প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়

গত ২৯ মে ২০২২ চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইপসা, এডিডি ইন্টারন্যাশনাল ও প্রথম আলো যৌথভাবে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আলোচনার নির্বাচিত অংশ এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ মে ২০২২ চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইপসা, এডিডি ইন্টারন্যাশনাল ও প্রথম আলো যৌথভাবে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
ছবি: প্রথম আলো

অংশগ্রহণকারী

নুসরাত সুলতানা

পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম

মো. শফিকুল ইসলাম

কান্ট্রি ডিরেক্টর, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

এ বি এম আবু নোমান

অধ্যাপক, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মো. আরিফুর রহমান

প্রধান নির্বাহী, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)

ভাস্কর ভট্টাচার্য

ন্যাশনাল কনসালট্যান্ট ফর অ্যাকসেসিবিলিটি, এটুআই প্রোগ্রাম, আইসিটি ডিভিশন

জেসমিন সুলতানা

প্রধান নির্বাহী, ইলমা

সিদ্দিক চৌধুরী

মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান, ক্লিফটন গ্রুপ

আনোয়ারা আলম

সাবেক অধ্যক্ষ, আগ্রাবাদ মহিলা কলেজ

আশরিফা তানজীম

অধ্যক্ষ, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম

আবুল বাশার

মুখ্য সমন্বয়ক, এ কে খান ফাউন্ডেশন

আব্দুর রাকিব

প্রোগ্রাম কোঅর্ডিনেটর–গ্লোবাল

এডিডি ইন্টারন্যাশনাল, যুক্তরাজ্য

বিশ্বজিৎ চৌধুরী

যুগ্ম সম্পাদক, প্রথম আলো

সঞ্চালনা

ফিরোজ চৌধুরী

সহকারী সম্পাদক, প্রথম আলো

আলোচনা

ফিরোজ চৌধুরী

চট্টগ্রামের বিশেষ এই গোলটেবিল বৈঠকে আপনাদের স্বাগত জানাই। প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কী করা যেতে পারে, সে জায়গা থেকেই আজকের গোলটেবিল। আজ আমরা কিছু উত্তর খুঁজে পেতে চাই, চট্টগ্রামের প্রতিবন্ধী মানুষ ও জনগোষ্ঠীর জন্য আসলে কী করা যেতে পারে। তাঁদের কী ধরনের কাজে সম্পৃক্ত করা যেতে পারে। প্রশিক্ষণ কীভাবে বাড়ানো যায়। মূল কথা হচ্ছে, তাঁদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যেতে পারে, তার পথ অনুসন্ধান করা। এসব প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব আজকের আলোচনায়।

মো. শফিকুল ইসলাম

মো. শফিকুল ইসলাম

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কী কী বাধা আছে, তা চিহ্নিত করতে হবে এবং সম্মিলিতভাবে সে বাধাগুলো দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। আপনাদের অনেকের হয়তো জানা আছে ২০০৬ সালে জাতিসংঘে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ঘোষিত হয়েছে। সেই সনদে বাংলাদেশ সরকারও ২০০৭ সালে অনুস্বাক্ষর করেছে। ২০১৩ সালে পূর্বতন প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ আইন পরিবর্তন করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সনদ অনুমোদন করেছে। এটি একটি যুগান্তকারী বা মাইলফলক বলা যেতে পারে। কারণ, আগের আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের দেখা হতো সম্পূর্ণ কল্যাণের দৃষ্টিতে।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা, অন্য আর সবার সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে চাওয়া—এসবকে গুরুত্ব দিয়ে ২০১৩ সালে আইন পাস করা হয়েছে। আইনের মধ্যে কর্মসংস্থানসহ বেশ কটি যুগান্তকারী বিষয় উল্লেখ করা হয়েছে। ১৫-১৬টি বিশেষ কর্মসূচির কথা সরকার বলেছে। আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে, সরকার গৃহীত, সরকারি-বেসরকারি সব কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম–অধিকারের ভিত্তিতে সুযোগ দিতে হবে। এই সুযোগ সৃষ্টির দায়িত্ব শুধু সরকারের একার নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ৮ নম্বর ধারায় লক্ষ্য পরিষ্কারভাবে লেখা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তি, পিছিয়ে পড়া ব্যক্তি সবার জন্য সম–উপযোগী কর্মপরিবেশ সৃষ্টি করার বিষয়টি। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্ম সম্পাদন করার জন্য যেসব সুযোগ-সুবিধা দরকার, সেগুলো যেন নিশ্চিত করা হয়। আমরা আশাবাদী, বাংলাদেশ সরকারের যেসব আইন ও নীতিমালা আছে, সবগুলোতে চেষ্টা করা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বিষয়টিকে যেন জোর দিয়ে আনা যায় এবং কর্মসংস্থানসহ সব বিষয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টি করা যায়।

