বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা

ঢাকাস্থ সুইডেন দূতাবাসের সহযোগিতায় ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)’ প্রকল্পের আওতায় ‘বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ জানুয়ারি ২০২২। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এর স্থানীয় পার্টনার আরডিআরএস বাংলাদেশ গোলটেবিল বৈঠকটি আয়োজন করে। কুড়িগ্রামে অনুষ্ঠিত সেই গোলটেবিল বৈঠকের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এ ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অংশগ্রহণকারী

মোহাম্মদ রেজাউল করিম

জেলা প্রশাসক, কুড়িগ্রাম

উৎপল রায়

অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম

মোছা: জিলুফা সুলতানা

উপপরিচালক, স্থানীয় সরকার, কুড়িগ্রাম

উত্তম কুমার রায়

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট, কুড়িগ্রাম

নূরে তাসনিম

উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজারহাট

মাহবুবুর রহমান

উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিলমারী

মোছা: শাহানা আক্তার

উপপরিচালক, মহিলাবিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম

মো. নুরুন্নবী চৌধুরী

চেয়ারম্যান, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ

কাজী নুরুজ্জামান

সভাপতি, কুড়িগ্রাম জেলা কাজী সমিতি

মো. সোলায়মান আলী

চেয়ারম্যান, বেরুবাড়ী ইউনিয়ন, নাগেশ্বরী।

রাশেদুজ্জামান বাবু

সাধারণ সম্পাদক, শিল্পকলা একাডেমি

মো. নুরুন্নবী সরকার

প্রধান শিক্ষক, নতুন অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়, হাতিয়া, উলিপুর

সম্পা দত্ত

সদস্য, রাজারহাট যুব ফোরাম ও শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ

নজরুল ইসলাম চৌধুরী

প্রকল্প ব্যবস্থাপক, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)

সঞ্চালনা

আবদুল্লাহ আল মামুন

প্রকল্প সমন্বয়কারী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)

আলোচনা

আবদুল্লাহ আল মামুন

‘বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় আপনাদের স্বাগত জানাই। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের (বিবিএফজি) আওতায় কুড়িগ্রাম জেলার তিনটি পৌরসভা, নয়টি উপজেলা ও ৭৩টি ইউনিয়ন পরিষদে কাজ চলছে। ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে। শুরুতেই ধারণাপত্র উপস্থাপন করবেন মো. নজরুল ইসলাম চৌধুরী।

নজরুল ইসলাম চৌধুরী

১৮ বছরের নিচে এক–তৃতীয়াংশে এবং ১৫ বছরের নিচে শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে বিবিএফজি প্রকল্পটি কুড়িগ্রামে বাস্তবায়িত হচ্ছে। তিনটি পরিবর্তন আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রথমত, মেয়েদের ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসী করে তোলা। তারা যেন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, বাল্যবিবাহকে ‘না’ বলতে পারে। দ্বিতীয়ত, কমিউনিটি সচেতনতা তৈরি করা। যেন তারা বাল্যবিবাহের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করে। তৃতীয়ত, বাল্যবিবাহ বন্ধে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়ে বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নেওয়া।

২০১৭ সালে কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ছিল ৬৫ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বর মাসে একটি মধ্যবর্তীকালীন মূল্যায়ন করা হয়। তখন বাল্যবিবাহের এ হার ৪৬ দশমিক ৮ শতাংশে নেমে আসে। আমরা কুড়িগ্রামে প্রতি মাসে বাল্যবিবাহের তথ্য সংগ্রহের একটি পদ্ধতি দাঁড় করিয়েছি। সেখানে দেখা যায়, ২০১৯ সালে প্রতি মাসে ৯৪টি বাল্যবিবাহ হচ্ছিল। ২০২০ সালে এ সংখ্যা কমে ৩৬ হয়।

