ভার্চ্যুয়াল সংলাপ
লক্ষ্য অর্জনে পিরিয়ড কখনো বাধা হতে পারে না
স্টেসেফ (Staysafe) স্যানিটারি ন্যাপকিনের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় ‘লক্ষ্য অর্জনে পিরিয়ড কখনো বাধা হতে পারে না’ শীর্ষক এক ‘ভার্চ্যুয়াল সংলাপ’ অনুষ্ঠিত হয় ২৭ মে ২০২১। আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
অংশগ্রহণকারী
রাশেদা কে চৌধূরী
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান।
ডা. সামিনা চৌধুরী
প্রেসিডেন্ট এন্ডোমেট্রিওসিস সোসাইটি অব বাংলাদেশ (ইএসবি)
ডা. ফারহানা শামস
কিশোরী স্বাস্থ্য সুরক্ষা বিভাগ, ইউনিসেফ বাংলাদেশ
মৌটুসী বিশ্বাস
অভিনয়শিল্পী
ডা. মানসী সাহা
সাধারণ সম্পাদক, ট্রাভেলেটস অব বাংলাদেশ
শারমিন কবির
প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঋতু
সাফা জেরিন
শিক্ষার্থী, ভিকারুননিসা স্কুল ও কলেজ
সঞ্চালনা
তাওহিদা জাহান
চেয়ারপারসন, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আলোচনা
তাওহিদা জাহান
পিরিয়ড বা মাসিক নারীজীবনের প্রজননস্বাস্থ্যের বাস্তবতা। তাই নিরাপদ মাসিক স্বাস্থ্য প্রত্যেক নারীর অধিকার। কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক—সব নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। ২৮ মে মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস। এই দিবসকে উপলক্ষ করেই আজকের আলোচনা। শুরুতেই বলবেন রাশেদা কে চৌধূরী।
রাশেদা কে চৌধূরী
বিভিন্ন সময় গণমাধ্যমের সুবাদে আমরা জেনেছি, একটা সময় বাংলাদেশে পিরিয়ড নিয়ে কথা বলার মতো সুযোগ ছিল না। এখন আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে কথা বলছি। উন্নতি তো অনেক হয়েছে। বছর চারেক আগে আমরা শিক্ষার্থীদের সঙ্গে একত্র হয়েছিলাম৷ তখন গ্রামের মেয়ে শিক্ষার্থীরা বলল, ‘আপনারাই তো এটাকে ট্যাবু বানিয়ে রেখেছেন। আপনাদের ভাষাও পরিবর্তন করতে হবে। আপনারা এটাকে শরীর খারাপ হওয়া বলেন কেন? এটা তো খারাপ কিছু না। এটা তো আমার বেড়ে ওঠার অংশ।’ ছেলেরা প্রশ্ন করল, আপনারা স্বপ্নদোষ বলেন কেন? এই যে ওরা কথা বলার সুযোগ পাচ্ছে, তা বন্ধ করা যাবে না। কথা বলতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে এবং এগিয়ে যেতে হবে।
সাফা জেরিন সুকন্যা
পিরিয়ড শুরু হওয়ার প্রথম সময়টাতে কিছু বুঝিনি। আমি বুঝতে পারছিলাম না যে কী হয়েছে। কেউ কিছু বলছেও না। একেকজন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। শিক্ষক দেখে বললেন, ‘তোমার শরীর খারাপ হয়েছে।’ শরীর খারাপ হয়েছে মানে? আমি তো ঠিকই আছি। তাহলে শরীর খারাপ আবার কিসের? পরে এ বিষয়গুলো আস্তে আস্তে বুঝি। বাসায় এসে আমি আম্মুকে জানাই। তখন তিনি আমাকে ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে বলেন। তার আগে আমি একদমই বুঝিনি। সময়ের সঙ্গে অনেক কিছু পাল্েটছে৷ এখন আর সে রকম অবস্থা নেই। এসব বিষয়ে শিক্ষকদের কাছ থেকে আরও বেশি জানতে পারব বলে আশা করি। আমাদের স্কুলে নিরাপদ স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা আছে। অন্যান্য স্কুলে আছে কি না, জানি না। প্রতিটি স্কুল ও কলেজে স্যানিটারি ন্যাপকিন রাখা উচিত। অনলাইনে এ ধরনের কর্মশালা আরও বেশি করা প্রয়োজন। শুধু যে নারীদের এ বিষয়ে জ্ঞানার্জন করা উচিত, তা নয়। সবারই এ বিষয়ে জানার সুযোগ করে দেওয়া উচিত।