একসময় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধকতা নিয়ে যত আলোচনা হতো, তাঁদের দক্ষতা ও মেধা নিয়ে আলোচনা হতো কম। আমরা এখন আলোচনা করতে চাই প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অনেক সময় আমাদের কারণে, সমাজের সৃষ্ট নানা বাধা ও জটিলতার কারণে তাঁদের সে সক্ষমতার বিকাশ হচ্ছে না। সে বাধাগুলো অবশ্যই দূর করতে হবে।

আইন বাস্তবায়ন করার জন্য যে জাতীয় পরিকল্পনা করা হয়েছিল, সেখানে সক্ষমতার দিক থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের বিবেচনায় রেখে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় কী ধরনের পরিকল্পনা নিতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে এগিয়ে আসার অনেক উদ্যোগ রয়েছে। আমরা অনেক ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি, এরপরও সমস্যা দূর হয়নি, আমাদের এখনো অনেক কাজ করতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এক জরিপে তাঁরা কর্মসংস্থানে যেতে না পারা এবং আগ্রহী না হওয়ার কারণ হিসেবে সামাজিক বাধার কথা বলেছিলেন। সমাজ এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতার বিষয়টি সহজভাবে বিবেচনায় আনতে চায় না। এটি দূর করা খুব জরুরি।

প্রতিবন্ধী নারী হলে সেখানে বাধা আরও বেশি। পারিবারিক ধ্যানধারণা, পারিবারিক চিন্তাভাবনা, সামাজিক বাধার অচলায়তন ভেঙে কর্মসংস্থানে আসাটাই তাঁদের জন্য একটি বড় রকমের বাধা।

যাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন, তাঁদেরও চিন্তাভাবনার বড় রকমের পরিবর্তন দরকার। অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিরা এগিয়ে আসছেন এবং আসার এই ধারা অব্যাহত রাখতে হবে। এই ধারা যেন বাধাগ্রস্ত না হয়। আইনের প্রয়োগ সব জায়গায় সমানভাবে হচ্ছে না। এ জন্য আমাদের ব্যাপক প্রচার–প্রচারণা চালানো দরকার।

বিশ্বজিৎ চৌধুরী

বিশ্বজিৎ চৌধুরী

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটি অমীমাংসিত বিষয়ও বটে। জনমত ও সচেতনতা তৈরি করার কাজটি আমরা চালিয়ে যেতে পারি। যে কথাগুলো এখানে বলব, এই কথাগুলো কিছুটা হলেও নীতিনির্ধারকদের কানে গিয়ে পৌঁছাবে। আমাদের দেশে সহজে কোনো কাজ হয় না। বারবার আঘাত করতে হয়, জানান দিতে হয়। আপনাদের মনে থাকতে পারে, অ্যাসিড–সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জোরালো প্রচারণা শুরু করেছিলাম প্রথম আলোর পক্ষ থেকে। আজকে অ্যাসিড–সন্ত্রাসের সেই ভয়াবহতা নেই। বারবার বলা ও প্রচার করা, বারবার মানুষের সামনে তুলে ধরা এবং নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যাপারটি নিয়ে এডিডি ও ইপসা যে উদ্যোগ নিয়েছে, পত্রিকার মাধ্যমে সেই কর্মকাণ্ড ও বক্তব্য আমরা পাঠকের কাছে পৌঁছে দিতে চাই। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ ধরনের সব ভালো কাজের সঙ্গে থাকতে চাই। তাই আমরা বলে থাকি, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো’।