‘বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ’ অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ২০৪১ সাল। বাল্যবিবাহ রোধে প্রধান যে কাজগুলো করতে হবে তা হলো বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি শক্তিশালী করা, সমাজের মানুষকে সচেতন করা ও বাল্যবিবাহের শিকার নারীদের যুক্ত করা। বাল্যবিবাহ কমিটি শক্তিশালী করতে আমরা ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করেছি। প্রতি মাসে কতসংখ্যক বাল্যবিবাহ হচ্ছে—তার সঠিক তথ্য প্রয়োজন রয়েছে। কাজি, ঘটকসহ বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের চিহ্নিত করে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা গেলে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব। কুড়িগ্রাম জেলায় আমরা বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার ১২ জন ব্যক্তির তালিকা করেছি এবং তাঁদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। দেশে বাল্যবিবাহ বন্ধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি আমাদের আচরণের পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার। কুড়িগ্রাম মডেল হতে পারে সারা দেশের জন্য অনুকরণীয়।

মাহবুবুর রহমান

ছাত্রজীবন থেকেই বাল্যবিবাহের কুফলের সঙ্গে আমাদের পরিচয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে এ বিষয়ে আমাদের একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়েছে। এসব কাজে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লসের (বিবিএফজি) সহযোগিতা প্রশংসনীয়। ছেলেদের ক্ষেত্রে ২১ ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া আমাদের সরকারের পরিকল্পনা। এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিবিএফজি আমাদের কাজের গতি বাড়িয়েছে। চিলমারী উপজেলার ছয়টি ইউনিয়ন রয়েছে। যার মধ্যে তিনটি চরাঞ্চলে। এ তিনটি ইউনিয়নে নদীভাঙন প্রবণতা বেশি হওয়ায় এখানে ভালো মানের কোনো মাধ্যমিক স্কুল নেই। ১৮ বছর বয়স হলে একটি মেয়ের এইচএসসি পাস করে ফেলার কথা। কিন্তু পঞ্চম শ্রেণির পর তারা বেশির ভাগই আর পড়াশোনার সুযোগ পায় না। ফলে অধিকাংশ সময় অভিভাবকেরা বিয়ে দিয়ে দেন। কারণ, তিন থেকে চার বছর বসিয়ে রাখার মতো মানসিক ও আর্থিক সক্ষমতা তাঁদের থাকে না।

গত চার বছরে বাল্যবিবাহ বন্ধে সরকারের পরিকল্পনার পাশাপাশি এনজিওগুলোর বেশ কিছু কার্যক্রম ছিল৷ এ ক্ষেত্রে বিবিএফজির কার্যক্রম ব্যতিক্রম মনে হয়েছে। গত সাত মাসে তথ্যের ভিত্তিতে আমরা ১৫টির মতো বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছি। গত ছয় মাসে আমাদের তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা সম্ভব হয়েছে। যেকোনো জায়গায় একটি বাল্যবিবাহের উদ্যোগ হলেই আমরা অনেকগুলো ফোন কল পাই। বাল্যবিবাহ বন্ধে কিছু ক্ষেত্রে ইউনিয়ন মেম্বার ও চেয়ারম্যানরাও সহযোগিতা করেন। বাল্যবিবাহ রোধে সাংস্কৃতিক কার্যক্রম অনেক প্রভাব ফেলে। এর মাধ্যমে শিক্ষিত, নিরক্ষর সবার কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়া যায়। কিছুদিন আগে একটি বাল্যবিবাহের কুফল নিয়ে রানীগঞ্জ ইউনিয়নে একটি নাটিকা করা হয়েছিল। নাটিকার বার্তাটা শিক্ষিত ও নিরক্ষর সবার কাছে সহজে পৌঁছে যায়। আমাদের চরাঞ্চলগুলোতে এ ধরনের কার্যক্রম বাড়ানো দরকার।