মৌটুসী বিশ্বাস
অভিনয়শিল্পী হিসেবে আমাদের অনেকে প্রিভিলেজড মনে করে। কিন্তু অনেক জায়গায় গিয়ে আমরাও অসুবিধায় পড়ি। তাহলে সুবিধাবঞ্চিত নারীদের কী অবস্থা হবে? দুটি বিষয় আমি চিহ্নিত করেছি, যেগুলো নিশ্চিত করা খুবই জরুরি। একটা হচ্ছে অবকাঠামো, অন্যটা স্বাস্থ্যব্যবস্থা। অবকাঠামোতে কী কী থাকবে? এ ক্ষেত্রে টয়লেট থাকা গুরুত্বপূর্ণ। শুধু টয়লেট থাকলে হবে না, স্যানিটারি ন্যাপকিন, ট্যামপুন, কাপ থাকতে হবে। ট্যামপুন আর কাপের কথা বাদই দিলাম, এখন পর্যন্ত স্যানিটারি ন্যাপকিনই সব জায়গায় সুলভ মূল্যে পাওয়া যায় না। স্বাস্থ্যক্ষেত্রে রক্তশূন্যতা অন্যতম। বেশির ভাগ নারী জানেন না যে তাঁরা রক্তহীন হয়ে যান ও শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। এ ক্ষেত্রে মাথা ঘোরায়, শরীর খুব দুর্বল হয়ে যায় ও মাথা ব্যথা করে। সমস্যাগুলো অনেক নারী সারা জীবনেও ধরতে পারেন না। সে জন্য এ বিষয়ে সচেতনতা খুব দরকার। স্বাস্থ্যকেন্দ্রে এসবের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সাশ্রয়ী হওয়া দরকার। সুবিধাভোগী নারীরা এগিয়ে যাচ্ছেন। তাঁরা এসব স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছেন। তাঁদের করপোরেট অফিসগুলো ও পারিবারে এর সুব্যবস্থা থাকে। কিন্তু যাঁরা এ সুবিধাভোগী শ্রেণির মানুষ নন, তাঁরা এ পিরিয়ডের সময়টা কীভাবে মোকাবিলা করবেন? তাই অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা খুবই দরকার।
মানসী সাহা
বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে স্কুলে সেমিনার করার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে আমি আর ডা. সাকিয়া হক স্কুটি নিয়ে বের হই। সেমিনারটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মাসিক স্বাস্থ্য নিয়ে। মেডিকেল শিক্ষার্থী হিসেবে আমরা দেখেছি ঢাকা মেডিকেল হাসপাতালে মাসিকসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতা নিয়ে নারীরা আসতেন। তাই আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তৃণমূল পর্যায়ে আমরা শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিই। কারণ, তারা তাদের বয়ঃসন্ধিকাল কেবল শুরু করতে যাচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পৌঁছানোর পর আমাদের একজনের মাসিক শুরু হয়। তখন পার্শ্ববর্তী ওষুধের দোকানে গিয়ে স্যানিটারি প্যাড আছে কি না, জানতে চাই। আমরা ভেবেছিলাম প্যাড তো থাকবেই। কিন্তু পরপর চার-পাঁচটা দোকানে কোনো প্যাড ছিল না। শেষে এক দোকানে পাওয়া গেল। তিনি দোকানের পেছনে ধুলাবালুর মধ্য থেকে একটা প্যাড খুঁজে বের করেন। কালো পলিথিনে মুড়িয়ে সেটা তিনি আমাদের দেন। আমি জিজ্ঞেস করি, এখানে কেউ প্যাড কেনে না? তিনি জানান, প্রথমত, এখানে এটা কেনার সামর্থ্য কারও নেই৷ দ্বিতীয়ত, প্যাডের ব্যাপারটা অধিকাংশ নারী জানেনই না। প্রত্যন্ত অঞ্চলে এসব বিষয়ে সচেতনতা খুবই কম। এখন আমরা প্রতিটা বিভাগে প্রতি মাসে অন্তত দুটো প্রোগ্রাম করি। পঞ্চম-অষ্টম শ্রেণির শিশুরা কিছুই জানে না। না জানার পেছনে অনেক কারণ আছে। আমাদের পাঠ্যপুস্তকে মাসিক স্বাস্থ্য নিয়ে লেখা আছে। কেন তাহলে জানে না? কারণ, এ অধ্যায় এলে শিক্ষক বলতেন যে এটা বাসা থেকে পড়ে এসো। এ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসত না। সে জন্য এসব বিষয় সহজ করে কার্টুন ও ছবি এঁকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।