আব্দুর রাকিব

আব্দুর রাকিব

এডিডি ইন্টারন্যাশনাল প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করছে। জব মার্কেটে চাকরিদাতা প্রতিষ্ঠান বা চাহিদার সঙ্গে জোগানের একটা গ্যাপ বিদ্যমান। প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমরা সরকারি-বেসরকারি চাকরিদাতাদের কর্মসূচির সঙ্গে অন্তর্ভুক্ত করে কাজ করছি। সমাজে প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান, এটি দূর করার জন্য গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তঁাদের আত্মনির্ভরশীল করে সমাজ থেকে ভ্রান্ত ধারণা দূর করতে হবে। জাতিসংঘ ঘোষিত সনদ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রে সব বাধা ও চ্যালেঞ্জগুলো দূর করা যাবে বলে আমাদের বিশ্বাস। অভিগম্য কর্মপরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সব চাকরিদাতা প্রতিষ্ঠানকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চাকরিপ্রাপ্তির বাধাগুলো চিহ্নিতকরণ এবং তা ওভারকাম করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

নুসরাত সুলতানা

নুসরাত সুলতানা

আমি দীর্ঘ প্রায় আড়াই বছর যাবৎ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এটা আমার বিশাল সৌভাগ্যের বিষয়। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব। প্রতিবন্ধী ব্যক্তিদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করি। একটু ধৈর্য ধরে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

তবে সরকারের যেসব কর্মসূচি আছে, অনেকে তা ভালোভাবে জানি না। অনেকে সচেতন নন। শহরে কিছুটা সচেতনতা আছে, তৃণমূলে কম। প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে অনেক সময় আলোচনা হয়। তখন বুঝতে পারি অনেকেই কর্মসূচি সম্পর্কে জানেন না। তাই প্রচার–প্রচারণা বাড়াতে হবে। অনুরোধ থাকবে, প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি অফিসে যাবেন। জেনে নেবেন কী ধরনের সুযোগ–সুবিধা আছে। সচেতনতার অভাবে অনেকে সরকারি সুযোগ–সুবিধা নিতে পারছেন না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করা জরিপে দেশে বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ২৪ লাখ। সরকারের উদ্যোগ হচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠানে সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অবশ্যই প্রতিবন্ধীবান্ধব হতে হবে।

আমাদের এখানে দেখা যায়, একজন প্রতিবন্ধী শিশু স্কুলে ভর্তি হলো কিন্তু সবাই তাকে গ্রহণ করে না। সেখানেও শিক্ষকদের প্রশিক্ষণ ও সচেতনতা দরকার। চিকিৎসাব্যবস্থাও হতে হবে প্রতিবন্ধীবান্ধব। যে আইন হয়েছে, তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের এ ক্ষেত্রে সচেতন হতে হবে। নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে।

আমাদের চাকরির জন্য যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে করা যেতে পরে। শিক্ষাব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা ও সমাজব্যবস্থায় অনেকটা এগিয়ে গেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু আরও অনেকটা পথ এগোতে হবে।

পরিবহন খাত যেন প্রতিবন্ধীবান্ধব হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। প্রতিটি জায়গায় সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলে কাজ সহজ হয়ে যাবে। তাঁরা আমাদের সমাজের অংশ, তঁাদেরকে মানবসম্পদে পরিণত করতে হবে। এসডিজি অর্জন করতে হলে কাউকে পেছনে রাখা যাবে না। সবাইকে বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে হবে।