মোছা: শাহানা আক্তার

দীর্ঘদিন কুড়িগ্রামে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কুড়িগ্রামে আগে অনেক বাল্যবিবাহ হতো। এখন তা অনেক কমে এসেছে। এখানে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে অনেক এনজিও কাজ করছে। সে সময় এখানে গণমাধ্যমের এত প্রভাব ছিল না। বাল্যবিবাহ নিরসনে সরকার এখন কার্যকর ভূমিকা পালন করছে। আগের বাল্যবিবাহ আইন সংশোধন করে সেখানে অনেক বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে আমরা বাল্যবিবাহের প্রতিবেদন পাই। সে প্রতিবেদনে শুধু বাল্যবিবাহের সংখ্যা উল্লেখ থাকে। বিস্তারিত কোনো তথ্যই থাকে না। তথ্য না থাকলে কে কীভাবে কাজ করবে?

বাল্যবিবাহের ক্ষেত্রে দারিদ্র্য ও মেয়েদের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। যৌতুকের বিষয়টিও রয়েছে। যৌতুক কমে গেলে স্বাভাবিকভাবেই বাল্যবিবাহ হার কমে আসত। স্কুলগুলোতে প্রতি মাস বা দুমাস অন্তর এক দিন অভিভাবক সমাবেশ করার কথা। কিন্তু এ অভিভাবক সমাবেশ সব ক্ষেত্রে হচ্ছে না। আমরা শুধু স্কুলের শিক্ষার্থীদের বাল্যবিবাহ না করতে বলছি। কিন্তু শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাই অভিভাবকদের এ বিষয়ে সচেতন করতে হবে।

আমাদের বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতে কিশোরী আছে, এমন পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা। এবার আমরা সে লক্ষ্যে কাজ করেছি। কোনো কলেজপড়ুয়া কিশোরীর পড়াশোনা চালিয়ে নিতে সমস্যা হলে উপজেলা পর্যায়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এসব প্রশিক্ষণে যুক্ত হলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।

বাল্যবিবাহ রোধে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে। সবাইকে উজ্জীবিত হয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমি সব সময় আপনাদের সঙ্গে থাকব।

সম্পা দত্ত

যখন আমার বয়স ১৫ বছর ছিল, তখন আমার এক আত্মীয় আমার বিয়ে ঠিক করেন। আমি মনোবল না হারিয়ে মা-বাবাকে বোঝানোর চেষ্টা করি। শেষে বাবা-মায়েরা বুঝতে পারেন। কিন্তু প্রতিবেশী ও আমার সঙ্গে বিয়ে ঠিক হওয়া পরিবার আমাদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করে। কিন্তু মা-বাবা আমার বিয়ে আটকে দেন। এ ক্ষেত্রে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) খুবই ভালো ভূমিকা পালন করে। আমি তখন বিবিএফজির একজন সদস্য ছিলাম।

আমি অন্যদের বাল্যবিবাহ করতে নিরুৎসাহিত করতাম। আমিই বাল্যবিবাহ করলে তাঁরা ভুল বার্তা পেতেন। সে জন্য আমি মা-বাবাকে বোঝাই এবং আমার বাল্যবিবাহ আটকাতে সক্ষম হই। তখন টিউশনি করে নিজের পড়াশোনার খরচ ও পরিবারের পাশে থাকার চেষ্টা করি। এ ছাড়া যাতায়াতের ক্ষেত্রে আমি সাইকেল ব্যবহার করি, যেন আমার যাতায়াত খরচ কম হয়, যেন আমার পরিবার আমাকে বোঝা মনে না করে। পরিবার যেন আমাকে পরিবারের সম্পদ হিসেবে দেখে। যুব ফোরাম রাজারহাট উপজেলায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছে। যেমন জীবনদক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, বাল্যবিবাহ রোধ বিষয়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের আয়োজন করে থাকি।

