পত্তি দেন, তখন আমরা পাই। এ ধরনের সমাজ থেকেই আমার উঠে আসা।

সমাজে নারীর প্রতি বৈষম্য ঘোচাতে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। কারণ, জন্মগতভাবে একটা ছেলে বা মেয়ে কোন কাজ করবে, তা নির্ধারিত থাকে না। তাকে সমাজ ও পরিবার থেকে শেখানো হয়, কোন কাজ ছেলের আর কোন কাজ মেয়ের। এগুলো দূর করতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। কর্মক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনা অনেক কঠিন কাজ। একজন নারীকে আগে তার নিজের অধিকার, সম্মান ও সত্তাকে চিনতে হবে। এজন্য নারীর পাশাপাশি পুরুষেরও মানসিকতার পরিবর্তন আনতে হবে।

কানিজ ফাতেমা

কানিজ ফাতেমা

দেশের শীর্ষস্থানীয় দুই টেলিফোন কোম্পানি গ্রামীণফোন ও রবিতে আমি এক দশকের বেশি কাজ করেছি। বাংলাদেশের প্রথম দিকের ইন্টারনেট প্যাকেজ প্রকল্পগুলোতে আমি নেতৃত্ব দিয়েছি। দেশের বৃহত্তম ইন্টারনেট মডেম প্রকল্প ‘আলো আসবেই’ প্রকল্পের আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। আমাকে সবাই আমার নামেই চেনে। এটা আমার একটা বিশেষ ও স্বতন্ত্র পরিচয়, যা নিয়ে আমি গর্ববোধ করি। টেলিকম প্রতিষ্ঠানগুলো দেশের উল্লেখযোগ্য নারীবান্ধব প্রতিষ্ঠান। কারণ, এখানে আন্তর্জাতিক মানের ডে কেয়ার সেন্টার রয়েছে। কিন্তু এ রকম নারীবান্ধব প্রতিষ্ঠানেও ব্যবস্থাপনা পর্যায়ে টপ লেভেলে নারীর সংখ্যা ১ শতাংশ বা তার নিচে। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা পর্যায়েও নারীর অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। দেশে তথ্যপ্রযুক্তি খাতে নারী উদ্যোক্তার সংখ্যা মাত্র ৪ শতাংশ। ভারতসহ পার্শ্ববর্তী সব দেশে এ হার ১০ শতাংশের বেশি।

প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্পবিপ্লবে পেশিশক্তির একটা ভূমিকা ছিল। যে কারণে তখন পুরুষেরা এগিয়েছে। কিন্তু চতুর্থ শিল্পবিপ্লবে পেশিশক্তির কোনো ব্যাপার নেই। এখানে টিকে থাকার পদ্ধতি হলো জ্ঞানভিত্তিক। তাই প্রযুক্তিতে নারীদের কর্মদক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।

অনেক দেশের আগেই বাংলাদেশ নিজেকে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে ডিজিটালি দক্ষ মানবসম্পদ না থাকার কোনো সুযোগই নেই। কিন্তু মেয়েদের মধ্যে স্টেমে (STEM) পড়াশোনার হার ৩০ ভাগের নিচে। আমাদের তথ্যপ্রযুক্তি খাতে চাকরির ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ২৫ ভাগের নিচে। শিল্পবিপ্লবে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে পড়াশোনার প্রতি জোর দিতে হবে।

শিক্ষাক্ষেত্রসহ অনেক ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ছেলেদের সমান। আমরা এখনে যারা আছি, তারা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছিলাম, সেখানে নারী শিক্ষার্থীর সংখ্যা মোটেও কম ছিল না। পরীক্ষার ফলাফলেও নারীরা পুরুষের সমান। কোথাওবা পুরুষের চেয়ে এগিয়ে আছে। নেতিবাচক দিক না দেখে আমাদের ইতিবাচক দিকগুলো দেখতে হবে। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান একজন নারী। গত এক দশকে শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী—সব জায়গায় নারী ছিল, নারী আছে। নারীদের এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা, যোগ্যতা, সচেতনতা বাড়াতে হবে। আমরা মেয়েরা মেয়েদের সহযোগিতা করব। আমরা একে অন্যকে সহযোগিতা করব। এভাবে যেন নারীরা যোগ্যতা দিয়ে নিজের নামেই পরিচিত হয়।