আরিফুর রহমান

আরিফুর রহমান

আজকের আলোচনা যেহেতু চট্টগ্রামকেন্দ্রিক, তাই এ অঞ্চল নিয়ে আলোচনা করব। আমাদের ভৌগোলিক অবস্থানের সঙ্গে সারা দেশের ব্যাপক পার্থক্য আছে। এখানে পার্বত্য অঞ্চল আছে। অনেক বড় উপকূলীয় অঞ্চল ও দ্বীপ আছে। কাজ করতে গিয়ে দেখেছি, ঢাকা ও চট্টগ্রাম শহরের প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের যে চ্যালেঞ্জ, পার্বত্য ও উপকূলীয় এলাকার দ্বীপ ও দুর্গম এলাকায় বাস করেন যাঁরা, সেসব প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের চ্যালেঞ্জ পুরোপুরি ভিন্ন। কর্মসংস্থানের ক্ষেত্রে জাতীয়ভিত্তিক কর্মসূচি নেওয়া হয়, সে সুবিধাগুলো দুর্গম অঞ্চলে বাস করা প্রতিবন্ধী মানুষ পান না। এর অনেকগুলো কারণ আছে। সরকার চাচ্ছে, বেসরকারি উদ্যোক্তা বা ব্যবসায়িক মহল চাচ্ছে, কিন্তু প্রতিবন্ধী মানুষের প্রবেশগম্যতা তৈরি করতে পারছে না।

প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু প্রশিক্ষণ নেওয়ার সময় অবস্থান করার জন্য যে সুযোগ-সুবিধাগুলো দরকার, তা এখনো তৈরি হয়নি। অনেকে যাতায়াত ও আবাসন সমস্যার কারণে ভালো চাকরি পেয়েও টিকে থাকতে পারছেন না। এ বিষয়ে লক্ষ রাখতে হবে। শুধু কর্মসংস্থান করলেই হবে না, প্রশিক্ষিত করলে হবে না, পাশাপাশি বাসস্থান, যাতায়াতসহ প্রাসঙ্গিক বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।

আশার কথা হচ্ছে, এখন সরকারের অনেকগুলো সেফটি নেট প্রোগ্রাম রয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখছে। অনেকেই এগিয়ে আসছে। ব্যবসায়ীদের সংগঠন চেম্বারের বড় ভূমিকা রাখা উচিত। প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করা কোনো প্রকল্পনির্ভর বিষয় নয়, এটি একটি চলমান ও সামাজিক আন্দোলন। এটি অনেক দিন ধরে চালিয়ে যেতে হবে। প্রথম আলোও প্রতিবন্ধী মানুষের আন্দোলনের সঙ্গে থাকবে, সবার পক্ষ থেকে এই প্রত্যাশা রইল।

আনোয়ারা আলম

আনোয়ারা আলম

প্রতিবন্ধী মানুষকে বারবার প্রমাণ করতে হয়, ‘আমিও পারি।’ আমার মনে হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এখানে শারীরিকভাবে প্রবেশগম্যতা বোঝায়, তা নয় কিন্তু। শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি যাঁরা আছেন, তাঁদের কথা আমরা শুনেছি। ইশারা ভাষার ব্যাপারটি অনেক কর্মপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান জানে না। আমি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিলাম, সেখানে বেশির ভাগ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি আসতেন, সেখানে পরীক্ষার সময় দেখেছি, শ্রুতলেখক পাওয়া কত যে কঠিন হয়ে যায়।