শারমিন কবির
যখন আমার প্রথম পিরিয়ড হয়, তখন আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমার বোনকে বলার পর সে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট দেয়। কিন্তু কীভাবে ব্যবহার করতে হয়, তার কিছুই বলেনি। আমার সে বয়ঃসন্ধির সময় খুবই ভঙ্গুর ছিল। এনজিওতে কাজ করার সময় দেখেছি বয়ঃসন্ধির সময় কীভাবে মেয়েরা চুপসে যাচ্ছে ও আত্মবিশ্বাস হারাচ্ছে। ২০১৬ সালে আমি ‘ঋতু’ প্রতিষ্ঠা করি। পিরিয়ড ট্যাবু ভাঙতে শুধু মেয়েদের নয়, সবাইকে একই প্ল্যাটফর্মে আনতে হবে। সে জন্য আমরা কমিউনিটিভিত্তিক কর্মশালা শুরু করি, যেখানে আমরা কমিউনিটির সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করি। স্কুলে এ বিষয়গুলো পড়ানো হয় না। এ লুকোচুরি থেকে বের হতে আমি ঋতু কমিক বই লিখি, যেখানে বয়ঃসন্ধি ও মাসিক কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, তা গল্পের মতো করে নিয়ে এসেছি। এ বই নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে এটা আমরা বিনা মূল্যে বিতরণ করছি। আমাদের কমিউনিটিভিত্তিক কর্মশালা, ঋতু কমিক বই ও স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে একটা সচেতন কমিউনিটি তৈরির চেষ্টা করছি।
সামিনা চৌধুরী
২৮ মে মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস। এ দিবস ঘিরে চলা কর্মসূচিগুলো আমার কাছে আশাজাগানিয়া। আমাদের ছেলেমেয়েরা মাসিক নিয়ে অনেকে ট্যাবু থেকে ধীরে ধীরে সরে আসছে। পিরিয়ড বিষয়ে দেশে অনলাইন মেডিকেল সাপোর্ট চালু করা খুব জরুরি। এর মাধ্যমে মেয়েদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে। এ সময় তারা কীভাবে নিজেকে সুরক্ষা করবে, তা জানাতে পারব। ছেলে ও মেয়ে উভয়েরই তার শরীর সম্পর্কে জানতে হবে। এটা তাদের অধিকার। তাদের জানানোর দায়িত্ব আমাদের সবার। স্যানিটারি ন্যাপকিন সবার কাছে অল্প দামে না পৌঁছালে এর ব্যবহার বাড়বে না। সে জন্য তারা চাইলে কাপড় ব্যবহার করতে পারে। কিন্তু সেটা পরিষ্কার কাপড় হতে হবে। কাপড় ব্যবহার করলে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে হবে। ছায়ায় শুকালে সেখানে ছত্রাক জমতে পারে, যা ক্ষতিকর। অনেকেই লজ্জার কারণে রোদে শুকায় না। এটা রোদে শুকাতে হবে এবং পরিষ্কার রাখতে হবে।
ফারহানা শামস