মো. নুরুন্নবী সরকার

নতুন অনন্তপুর বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছয় শতাধিক। ২০১৭ সালের পরে বিবিএফজি প্রকল্পটি আমাদের বিদ্যালয়ে সম্পৃক্ত হয়েছে। তার আগে এলাকায় বাল্যবিবাহের হার অনেক বেশি ছিল। ষষ্ঠ শ্রেণিতে ১৪০ থেকে ১৫০ শিক্ষার্থী ভর্তি হতো। দশম শ্রেণিতে এ সংখ্যা অর্ধেকের কম হয়ে যেত। পরবর্তীকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতাম। বিবিএফজি আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় সবার সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহের হার অনেক কমে গেছে। কিন্তু কোভিড মহামারি শুরুর পর বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের শিক্ষকদের সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের স্কুলে স্কাউট ও গার্লস ক্যাডেটদের নিয়ে কমিটি করা ছিল। তারা বিভিন্নভাবে সবার খোঁজখবর রাখত। বাল্যবিবাহের কোনো তথ্য পেলে আমরা সবাই মিলে তা প্রতিরোধের চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে। করোনা মহামারিতে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কম যোগাযোগ থাকায় আমাদের অজ্ঞাতে কিছু বাল্যবিবাহ সংঘটিত হয়ে থাকতে পারে। সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংশোধন করে পাশের এলাকার আত্মীয়স্বজনের বাসায় এসব বাল্যবিবাহ সংঘটিত হয়েছে। বিবিএফজি বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা বিতর্ক প্রতিযোগিতা ও অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। সুযোগ থাকলে বিবিএফজির এ প্রকল্পের আওতা বাড়ানো প্রয়োজন।

কাজী নুরুজ্জামান

বর্তমানে বাল্যবিবাহের জন্য চাপ সৃষ্টির বিষয়টি নেই বললেই চলে। বাল্যবিবাহ একটি অপরাধ। আমার এলাকায় বিবাহের সময় যেসব পাত্র-পাত্রীর বয়স সঠিক থাকে, সেসব বিয়ে সম্পর্কে আমাকে অবগত করা হয়। বাল্যবিবাহ হলে এলাকার লোকজন মিলে সেটা কাজিকে না জানানোর সিদ্ধান্ত নেন। বাল্যবিবাহ নিবন্ধন করে বিবিএফজি এই কাজিদের তালিকা করেছে। জনগণ এই কাজিদের চেনেন। বিয়ের অনুষ্ঠানে গেলে আমি বাল্যবিবাহের কুফল সম্পর্কেও বলি। বাল্যবিবাহ হলে বিয়ের আইনগত দলিল পাওয়া যায় না, এ সম্পর্কে মানুষকে জানাই। কোনো কাজি বাল্যবিবাহের আইনগত দলিল দিতে পারবেন না। বাল্যবিবাহের বিয়ের আইনগত দলিল না থাকায় ওই মেয়ের কোনো সমস্যা হলে আইনগত অধিকার থেকে সে বঞ্চিত হবে। এ ছাড়া বাল্যবিবাহের শিকার মেয়ের শারীরিক ঝুঁকি রয়েছে, মৃত্যুঝুঁকিও হতে পারে। কোনো কাজি বাল্যবিবাহ পড়ালে তাঁর লাইসেন্স বাতিল করতে হবে। বাল্যবিবাহ হতে দেখলেই আমি প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করব বলে জানিয়ে দিয়েছি। ফলে বাল্যবিবাহগুলো খুব গোপনে হয়।

অনেক প্রতিষ্ঠানে প্রতি মাসে মিটিং হয়। কাজিদের এ রকম মাসিক মিটিং নেই বললেই চলে। সে জন্য সব কাজিকে নিয়ে প্রতি মাসে মিটিং করা যেতে পারে। এ মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকলে কাজিদের মধ্যে এ বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি হবে।