আরেকটি বিষয় হচ্ছে, নিজেদের অধিকারের বিষয়ে অসচেতনতা। তার মানে, প্রতিবন্ধী ব্যক্তিদের কী কী অধিকার, সে তথ্য জানার ঘাটতি রয়ে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জানে না। একজন শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি কোন পরিবেশে, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কোন আলোয় কাজ করবেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা কোন পরিবেশে কাজ করবেন, তা নিয়োগকর্তারা সবাই জানেন না। আর আমি মনে করি, একেকটি ওয়ার্ডে কতজন প্রতিবন্ধী মানুষ আছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। আমাদের এখন দরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ দেওয়া। সহায়ক উপকরণ কী লাগবে, সেটি তাঁদের যথাযথভাবে সরবরাহে আন্তরিক থাকতে হবে। আমাদের শিল্পোদ্যোক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে আরও সহানুভূতিশীল হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন। সুদবিহীন ঋণের ব্যবস্থা করা যায়। যাতে তাঁরা আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে পারেন। তাঁদের মেধা, বুদ্ধি ও সৃজনশীল ক্ষমতা আছে। সেগুলো কাজে লাগিয়ে মূলধারায় নিয়ে আসতে পারি।

সিদ্দিক চৌধুরী

সিদ্দিক চৌধুরী

আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের যাঁরা সহকর্মী, তাঁরাও অনেক সময় অবজ্ঞা করেন। তাঁরা তাঁদের প্রতিবন্ধী সহকর্মীকে বোঝা মনে করে থাকেন। অধিকাংশের মানসিকতা এই রকম।

কর্তৃপক্ষের হয়তো সদিচ্ছা আছে। কিন্তু দেখা যায়, ব্যবস্থাপনায় থাকা জুনিয়র কর্মীরা তাঁদের চাকরিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নিরুৎসাহিত করেন। আসলে সমাজের অধিকাংশ মানুষের মানসিকতা এ রকম। অনেক কারখানায় প্রতিবন্ধী কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। এ বিষয়ে সবাইকে যত্নবান হওয়া উচিত। প্রতিবন্ধী ব্যক্তি সৃষ্টিকর্তা বা সৃষ্টিরই একটি বৈচিত্র্য।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বিজিএমইএর সঙ্গে বেশি করে কাজ করতে হবে। তাঁদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে চট্টগ্রামে ১০ হাজার প্রতিবন্ধী মানুষকে চাকরি দেওয়া কোনো ব্যাপার নয়। তবে বিজিএমইএকে এটি গুরুত্বসহকারে নিতে হবে। তাহলে কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তা থাকবে না। সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরও মানসিকতা পরিবর্তন করা দরকার।

আবুল বাশার

আবুল বাশার

আজ থেকে দুই দশক আগে চট্টগ্রামে সুন্দর ও আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল। আমরা কয়েকজন ছিলাম সে আন্দোলনে। আজকে এখানে আমার আসার একমাত্র কারণ হচ্ছে, গত ২০ বছরে আমরা কী সফলতা অর্জন করেছি, তা জানা।

আমি এ কে খান ফাউন্ডেশনে আছি। আমরা যখন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাবিষয়ক চুক্তি করি, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০ শতাংশ কোটা নির্ধারণ করে দিই। বৃত্তি দেওয়ার ক্ষেত্রেও ১০ শতাংশের বেশি বৃত্তি দেওয়া হয়।

সাফল্যের কথা অনেক বলেছি। কিন্তু আমাদের এখন কী করতে হবে। আমাদের বাধাটা কোথায়? আমরা একসময় কল্যাণমূলক কাজ দিয়ে শুরু করেছি। এখন অধিকারভিত্তিক কাজ করছি।

আমাদের এখন কাজ হচ্ছে, যতটুকু সাফল্য অর্জন করেছি, সেটি সংহত করা এবং নতুন নতুন চ্যালেঞ্জ যেগুলো আসছে, সেগুলো মোকাবিলা করার জন্য নতুন নীতিপদ্ধতি অনুসরণ করা।

বাধা চিহ্নিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকি। কর্মসংস্থানে যাওয়ার পর তাঁদের বাসস্থানের সমস্যা হয়, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা হয়। এটা হচ্ছে নতুন বিষয়।

আমরা যখন প্রশিক্ষণ দিই, সেটি একধরনের পরিবেশ কিন্তু কর্মক্ষেত্রে যখন যান, তখন আরেক ধরনের পরিবেশ। এখন প্রয়োজন দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তাঁকে প্রশিক্ষিত করা।

