ভার্চ্যুয়াল গোলটেবিল
পোশাককর্মীদের স্বাস্থ্যবিমা জরুরি
পোশাককর্মীদের ১ দশমিক ৪ শতাংশ বিমার আওতায়। তা–ও পাইলট প্রকল্পের অধীনে। প্রকল্প শেষ হলে শ্রমিকেরা সুবিধা পাবেন না।
পোশাক কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা জরুরি। এ জন্য অগ্রাধিকার দিয়ে সামাজিক স্বাস্থ্য বিমা ব্যবস্থাপনা ইউনিট (শিমু) গঠন করা দরকার। এ জন্য মন্ত্রণালয়, পোশাক কারখানার মালিকদের সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ওপর জোর দেওয়া হয়েছে।
গতকাল বুধবার এক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং এসএনভি বাংলাদেশ। ‘তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিমা নীতি ও সম্ভাব্য ব্যবস্থাপনা কাঠামো’ শীর্ষক গোলটেবিলের সম্প্রচার সহযোগী ছিল প্রথম আলো।
সভায় ‘বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিমার নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা কাঠামোর প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, পোশাককর্মীদের মাত্র ১ দশমিক ৪ শতাংশ বিমার আওতায়। এসএনভি, কেয়ার ও ব্র্যাক ৪৪টি কারখানার ৩১ হাজার শ্রমিকের জন্য এবং গণস্বাস্থ্য কেন্দ্র ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ১১টি কারখানার ২৬ হাজার শ্রমিকের জন্য বিমা সুবিধা দিচ্ছে। এগুলো পাইলট মডেল। এতে সরকার এবং পোশাকমালিকদের সংগঠনগুলোর কোনো অংশগ্রহণ নেই। এই পাইলট প্রকল্পগুলো শেষ হয়ে গেলে শ্রমিকেরা সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সম্মানিত অতিথি জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক বলেন, বিমা চালু করতে হলে শুধু প্রাতিষ্ঠানিক বা পোশাককর্মীদের কথা ভাবলে হবে না; অন্যান্য খাতের শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কথাও ভাবতে হবে। সেই সঙ্গে বিমা প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থার বিষয়টি নিয়েও ভাবতে হবে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অবদানের কথা বিবেচনায় বিমা চালুর ক্ষেত্রে এ খাতকে অগ্রাধিকার দেওয়া যৌক্তিক। ধাপে ধাপে অন্য খাতে শুরু করা যেতে পারে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক সেলিনা আক্তার বলেন, পোশাক কারখানার জন্য কেন্দ্রীয় তহবিলে বিমার একটি অংশ আছে। সেটাকে ধরে কতটুকু কাজ হয়েছে, কী করা প্রয়োজন, সে জন্য ওয়ার্কিং গ্রুপ করা যেতে পারে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, সামাজিক স্বাস্থ্য বিমা ব্যবস্থাপনা ইউনিট গঠিত হলে এটাকে সরকারের করারোপের আওতামুক্ত রাখতে হবে।
টাঙ্গাইলের নয়টি উপজেলায় বিমার কাজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক (গবেষণা) মো. নুরুল আমিন বলেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সেখানে কাজ চলছে। অচিরেই ঢাকাতেও এ কাজ সম্প্রসারণ করার পরিকল্পনার কথা তিনি জানান।
পাইলট প্রকল্প থেকে করোনায় পোশাককর্মীদের ভালো সেবা দেওয়া গেছে বলে উল্লেখ করেন উন্নয়ন সংস্থা এসএনভি বাংলাদেশের আরএমজি ইনক্লুসিভ বিজনেস প্রোগ্রামসের টিম লিডার ফারথিবা রাহাত খান। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা পরিবার ও সন্তানের স্বাস্থ্য নিয়ে ভাবলেও আর্থিক সংকটের কারণে নিজের স্বাস্থ্যকে অবজ্ঞা করেন।
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, বিমা চালুর বিষয়টি স্বল্প মেয়াদে হলেও কাজটি শুরু করা দরকার।
পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম এবং বিজিএমইএর শ্রমবিষয়ক কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন বিমার বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং মানুষের আস্থা অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জালালুল আজিম বলেন, শ্রমিকের জন্য বিমা সুবিধাকে সুনির্দিষ্ট একটি কাঠামোর মধ্যে আনতে হবে।
দক্ষিণ এশিয়ায় অশান রিটেইল ইন্টারন্যাশনালের কমপ্লায়েন্স ব্যবস্থাপক সাইফুল আলম মল্লিক বলেন, শিমু গঠনের কাজটি এখনই শুরু হলে এক–দুই বছরের মধ্যেই তা একটি কাঠামোয় দাঁড় করানো সম্ভব।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বিমা চালু হলে কিস্তি পরিশোধে অংশীদার হতে শ্রমিকেরা প্রস্তুত আছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের আরএমজি স্বাস্থ্যবিমা প্রকল্পের পরিচালক রেজাউল হক বলেন, স্বাস্থ্য বিমা করতে চাইলে তা জাতীয় নীতিমালার অধীনে আসা উচিত।
ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম ও আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. লিয়াকত আলী বলেন, শ্রমিকদের বিমার জন্য আলাদা একটি নীতি থাকা দরকার।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।