সাকিয়া হক

সাকিয়া হক

ছোটবেলা থেকেই আমার ভ্রমণের শখ। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছার কথা মাকে বলতাম। মা বলতেন, বিয়ে করে স্বামীর সঙ্গে যাস। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি। মেডিকেল পড়াশোনার অনেক চাপ। কিন্তু আমার ঘোরার স্বপ্ন দূর হয়নি। বারবার মনে হতো দেশটা দেখতে চাই। বিদেশ তো পরের কথা। আমার নিজের দেশকে না চিনলে কীভাবে হয়! মাকে বোঝাতাম। তিনি সব সময় একই কথা বলেতেন। দেশকে জানতে চাই বলে বিয়ে করতে হবে! দ্বিতীয় বর্ষে এসে মনে হলো এখনি সময়। বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেতে শুরু করি। ২০১৫ সালের দিকে তখনো মেয়েরা একা ঘুরতে সাহস পেত না। নিরাপদ বোধ করত না। এখন অনেক মেয়েই অনেক জায়গায় ঘুরতে যায়। ২০১৬ সালে আমার সহপাঠী ও বন্ধু মানসী সাহা মিলে ট্রাভেলেটস অব বাংলাদেশ–ভ্রমণকন্যা নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। ভ্রমণকন্যা প্রতিষ্ঠার পর দেখি অনেক মেয়ে আমাদের সঙ্গে ঘুরতে চায়। ১০ থেকে ১২ জন গেলে তো অনেক টাকাপয়সা বেঁচে যায়। কিন্তু কয়েক দিনের মধ্যেই ভ্রমণকন্যার সদস্য সংখ্যা ৫ হাজারে পৌঁছে যায়। (এখন ভ্রমণকন্যার সদস্য ৬৫ হাজার ছাড়িয়েছে)।

২০১৬ সালেই আমি আর মানসী বাংলাদেশের ৬৪ জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের দেখানো দরকার যে মেয়েরা পারে। আমরা বাসের পরিবর্তে স্কুটিতে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। মোটরসাইকেল চালানো শিখি। লাইসেন্স নিই। ২০১৯ সালের মধ্যেই আমরা দুজন স্কুটিতে করে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করি। বিভিন্ন ট্যুরে বিভিন্ন জন আমাদের সঙ্গে যোগ দেয়। স্কুটিতে ভ্রমণকালে অনেক ধরনের মন্তব্য আমাদের শুনতে হয়েছে। আমরা দমে যাইনি। ৬৪ জেলায় শুধু ভ্রমণই আমাদের উদ্দেশ্য ছিল না। প্রতিটি জেলায় একটি করে স্কুলে আমরা প্রজননস্বাস্থ্য নিয়ে কথা বলেছি এবং আত্মরক্ষার কৌশল নিয়ে কর্মশালা করেছি। মেয়েশিশুরা যৌন হয়রানির শিকার হলে কী করবে, তা তাদের জানাতে চেয়েছি।

২০১৯ সালে আমরা ৬৪টি জেলা ঘোরা শেষ করি। তখন বেশ কিছু গণমাধ্যম আমাদের নিয়ে ফিচার করে। আমরা খুব আনন্দিত হতাম। কিন্তু এসব পোস্টের মন্তব্যের ঘরে অনেক বাজে মন্তব্য আসত। ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে আমি টেকনাফ হেলথ কমপ্লেক্সে যোগদান করি। এখন আমার পোস্টিং স্বাস্থ্য অধিদপ্তরে।

২০১৫–১৬ সাল থেকে বাংলাদেশের অবস্থা এখন অনেক ভালো। মেয়েরা নিজেরাই দল বেঁধে ঘুরতে যায়। ভ্রমণকন্যার ওপর তাদের নির্ভর করতে হয় না। মেয়েদের জন্য এখন অনেক নতুন নতুন সংগঠন হচ্ছে। তরুণদের মধ্যে নতুন কিছু গ্রহণ করার সক্ষমতা বেশি। এ জন্যই আমরা এখন শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। আমরা একটা জেন্ডার সমতার সমাজের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট (জিপ) কর্মসূচি গ্রহণ করেছি।

রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম

আমি সচিবালয় বিটে সাংবাদিকতা করি। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত স্থান থেকে সংবাদ সংগ্রহ করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সচিবালয়ে বেশির ভাগ কর্মকর্তাই পুরুষ। এখন অবশ্য কিছু নারী এসেছেন, আসছেন। আমাদের কাজে অনেক খোঁজখবর রাখতে হয়। যোগাযোগ রাখতে হয়। অনেক দৌড়ঝাঁপ করতে হয়। আমাদের এখানে আসতে কত সংগ্রাম করতে হয়েছে, এটা ১৮ বছর পর রোজিনা ইসলাম বা শাহনাজ মুন্নীকে দেখলে বোঝা যাবে না।

এখন আমাদের একটা পরিচয় হয়েছে। নাম হয়েছে। নিজের যোগ্যতা দিয়েই সব বাধা পেরিয়ে, কাঁটা সরিয়ে সরিয়ে এখানে এসেছি। এখানে আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনকি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাকে কারাগারে পর্যন্ত যেতে হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর অনেক বলেছে যে আমি আর সাংবাদিকতা করতে পারব না। কিন্তু আমি কারাগার থেকে বের হওয়া থেকে এ পর্যন্ত বলে এসেছি, আমি সাংবাদিকতা চালিয়ে যাব। সত্যের জন্য আমার এ লড়াই চলবে। আমি ফিরে আসব। ৮ মার্চ প্রথম আলোতে একটি অনুসন্ধানী খবর প্রকাশের মাধ্যমে আমি ফিরে এসেছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমার পাঠকদের জানিয়েছি, আপনাদের রিপোর্টার রোজিনা আবার ফিরে এসেছে। তাঁরা অত্যন্ত খুশি হয়েছেন, অনেকেই আমাকে লিখেছেন, আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম।

এখন আসি নাম ও পরিচয়ের বিষয়ে। বিষয়টি একেক জায়গায় একেক রকম। আজকে যখন আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তখন সেখানে কজন অভিভাবক জিজ্ঞাসা করলেন, ‘ভাবি, কেমন আছেন? কাল আপনাকে টিভিতে দেখেছি।’ আমি বললাম, আপনারা কি আমার স্বামীকে চেনেন? কেন ভাবি বলেন। এটা নিয়ে আমি সব সময় প্রতিবাদ করি। আমি তাদের বলেছি, আমার একটা নাম আছে, নাম ধরে ডাকবেন, না হয় আপা ডাকবেন। অফিসে বা অন্য কোথাও কেউ আমার স্বামীর পরিচিত হলে আমাকে ভাবি ডাকবে, তাতে সমস্যা নেই।

নতুন প্রজন্মের যেসব নারী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছেন, তাঁদের বলতে চাই, ‘না বলা শিখতে হবে।’ দ্বিতীয়ত, ‘কে কী বলছে, তা–ও এড়িয়ে যাওয়া শিখতে হবে।’ গণমাধ্যমে নারীর সাফল্যের গল্পগুলো অনেক অনেক বেশি করে তুলে ধরতে হবে, যাতে অন্য নারীরা উৎসাহ পায়।

তানিয়া হক

তানিয়া হক

আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথাগত মানসিকতা পরিবর্তনের বিষয়টি বারবার এসেছে। সেফ স্পেস নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা কর্মসূচির মাধ্যমে আমরা সবার অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে পারি। এ ক্ষেত্রে উইমেন নেটওয়ার্ক একটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। টেকসই সমস্যা পাশে রেখে টেকসই সমাধান কখনোই সম্ভব নয়। প্রত্যেক নারীর না বলা কথা যেন আরও বেশি করে উঠে আসে, সে প্রত্যাশা রেখে আজকের গোলটেবিল শেষ করছি। সবাইকে ধন্যবাদ।

সুপারিশ

  • পরিবার থেকেই নারী-পুরুষের সমতার বিষয়গুলো শেখাতে হবে।

  • মানসিকতার পরিবর্তন আনার জন্য পাঠ্যপুস্তকের পরিবর্তন করা জরুরি।

  • কর্মক্ষেত্রে সফল নারীদের সাফল্যের গল্প সবার কাছে পৌঁছে দেওয়া দরকার।

  • নারীকে তার পরিচয়ে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে

  • নারীর জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

  • নারীদের ক্ষেত্রবিশেষে ‘না’ বলা শিখতে হবে।

  • চতুর্থ শিল্পবিপ্লবে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও প্রকৌশল (স্টেম) বিষয়ে পড়াশোনার প্রতি জোর দিতে হবে।

  • নারী অধিকার আদায়ে নারী ও পুরুষের সমন্বিত উদ্যাগ প্রয়োজন।

  • নারীকে তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।