প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করার জন্য সঠিক তথ্য-উপাত্ত প্রয়োজন। ওয়েবসাইট ঘেঁটে সব সময় প্রয়োজনীয় হালনাগাদ তথ্য পাওয়া যায় না। আজ পর্যন্ত অর্জিত অগ্রগতি, খতিয়ান বা প্রতিবেদনের ওপর নির্ভর করে নতুন নতুন কর্মপরিকল্পনা নিতে হবে।

এ বি এম আবু নোমান

এ বি এম আবু নোমান

প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার আইন করা হয়েছে। তবে এই আইনে কিছু সীমাবদ্ধতা আছে, এই আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকারের জন্য জাতীয় তহবিল গঠনের কথা এসেছে। খুব ভালো কথা, এটা যদি হয়, সরকারের পক্ষ থেকে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই আইনে অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে, শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যতম অধিকার হিসেবে বলা হয়েছে, তাঁর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অধিকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠান তাঁকে চাকরি দিতে অস্বীকৃতি জানায়, সেটি এখানে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না। আমি বলব, সেটি যেন এখানে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই আইনের যে শাস্তি বিধান করা হয়েছে, শাস্তির বিকল্প হচ্ছে জরিমানা। আমরা জানি, যাঁরা অধিকারগুলো লঙ্ঘন করে থাকেন, তাঁরা করপোরেট প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান ব্যক্তি। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। এই আইন ভঙ্গ হলে জরিমানা বা শাস্তির বিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা দরকার।

আরেকটি বিষয় বলতে পারি, এই আইনে যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোকে আপসযোগ্য বলা হচ্ছে, জামিনযোগ্য বলা হচ্ছে। আইনের ছাত্র হিসেবে এটা আমার খুব খারাপ লেগেছে।

আশরিফা তানজীম

আশরিফা তানজীম

আসলে এই খাতে অনেক কাজ করার আছে। প্রতিবন্ধী ব্যক্তির মেধাকে কাজে লাগানো দরকার। দক্ষতা উন্নয়নকে কাজে লাগিয়ে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভেতর দিয়ে বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে, প্রতিবন্ধী মানুষ আসলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গর্বিত অংশীদার। প্রতিবন্ধী মানুষকে কোনোভাবে পেছনে রাখা যাবে না।

আমি সুখকর তথ্য দিই, আমাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা রেখেছে। আমরা যখন কোনো কোর্সের জন্য বাছাই করতে বসি, তখনই প্রতিবন্ধী মানুষদের অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রশিক্ষণের জন্য তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়। আমরা কাজ করি প্রান্তিক বস্তির মানুষদের নিয়ে, তাঁদের অনেক অভিভাবক সচেতন নন। আমরা কাজ করি অবহেলিত মানুষদের নিয়ে। তাই সব সময় প্রতিবন্ধী মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

জেসমিন সুলতানা

জেসমিন সুলতানা

আমাদের এখানে সবচেয়ে বেশি সংকট নারীদের, কিশোরীদের। আমি একজন নারী, একজন মানুষ, সে জায়গা থেকে দেখি, প্রতিবন্ধী নারী ও কিশোরীদের বিশেষ সংকট রয়েছে। তাঁরা চাইলেও অনেক সময় চাকরির সুযোগ কাজে লাগাতে পারছেন না।

চেম্বার, বিজিএমইএ, এনজিও, করপোরেট প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, তাদের ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে। আমার–আপনার মানসিকতাও পাল্টাতে হবে। শুধু যাঁরা প্রশিক্ষণ দেবেন, যাঁরা চাকরি দেবেন তাঁরা নন; তাঁদের চেয়ে আমরা যাঁরা একটু বেশি সুযোগ-সুবিধাভুক্ত, তাঁদের মানসিকতা ইতিবাচক হতে হবে। যত দিন প্রতিবন্ধী মানুষদের প্রতি সহমর্মিতা ও ইতিবাচক পরিবেশ তৈরি হবে না, তত দিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