মো. নুরুন্নবী চৌধুরী

আমরা বাল্যবিবাহ বন্ধে প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বাল্যবিবাহ পড়িয়েছেন, এমন কাজিদের এনে আর কখনো বাল্যবিবাহ না পড়ানোর প্রতিশ্রুতি নিয়েছি। প্রতিশ্রুতি ভঙ্গকারী কাজিদের আইন অনুযায়ী জেল–জরিমানা করা হয়েছে। এর পর থেকে তাঁদের মধ্যে একটা সচেতনতা এসেছে। এখন তাঁরা এসব করছেন না। কিন্তু অনেক কাজির দুটি খাতা থাকে। বাল্যবিবাহের সময় তাঁরা আসল খাতায় নিবন্ধন করেন না। পরে আইন অনুযায়ী বয়স হলে পরিবারকে আসল নিবন্ধন করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বাল্যবিবাহ পড়ালে কাজিদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ বাল্যবিবাহ রোধে বেশ ভালো ভূমিকা রাখবে।

আমাদের সব বৈঠকে বাল্যবিবাহ রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়। কিন্তু অনেক সময় গোপনে নৌকা, গাড়িতে বিয়ে হয়ে যায়। এমনভাবে বিয়ে হয়, যেন কেউ না জানে। আমাদের পক্ষে এসব বাল্যবিবাহ চিহ্নিত করা কঠিন। যে পুরুষেরা বাল্যবিবাহ করছেন, তাঁদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মেয়েদের পড়ালেখার বিষয়ে উৎসাহিত ও বাল্যবিবাহে নিরুৎসাহিত করি। বাস্তবতার নিরিখে বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদের জানানো হয়। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক অভিভাবক মেয়েদের বাল্যবিবাহ দিয়ে দেন। এসব পরিবারকে সহায়তা দেওয়া প্রয়োজন। আমরাও বিভিন্নভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করি। তিন বছর আগে ভূরুঙ্গামারীতে আমরা একটি স্বর্ণকিশোরী মেলা করেছিলাম। সেখানে বাল্যবিবাহ ও প্রজননস্বাস্থ্য বিষয়ে জানানো হয়। বাল্যবিবাহের অনেক কুফল রয়েছে। আমাদের ধর্মীয় নেতাদেরও এ বিষয়গুলো বোঝাতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের মন-মানসিকতা, চিন্তাচেতনাও এগিয়ে নেওয়ার চেষ্টা থাকতে হবে।

মো. সোলায়মান আলী

বাল্যবিবাহ প্রতিরোধে সবার ভূমিকা আছে। এ ক্ষেত্রে চেয়ারম্যানেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাল্যবিবাহের সময় চেয়ারম্যানদের কোনো তথ্য দেওয়া হয় না। অনেক সময় বাল্যবিবাহগুলো নৌকায়, চলন্ত গাড়িতে যাত্রী বেশেও বিয়ে পড়ানো হয়। এসব জায়গায় তো ইউপি সদস্য, চেয়ারম্যান থাকেন না। এটা একটা বাস্তবতা। এ ক্ষেত্রে কাজিদের ভূমিকা আছে। শুধু দায়িত্ব থেকে নয়, নৈতিকতার দিক থেকেও তাঁদের ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ পড়ানো একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা যেন কোনোভাবেই এটা না করি।

বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্য নিয়ে ২০১৭ সালে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের যাত্রা। বিবিএফজি প্রকল্প থেকে অনেক সেমিনার হয়েছে। এসব সেমিনারে বাল্যবিবাহের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। ওয়ার্ড পর্যায়ে শিশু সুরক্ষা কমিটির বাস্তবায়ন চলমান। যুব ফোরামের সদস্যরা নিজেরা সচেতন ও সব জায়গায় সক্রিয়। বাল্যবিবাহ সংঘটনের প্রস্তুতি শুরু হলেই তাঁরা প্রতিরোধমূলক অবস্থা তৈরি করেন। সে জন্য ওয়ার্ড পর্যায়ে মিটিংগুলো চলমান রাখা দরকার। যুব ফোরামের সদস্যদের কাজে আরও বেশি উৎসাহিত করা এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা দরকার।