মাসিক মেয়েদের বিষয় বলে আমরা সব সময় এ আলোচনা মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রাখছি। এ ধরনের আলোচনায় পুরুষেরা আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা বেশি সুযোগ পাব। এ জন্য ইউনিসেফ কমিউনিটি পর্যায় ও দুর্গম অঞ্চলে কাজ করছে। শহরের পরিবারগুলো শিক্ষিত। কিন্তু গ্রামীণ ও চরের মেয়েদের বড় বাধা হলো তারা এ বিষয়গুলো নিজেদের মধ্যেও আলোচনা করতে পারে না। আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কথা বলছি। কিন্তু স্যানিটারি ন্যাপকিন কীভাবে ব্যবহার করবে এবং ব্যবহার শেষে কোথায় ফেলবে—এ বিষয়গুলো তাদের জানার সুযোগ করে দিতে পারছি না। সে জন্য ইউনিসেফ কাজ করছে। স্কুলে যেসব খালা থাকেন, তাঁদের মাসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেন তাঁরা কিশোরীদের সাহায্য করতে পারেন। জাতীয় পর্যায়ে আমরা একটি অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করছি, যেখানে কিশোর-কিশোরীরা পরিচয় গোপন রেখে প্রশ্ন করতে পারবে। মাসিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যও জড়িত। তাদের মানসিক পরিবর্তনের সময় সাহায্য করতে আমরা জাতীয় মানসিক ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছি। টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি।
রাশেদা কে চৌধূরী
আমাদের শাশ্বত সংস্কৃতির জায়গা থেকে এখন অনেক দূরে চলে গেছি। মাসিকের বিষয়টি আমি দাদির কাছ থেকে জেনেছি। তিনি হেসে জানালেন, এটা একটা স্বাভাবিক ব্যাপার। শুধু পরিষ্কার থাকতে হবে। দাদি-নানিদের সঙ্গে নিয়ে আমাদের কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার।
নারীদের রক্তশূন্যতার বিষয়টি আলোচনায় এসেছে। প্রসূতির রক্তশূন্যতা থাকলে তাঁর সন্তান অপুষ্টিতে ভুগবে। এটা চক্রাকারে প্রজন্ম থেকে প্রজন্মে এগোতে থাকে। মাসিক স্বাস্থ্যসচেতনতায় কমিকের মতো শিক্ষামূলক সহপাঠ্য বই ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ইউনিসেফ সহায়তা করতে পারে। অনলাইন মেডিকেল সাপোর্ট নিয়ে ভাবনার বিষয় আছে। মাঠপর্যায়ে আমরা একটি তথ্য জরিপ করেছি। জরিপ অনুযায়ী অনলাইন পড়াশোনায় ৬০ শতাংশও যুক্ত হতে পারছে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট, ডিভাইস ও ডেটা কেনার সামর্থ্য কয়জনের আছে? অনলাইনে টেলিমেডিসিন সেবা বাড়লেও গ্রামীণ নারীদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ এখনো কম। এখন পুনরায় ব্যবহারযোগ্য প্যাড তৈরি হচ্ছে। এ প্যাড ছয় মাস থেকে এক বছর ব্যবহার করা যায়। বিভিন্ন সময়ে ত্রাণ দেওয়া হয়। ত্রাণের বাক্সে চাল, ডালসহ সবকিছু থাকছে। কিন্তু স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা কেউ চিন্তা করে না। ত্রাণের প্যাকেটে স্যানিটারি ন্যাপকিন দেওয়া এবং এর ব্যবহার জানানো প্রয়োজন। সাধারণের কাছে পৌঁছাতে চাইলে এসব জায়গায় কাজ করতে হবে। খুব অসুস্থ না হলে আমরা চিকিৎসকের কাছে যাই না। সে জন্য এখানে সবার সচেতনতা প্রয়োজন। এ গণসচেতনতা তৈরিতে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ এ নিয়ে বিভিন্ন উদ্যোগ রয়েছে। সব উদ্যোগের মধ্যে সমন্বয় দরকার। গণমাধ্যমের কাছে অনুরোধ, এ–সংক্রান্ত তথ্য, উপাত্ত ও পরামর্শগুলো যেন তুলে ধরা হয়।
তাওহিদা জাহান
নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিনের বিকল্প নেই। তাই স্যানিটারি ন্যাপকিনকে বাংলাদেশের সব নারীর জন্য সহজলভ্য ও সুলভ করতে হবে।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।