প্রধানমন্ত্রীও বলেছেন, কাউকে পেছনে রাখা যাবে না। সে শিশু হোক, কিশোরী হোক, নারী হোক। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেও নারীদের জন্য অনেকগুলো জায়গা তৈরি করতে পারিনি। সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। সরকার প্রতিটি কাজে অনেক সময় তৃণমূলে যেতে পারবে না। প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন।

আর প্রশিক্ষণের কথা বলা হচ্ছে; কিন্তু অভিভাবকহীন নারীদের জন্য প্রশিক্ষণ নেওয়া অনেক সময় হয় না। বাসস্থান ও যাতায়াতসহ নানা কারণে তাঁরা অংশ নিতে পারেন না। ফলে তাঁরা পিছিয়ে থাকেন। তাই তাঁদের জন্য আবাসনের ব্যবস্থা করা উচিত। শুধু প্রশিক্ষণের সময় আবাসনের সুযোগ দিলে হবে না, চাকরি করার সময়ও যাতে এই সুবিধা পান, সেটি নিশ্চিত করতে হবে।

এভাবে নারীরা যদি কাজ করার সুযোগ পান, তাহলে নিজেদের জন্য সম্মান বয়ে আনতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। তবে কাজের পরিবেশও নিশ্চিত করতে হবে। শুধু চাকরি দিলেই হবে না। কর্মক্ষেত্রে নারীদের অনেক সময় যৌন নিপীড়নের শিকার হতে হয়। এখন অনেকটা কমে এসেছে। তবে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

চাকরিদাতাদের কাছে অনুরোধ থাকবে, নারীরা যেন কখনো হেনস্তার শিকার না হন, সেদিকে লক্ষ রাখবেন। আর প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দীর্ঘস্থায়ী করার জন্য প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত রাখা প্রয়োজন।

ভাস্কর ভট্টাচার্য

ভাস্কর ভট্টাচার্য

আমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। আমরা এটুআই প্রোগ্রাম বাংলাদেশে ইনক্লুসিভ ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করছি। আমরা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছি প্রথমে, সেটি হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। আমরা মনে করছি, শুধু শিক্ষা দিয়ে একজন প্রতিবন্ধী মানুষ যথাযথভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন না। যার কারণে আমরা ই-লার্নিংকে গুরুত্ব দিচ্ছি।

বাংলাদেশে সবচেয়ে বড় ই-লার্নিং পোর্টাল মুক্তপাঠ, যেখানে শত শত ই–লার্নিং কোর্স তৈরি করেছি। যেটি সব ধরনের প্রতিবন্ধী মানুষ ব্যবহার করতে পারেন। প্রতিবন্ধী মানুষদের অনুরোধ করব, আপনারা ই-লার্নিংয়ের বিষয়ে এগিয়ে আসেন। মুক্তপাঠের মাধ্যমে সেখানে বিভিন্ন প্রশিক্ষণ পেতে পারবেন।

এ ছাড়া আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি, যাতে প্রতিবন্ধী মানুষ সেখানে যথাযথ প্রশিক্ষণ পেতে পারেন এবং কর্মসংস্থান পেতে পারেন। ই-কমার্সে যাতে আসতে পারে, সে জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছি।

এটুআই থেকে প্রযুক্তি নিয়ে কাজ করছি। যাতে প্রতিবন্ধী মানুষ প্রযুক্তি ব্যবহার করতে পারেন এবং প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থানে যাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য কাজ করছি। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ ই-সেবা ও ওয়েবসাইটে আমরা প্রবেশগম্যতা তৈরি করতে পারছি।

আমরা খুবই আনন্দের সঙ্গে বলছি বাংলাদেশ সরকার এ বিষয়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যাতে প্রতিবন্ধী মানুষ সহজেই জাতীয় তথ্য বাতায়ন ব্যবহার করতে পারেন। যেখান থেকে ২০০–এর বেশি সেবা পেতে পারেন। ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩–এ যেকোনো প্রতিবন্ধী মানুষ যেকোনো তথ্যসেবা পেতে পারেন ডায়াল করে। প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী সনদ কীভাবে পাবেন, তা এখানে ফোন করে জানতে পারবেন।