নূরে তাসনিম

গত বছরের ৬ ডিসেম্বর রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার জন্য একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আমি রাজারহাট উপজেলায় যোগ দেওয়ার আগেই এ উপজেলার সাতটি ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ রোধে আমাদের কার্যক্রমগুলো কিছুটা কমে গিয়েছিল। স্কুলগুলো বন্ধ থাকায় তদারক করার ক্ষেত্রেও আমাদের একধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। প্রথমেই আমরা উপজেলা কমিটির সব সদস্য ইউনিয়নে গিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যদের নিয়ে একটি করে বৈঠক করি। এ বৈঠকে স্টেকহোল্ডারদের ডাকা হয়। এ বৈঠকে আমাদের লক্ষ্য, অগ্রগতি ও চ্যুতি চিহ্নিত করা হয়। এ তথ্যগুলো সংগ্রহ করার পর উপজেলা কমিটি আবারও বৈঠক করে করণীয় ঠিক করে। আমরা বাল্যবিবাহ রোধে প্রতিটি স্কুলে একটি করে কমিটি করে দিই। স্কুলের প্রধান শিক্ষক, একজন পুরুষ ও নারী শিক্ষক এবং নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি করা হয়। জনপ্রতিনিধি ও বিয়ের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়েও আমরা বৈঠক করি। সমস্যার ধরন অনুযায়ী আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি। আমরা ২০০ শিশুকে আর্থিক প্রণোদনা দিয়েছি। অনেক সময় মেয়েরা স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ততার শিকার হয়। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি এবং তদারকি বাড়ানোর চেষ্টা করেছি। কোভিডকালে রাজারহাট উপজেলায় বাল্যবিবাহের হার কিছুটা বেড়েছিল। পরে তা আবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সব ধরনের সহায়তা ছিল।

রাশেদুজ্জামান বাবু

কুড়িগ্রামের উন্নয়নের পথে বাধাগুলোর মধ্যে বাল্যবিবাহ একটি। সেদিক থেকেও বিষয়টি ভাবতে হবে। সমাজে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা সব সময় অত্যন্ত কার্যকরী ছিল। সাংস্কৃতিক অঙ্গন জাগরিত করার মধ্য দিয়েই মানুষকে সচেতন ও উৎসাহিত করা সহজ হয়। আমরা নাটক ও গানের মধ্য দিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারলে অগ্রগতি সম্ভব। এই একটি বিষয় নিয়ে ওয়ার্ড পর্যায়ে কাজ করতে পারলে অন্য বিষয়গুলো নাড়া দেওয়া সম্ভব হবে। সে জন্য সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেশি কাজে লাগাতে হবে। প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন আয়োজন করে অভিভাবকদের বোঝানো গেলে মানুষের ভেতরে সচেতনতা বাড়বে। নাটকের মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করলে মানুষ তা দ্রুত ও সঠিকভাবে গ্রহণ করে, হয়তো বক্তৃতা শুনে তা স্বাভাবিকভাবে গ্রহণ না-ও করতে পারে।

স্কুল ও কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদেরও এ কাজে যুক্ত করতে হবে। প্রতিষ্ঠান প্রধানেরা এ বিষয়গুলো নিয়ে নিজ প্রতিষ্ঠানে আলোচনা করলে বিষয়গুলো দ্রুত ছড়িয়ে যাবে। বাল্যবিবাহ রোধে কাজি, ইমাম, চেয়ারম্যান, মেম্বারসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উত্তম কুমার রায়

