ভার্চ্যুয়াল সংলাপ
মেয়েদের স্কুলে ফেরাতেই হবে
দেশে প্রাথমিক পর্যায়ে বিপুলসংখ্যক মেয়েশিশুর নিবন্ধিত হওয়ার সাফল্য যেমন আছে, তেমনি বাল্যবিবাহের হারও বেশি।
দেশে ৯৯ শতাংশ মেয়েশিশু প্রাথমিক শিক্ষায় নিবন্ধিত হয়। আর বাল্যবিবাহের হারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ১০টি দেশের একটি।
করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক মেয়েশিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বহু বছরের শ্রম-চেষ্টায়, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কারণে মেয়েশিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করায় যে সাফল্য এসেছিল, তা ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় বিশেষ করে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত তৎপরতা শুরুর তাগিদ দিয়েছেন ব্র্যাক আয়োজিত ভার্চ্যুয়াল সংলাপে অংশ নেওয়া বক্তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে গতকাল রোববার বেলা তিনটায় আয়োজিত ব্র্যাক সংলাপে অংশ নেন বিশিষ্টজনেরা। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান সংকট মোকাবিলায় রেডিও, টেলিভিশন, মুঠোফোনে শিক্ষকেরা দল করে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। পরবর্তী শ্রেণিতে ওঠার জন্য যে জ্ঞানটুকু নিয়ে গেলে শিক্ষার্থীর খাপ খাওয়াতে অসুবিধা হবে না, সেই ন্যূনতম জ্ঞান শিক্ষার্থীদের দিতে হবে। সেই লক্ষ্যে একটি ছোট পাঠক্রম করা হচ্ছে। আশা করা যায়, নভেম্বর-ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ৩০ কর্মদিবসের মধ্যে ওই পাঠক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করা যাবে।
সংলাপে ১০৫টি দেশে স্কুল খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কি না, শিক্ষার্থীদের পড়ার ক্ষতি পুষিয়ে নিতেই বা সরকারের উদ্যোগ কী?
শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এই সংকটে সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে জীবন। এরপর জীবিকা। শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশ্বের যেসব দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সেসব দেশের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে এ দেশের মিল নেই। তবে সরকারি-বেসরকারি পর্যায়ে সবাই মিলে জোরদার ভূমিকা পালন করলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য যে প্রভাব পড়ছে, তা কমিয়ে আনা সম্ভব হবে। তিনি জানান, ২০২২ সালের মধ্যে স্কুল পর্যায়ে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণিতে পাঠক্রমে কারিগরি শিক্ষা চালু করা হবে। প্রতি বিভাগে শুধু মেয়েদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট করা হবে।
সংলাপে বলা হয়, দেশে প্রাথমিক পর্যায়ে বিপুলসংখ্যক মেয়েশিশুর নিবন্ধিত হওয়ার সাফল্য যেমন আছে, তেমনি বাল্যবিবাহের হারও বেশি। দেশে ৯৯ শতাংশ মেয়েশিশু প্রাথমিক শিক্ষায় নিবন্ধিত হয়। আর বাল্যবিবাহের হারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ১০টি দেশের একটি। অনেক অভিভাবকের ভাষ্য, বখাটেদের ভয়ে তাঁরা মেয়েদের বিয়ে দিয়ে দেন। ৪২ শতাংশ মেয়ে দশম শ্রেণিতে ওঠার আগে ঝরে পড়ে।
আলোচনায় অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, স্কুল থেকে মেয়েরা বেশি ঝরে পড়ে বলে তাদের দিকে বেশি নজর দিতে হবে। মেয়েদের স্কুলে ফেরাতে হবে। তবে এখন শিক্ষাপ্রতিষ্ঠানে আগে ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আনতে হবে। তা না করে আবেগে ভর দিয়ে বিশাল জনগোষ্ঠীকে ঝুঁকিতে ফেলা যাবে না। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত হলে অনুগ্রহ করে আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন।’
সংসদ সদস্য আরমা দত্ত বলেন, করোনাকালে শিক্ষাসংকট থেকে শিক্ষা নিয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষার দিকে জোর দিতে হবে। আর বাল্যবিবাহ শুধু দারিদ্র্যের সঙ্গে জড়িত নয়, মানসিক দৃষ্টিভঙ্গির সংকটও আছে। অনেক মা-বাবা মনে করেন, মেয়েদের পড়িয়ে কী হবে?
দেশে জীবিকার সঙ্গে শিক্ষার সম্পর্ক রয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, করোনায় ৪৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। এই পরিবারগুলোতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধু স্কুল পর্যায়ের রয়েছে ৭২ শতাংশ। এই অবস্থায় পরিবারগুলো মেয়েদের শিক্ষায় বিনিয়োগ করবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে।
মেয়েদের শিক্ষা নিয়ে বহু বছরের চেষ্টার যে অর্জন, তা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, দূরবর্তী শিক্ষাব্যবস্থা খুব সাময়িক একটি ব্যবস্থা। দেশে ডিজিটাল অবকাঠামো সেভাবে নেই। এখন শুধু শিক্ষাসংকট নয়, সামাজিক সংকটও তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পর্যায়ক্রমে ধীরে ধীরে দেখেশুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। যেখানে সংক্রমণ কম, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে খোলা যেতে পারে।
করোনাকালে বাল্যবিবাহ ও শিশুশিক্ষার্থীদের প্রতি সহিংসতার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন, সহিংসতার ঘটনায় ৯৯৯ হেল্পলাইনে ফোন করে মেয়েরা সাহায্য চাইতে পারে। নির্যাতনের ঘটনা থেকে রক্ষা পেতে সিএমপি ব্লগে বিভিন্ন উপায় বলা আছে। অভিভাবকেরা সেসব অনুসরণ করতে পারেন। তিনি বলেন, মেয়েদের আত্মনির্ভরশীল না করে বাল্যবিবাহ দেওয়ার কুফল সম্পর্কেও অভিভাবককে সচেতন হতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মেয়েদের কণ্ঠ সোচ্চার করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) সায়মন বাকলে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণহীন। তাই সেখানে মেয়েরা যেন নিরাপত্তা পায় ও হয়রানির শিকার না হয়, সেদিকে অভিভাবকদের নজর দিতে হবে। স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। শিক্ষার্থীদের পড়ার ক্ষতি পুষিয়ে নিতে পদক্ষেপ নিতে হবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সামাজিক উন্নয়ন উপদেষ্টা তাহেরা জাবীন বলেন, মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হলে সরকারি-বেসরকারি পর্যায়ে সবাইকে সমন্বিতভাবে মেয়েদের শিক্ষার ওপর কাজ করতে হবে। পাশাপাশি মেয়েদের প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধেও জোরালো পদক্ষেপ নিতে হবে।
‘মেয়েদের স্কুলে ফেরাতেই হবে’ শিরোনামের সংলাপটি সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভার্সিটি বিভাগের পরিচালক নবনীতা চৌধুরী।