এ ছাড়া মাল্টিমিডিয়া টকিং বুক করেছি। অ্যাকসেসিবল ডিকশনারি ব্যবহার করতে পারবেন।

একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়েও আমি নিজে এখানে আসতে পেরেছি, কথা বলতে পারছি তার কারণ, আমি জাপানে একটি প্রশিক্ষণ নিয়েছিলাম। আমার কাছে প্রযুক্তি ছিল, কম্পিউটার ছিল, স্মার্টফোন ছিল, সাদাছড়ি ছিল। চাকরিদাতা যদি বিশ্বাস করেন প্রতিবন্ধী মানুষেরা পারবেন, তাহলে তাঁরা পারবেন। জাপান থেকে এসে এক বছর ঘুরেছি বিভিন্ন জায়গায়। কিন্তু কেউ বিশ্বাস করতে চান না যে আমি পারব। কিন্তু ইপসার আরিফুর রহমানের বিশ্বাস ছিল পারব। তিনি চাকরির সুযোগ দিয়েছেন।

আরেকটি হচ্ছে আত্মবিশ্বাস। একজন প্রতিবন্ধী মানুষ যদি আত্মবিশ্বাসী হন, যেমন আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলাম বলে এখানে আসতে পেরেছি। আমি এমন গ্রামে জন্মগ্রহণ করেছি, যেখানে কোনো হাসপাতাল ছিল না, যার জন্য আমি চোখে দেখতে পাইনি। কোনো স্কুল পাইনি। কোনো প্রযুক্তি পাইনি। বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি করতে চায়নি। অনশন করতে হয়েছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কে খান ফাউন্ডেশন এটুআইয়ের উদ্যোগে ই-লার্নিং সেন্টার করেছি। যেখানে দেড় শর বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

শফিকুল ইসলাম

প্রতিবন্ধী ব্যক্তিদের কোনোভাবে বঞ্চিত করা যাবে না। সবচেয়ে জরুরি দরকার হচ্ছে সঠিক পরিসংখ্যান। প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতার ধরন কী? ধরন অনুযায়ী কোন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন এবং কোন ধরনের কাজ উপযুক্ত, তা চিহ্নিত করতে হবে। সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানসহ সব রকমের সুযোগ–সুবিধা নিশ্চিত করতে হলে সামগ্রিকভাবে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এখানে সরকারি–বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কোনোভাবে পিছিয়ে রাখা যাবে না। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে নিয়ে এগোতে হবে।

ফিরোজ চৌধুরী

আপনাদের সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে এসেছে। আশা করা যায়, নীতিনির্ধারকেরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

সুপারিশ

  • সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বিবেচনায় রেখে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে সরকারি–বেসরকারি পর্যায়ে পরিকল্পনা নিতে হবে।

  • পার্বত্য ও উপকূলীয় এলাকার দ্বীপ এবং দুর্গম এলাকায় যাঁরা বাস করেন, সেসব প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের চ্যালেঞ্জ পুরোপুরি ভিন্ন, পরিকল্পনায় সেগুলো বিবেচনা করতে হবে।

  • যাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন, তাঁদের অন্যান্য কর্মীদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও নীতিমালার বড় রকমের পরিবর্তন দরকার।

  • প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নেওয়া এবং সুদবিহীন ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।

  • বিজিএমইএ, সব চেম্বার অব কমার্স ও চাকরিদাতা সংস্থার ফেডারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

  • চাকরিপ্রাপ্তির বাধাগুলো চিহ্নিতকরণ এবং তা উত্তরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

  • সমাজে প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিদ্যমান—এটি দূর করার জন্য গণমাধ্যমের অগ্রণী ভূমিকা পালন করা দরকার।