বাল্যবিবাহ একটি অপরাধ—এটি সবাই জানে। এটা আমাদের একটা প্রাপ্তি। তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ে বাল্যবিবাহ রোধে আমরা এগিয়ে যাই এবং বিয়েগুলো ঠিকই বন্ধ করতে পারি। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখেছি, পরবর্তী সময়ে এ বিয়েগুলো কোনো না কোনোভাবে হয়েই যায়। এ জন্য তারা বিভিন্ন নতুন কৌশল বের করে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা পরিষদের গাড়ি কখন বের হচ্ছে, তা জানতে অনেক ক্ষেত্রে তারা উপজেলা পরিষদে লোক রেখে দেয়। বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া কেউই খুব একটা সম্পৃক্ত থাকেন না। যেন এটা শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তারই দায়িত্ব। তথ্যের বিভ্রাট নিয়ে অনেক সময় বিড়ম্বনা সৃষ্টি হয়। বাল্যবিবাহ সংঘটিত হওয়ার দুই বছর পর্যন্ত আমরা মামলা করতে পারি। গোপনে বিয়ে হওয়ায় অনেক সময় সেগুলো চিহ্নিত করা যায় না। বাল্যবিবাহ রোধে আমাদের আইন আছে। মামলা করা গেলে উদাহরণ তৈরি হবে। মামলার মাধ্যমে শাস্তি দেওয়া গেলে মানুষ সচেতন হবে। যখন আসামিদের আদালতে ডেকে নিয়ে যাওয়া হয়, তখন বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার বেশি হবে। এ বিষয়ে আজকের আলোচকদের অনেক অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতার আলোকে কাজ করলে কুড়িগ্রামকে আমরা বাল্যবিবাহমুক্ত করতে পারব।

জিলুফা সুলতানা

‘বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম’ শিরোনামে একটি স্বপ্নের পথে যাত্রা বলা হয়েছে। গতকাল পর্যন্ত আমি এ শিরোনামের সঙ্গে একমত হতাম। গতকাল আমার নিজের চিন্তায় একটি পরিবর্তন এসেছে। সে জায়গা থেকে বলতে চাই, বাল্যবিবাহমুক্ত কুড়িগ্রাম: বাস্তবায়নের পথে একটি দুর্বার যাত্রা। স্বপ্নযাত্রা বললে আর হচ্ছে না। আমাদের এখন একটি অদম্য যাত্রা, একটা দুর্বার যাত্রা প্রয়োজন। যে যাত্রা একদম শেষ উদ্দেশ্যে বা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কখনোই থামবে না। স্বপ্নযাত্রা একটু কোমল হয়ে যায়। আমাদের আরেকটু কঠিন হতে হবে। অনেক দেরিতে হলেও গতকাল আমি বীরাঙ্গনা বলছি বইটি পড়েছি। এ বইয়ে যে জীবন পেলাম, মুক্তিযুদ্ধে আমাদের মায়েরা-মেয়েরা যে জীবন যাপন করেছে, এ জীবন আর কারও জীবনে ফিরে না আসুক। আমরা আমাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিচ্ছি। এতে তাদের শারীরিক, মানসিক ও মনোজগতের পরিবর্তনের জায়গাটা কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে মিলেও যেতে পারে। অল্প বয়সে বিয়ে দেওয়ার ফলে মেয়েদের জীবনে এক বীভৎস অভিজ্ঞতার সৃষ্টি হয়। বাল্যবিবাহ রোধে আমাদের মনোজগতে পরিবর্তন আনা জরুরি। এ ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোর সমাধানের পথে এগোতে হবে। ঝুঁকিপূর্ণ মেয়েদের চিহ্নিত করা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। তথ্যভান্ডার থাকলে বাল্যবিবাহ প্রতিরোধের কাজ অনেক সহজ হয়। সে জন্য একটি তথ্যভান্ডার প্রয়োজন।

উৎপল রায়

বাল্যবিবাহ নিরোধে বাংলাদেশের পুলিশের সক্রিয় অংশগ্রহণ থাকে। যেকোনো পরিস্থিতিতে ৯৯৯, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান অথবা মেম্বাররা সংবাদ দিলে পুলিশ সবচেয়ে দ্রুত পদক্ষেপ নেয়। রাতে অনেক সময় অন্যদের খুঁজে পাওয়া না গেলেও আমাদের পুলিশের কর্মীদের ঠিকই পাওয়া যায়। পুলিশের টহল-গাড়ি থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এটা আমাদের সামাজিক ও আইনি দায়িত্ব।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা দরকার। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাজ করার সুযোগ আছে। একটা মেয়ে শারীরিক বৃদ্ধি হলে পরিবার একটা নিরাপত্তাহীনতায় ভোগে, যা অনেকটা অযৌক্তিক। চর এলাকায় পিতা-মাতা দুজনই কাজের জন্য বাইরে যান। তখন তাঁরা মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বখাটেদের তৎপরতা রোধে আরও তৎপর হতে হবে। এ বিষয়গুলোতে দৃষ্টি দিলে আমরা ইতিবাচকভাবে আরও এগিয়ে যেতে পারব।

মোহাম্মদ রেজাউল করিম

‘বাল্যবিবাহ মুক্ত কুড়িগ্রাম: একটি স্বপ্নের পথে যাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আমন্ত্রিত সব অতিথি, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের (বিবিএফজি) সঙ্গে যুক্ত কর্মকর্তা ও কর্মচারী, আরডিআরএস ও প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মকর্তাসহ সবাইকে আন্তরিক শুভাশিস ও সালাম জানাচ্ছি। অন্যান্য ধর্মের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাল্যবিবাহ রোধে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের কুড়িগ্রাম জেলা প্রশাসনের অনেক কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে আমাদের অন্যতম দায়িত্ব হলো সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রণ করা ও কমিয়ে নিয়ে আসা। এ ক্ষেত্রে সরকারি যেসব আইনকানুন আছে, তা বাস্তবায়ন করার মাধ্যমে এসব সামাজিক অপরাধ কমিয়ে আনা আমাদের জেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি—এটি আলোচনায় আমরা সবাই উল্লেখ করেছি। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি কমানোর উদ্দেশ্যে করণীয় ঠিক করতে কুড়িগ্রামে বাস্তবায়িত জেলা কর্মপরিকল্পনা একটি অনুসরণীয় দৃষ্টান্ত। সরকারের বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে কাজ করব। বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত সব অংশীদারকে চিহ্নিত ও সম্পৃক্ত করা একটি বড় উদ্যোগ, যা আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে সহায়তা করেছে। সবাইকে সম্পৃক্ত করে, সংশ্লিষ্ট কমিটিগুলো সচল রাখা, যুব ফোরাম গঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ইত্যাদির মধ্য দিয়ে আমরা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি। এসব সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য পূরণে সফল হব।

আবদুল্লাহ আল মামুন

আজকের গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার জন্য বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের (বিবিএফজি) পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ ছাড়া গোলটেবিল বৈঠকে উল্লেখযোগ্য আরও যাঁরা উপস্থিত ছিলেন: মেজবাহুন নাহার, নারী অধিকার ইউনিট প্রধান, আরডিআরএস বাংলাদেশ। মো. জালাল উদ্দীন, প্রোগ্রাম ম্যানেজার, এমজেএসকেএস। মো. হারুনুর রশিদ, চেয়ারম্যান, ফুলবাড়ী সদর ইউনিয়ন ও মিজানুর রহমান, সদস্য, চিলমারী যুব ফোরাম।

সুপারিশ

  • বাল্যবিবাহ নিরসনে ‘কুড়িগ্রাম মডেল’ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

  • বাল্যবিবাহ রোধে স্থানীয় কমিটি ও যুব ফোরামগুলো আরও সক্রিয় করতে হবে।

  • বাল্যবিবাহ রোধে ধর্মীয় নেতাদের এসব কার্যক্রমে যুক্ত করা অত্যন্ত জরুরি।

  • বাল্যবিবাহ কমিয়ে আনতে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

  • কোনো কাজি বাল্যবিবাহ পড়ালে দ্রুততম সময়ের মধ্যে ওই কাজির লাইসেন্স বাতিল করতে হবে।

  • বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত বৈঠক বাল্যবিবাহের হার কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

  • বাল্যবিবাহ রোধে বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার উদ্যোগের মধ্যে সমন্বয় করা খুব জরুরি।

  • দেশে বাল্যবিবাহ বন্ধে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা দরকার।